করোনা যুদ্ধে হেরে গিয়ে কুমিল্লায় চির নিদ্রায় শায়িত হলেন অতিঃ পুলিশ সুপার আহসান হাবীব

অমিত মজুমদার:

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অতিরিক্ত পুলিশ সুপার মো. আহসান হাবীবের (৩২) মরদেহ তার জন্মস্থান কুমিল্লার চৌদ্দগ্রামে দাফন করা হয়েছে। শুক্রবার (১৬ জুলাই) বিকেল ৩টায় উপজেলার ৮ নম্বর মুন্সিরহাট ইউনিয়নের বসন্তপুর গ্রামে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। 
 
এ সময় কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) কাজী আব্দুর রহিম, চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা, চৌদ্দগ্রাম পৌরসভার সাবেক মেয়র মিজানুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। 


মুন্সিরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহফুজ আলম বলেন, আহসান হাবীব খুব ভালো মানুষ ছিলেন। মানুষের উপকার করতেন। আমাদের বাড়ির পাশেই বাড়ি তাদের। পরিবারের সবাই শিক্ষিত। তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা বলেন, আহসান হাবীবের মরদেহ পুলিশের ব্যবস্থাপনায় তার গ্রামের বাড়িতে দাফন করা হয়েছে। মৃত্যুকালে তিনি বাবা, মা, স্ত্রী, পাঁচ ভাই, দুই বোনসহ বহু আত্মীয়-স্বজন এবং গুণগ্রাহী রেখে গেছেন।

উল্লেখ্য, আহসান হাবীব রাঙামাটিতে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন। বৃহস্পতিবার (১৫ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *