এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী কুমিল্লার মেয়ে আদ্রিতার ঝুলন্ত মরদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক:
রাজধানীর ফুলার রোডে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আবাসিক কোয়ার্টার থেকে এক ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। ওই ছাত্রী ঢাবির মার্কেটিং বিভাগের প্রথম বর্ষের ছাত্রী। তার নাম আদ্রিতা বিনতে মোশারফ (২১)।

আদ্রিতার বাড়ি কুমিল্লার লাকসাম উপজেলার মজলিশপুর গ্রামে। তার বাবা অধ্যাপক ড. মোশারফ হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষক। বাবা-মায়ের সঙ্গেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোয়ার্টারে থাকতেন তিনি।

রোববার (৩১ মার্চ) ভোরে দক্ষিণ ফুলার রোডের ১৯ নম্বর ভবনের তৃতীয় তলায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক সকাল সাড়ে ৭টায় তাকে মৃত ঘোষণা করেন।

শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুস্তাজিরুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ভোরে ফুলার রোডের আবাসিক কোয়ার্টারের ওই বাসায় গিয়ে দেখা যায়, বিছানায় শায়িত অবস্থায় রয়েছেন ওই শিক্ষার্থী। তখন তার পরিবারের কাছ থেকে জানা যায়, ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়েছিলেন তিনি। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

ওসি আরও জানান, কী কারণে ওই শিক্ষার্থী আত্মহত্যা করেছেন সে বিষয়ে পরিবার তেমন কিছুই জানাতে পারেনি। ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে। মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *