Author: bikedokan@gmail.com

  • দলীয় মনোনয়ন ঘিরে সহিংসতা ও অবরোধ; ৪ নেতাকে বহিষ্কার করল বিএনপি

    অনলাইন ডেস্ক:

    আসন্ন জাতীয় নির্বাচনে অংশ নিতে দলীয় মনোনয়ন ঘিরে সহিংসতা ও অবরোধের ঘটনায় চার নেতাকে বহিষ্কার করেছে বিএনপি।

    সোমবার (৩ নভেম্বর) রাতে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

    বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার সন্ধ্যার পরে দলীয় মনোনয়নকে কেন্দ্র করে চট্টগ্রাম উত্তর জেলাধীন সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কদমরসুল, ভাটিয়ারী বাজার, জলিল গেট এলাকায় সহিংসতা, হানাহানি ও রাস্তা অবরোধসহ নানাবিধ জনস্বার্থবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হওয়ায় (আসলাম চৌধুরীর অনুসারী হিসেবে পরিচিত) সীতাকুণ্ড উপজেলা সেচ্ছাসেবক দলের সভাপতি আলাউদ্দিন মনি, সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন বাবর, সীতাকুণ্ড পৌরসভার আহ্বায়ক মামুন, যুবদলের সোনাইছড়ীর সাধারণ সম্পাদক মমিন উদ্দিন মিন্টুকে দলের প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

  • কুমিল্লার ৯টি আসনে ধানের শীষের প্রার্থীর নাম ঘোষণা


    ডেস্ক নিউজ:
    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে কুমিল্লার ৯ টিসহ ২৩৭টি সংসদীয় আসনে সম্ভাব্য প্রার্থীর তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি।
    সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ তালিকা প্রকাশ করেন।
    তিনি বলেন, আসন্ন নির্বাচনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দিনাজপুর-৩, বগুড়া-৭ ও ফেনী-১ এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বগুড়া-৬ আসন থেকে প্রার্থী হবেন। তবে ঘোষিত প্রার্থী তালিকা পরিবর্তন হতে পারে বলে জানান মির্জা ফখরুল। সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সহসাংগঠনিক সম্পাদকরা উপস্থিত ছিলেন। কুমিল্লায় ধানের শীষের প্রার্থী যারা –

    কুমিল্লা ১ : দাউদকান্দি – তিতাস ড. খন্দকার মোশাররফ হোসেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য
    কুমিল্লা ২ : হোমনা- মেঘনা (পরে ঘোষণা হবে)
    কুমিল্লা ৩: মুরাদনগর আলহাজ্ব শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ, বিএনপি’র ভাইস চেয়ারম্যান
    কুমিল্লা ৪ : দেবিদ্বার ইঞ্জিনিয়ার নজুরুল আহসান মুন্সী, সাবেক সংসদ সদস্য, বিএনপি
    কুমিল্লা ৫: বুড়িচং – ব্রাহ্মনপাড়া হাজী জসিম উদ্দিন, সাবেক সদস্য সচিব, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি
    কুমিল্লা ৬ : সদর ও সদর দক্ষিণ মনিরুল হক চৌধুরী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা
    কুমিল্লা ৭: চান্দিনা (পরে ঘোষণা হবে)
    কুমিল্লা ৮: বরুড়া জাকারিয়া তাহের সুমন, সভাপতি, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি
    কুমিল্লা ৯: লাকসাম – মনোহরগঞ্জ মোঃ আবুল কালাম, শিল্প বিষয়ক সম্পাদক, কেন্দ্রীয় বিএনপি
    কুমিল্লা ১০ : নাঙ্গলকোট – লালমাই আবদুল গফুর ভুইয়া, সাবেক সংসদ সদস্য, বিএনপি
    কুমিল্লা ১১: চৌদ্দগ্রাম কামরুল হুদা, সভাপতি, চৌদ্দগ্রাম উপজেলা বিএনপি

  • বিপিএলের চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়ল নোয়াখালি 

    স্পোর্টস ডেস্ক

    বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আসন্ন আসরে দল পেতে আগ্রহ দেখিয়েছিল ১১টি প্রতিষ্ঠান। এর মধ্যে গেল বৃহস্পতিবার ৯টি প্রতিষ্ঠানকে আলোচনায় আমন্ত্রণ জানিয়েছিল বিসিবি। যেখানে এস কিউ স্পোর্টস বা চিটাগং কিংস ফ্র্যাঞ্চাইজি ও নতুন আবেদন করা দেশ ট্রাভেলস ছিল না। অবশ্য আগেই ধারণা করা হচ্ছিল, ঘরোয়া এই টুর্নামেন্টের আসন্ন আসরে দল পাচ্ছে না এই দুটি প্রতিষ্ঠান।

    এবার চূড়ান্ত তালিকা থেকে আরও দুটি প্রতিষ্ঠানকে বাদ দেওয়া হয়েছে। এর মধ্যে নোয়াখালির ফ্র্যাঞ্চাইজির জন্য আগ্রহ দেখিয়েছিল বাংলা মার্ক। তবে প্রাথমিক তালিকা থেকেই বাদ পড়েছে প্রতিষ্ঠানটি।

    খুলনা টাইগার্সের মালিকানাধীন প্রতিষ্ঠান মাইন্ড ট্রি-ও আসন্ন আসরে দল পাচ্ছে না। তবে ঠিক কী কারণে তাদেরকে বাদ দেওয়া হচ্ছে, তা এখনও জানা যায়নি। বিপিএলে গেল কয়েকটি আসরে নিয়মিত মুখ খুলনার এই ফ্র্যাঞ্চাইজিটি। দলটির হয়ে মেহেদী হাসান মিরাজ ও আফিফ হোসেনের মতো ক্রিকেটাররা বিপিএলে খেলেছিলেন।

  • কুমিল্লার সদর দক্ষিণে ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী আটক

    প্রেস বিজ্ঞপ্তি :

    কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার নন্দনপুর এলাকায় যৌথ অভিযানে ইয়াবাসহ এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে আলেখারচর আর্মি ক্যাম্পের সদস্যরা। বৃহস্পতিবার (৩০ অক্টোবর, ০১৩০ ঘটিকা, 

    ২০২৫) ভোররাতে এ অভিযান পরিচালিত হয়। প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

    গোপন সংবাদের ভিত্তিতে আলেখারচর আর্মি ক্যাম্পের সদস্যরা নন্দনপুর এলাকায় অভিযান চালায়। অভিযানে সালমা আক্তার (৪২) নামে এক নারীকে আটক করা হয়। তিনি নন্দনপুর গ্রামের জালাল উদ্দিনের স্ত্রী।

    অভিযানে তার কাছ থেকে ১৫১ পিস ইয়াবা ট্যাবলেট, ২টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন এবং ৪৭,১০০ টাকা নগদ উদ্ধার করা হয়।

    পরবর্তীতে আটককৃত নারী ও উদ্ধারকৃত মালামাল প্রাথমিক জিজ্ঞাসাবাদ, স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় নথিপত্র সম্পন্ন করে সদর দক্ষিণ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

    প্রসঙ্গত, আইনশৃঙ্খলা রক্ষায় ও মাদক নির্মূলে যৌথবাহিনীর এমন তৎপরতা স্থানীয় জনসাধারণের মাঝে স্বস্তি ও আস্থা বৃদ্ধি করেছে।

  • কুমিল্লায় রাসোৎসব ৩রা নভেম্বর থেকে শুরু !

    তাপস চন্দ্র সরকার, কুমিল্লা।।

    আসছে ৩রা নভেম্বর সোমবার হতে ৬ই নভেম্বর বৃহস্পতিবার প্রাতে পর্যন্ত ৪দিন ব্যাপী কুমিল্লা রাণীর বাজারস্থিত শ্রী শ্রী রাসস্থলী @ রামঠাকুর আশ্রমে অনুষ্ঠিত হবে শ্রী শ্রী ঠাকুর রাম চন্দ্র দেবের ৮৭তম রাসোৎসব।
    তদুপলক্ষে প্রথমদিন ৩রা নভেম্বর সোমবার বিকেল ৩টায় হতে যথাক্রমে বেদ বাণী পাঠ ও শ্রী শ্রী ঠাকুর প্রসঙ্গে আলোচনা এবং সন্ধ্যায় গঙ্গা আবাহন, উৎসব অধিবাস, শ্রী শ্রী নামযজ্ঞ আরম্ভ এবং শ্রী শ্রী সত্য নারায়ণ পূজা।
    দ্বিতীয়দিন ৪ঠা নভেম্বর মঙ্গলবার অহোরাত্র নামযজ্ঞ এবং সকাল ১০টা শ্রীনাম প্রদান। ওই নাম প্রদান করবেন শ্রী শ্রী কৈবল্যনাথের মহন্ত মহারাজ শ্রীমৎ কালীপদ ভট্টাচার্য। এরপর মধ্যাহ্নে শ্রী শ্রী ঠাকুরের পূজা ও ভোগ আরতি এবং সন্ধ্যায় শ্রী শ্রী সত্য নারায়ণ পূজা শেষে শ্রী রাসপূজা।
    তৃতীয়দিন ৫ই নভেম্বর বুধবার অহোরাত্র নামযজ্ঞ এবং সকাল ১০টা শ্রীনাম প্রদান। ওই নাম প্রদান করবেন শ্রী শ্রী কৈবল্যনাথের মহন্ত মহারাজ শ্রীমৎ কালীপদ ভট্টাচার্য। এরপর ঠাকুরের পূজা, ভোগ আরতি শেষে ভক্ত শ্রোতার মাঝে মহাপ্রসাদ বিতরণ এবং সন্ধ্যায় সন্ধ্যারতি ও শ্রী শ্রী সত্য নারায়ণ পূজা।
    চতুর্থদিন ৬ই নভেম্বর বৃহস্পতিবার প্রাতে শ্রী শ্রী নামযজ্ঞ সমাপন।
    ওই মহতী অনুষ্ঠানের প্রতিটি পর্বে সনাতনী সকলের উপস্থিতি ও সার্বিক সহযোগিতা একান্তভাবে কামনা করেছেন চট্টগ্রাম আকবর শাহস্থিত শ্রী শ্রী কৈবল্যধামের শ্রী শ্রী কৈবল্যনাথের মহন্ত মহারাজ শ্রীমৎ কালীপদ ভট্টাচার্য এবং কুমিল্লা রাণীর বাজারস্থিত শ্রী শ্রী রাসস্থলী’র সাধারণ সম্পাদক শ্রী রবীন্দ্র চন্দ্র সরকার।

  • লন্ডনে আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন কুমিল্লার মাহিন

    নিজস্ব প্রতিবেদক

    লন্ডনে আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতায় বাংলাদেশের হয়ে অংশ নিচ্ছেন কুমিল্লার মোফাজ্জল মাহিন চৌধুরী। আগামী ১ ও ২ নভেম্বর লন্ডনের রিচমন্ডে এই প্রতিযোগিতায় অনুষ্ঠিত হবে। ওই প্রতিযোগীতায় বিশ্বের ১৬টিদেশের সাত শতাধিক খেলোয়ার অংশ নিবেন।   ভিভাসিটি ফুডকোর্ট ও আফসু ডেভেলপার এর  সহযোগিতায় লন্ডনে যাচ্ছেন মাহিন।

    সোমবার (২০ অক্টোবর) বিকেল ৫টায় কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। 

    দ্যা রয়েল কারাতে-দো এসোসিয়েশনের সভাপতি মোফাজ্জল মাহিন চৌধুরী বলেন, লন্ডনের রিচমন্ডে আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতা-২০২৫ বাংলাদেশের একমাত্র খেলোয়ার হিসেবে আমি অংশ নিচ্ছি। বাংলাদেশী খেলোয়ার হিসেবে আমাকে নির্বাচিত করায় কর্তৃপক্ষের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি।

    তিনি আরও বলেন, আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতায় এরআগেও আমি ভারতের এশিয়ান চ্যাম্পিয়ানশিপসহ একাধিক প্রতিযোগীতায় অংশ গ্রহণ করেছি। এ পর্যন্ত ১২টি আন্তর্জাতিক স্বর্ণ পদকসহ দেশের জাতীয় ও আন্ত:জেলা পর্যায়ের বিভিন্ন প্রতিযোগীয় অংশ নিয়ে অসংখ্য পদক অর্জন করেছি। 

    তিনি এই প্রতিযোগিতায় অংশ নিয়ে যেন বাংলাদেশের গৌরব অর্জন করতে পারেন সেই জন্য দেশ-বাসীর কাছে দোয়া ছেয়েছেন। মাহিন মার্শাল আর্ট আন্তর্জাতিক   প্রশিক্ষক হওয়ার স্বপ্ন দেখছেন।  তিনি নগরীর বাগিচাগাঁও এলাকার বাসিন্দা।

    এ সময় দ্যা রয়েল কারাতে-দো এসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি কামাল আহমেদ, সাধারণ সম্পাদক মো. একরামুল হক, যুগ্ম সম্পাদক কাউসার আকাশসহ ক্লাবের বিভিন্ন পর্যায়ের সদস্যরা উপস্থিত ছিলেন।

  • পুত্র সন্তানের বাবা হলেন এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ

    অনলাইন ডেস্ক:

    এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহর পরিবারে এসেছে নতুন অতিথি। তিনি হয়েছেন এক পুত্রসন্তানের গর্বিত বাবা।

    বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে হাসনাত আব্দুল্লাহ ও তার স্ত্রীর ঘরে জন্ম নেয় এই নবজাতক। খবরটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন হাসনাতের এক ঘনিষ্ঠজন।

    তিনি জানান, মা ও নবজাতক উভয়েই সম্পূর্ণ সুস্থ আছেন। পরিবার ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনন্দের জোয়ার বইছে। 

    পরিবারের পক্ষ থেকেও সবার দোয়া ও আশীর্বাদ কামনা করা হয়েছে নবজাতক ও তার মায়ের জন্য।

  • প্রথমবার ওয়ানডেতে ডাক পেলেন কুমিল্লার ছেলে মাহিদুল ইসলাম অঙ্কন

    অনলাইন ডেস্ক:

     ওয়েস্ট ইন্ডিজ বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ১৫ সদস্যের বাংলাদেশ স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে প্রথমবার ওয়ানডেতে ডাক পেয়েছেন মাহিদুল ইসলাম অঙ্কন

    এবার ওয়ানডে স্কোয়াডে ফিরেছেন সৌম্য সরকার। 

    বাংলাদেশের হয়ে এর আগে টেস্টে অভিষেক হয়েছে মাহিদুল অঙ্কনের। তবে ওয়ানডে এবং টি-টোয়েন্টি ফরম্যাটের দলে এবারই প্রথম ডাক পেলেন তিনি।  তারা বাড়ি কুমিল্লা চৌদ্দগ্রামে।

    গত বিপিএল থেকে ব্যাটিং পারফরম্যান্স দিয়ে সবার নজর কেড়েছিলেন অঙ্কন। অল্প সময় পরই জাতীয় দলেও তিনি ডাক পেয়ে যান। যদিও এখন পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে কেবল একটি ম্যাচ খেলা হয়ছে ডানহাতি মিডল-অর্ডার ব্যাটারের। গত বছরের অক্টোবরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে অঙ্কনের অভিষেক হয়। এরপর আর কোনো ফরম্যাটে তাকে দেখা যায়নি। ২৬ বছর বয়সী এই ব্যাটার এবার ডাক পেলেন ওয়ানডেতে।

    মিরপুরের শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ১৮, ২১ এবং ২৪ অক্টোবর মাঠে গড়াবে সিরিজের তিন ওয়ানডে।

    একনজরে বাংলাদেশের ওয়ানডে স্কোয়াড : মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, মাহিদুল ইসলাম অঙ্কন, জাকের আলী অনিক, নুরুল হাসান সোহান, শামীম হোসেন পাটোয়ারী, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, তানজিম হাসান সাকিব।

  • বাড়লো সোনার দাম, ভরি ছাড়ালো ১ লাখ ৯৭ হাজার 

    দেশের বাজারে ফের সোনার দাম বাড়া‌নোর ঘোষণা দি‌য়ে‌ছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। প্রতি ভরিতে সর্বোচ্চ ২ হাজার ১৯৩ টাকা বাড়া‌নো হ‌য়ে‌ছে সোনার দাম। 

    আজ (শনিবার) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। রোববার থেকেই নতুন এ দাম কার্যকর হবে। 

    নতুন দাম অনুযায়ী সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম দাঁড়াচ্ছে ১ লাখ ৯৭ হাজার ৫৭৬ টাকা। যা এ যাবৎকালের সর্বোচ্চ দাম। আজ প্রতি ভরি সোনা ১ লাখ ৯৫ হাজার ৩৮৪ টাকায় বেচাকেনা হয়েছে। 

    বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে। 

    নির্ধারিত নতুন দাম অনুযায়ী সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম এক লাখ ৯৭ হাজার ৫৭৬ টাকা, ২১ ক্যারেট প্রতি ভরি এক লাখ ৮৮ হাজার ৫৯৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম এক লাখ ৬১ হাজার ৬৫১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম এক লাখ ৩৪ হাজার ২৫৩ টাকা।

    সোনার দাম বাড়ানো হলেও অপরিবর্তিত আছে রুপার দাম। ফলে ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৩ হাজার ৬২৮ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ৩ হাজার ৪৫৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ হাজার ৯৬৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ২ হাজার ২২৮ টাকায় কেনাবেচা হবে।

  • কুমিল্লায় ডাকাত দলের প্রধান দুলালসহ ১৪ সদস্য গ্রেফতার

     অনলাইন ডেস্ক:

    কুমিল্লায় আন্তঃজেলা ডাকাত দলের সর্দারসহ ১৪ ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা-ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলিক মহাসড়কের ভিংলা বাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। আজ বুধবার (১ অক্টোবর) দুপুরে কুমিল্লা পুলিশ সুপার (এসপি) নজির আহমেদ খান এ তথ্য নিশ্চিত করেন।

    গ্রেপ্তাররা হলেন- আন্তঃজেলা ডাক্তার দলের সরদার শাহ আলম দুলাল (৪০), মো. মনির হোসেন (৪০), মামুন মিয়া (২৪), মাহবুব আলম (৩৮), আলমগীর হোসেন (৩০), আল আমিন (৩২), কামাল হোসেন (৩২), মোশাররফ শরীফ (৩২), মো. সুমন (৩৩), মো. খোকন (৪০), আমামিন (২৫), মো. সোহেল (২৬), আউয়াল (৫০) ও নিহার বিশ্বাস (৪৮)।

    এসপি নজির আহমেদ খান জানান, গত ২৮ সেপ্টেম্বর লালমাই উপজেলায় দুটি ডাকাতির ঘটনা সংঘটিত হয়। এরপর জেলা পুলিশ সমগ্র জেলায় গোয়েন্দা নজরদারি জোরদার করে। পরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারেন বাঙ্গরা থানা এলাকায় ডাকাত দল সঙ্ঘবদ্ধভাবে ডাকাতির প্রস্তুতি নিচ্ছেন। বাঙ্গরা বাজার থানার পুলিশ টহল জোরদার করায় ওই এলাকায় ডাকাতি করতে ব্যর্থ হন তারা।

    তিনি আরো জানান, এরপর দেবিদ্বার থানায় ডাকাতির সিদ্ধান্ত নিলে পুলিশ জানতে পেরে উপজেলার ভিংলা বাড়ি এলাকায় চেকপোস্ট স্থাপন করে। পুলিশের চেকপোস্ট দেখে ডাকাত দল দরজা খুলে ও জানলার গ্লাস ভেঙে পালিয়ে যেতে চেষ্টা করে। এ সময় ধাওয়া করে পুলিশ ডাকাত দলের ১৪ সদস্যকে গ্রেপ্তার করে। তাদের কাছ থাকা ৪ জোড়া স্বর্ণের কানের দুল, একটি স্বর্ণের চেইন, এক জোড়া নুপুর, নগদ ২০ হাজার টাকা এবং কলো রঙের একটি হাইএস গাড়িও জব্দ করা হয়।

    এ সময় তাদের কাছ থেকে ডাকাতের কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

    প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে লালমাই এলাকায় তিনটি বরুড়ায় একটি ও নবীনগর থানা উপজেলায় একটি ডাকাতি করেছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতির মামলা দায়ের শেষে আদালতের মাধ্যমে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে হাজতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।