Author: bikedokan@gmail.com

  • কুমিল্লায়  চোর ধরতে গিয়ে সড়কে ছিটকে পড়ে পুলিশ সদস্যের মৃত্যু!

    অনলাইন ডেস্ক:

    কুমিল্লায় হাসপাতালে চিকিৎসা করাতে নিয়ে আসা একটি চুরির মামলার আসামি পালিয়ে যাওয়ার সময় তাকে আটক করতে গিয়ে সড়কে ছিটকে পড়ে এক পুলিশ কনস্টেবল মারা গেছেন।

    আজ মঙ্গলবার (২৮ জানয়ারি) রাত সাড়ে ৯টার দিকে জেলার দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অদূরে সরকারি কলেজ রোডে এ ঘটনা ঘটে।

    মারা যাওয়া পুলিশ কনস্টেবলের নাম মহিউদ্দিন (৫৯)। তিনি পাশের মুরাদনগর উপজেলার গাইডুলি গ্রামের সাঈদুর রহমানের ছেলে। চলতি বছরেই তাঁর অবসরে যাওয়ার কথা ছিল।

    রাত পৌনে ১১টার দিকে দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামস্ উদ্দিন মো. ইলিয়াস মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

    ওসি আরও জানান, দেবিদ্বার উপজেলার বারুর এলাকায় চুরির ঘটনায় রুবেল মিয়া নামের একজনকে স্থানীয় লোকজন আটকের পর মারধর করেন। রাত সাড়ে ৮টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে উদ্ধার করে। থানায় আনার পর অসুস্থ বিবেচনায় পুলিশ সদস্যরা ওই চোরকে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কিন্তু হাসপাতালে গেটে একটি অটোরিকশা থেকে তাঁকে নামানোর সময় সে চিকিৎসা না নিয়েই দৌড়ে পালিয়ে যায়।

    এ সময় তাঁকে আটক করতে পুলিশ সদস্য মহিউদ্দিন পিছু নেন। একপর্যায়ে মহিউদ্দিন রাস্তায় পড়ে যান। তাঁকে উদ্ধার করে একই স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি স্ট্রোক করে মারা গেছেন। বুধবার স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হবে।

    হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মো. ইব্রাহিম জানান, ওই পুলিশ সদস্যকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। তিনি স্ট্রোক করে মারা গেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়েছে। লাশ থানায় নিয়ে গেছে।

  • জাঙ্গালিয়া বাসস্ট্যান্ডে যানবাহন থেকে চাঁদাবাজি;  সেনাবাহিনীর অভিযানে টোকেন-টাকাসহ আটক ৩

    স্টাফ  রিপোর্টার:

    কুমিল্লা মহানগরীর জাঙ্গালিয়া বাসস্ট্যান্ডে অভিযান পরিচালনা করে অবৈধভাবে বিভিন্ন গাড়ী ও যাত্রীদের কাছ থেকে চাঁদা আদায়ের সময় তিনজনকে আটক করেছে সেনাবাহিনীর ২৩ বীরের অধীনের  টহলদল।

    মঙ্গলবার  (২৮ জানুয়ারি)  ২৩ বীর এর অধীনে আদর্শ সদর আর্মি ক্যাম্প কুমিল্লা শহড়ের সকল বাসস্ট্যান্ডে অবৈধ টোল, চাঁদা আদায়কারী ও চাঁদাবাজদের ধরতে অভিযান পরিচালনা করে।

    আটক হওয়া ব্যক্তিরা হলেন কুমিল্লা নগরীর নবাব বাড়ি  এলাকার মৃত. লিয়াকত আলীর ছেলে  মোঃ শাফায়েত আলী সৌরভ (৩৫), রেইসকোর্স এলাকার মোঃ তোফাজ্জল হোসেনের ছেলে  মোঃ তানজিদ হাসান (৩৩) ও নবাব বাড়ি এলাকার বাবুল মিয়ার ছেলে  মোঃ সৈকত(৩০)।

    টোল ও চাঁদা আদায়কারী এবং চাঁদাবাজদের নিকট হতে নগদ ৭ হাজার ৭ শত টাকা, ৫ টি মোবাইল ফোন, অবৈধ টোল আদায়ের রশিদ বই, ০১ টি সীল ও প্যাড এবং ০১ টি রেজিস্টার জব্দ করা হয়েছে।

    অবৈধ টোল, চাঁদা আদায়কারী ও চাঁদাবাজদের আটক করার পর তাদের কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে বলে সেনাবাহিনী সূত্র জানায়।

  • কুমিল্লায় একদিনে ৩ জনের মরদেহ উদ্ধার

    অনলাইন ডেস্ক: 

    কুমিল্লার তিন উপজেলায় একদিনে তিন জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২৬ জানুয়ারি) দিবাগত রাত থেকে সোমবার (২৭ জানুয়ারি) সকাল পর্যন্ত জেলার সদর দক্ষিণ, লাকসাম ও মনোহরগঞ্জ উপজেলা থেকে লাশগুলো উদ্ধার করা হয়। এর মধ্যে একজন নারী, একজন ইনস্যুরেন্স কর্মী ও আরেকজনের পরিচয় এখনও মেলেনি।

    সদর দক্ষিণ থানা ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের পাশের খালে এক পুরুষের ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে জেলার সদর দক্ষিণ উপজেলার জেলখানা বাড়ি সংলগ্ন এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

    সদর দক্ষিণ থানার ওসি মুহাম্মদ রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, লাশটির শরীরে একটি জ্যাকেট ছিল। আমরা যখন উদ্ধার করি, লাশের শরীরে কোনও আঘাতের চিহ্ন কিংবা রক্ত দেখতে পাইনি। ধারণা করা হচ্ছে, তিনি মৃগী রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। তবে তদন্ত ছাড়া আমরা নিশ্চিত কিছু বলতে পারছি না।

     লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এলে বিস্তারিত বলা যাবে।

    এদিকে কুমিল্লার লাকসাম উপজেলার হোটেল ড্রিমল্যান্ড থেকে আলতাফ হোসেন (৩৭) নামের একজনের লাশ উদ্ধার করা হয়েছে। তিনি প্রগতি ইনস্যুরেন্সে চাকরি করতেন।

    বিষয়টি নিশ্চিত করেছেন লাকসাম থানার ওসি নাজনীন সুলতানা। তিনি বলেন, লাশ উদ্ধারের পর আমরা তার পরিবারকে জানিয়েছি। তার পরিবার আসছে। আমরা এখনও জানি না তিনি এখানে কীভাবে এলেন এবং কীভাবে তার মৃত্যু হয়েছে। তবে সিআইডিসহ বিভিন্ন টিমের তদন্ত চলমান আছে। বিস্তারিত জেনে জানাতে পারবো। 

    কুমিল্লা জেলার মনোহরগঞ্জ উপজেলার বান্দুয়াইন গ্রামের সড়কের পাশে স্থানীয় এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। তিনি উপজেলার বান্দুয়াইন গ্রামের মৃত আয়ুব আলীর স্ত্রী। রবিবার দিবাগত রাত দেড়টার দিকে বান্দুইয়ান গ্রামের সড়কের পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়।

    বিষয়টি নিশ্চিত করেছেন মনোহরগঞ্জ থানার এসআই ইমন হোসেন। তিনি বলেন, ওই নারী বাড়িতে একাই থাকতেন। গত রাতে স্থানীয়রা তার লাশ পেয়ে পুলিশের খবর দিলে লাশটি উদ্ধার করে। কিন্তু কীভাবে তার মৃত্যু হলো এবং এত রাতে তিনি কেন এখানে এলেন তা তদন্ত ছাড়া বলা যাচ্ছে না। লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

  • কর্মবিরতি শুরু: সারাদেশে ট্রেন চলাচল বন্ধ

    অনলাইন ডেস্ক:

    কর্মবিরতি শুরু করেছেন রেলওয়ের রানিং স্টাফরা। বেতনের সঙ্গে রানিং অ্যালাউন্স যোগ করে পেনশন এবং আনুতোষিক সুবিধা সংক্রান্ত সমস্যার সমাধান না হওয়ায় এ কর্মসূচি পালন  করার  সিদ্ধান্ত নিয়েছে।

    সোমবার (২৭ জানুয়ারি) দিনগত রাত ১২টার পর শিডিউলে থাকা ট্রেনগুলোতে ওঠেননি রানিং স্টাফরা। ফলে প্রারম্ভিক স্টেশন থেকে কোনো ট্রেন ছেড়ে যায়নি। ট্রেন চালক, গার্ড ও টিকিট চেকার পদধারীরা রয়েছেন রানিং স্টাফের মধ্যে।

    ঢাকা রেলওয়ে স্টেশনের দায়িত্বশীল একজন জানিয়েছেন, রাত ১২টার আগের যেসব ট্রেন ছেড়ে যায়নি সেগুলো ছেড়ে যাচ্ছে এখন। তবে রাত ১২টার পরের শিডিউলের কোনো ট্রেন যাচ্ছে না।

    রানিং স্টাফরা জানিয়েছেন, আজ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত যেসব ট্রেন প্রারম্ভিক স্টেশন থেকে ছেড়ে যাবে, সেসব ট্রেনের প্রতিটি যাত্রীকে নিরাপদে গন্তব্যে পৌঁছানো হবে। তবে ওই ট্রেনগুলো গন্তব্য স্টেশনে পৌঁছানোর পর রানিং স্টাফরা কর্মবিরতিতে যাবেন। ফলে কর্মবিরতি রাত ১২টায় শুরু হলেও লাইনে থাকা কোনো ট্রেন যাত্রা বিরতি থাকা স্টেশন ছাড়া অন্য কোথাও না দাঁড়িয়ে গন্তব্য স্টেশন পর্যন্ত পৌঁছাবে।

  • কুমিল্লায় সেনাবাহিনীর অভিযানে পিস্তল গুলিসহ বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার; আটক ১০

    অনলাইন ডেস্ক;

     কুমিল্লা নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে দেশি-বিদেশি বিপুল পরিমাণ অস্ত্রসহ ১০ জনকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। সেনাবাহিনীর ২৩ বীর কুমিল্লা সদর ক্যাম্পের পক্ষ থেকে রবিবার (২৬ জানুয়ারি) দুপুরে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করা হয়। অভিযানে ২টি নাইন এম এম পিস্তল, ২টি রিভলবার, ২টি রাশিয়ান পিস্তল, ৬ রাউন্ড বুলেট, ৫ ফুট দীর্ঘ একটি রাম দা, একটি বিদেশি তলোয়ার, একটি দেশি রাম দা, একটি চাকু এবং ৯ রাউন্ড শর্ট গানের বুলেট উদ্ধার করা হয় বলে বলে জানিয়েছে সেনাবাহিনী।

    অভিযানে গ্রেপ্তারকৃতরা হচ্ছে- নগরীর ঝাউতলা এলাকার মোঃ নাইমুল ইসলাম নাঈম (৩৬), কালিয়াজুড়ি এলাকার আবির হামিদ মাহি (২১), ছোটরা ইদগা এলাকার সাজিদুল ইসলাম (২১), ছোটরা এলাকার সাব্বির হোসেন (২১), মোহাম্মদ আলী (২৪), ঝাউতলার জাবেদুর রহমান (২৯), ধর্মসাগর এলাকার অভিজিৎ রায় সরকার (৩০), বুড়িচং উপজেলার সাদকপুর এলাকার আবুল খায়ের (৩৯), কালিয়াজুড়ি এলাকার রাকিব (২১) এবং নগরীর ধর্মসাগর পাড় এলাকার বাসিন্দা ইসমাইল হোসেনের পুত্র অপু (৪২)।

    গ্রেপ্তারকৃতদেরকে কুমিল্লা কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করে থানার ওসি মাহিনুল ইসলাম বলেন, সেনাবাহিনীর অভিযানে গ্রেপ্তারকৃত ব্যক্তিদের দুপুরে থানায় হস্তান্তর করা হয়েছে। বাকি প্রক্রিয়া সম্পন্ন করে তাদেরকে আদালতে প্রেরণ করা হবে।

  • তিন বাহিনীর পোশাক ডিজাইনার, অনুমোদনকারীকে গ্রেপ্তার করে পাবনার পাগলা গারদে প্রেরণের দাবি  আসিফ আকবরের!

    অনলাইন ডেস্ক:

    দেশের অন্যতম তিনটি বাহিনী পুলিশ, র‍্যাব ও আনসারের পোশাক পরিবর্তন হচ্ছে। গতকাল সোমবার (২০ জানুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এর প্রাথমিক অনুমোদন দেওয়া হয়েছে। 

    তিন বাহিনীর পোশাক পরিবর্তনের খবরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। যেই আলোচনায় যোগ দিয়েছেন বাংলা গানের যুবরাজ খ্যাত কণ্ঠশিল্পী আসিফ আকবর। 

    তিনি পোশাক পরিবর্তনের সিদ্ধান্তের কঠোর সমালোচনা করে সংশ্লিষ্টদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। মঙ্গলবার রাতে এক ফেসবুক স্ট্যাটাসে এমন দাবি জানান আসিফ।

    যেখানে তিনি পুলিশ, র‍্যাব ও আনসারের পোশাক পরিবর্তনের একটি ছবি পোস্ট করে লিখেছেন, তিন বাহিনীর এই পোশাকের ডিজাইনার, অনুমোদনকারী এবং সংশ্লিষ্ট কতৃপক্ষকে রুচিহীনতার অভিযোগে দ্রুত গ্রেপ্তার করা হোক।

    এরপর আসিফ লেখেন, মানসিক ডাক্তারদের মাধ‍্যমে জিজ্ঞাসাবাদ শেষে উন্নত চিকিৎসার তাদের পাবনার হেমায়েতপুর পাগলা গারদে প্রেরণ করার অনুরোধ জানাচ্ছি। 

    আসিফ তার স্ট্যাটাসে আরও উল্লেখ করেন, সারাদেশে রুচিহীনতা ছড়িয়ে পড়লে সব দায়দায়িত্ব রুচিহীন সরকারকেই নিতে হবে।

    জানা গেছে, নতুনভাবে পুলিশের জন্য আয়রন কালারের পোশাক, র‍্যাব এর জন্য গ্রিন অলিভ এবং আনসারদের জন্য গোল্ডেন হুইট পোশাক নির্বাচন করা হয়েছে।

  • কুমিল্লায় আওয়ামী লীগনেতা কবিরুল ইসলাম শিকদার গ্রেপ্তার

    মাহফুজ নান্টু, কুমিল্লা

    কুমিল্লা মহানগর আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক কবিরুল ইসলাম শিকদারকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী।

    আজ শুক্রবার (১৭ জানুয়ারি) ভোরে কবিরুল ইসলাম শিকদারকে থানায় হস্তান্তর করেন সেনাবাহিনীর সদস্যরা। কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মইনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

    এর আগে রাতে সেনাবাহিনীর সদস্যরা নগরীর ৫ নম্বর ওয়ার্ডের মোগলটুলী এলাকায় কবির শিকদারের বাড়িতে অভিযান পরিচালনা করে। ওই সময় তিনি বাড়িতেই অবস্থান করছিলেন। পরে তাকে গ্রেপ্তার করে থানায় হস্তান্তর করা হয়।

    সেনাবাহিনী সূত্রে জানা গেছে, কবির শিকদার সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারের ঘনিষ্ঠ অনুসারী। গত জুলাই-আগস্টের আন্দোলনে ছাত্র-জনতার বিরুদ্ধে তার সক্রিয় ভূমিকা ছিল। তার বিরুদ্ধে চারটি মামলা রয়েছে৷ সাম্প্রতিক গোয়েন্দা তথ্য অনুযায়ী, তিনি আওয়ামী লীগ অনুসারীদের পুনরায় সংগঠিত করার চেষ্টা করছিলেন। এ ছাড়া আগামীকাল শনিবার (১৮ জানুয়ারি) হরতালের নামে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছিলেন বলে জানা যায়।

    কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মইনুল ইসলাম বলেন, আজ বিকেলে গ্রেপ্তার আওয়ামী লীগনেতা কবির শিকদারকে আদালতে পাঠানো হবে। সেখান থেকে আদালতের আদেশ অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

  • ২০০ পাউন্ডের কেক কেটে বেকিং টুলস কুমিল্লার ৫ বছর পূর্তি ও শেফ জেবুন্নেছার শততম ক্লাস উদযাপন!

    অনলাইন ডেস্ক:

    কুমিল্লায়  জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে লাইভ বেকিং এবং কুকিং ওয়ার্কশপ এন্ড মিটআপ প্রোগ্রাম। 

    জেবুন্নেছা শাহনাজ এবং বেকিং টুলস কুমিল্লা পরিবারের সমন্বয়ে  Baking tools Cumilla ৫ বছর ফুর্তি ও শেফ জেবুন্নেছা শাহনাজ এর শততম ক্লাস উপলক্ষে বৃহস্পতিবার নগরীর ফানটাউন হল রুমে কোরআন তেলোওয়াত ,জাতীয় সংগীত  পরিবেশন ও  ২০০ পাউন্ডডের বিশাল কেক কেটে প্রোগ্রামের উদ্বোধন করা হয়। নানা আয়োজনে দিন ব্যাপী এই প্রোগ্রামটি অনুষ্ঠিত হয়।

    উক্ত অনুষ্ঠানে  বেকিং টুলস কুমিল্লা এর স্বত্তাধিকারী সেফ জেবুন্নেছা শাহনাজ এর সভাপতিত্বে ও রোটারিয়ান জসীম উদ্দিন মজুমদার এর   ব্যবস্থপনায় উপস্থিত ছিলেন বাংলাদেশ অফ ফেডারেশনের সভাপতি শেফ জহির খান, শাহনাজ কুলিনারী এডাডেমীর ওনার শেফ শাহনাজ ইসলাম, ক্রিয়েটিভ স্পিরিট ফাইন ডিনারের শেফ মামুন। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন যুব উন্নয়ন কর্মকতা নার্গিস কবির।

    অনুষ্ঠানের সার্বিক তত্বাবধানে ছিলেন  নারী উদ্যোক্তা হালিমা খাতুন। উক্ত অনুষ্ঠানের মূল আর্কষন ছিল,,সেফ জেবুন্নেছা শাহনাজের ৫০জন স্টুডেন্ট সহ লাইভ একটি বিশাল ২০০ পাউন্ডের একটি কেক তৈরি করা।

    তারপর ঢাকা থেকে আগত তিন জন শেফ বেকিং ও কুকিং ও উপর ক্লাস করান।বেকিং টুলস কুমিল্লা ৫বছর পূতি উপলক্ষে বিতরন কৃত ৩০টি লাকি কুপনের জমকালো ড্র অনুষ্ঠিত হয়। 

     সারা দেশ থেকে প্রায় ৪ শতাধিকেরও বেশি নারী উদ্যোক্তা এই অনুষ্ঠানে অংশ গ্রহন করেন। অনুষ্ঠানে সেফদের প্রশ্নত্তোর পর্বে সঠিক উত্তর দাতারা শেফদের নিকট হতে মেডেল ও পুরস্কার জিতে নেন।

    অনেক নারী উদ্যোক্তারা নিজ হাতে শীতের পিঠা,চিকেন রোল,সন্দেশ,নাডুসহ বিভিন্ন রকমের নাস্তার নিয়ে আসেন।

    তাছাড়া অনেক নারি উদ্যোক্তারা অনুষ্ঠানে লগো স্পন্সর করেন। এছাড়া ৩৩জন নারী উদ্যোক্তাকে উদ্যোক্তা সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়।  অনুস্ঠানে মরহুম সেফ জাকিরের জন্য দোয়া ও তার পরিবারের জন্য অনুদান প্রদান করা হয়।

  • প্রতিদিন জিয়াউর রহমানের নাম নিলে বেহেশত নিশ্চিত :  কুমিল্লায় বিএনপি নেতা কামরুল হুদা

    অনলাইন ডেস্ক:

    বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের নাম প্রতিদিন নিলে বেহেশত নিশ্চিত বলে মন্তব্য করেছেন দলটির কুমিল্লা দক্ষিণ জেলা শাখার যুগ্ম আহ্বায়ক ও চৌদ্দগ্রাম উপজেলা শাখার সভাপতি কামরুল হুদা। বুধবার দুপুরে চৌদ্দগ্রাম উপজেলা কেন্দ্রীয় ঈদগা মাঠে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। এরই মধ্যে ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে তাঁর এ বক্তব্য ভাইরাল হয়ে পড়েছে। এ নিয়ে সমালোচনার ঝড় উঠেছে।

    ভাইরাল হওয়া বক্তব্যে কামরুল হুদাকে বলতে শুনা যায়, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম নিলেই প্রতিদিন, বেহেশত নিশ্চিত। আমি বিশ্বাস করি। কারণ উনি দেশের জনগণের সাথে হঠকারিতা করেন নাই।’ আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে কামরুল হুদা বলেন, শেখ সেলিম, শেখ হেলালসহ এ শেখ পরিবার লুট করে দেশটাকে শেষ করেছে, এ শেখ পরিবারে কেউ মুক্তিযোদ্ধা নাই। যুদ্ধ না করেই আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনার দল হয় কি করে ? ৯৬ সালের নির্বাচনের পর আবেদন করে আওয়ামী লীগের অনেকেই মুক্তিযোদ্ধা হয়েছেন। শেখ হাসিনা সাড়ে তিনশ’ মন্ত্রী এমপি নিয়ে পালিয়েছেন। স্থানীয় জামায়াতের সমালোচনা করে তিনি বলেন, ‘একটা দল (জামায়াত) আমাদের সাথে ছিল। তারা অতীতে আমাদের উপর ভর করে ক্ষমতায় এসেছে। চৌদ্দগ্রামবাসী জানে তাদের ভোটের হার কতো।’ আগামি নির্বাচনের সময় প্রতিটি কেন্দ্রের জন্য ২শ’ করে ছোট লাঠি প্রস্তুত করার জন্য তিনি নেতাকর্মীদের নির্দেশ দেন।

    নাম প্রকাশে অনিচ্ছুক ওই সভায় উপস্থিত দলের একাধিক নেতা বলেন, ‘কোন মুসলিম এমন বক্তব্য দিতে পারে ? তাঁর এমন বক্তব্যে আমরা বিস্মিত, দলের প্রতি অতি আবেগ দেখাতে গেলে যা হয়। যেখানে অনুষ্ঠানের আয়োজন করা হয় এর পাশেই মসজিদ। জোহরের নামাজের সময় হলে তিনি (কামরুল হুদা) মোয়াজ্জিনকে মাইকে আজান না দিয়ে মুখে আজান দিতে বলেন। এসময় অনুষ্ঠানের বিরতি না দিয়েই অনুষ্ঠান চলমান রাখা হয়। এতে সমালোচনার সৃষ্টি হয়।’

    অনুষ্ঠানে এমন বক্তব্য দেওয়ার বিষয়টি স্বীকার করেন বিএনপি কামরুল হুদা। তিনি বলেন, ‘জিয়াউর রহমান মক্কা শরীফে হাজার হাজার হাজিদের সুবিধার্থে বেশ কিছু নিম গাছ লাগিয়েছিলেন। ওই কারণে উনার নাম নিলে বেহেশতে যাওয়া যাবে, এটা কি ভুল বলেছি।’

    রাতে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক ও সাবেক এমপি হাজী আমিন উর রশিদ ইয়াছিন বলেন, ‘আমি এমন বক্তব্যটি এখনো শুনিনি, ভিডিওটি দেখতে হবে।’

  • মওদুদ শুভ্রকে  ছুরিকাঘাত করা  আসামিরা জনসম্মুখে  ঘুরে বেড়াচ্ছে!

    প্রেস বিজ্ঞপ্তি:

    জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছেন কুমিল্লার  মানবাধিকার কর্মী,জাতীয় ও অনলাইন পত্রিকার সাংবাদিক এবং ক্ষুদ্র ব্যবসায়িক উদ্যোক্তা মওদুদ আব্দুল্লাহ শুভ্র। ২০১৭ সালের মে মাসের ১ তারিখ থেকে থেকে শুরু করে  আজ পর্যন্ত পুলিশ প্রশাসন, র‍্যাব সহ বিভিন্ন এখতিয়ার সম্পন্ন গোয়েন্দা সংস্থা সহ  বিভিন্ন প্রশাসনিক মহলে প্রমান পত্রাদি দিয়ে সন্ত্রাসী সহ তাদের সংগীয় বাহিনী প্রকাশে ” স্যার গ্রুপ” দের বিরুদ্ধে সুনির্দিষ্ট প্রমান পত্রাদি,ছবি সহ এই সন্ত্রাসী চক্রের নাসকতার বিভিন্ন ডকুমেন্ট সংজুক্ত করে আইন ও প্রশাসনের এখতিয়ার সম্পন্ন কর্মকর্তাগণদের বরাবরে লিখিত  অভিযোগ করেও এই সন্ত্রাসীবাহিনী সহ তাদের সংগীয় “স্যার গ্রুপ”  হাত থেকে রক্ষা পায় নাই।সন্ত্রাসীরা এতটাই বেপোরোয়া যে তারা দেশের কোন আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর  কাউকে ভ্রুক্ষেপ পর্যন্ত করে না।মওদুদ আব্দুল্লাহ শুভ্র’র  আইনি প্রশাসনিক নিরাপত্তা সহ আইনগত সুরক্ষার কোন ধরনের ফল না পেয়ে হতাশ এই তরুণ  ক্ষুদ্র ব্যবসায়িক উদ্যোক্তা, মানবাধিকার   সাংবাদিক ও পেশাজীবি। 

    সর্বশেষ মওদুদ আব্দুল্লাহ শুভ্র কুমিল্লা কোতোয়ালি সদর মডেল থানায় লিখিত অভিযোগে (যাহার এস ডি আর নাম্বার:-২৮৫০,তারিখ=২৭.১২.২০২৪ইং) বর্ণিত -সামগ্রিক অপরাধ এর  বিষয়ক উল্লেখ করে সেই সব অস্ত্রধারী সন্রাসী এবং সন্ত্রাসীদের  মদদদাতা নারী পুরুষ শক্তিশালী কথিত ” স্যার গ্রুপ” বিরুদ্ধে ভিক্টিম মওদুদ শুভ্র’র সাথে ঘটে যাওয়া অপরাধ ও অন্যায় বশত  অস্ত্র দিয়ে হত্যার চেস্টায় ছুরিকাঘাত করা,প্রতিনিয়ত চাদাবাজি করা ,ঘটনার দিন তার কাছ থেকে নগদ টাকা সহ সাংবাদিকতার ক্যামেরা ও মোবাইল চুরি ও জোরপূর্বক  ছিনতাই,সন্ত্রাসী মহল ও তাদের সংগীয় অপরাধের মদদদাতা কথিত “স্যার গ্রুপ” নাসকতা ও বর্বরতা সাথে অবৈধভাবে  প্রশাসনের নাম ব্যবহার করে অপরাধ করা বিষয়ক  দুটি পৃথক পৃথক ঘটনার উপর ভিত্তি করে দুটি মামলা আসামী সহ অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে দায়ের করা হয়। একটি কুমিল্লা কোতোয়ালি সদর  মডেল থানায় মামলা  হত্যার উদ্দেশ্য ছুরিকাঘাত, চুরি,ছিনতাই অস্ত্র প্রদর্শন করে আহত করা সহ লুটপাটের ” এফ আই আর / জি- আর মামলা ” দায়ের করা হয় অপরটি কুমিল্লা জজ কোর্ট দ্রুত বিচার ট্রাইবুনালের আইনে আরেকটি বিষয়ে   সংগবদ্ধ অপরাধ,চাদাবাজি,মিথ্যা বানোয়াট মামলায় জড়িয়ে গুম খুন হত্যা,ভিক্টিম সহ ভিক্টিমের পরিবারকে গন খুনের প্রচেষ্টা চালানো  ইত্যাদি অপরাধ প্রমানাদি সহ আলামত দিয়ে আদালতে  “দ্রুত সি আর” মামলা দায়ের করা হয়। অস্ত্রধারী আসামি সহ আসামিদের সহযোগী অজ্ঞাতনামা আরো আসামী পলাতক অবস্থায় আছে।তাদের পক্ষ হয়ে প্রতিনিয়ত উক্ত অস্ত্রধারী এই সন্ত্রাসীদের মদদদাতা সহ অনেক অপরাধের গডফাদার ” স্যার গ্রুপ” নাসকতা যেন আরো বেড়েই চলছে। এই বিষয় সহ ভিক্টিম মওদুদ শুভ্র তার নিজের ও নিজ পরিবার পরিজন সদস্যদের আইনগত সুরক্ষা ও প্রশাসনিক আত্মরক্ষা ও নিরাপত্তা চেয়ে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় একটি সাধারণ ডায়েরি ( জি ডি) দায়ের করেন।যাহার নাম্বার :- ২৪১৬,তারিখ :-৩০.১১.২০২৪ইং। আরেকটি উক্ত নাসকতাকারীদের আইন বিরোধী কার্যক্রম এর বিষয়ক  কুমিল্লা কোতোয়ালি থানায় অফিসার ইনচার্জ বরাবরে অভিযোগ অবহিত করে দায়ের করা হয় ।যাহার এস ডি আর নাম্বার-২২২৪। তারিখ:- ০৫.১২.২০২৪ ইং অভিযোগে উল্লেখ করে সক্ষিপ্ত ভাবে সকল কিছু লিখিত ভাবে জানান। তিনি মানব অধিকার কর্মীসহ সাংবাদিকতা,মেসার্স মওদুদ ভ্যারাইটিজ কনস্ট্রাকশন ও মওদুদ বিল্ডার্সের একক স্বত্বাধিকারী ও  ব্যক্তিগত ক্ষুদ্র ব্যবসায়িক উদ্যোক্তা।  ইতিপূর্বে তাকে  তার দায়ের  করা মামলার আসামীদের পক্ষের সক্রিয়  চেনা জানা লোকজন এই বিবাদী/বিবাদীনিরা মোবাইল নাম্বার হুমকি ধমকি সহ প্রকাশ্যে হুমকি ধমকি দিয়ে আসছে।উক্ত অপরাধীরা বিভিন্নভাবে তার গতিবিধি লক্ষ্য করিয়া ভিক্টিম মওদুদ শুভ্রকে  নাজেহাল, মারধরসহ চাঁদাদাবী করে প্রকাশ্যে এসেও হুমকি ধমকি প্রদান করে। উল্লেখ্য যে, গত ০৩ আগস্ট,২০২৪ ইং মওদুদ শুভ্র’কে হত্যার উদ্দেশ্য উক্ত সন্রাসীরা ছুরিকাঘাত করে। তখন এই সন্ত্রাসী বাহিনীদেরকে পুরাপুরি সনাক্তকরণ না পেরে থানায় মামলা করতে পারা যায় নাই এবং আসামীরা বেশীর ভাগ সাবেক ক্ষমতাসীন দলের নেতাদের অনুসারী হওয়ায় সকল স্থানে আধিপত্য বিস্তার করে আসত।পরবর্তীতে বিভিন্ন মাধ্যমে ঘটনাস্থল এবং তারপরেও তাদের সক্রিয় ভাবে আহত করার পর পুণরায় এসে চাদা দাবি করায় আসামিদের চিহ্নিত করে সহ অজ্ঞাতনামা আরো কিছু আসামিদের বিরুদ্ধে মামলা করা হয়।

     ভিক্টিম মওদুদ আব্দুল্লাহ শুভ্র আরো জানায়,  অত্র মামলা দায়েরের পর প্রশাসন সহ যৌথ বাহিনী আসামি দের  গ্রেপ্তার চেস্টায় আসামিরা পলাতক থাকায়,  আসামি পক্ষের পরোক্ষ লোকজন  ১০/১২  জন অচেনা  মানুষজন  প্রতিনিয়ত বিভিন্ন ছদ্মবেশে  মোটর সাইকেল, প্রাইভেটকার ইত্যাদি দ্বারা ভিক্টিম মওদুদ শুভ্র’র  চলাফেরা, গতিবিধি অনুসরণ করে আমাকে কটূক্তি মূলকভাবে প্রকাশ্যে হুমকি দেয় যে, চাদার টাকা না পেলে আমাকে যেকোন উপায়ে হত্যা, সহ গুম,খুন করবে নয়তো  অজ্ঞাতনামা বিবাদীরা আরো হুমকি দেয় এতে ব্যর্থ হইলে ভিক্টিম মওদুদ শুভ্রের তারা মিথ্যা মামলা দিয়ে এবং সে অথবা তার পরিবার পরিজন দেরকে   যে কোন অপুরনীয় ক্ষয় ক্ষতি করবে বলে প্রকাশ্যে,মোবাইল ফোনে ও এস এম এস দিয়ে  করবে।যেটা ভিক্টিমের নিকট সকল কিছু সংরক্ষিত রাখে।ভিক্টিম মওদুদ শুভ্র আরো জানায়, বিবাদীদের পক্ষের লোকজন মহল বলে-মওদুদ শুভ্র  যদি চাদার টাকা না দেয়,তাহলে যে কোন মুহুর্তে তার ও তার পরিবারের সদস্যদের সহ আপত্তিকর তথ্য বিভ্রান্তি সহ জান,মাল ও প্রানের যে কোন ধরনের ক্ষয় ক্ষতি করবেই তারই ধারাবাহিকতায় উক্ত চক্রটি সহ সক্রিয় অপরাধী চক্রের মদদদাতা ” স্যার গ্রুপ” সার্বক্ষণিক ভিক্টিম মওদুদ শুভ্রকে তাকে ফলো করছে এবং তার সসস্ত্র দল দিয়ে তার ও তার পরিবারের পরিজন সদস্যদের যেকোনো ধরনের ষড়যন্ত্র করে খুন ও গুম করবেই ।ইতিমধ্যে তারা ভিক্টিম মওদুদ শুভ্রের ফেসবুক আই ডি হ্যাকিং করেন ও নানাবিধ অপরাধের আশ্রয় নিচ্ছে বলে জানা জায়।অত:পর সকল ঘটনা কুমিল্লা পুলিশ সুপার উল্লেখ করে অভিযোগ দাখিল করা হয়।যাহার স্মারক নাম্বার:-৬৫০৯/m,তারিখ :-২৭.১১.২০২৪ ইং।উক্ত বিষয়ক ভিক্টিম মওদুদ শুভ্র তার এবং তার পরিবার পরিজন সদস্যদের সার্বিক আইনগত সুরক্ষা ও প্রশাসনিক নিরাপত্তা চেয়ে কুমিল্লা জেলা প্রশাসনের জেলা প্রশাসকের কাছে সকল প্রমান পত্রাদি দিয়ে লিখিত আবেদন করেন।যাহার ডকেট নাম্বার:-১৬৯০০,তারিখ :২৭.১১.২০২৪ ইং।

    মাসিক মানবাধিকার খবর সম্পাদক ও প্রকাশক জনাব রিয়াজ উদ্দিন বলেন- মওদুদ  শুভ্র  মানবিক ও সামাজিক উচ্চ শিক্ষিত মানুষ। তার উপর বিগত দিনের এইরকম বর্বরতার মূলক আক্রমণ তীব্র নিন্দা জানিয়ে অতি দ্রুত আসামিদেরকে গ্রেপ্তার করা সহ বর্তমানে যে বা যারা তাকে চাঁদাবাজি ও প্রাণনাশের হুমকি ধমকি দিচ্ছে  সহ বিভিন্ন চক্রান্ত করে আসছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করে তার ও তার পরিবারের নিরাপত্তা নিশ্চিতকরণের জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।

     হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি চেয়ারম্যান এড: সাইদ শাওন বলেন- মওদুদ আব্দুল্লাহ শুভ্র একজন মানবাধিকার কর্মী। তিনি বরাবরই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী কন্ঠ। বিগত দিনও তাকে নানাবিধ ষড়যন্ত্র করে গুম খুন হত্যা করার চেস্টা সন্ত্রাসী সহ কিছু অন্যায়কারীরা করে আসছিলো। তার উপর এই রকম সন্ত্রাসী আক্রমন ও  বর্তমানেও উক্ত সন্রাসী মহল সহ যে বা যারা তার সাথে অপরাধের আশ্রয় অন্যায় করছে, কুমিল্লার  পুলিশ প্রশাসন সহ যৌথ বাহিনীর উক্ত মামলার  আসামীদের দ্রুত গ্রেপ্তার সহ সকল প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বলেন।তিনি আরো বলেন মওদুদ শুভ্র- একজন মানবাধিকার কর্মী, এতে তার মানবাধিকার সহ আইনি সুখাধিকার চরম মাত্রায় বিঘ্নিত হচ্ছে।

     এই বিষয়ে অফিসার ইনচার্জ কুমিল্লা কোতোয়ালি মডেল থানা জনাব মো: মহিনুল ইসলাম, পুলিশ এই মামলাটির আসামিদের কে দ্রুত গ্রেপ্তারের চেস্টা করছে, অতি দ্রুত আসামিদেরকে গ্রেপ্তার সহ তথ্য সুত্রে মুল আসামি কেও আইনের আওতায় আনা হবে।এই বিষয়ে অপরাধীদের কোন ছাড় দেওয়া হবে না।