বরুড়া প্রতিনিধিঃ
কুমিল্লার বরুড়ায় বলাৎকারের অভিযোগে এক যুবককে আটক করতে গিয়ে এসআই মিশন চৌধুরী সহ আনুমানিক আটজন পুলিশ সদস্য আহত হয়েছেন। আজ বুধবার (২৯ জুলাই) উপজেলার আড্ডা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার আড্ডা ফয়জুনে মদিনা মডেল মাদরাসায় বলাৎকারের অভিযোগ ওঠার পর পুলিশ অভিযুক্ত যুবক আতিক উল্লাহকে আটক করতে যায়। এ সময় ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড় জমে।
পরে পুলিশ অভিযুক্তকে হেফাজতে নিলে স্থানীয় কয়েকজন তাকে গণপিটুনি দেওয়ার চেষ্টা করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে ধাক্কাধাক্কির একপর্যায়ে এসআই মিশন চৌধুরীসহ আটজন পুলিশ সদস্য আহত হন। আটককৃত আতিক উল্লাহ শশাইয়া এলাকার বাসিন্দা।
পরবর্তীতে পুলিশ অভিযুক্তকে নিরাপদে পুলিশের ভ্যানে করে বরুড়া থানায় নিয়ে যায়। এ সময় পুলিশ সদস্যের উপর হামলার ঘটনায় আরো দুইজনকে আটক করা হয়।
এ ঘটনায় সংবাদ লেখা পর্যন্ত কোনো মামলা দায়ের হয়নি। তবে অভিযোগের বিষয়ে পুলিশ প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া অনুসরণ করছে বলে জানা গেছে।