কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ শাখা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ। নতুন কমিটিতে সভাপতি হয়েছেন ওমর ফারুক মানিক এবং সাধারণ সম্পাদক হয়েছেন ফাতিন ইশরাক মোল্লা। একই সঙ্গে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।
রোববার (৩০ আগস্ট) ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
ঘোষিত কমিটিতে সভাপতি ওমর ফারুক মানিক, সিনিয়র সহসভাপতি ওমর ফারুক, সহসভাপতি জাকির হোসেন নাইম, সাধারণ সম্পাদক ফাতিন ইশরাক মোল্লা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. তারেক রহমান এবং সাংগঠনিক সম্পাদক ফারহান ইকবাল সাদকে দায়িত্ব দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ৩০ দিনের মধ্যে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট নেতাদের প্রয়োজনীয় নির্দেশনাও দেওয়া হয়েছে।
নবঘোষিত কমিটির সাধারণ সম্পাদক ফাতিন ইশরাক মোল্লা বলেন, “শিক্ষার্থীদের অধিকার আদায়, নিরাপদ ক্যাম্পাস ও সহাবস্থানের রাজনীতির জন্য কাজ করে যাবো।”
অন্যদিকে নবঘোষিত কমিটির সভাপতি ওমর ফারুক মানিক বলেন, “দীর্ঘ এক যুগ পর ভিক্টোরিয়া কলেজ ছাত্রদলের নতুন কমিটি দিয়েছে কেন্দ্রীয় সংসদ। ভিক্টোরিয়া কলেজের প্রায় ৩০ হাজার শিক্ষার্থীর প্রতিনিধি হিসেবে আমাদের সঠিক মূল্যায়ন করায় ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের প্রতি কৃতজ্ঞতা জানাই। সংগঠনকে আরও সুসংগঠিত ও সুশৃঙ্খল করে এগিয়ে নিতে কাজ করে যাব।”
নতুন কমিটি ঘোষণার মধ্য দিয়ে দীর্ঘদিন পর কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রমে নতুন গতি আসবে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্ট নেতাকর্মীরা।