Category: সদর দক্ষিণ

  • কুমিল্লায় বখশিশের ১০০ টাকার জন্য খুন; ২ সেকেন্ডে তিনবার ছুরিকাঘাত

    মারুফ আবদুল্লাহ, কুমিল্লা

    কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় বখশিশের ১০০ টাকা নিয়ে দ্বন্দ্বে সহকর্মীর ছুরিকাঘাতে এক তরুণ নিহতের অভিযোগ উঠেছে। উপজেলার বেলতলী বাজার সংলগ্ন এসকে পেট্রোল পাম্পে বুধবার (১০ মে) সকাল ৮টায় এই ঘটনা ঘটে।

    নিহতের নাম মো. মারুফ (১৯)। তিনি কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর ইউনিয়নের হাড়াতলী ঘোষগাঁও গ্রামের মৃত হাফিজের ছেলে। অভিযুক্ত রাব্বি (২২) পলাতক রয়েছে। সে বেলতলী বাজার সংলগ্ন কৃষ্ণপুর গ্রামের শাহজানের ছেলে। তারা দুজন ওই পেট্রোল পাম্পে কাজ করতো।

    পাম্প সূত্রে জানা গেছে, রাব্বি ও মারুফ সেখানকার নজেলম্যান। দুজনের মধ্যে ধারদেনা ছিল না। কারও কাছ থেকে বখশিশ হিসেবে পাওয়া ১০০ টাকা নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব ছিল। এরপরেই এই ঘটনা ঘটায় ওই যুবক।

    এই ঘটনায় সিসিটিভির একটি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ওই ফুটেজে দেখা যায়, পাম্পে একটি টুলে দুজনের সঙ্গে বসে ছিল রাব্বী। এ সময় মারুফ পানি খেতে খেতে কিছু বলছিলেন। শুনে রাব্বী উত্তেজিত হয়ে যায়। তাদের মধ্যে বাগবিতণ্ডা হয়। এ সময় মারুফ পাশে ঝোলানো একটি ছাতা হাতে নিয়ে ধমক দেন। পরে রাব্বী স্বাভাবিকভাবেই হেঁটে পাম্পের ভেতরের একটি কক্ষে গিয়ে ফলকাটার ছুরি হাতে ধীরে ধীরে হেঁটে মারুফের সামনে যায়। সামনে গিয়ে তিনবার ছুরিকাঘাত করে। আঘাতের ফলে লাফিয়ে সরলেও আর দাঁড়িয়ে থাকতে পারেননি। রক্তক্ষরণে পাম্পেই মারা যান। আর অভিযুক্ত দ্রুতই ঘটনাস্থল ত্যাগ করে।

    কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ওসি দেবাশীষ চৌধুরী বলেন, শুনেছি, তাদের মধ্যে বখশিশের ১০০ টাকা নিয়ে দ্বন্দ্ব ছিল। রাব্বি ঘটনার পর পালিয়ে যায়। লাশ উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্তকে গ্রেফতারের সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছি।

  • আমরা কুমিল্লার সন্তান হোয়াটসঅ্যাপ গ্রুপের উদ্যোগে সম্মাননা স্মারক ও অনুদান হস্তান্তর অনুষ্ঠিত

    নিজস্ব প্রতিবেদক

    আমরা কুমিল্লার সন্তান হোয়াটসঅ্যাপ গ্রুপের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকীতে সম্মাননা স্মারক ও অনুদান হস্তান্তর অনুষ্ঠিত হয়েছে।

    রোববার বিকেলে সদর দক্ষিণের পিপুলিয়া বাজার
    সিন্দুয়া এলাকায় সংগঠনের প্রতিষ্ঠাতা আজাদ বিন আশরাফ এবং বর্তমান সভাপতি জি কে স্বপন মজুমদার এর নেতৃত্বে সাধারণ সম্পাদক আব্দুর রব সুজন এর সভাপতিত্বে এবং অর্থ সম্পাদক মঞ্জুর হোসাইন এর সঞ্চালনায় ও স্থায়ী কমিটির সদস্য জনাব জামাল মজুমদার এর স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২ নং চৌয়ারা ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালাম আজাদ সোহাগ।

    উক্ত অনুষ্ঠানে গুণীজন, বিভিন্ন পেশায় মানবতার সেবা য় অবদান রাখায় সংগঠনের পক্ষ থেকে সম্মাননা স্মারক ও ১৫ টি অসহায় পরিবারের মধ্যে নগদ অর্থ, ঘরের টিন, সেলাই মেশিন ,টিউবওয়েল ও সদস্যদের ক্রেস্ট প্রদান ও ১৫ টি বিভিন্ন সামাজিক সংগঠনকে সামান্য স্মারক প্রদান করা হয়।

    এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাইয়িদ মাহমুদ পারভেজ, এবং কুমিল্লা মানবিক টিমের প্রতিষ্ঠাতা প্রধান পরিচালক ও বাংলাদেশ মানবাধিকার কমিশন কুমিল্লার সাংগঠনিক সম্পাদক আব্দুল হান্নান।

    আরো উপস্থিত ছিলেন উত্তমবাবু, স্থায়ী কমিটির সদস্য আহসান হাবিব দুলাল, উপদেষ্টা শাহজাহান বিল্লাল, সহ-সভাপতি দিদার মজুমদার, ডোনার সদস্য মনির হোসেন, সাবেক সাংগঠনিক সম্পাদক মাইনুদ্দিন মানিক , ধর্ম বিষয়ক সম্পাদক শাহীন কাদের, সিনিয়র সদস্য জহিরুল ইসলাম,সহ অর্থ সম্পাদক মাসুদ রানা, সদস্য আরিফুল ইসলাম, সহ-সভাপতি সহিদুল ইসলাম সহ অন্যান্য সদস্য বৃন্দ।

    উল্লেখ্য ২০১৬ সালে অসহায় মানুষের পাশে দাঁড়ানো, গরীব-দুঃখী মানুষের মুখে হাসি ফুটানো এবং শুদ্ধ সমাজ গড়ার অঙ্গীকার নিয়ে প্রবাসী ও স্থানীয়দের নিয়ে গঠিত হয় আমরা কুমিল্লার সন্তান (হোয়াটসঅ্যাপ) গ্রুপ। এই সংগঠনের মাধ্যমে ইতিমধ্যের ৮৪ লাখ টাকার অনুদান অসহায় দরিদ্রদের মাঝে বিতরণ করা হয়েছে।

  • কুমিল্লায় পদুয়ার বাজারে বাস চাপায় ইজিবাইকের দুইজন নিহত

    মাহফুজ নান্টু, কুমিল্লা।

    ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার পদুয়ার বাজার এলাকায় যাত্রীবাহী বাস চাপায় ২জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো ২ জন। বৃহস্পতিবার সকাল ৮ টায় এ দুর্ঘটনা ঘটে।

    নিহতরা হলেন জয়নাল আবেদীন (৩৫) ও ইমরান হোসেন ৩০। তাদের বাড়ি কুমিল্লা সদর দক্ষিন উপজেলায়।

    বিষয়টি নিশ্চিত করেছেন ময়নামতি হাইওয়ে থানার( ওসি) আকুল চন্দ্র বিশ্বাস।

    প্রত্যক্ষদর্শীদের বরাতে ওসি আকুল চন্দ্র বিশ্বাস বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা ইকোনো পরিবহনের একটি বাস কুমিল্লা পদুয়ারবাজার ফ্লাইওভারের কাছে বিপরিত দিক থেকে আসা একটি ব্যাটারি চালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে দুজন মারা যায়। আহত হয় আরো দুজন। আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বাসটিকে আটক করে থানায় আনা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

  • কুমিল্লায় র‍্যাব-মাদক ব্যবসায়ীদের গোলাগুলি, গুলিবিদ্ধ ৩


    জেলা প্রতিনিধি, কুুমিল্লা


    কুমিল্লায় র‍্যাবের সঙ্গে মাদক ব্যবসায়ীদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় এক র‍্যাব সদস্য আহত হন এবং ৩ জন গুলিবিদ্ধ হয়েছেন। ঘটনাস্থল থে‌কে প্রায় ৫০ কে‌জি গাঁজাসহ দুজনকে আটকের দাবি করে র‌্যাব।

    বৃহস্পতিবার (৭ এপ্রিল) রাত ১০টায় কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজীর লালবাগ এলাকায় এ ঘটনাটি ঘটে।

    বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-১১ সিপিসি ২ কু‌মিল্লার কোম্পানি অধিনায়ক মেজর মো. সাকিব হোসেন।

    তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাবের একটি দল মাদক পাচার হচ্ছে, এমন সংবাদ পেয়ে সুয়াগাজীর লালবাগ এলাকায় অবস্থান করে। এ সময় অতর্কিতভাবে র‍্যাবকে উদ্দেশ্য করে গুলি ছোড়ে মাদক ব্যবসায়ীরা। র‍্যাবও আত্মরক্ষার্থে গুলি চালায়। এ ঘটনায় এক র‍্যাব সদস্য আহত হন। তাকে ক‌্যান্ট‌নমেন্ট সিএমএইচ হাসপাতা‌লে ভর্তি করা হয়েছে।

    এ সময় গুলিবিদ্ধ হয় তিন মাদক ব্যবসায়ী। তারা কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ছাড়া ঘটনাস্থল থেকে আরও দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

    তবে স্থানীয়দের দাবি, গুলিবিদ্ধ তিনজন নির্মাণশ্রমিক। তাদের বাড়ি নীলফা‌মারী জেলায়।

  • কুমিল্লায় মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল স্বামী-স্ত্রীর

    জেলা প্রতিনিধি, কুমিল্লা

    ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে অজ্ঞাত গাড়ি চাপায় স্বামী স্ত্রী নিহত হয়েছে।

    বৃহস্পতিবার( ৩১ মার্চ)  বিকেল ৫ টায়  সদর দক্ষিণ কোটবাড়ি বিশ্বরোড বেলতলী এলাকায় এ ঘটনা ঘটে।

    নিহতরা হলেন নাছির উদ্দিন (৫০), তার স্ত্রী শরিফা আক্তার (৪২)। তারা দাউদকান্দি উপজেলার কুশিয়ারা এলাকার বাসিন্দা ।

    বিষয়টি নিশ্চিত করেছেন ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার ভারপ্রাপ্ত (ওসি)বেলাল উদ্দিন জাহাঙ্গীর।

    তিনি জানান, নিহত স্বামী স্ত্রী  মোটরসাইকেল যোগে দাউদকান্দি যাচ্ছিল। এ সময় অজ্ঞাত গাড়ি চাপা দিলে ঘটনাস্থলে তারা নিহত হয়।  লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। অজ্ঞাত গাড়িটির সন্ধানে চেষ্টা চালিয়ে যাচ্ছি।

  • কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ৩ শিশু শিক্ষার্থী নিহত


    নিজস্ব প্রতিবেদক:

    কুমিল্লা সদর দক্ষিণে ট্রেনে কাটা পড়ে তিন শিক্ষার্থী নিহত হয়েছে। বুধবার (০৯ মার্চ) দুপুর ১২টার দিকে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক সড়কের সদর দক্ষিণ বিজয়পুর রেলক্রসিং এলাকায় এ ঘটনা ঘটে।

    নিহতরা হলো, সদর দক্ষিণ  দুর্গাপুর গ্রামের মাসুম মিয়ের মেয়ে মোসা. মিম (১৩), একই এলাকার রিপন মিয়ার মেয়ে রিমা আক্তার(১২) , বরুড়া উপজেলা অর্জুণতলা এলাকার ভুলু মিয়ার মেয়ে তাসফিয়া আক্তার(১২)। তাসফিয়া নানা বাড়ি দুর্গাপুরে থেকে পড়াশুনা করত। তারা সবাই বিজয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম  শ্রেণির শিক্ষার্থী।

    বিষয়টি নিশ্চিত করেছেন সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাশীষ চৌধুরী। তিনি জানান, একই সময় দুইটি ট্রেন আসায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা ফুটওভার ব্রীজ নির্মানের দাবিতে সড়ক ও রেলপথ অবরোধের চেষ্টা করে । পরবর্তীতে জনপ্রতিনিরা তাদের আশ্বস্ত করলে রাস্তা ছেড়ে দেয় জনতা ।বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

    বিজয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাদেকুর রহমান জানান, দুপুরে শিক্ষার্থীরা স্কুলে আসার সময়  পঞ্চম শ্রেণির ছাত্রী মিম,তাসফিয়া ও রিমা ঢাকাগামী মহানগর প্রভাতী ট্রেনে কাটা পড়ে নিহত হয়।  এ ঘটনায় প্রাথমিক সিদ্ধান্ত ক্রমে স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে।

    সদর দক্ষিণ উপজেলার ভাইস চেয়ারম্যান আব্দুল হাই বাবলু বলেন, এলাকাবাসীর দাবির প্রেক্ষিতে দ্রুত সময়ের মধ্যে এখানে ফুটওভার ব্রীজ নির্মাণ করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা  নেয়া হবে । দুর্ঘটনা রোধে অভিভাবক ও  শিক্ষার্থীদের সতেচনতা করতে হবে।

    কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুভাশিস ঘোষ বলেন,ট্রেনে কাটা পড়ে তিন ছাত্রী নিহতের ঘটনায়  জেলা প্রশাসন কর্তৃক প্রতিটি পরিবারকে ২৫ হাজার টাকা করে অনুদান দেয়া হয়েছে। দ্রুত সময়ের মধ্যে এই স্থানটি কিভাবে ঝুঁকিমুক্ত করা পরিকল্পনা চলছে। সংশ্লিষ্ট সবার সিদ্ধান্ত অনুযায়ী দ্রুত ব্যবস্থা নেয়া হবে।

    কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান বলেন, এ ঘটনায় প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী এবং শিক্ষা সচিবের সঙ্গে কথা বলে তিন সদস্যের তদন্ত কমিটি গঠনের সিদ্ধান নেয়া হয়েছে। পরে সদস্যদের নাম জানানো হবে।

  • কুমিল্লায় বসত ঘরে আগুনে পুড়ে ছাই ৩ বছরের শিশু!

    নিজস্ব প্রতিবেদক:

    কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় বসতঘরের আগুনে পুড়ে আজমীর (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১১ ডিসেম্বর) বিকেল ৪টায় গলিয়ারা দক্ষিণ ইউনিয়নের ঢুলিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আজমীর কাঠ মিস্ত্রি আবু তাহেরের ছেলে।

    বিষয়টি নিশ্চিত করেছেন সদর দক্ষিণ উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল হাই বাবলু।

    আজমীরের চাচা আবু কালাম জানান, বিকেলে আমরা সবাই বাইরে আড্ডা দিচ্ছিলাম। হঠাৎ আবু তাহেরের ঘরে আগুন লাগে। নিমেষেই ঘরটি পুড়ে যায়। তারপর থেকে আজমীর নিখোঁজ হয়। পরে ঘরের ভেতর খুঁজে দেখি চাউলে ড্রামের সঙ্গে পুড়ে ছাই হয়ে আছে।

    তিনি আরও বলেন, আজমীর বাইরে খেলা করছিল। আমরা সবাই বাইরেই ছিলাম। আজমীর কখন যে ঘরে ঢুকেছে আমরা টের পাইনি।

    সদর দক্ষিণ উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল হাই বাবলু বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছি। শিশুটি পুড়ে মারা গেল। খুবই দুঃখজনক ঘটনা। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

    ঘটনাস্থল পরিদর্শন করেছেন সদর দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শুভাশিস ঘোষ। এ সময় তিনি জেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারকে নগদ ২৫ হাজার টাকা, চাল ও শীতবস্ত্র দেওয়া হয়।

  • কুমিল্লা বার্ডের প্রকল্প সারাদেশে বাস্তবায়িত হয়েছে- এলজিআরডি মন্ত্রী

    নিজস্ব প্রতিবেদক:
    স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রণালয়ের মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশ পুনর্গঠন ও বাংলাদেশের পল্লী উন্নয়নে বার্ড অগ্রণী ভূমিকা পালন করেছে। বার্ডের পরীক্ষামূলক প্রকল্পগুলাে সারাদেশে জাতীয় পর্যায়ে বাস্তবায়িত হয়েছে। বর্তমান এলজিইডি, উপজেলা কমপ্লেক্স, বিআরডিবি বার্ডের সফল কর্মসূচির ফসল।

    শনিবার (০৯ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় কুমিল্লার কোটবাড়িতে বার্ডের ময়নামতি অডিটোরিয়ামে বার্ডের ৫৪তম বার্ষিক পরিকল্পনা সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    তিনি বলেন, স্থায়ীভাবে দেশের দারিদ্র্য বিমোচনের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্ন আমার বাড়ি আমার খামার প্রকল্পের আওতায় বার্ড লালমাই-ময়নামতি প্রকল্পের মাধ্যমে কুমিল্লার লালমাই অঞ্চলের পাহাড়ি এলাকার জনগণের জীবন-জীবিকার মান-উন্নয়নে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করছে। সরকারের অগ্রাধিকারভুক্ত এজেন্ডা আমার গ্রাম আমার শহর বাস্তবায়নে বার্ডকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব জনাব মো. মশিউর রহমান এনডিসি। এ সময় উপস্থিত ছিলেন- বার্ডের মহাপরিচালক মো. শাহজাহান, কুমিল্লার জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান, পুলিশ সুপার ফারুক আহম্মেদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

  • জনগণের প্রতি অঙ্গিকার থাকলে বিএনপি নির্বাচনে আসা উচিত: কুমিল্লায় এলজিআরডি মন্ত্রী

    নিজস্ব প্রতিবেদক:

    স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়(এলজিআরডি) মন্ত্রণালয়ের মন্ত্রী মোঃ তাজুল ইসলাম বলেছেন, বিএনপি একটি রাজনৈতিক দল। তারা তো তাদের ভাল বুঝে। জনগণের প্রতি যদি তাদের অঙ্গিকার থাকে, বিএনপির নির্বাচনে আসা উচিত।

    শনিবার ( ৯ অক্টোবর) দেড়টায় কুমিল্লা কোটবাড়ি বার্ডের ময়নামতি অডিটরিয়ামে বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড)-এর ৫৪তম বার্ষিক পরিকল্পনা সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।

    তিনি আরও বলেন, যারা গণতন্ত্রকে বিশ্বাস করে না, স্বৈরতন্ত্রের জন্য অপেক্ষা করে, তাদের কাছে স্বাভাবিক ভাবে নির্বাচন গুরুত্বপূর্ণ নয়। আমি বিশ্বাস করি সকল রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহন করবে।

  • দীর্ঘ ১৮ বছর পর সদর দক্ষিণ উপজেলা ছাত্রলীগের কমিটি ঘোষণা


    নিজস্ব প্রতিবেদকঃ
    দীর্ঘদিন ১৮ বছর কমিটি শুণ্য কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় ছাত্রলীগের এক বছর মেয়াদের কমিটি ঘোষণা করা হয়েছে।

    গত মঙ্গলবার (০৬ অক্টোবর) সন্ধ্যায় দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি আবু তৈয়ব অপি ও সাধারণ সম্পাদক লোকমান হোসেন রুবেলের যৌথ স্বাক্ষরে আব্দুল্লাহ আল মামুন অপুকে সভাপতি, ইকবাল তুহিন হোসেনকে সাধারণ সম্পাদক এবং মাধব চন্দ্র বৈষ্ণবকে সাংগঠনিক সম্পাদক করে সদর দক্ষিন উপজেলা ছাত্রলীগের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।

    জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক জানান, দীর্ঘ সময় সদর দক্ষিন উপজেলা ছাত্রলীগের কমিটি না থাকায় সংগঠনের কার্যক্রম স্থবিরতা ও বিশৃঙ্খলা দেখা দেয়। উপজেলা ছাত্রলীগের কমিটি ঘোষণা করার কারণে পুরো উপজেলা ছাত্রলীগের নেতা-কর্মীদের মাঝে প্রাণচাঞ্চল্যতা ফিরে এসেছে।


    তারা আরও বলেন,কয়েকদিনের মধ্যে পুর্নাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।ছাত্রলীগের নতুন কমিটির কার্যক্রমের মাধ্যমে দলের অবস্থান আরো সুদৃঢ় এবং শক্ত অবস্থান তৈরী হবে বলে জানান।

    এদিকে দীর্ঘদিন পর নতুন কমিটি পাওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানায় ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের বর্তমান ও সা‌বেক নেতৃবৃন্দ।