Category: লালমাই

  • কুমিল্লায় ত্রাণ দিয়ে ফেরার পথে ট্রাক উল্টে প্রাণ গেল ভূমি কর্মকর্তার

    আব্দুর রহমান:

    কুমিল্লায় বন্যাদুর্গতদের মধ্যে ত্রাণ বিতরণ শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এক উপসহকারী ভূমি কর্মকর্তা।

    জেলার মনোহরগঞ্জ উপজেলায় ত্রাণ বিতরণ করে ফেরার পথে শুক্রবার (৩০ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে লালমাই উপজেলার বাকই উত্তর ইউনিয়নের কাপাশতলায় এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরো অন্তত ৪ জন গুরুতর আহত হয়েছেন। 

    নিহত আনিসুর রহমান (৩৫) কুমিল্লার বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের নামতলা গ্রামের আলী আকবরের ছেলে।

    তিনি চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার টেরিয়াইলের ভূমি উপসহকারী কর্মকর্তা ছিলেন।

     বিষয়টি নিশ্চিত করেছেন লাকসাম ক্রসিং হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম। তিনি জানান, নিহতের মরদেহ বর্তমানে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। কিছুক্ষণ আগে কুমিল্লা কোতোয়ালি থানার ওসি কল করে বিষয়টি আমাকে জানিয়েছেন।

    দুর্ঘটনার পর স্থানীয়রা এবং অপর আহতরা তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

    প্রতক্ষ্যদর্শী দেলোয়ার হোসেন ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, আনিসুর তাঁদের গ্রামের পক্ষ থেকে এবং চুয়েটের একটি স্বেচ্ছাসেবী দলের সঙ্গে ট্রাক্টরে করে শুক্রবার (৩০ আগস্ট) সকালে বন্যার্তদের মাঝে খাদ্য সহায়তা দিতে মনোহরগঞ্জে যান। 

    সেখানে উপজেলার বড়কেশতলা ও লাল চাঁদপুর গ্রামে অন্তত দুই হাজার মানুষের মাঝে খাদ্য সহায়তা প্রদান করেন তারা।

    সন্ধ্যায় ত্রাণ বিতরণ শেষে ফেরার পথে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের কাপাশতলা এলাকায় এলে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টরকে একটি ড্রাম ট্রাক ধাক্কা দিলে ট্রাক্টরটি উল্টে যায়। এ সময় গুরুতর আহত হন অন্তত ৫ জন। গুরুতর আহত অবস্থায় অবস্থায় আনিসসহ আহতদেরকে উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অন্য আহতদের কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। 

    এ ঘটনায় আহত ময়নাল হোসেন জানান,  ট্রাক্টর উল্টে গেলে আনিসুর ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।

    তার মাথায় গুরুতর আঘাত রয়েছে। এরপরও হাসপাতালে আনা হলে চিকিৎসক জানান তিনি আগেই মারা গেছেন। 

    আরেক আহত গোলাম রাব্বি জানান, নিহত আনিসুর রহমান বন্যার্তদের সহযোগিতার জন্য তিনি এলাকায় বারবার খোঁজখবর নিচ্ছিলেন। শুক্রবার ছুটির দিন থাকায় তিনি এসে এলাকার স্বেচ্ছাসেবীদের সাথে সমন্বয় করে মনোহরগঞ্জে যান। কিন্তু ফেরার পথেই এই দুর্ঘটনা ঘটে।

    কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক শেখ মো. ফজলে রাব্বি বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

  • কুমিল্লায় শুরু হল বাংলাদেশ বনাম ভারতের প্রতিবন্ধীদের আন্তর্জাতিক ক্রিকেট টুর্নামেন্ট

    জেলা প্রতিনিধি, কুমিল্লা

    কুমিল্লায় বাংলাদেশ ও ভারতের জাতীয় দলের প্রতিবন্ধী ক্রিকেট খেলোয়ারদের নিয়ে আন্তর্জাতিক ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছে।

    শুক্রবার ( ২১ জানুয়ারি) লালমাই উপজেলার কুমিল্লা ভিক্টোরিয়ান্স ট্যালেন্ট হান্ট ক্রিকেট একাডেমি মাঠে তিন ম্যাচের সিরিজ উদ্বোধন করেন কুমিল্লা ভিক্টোরিয়ান্স ট্যালেন্ট হান্ট ক্রিকেট একাডেমির সভাপতি ও সদর দক্ষিণ উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম সারওয়ার।

    এ সময় উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার শুভাশিস ঘোষ, ইউনিসার্ভ ডিজিবল ক্রিকেট টিম সভাপতি মোঃ সফিকুর রহমান ও সাধারণ সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম।

    ইউনিসার্ভ ডিজিবল ক্রিকেট টিমের সাধারণ সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম বলেন, সামাজিক উন্নয়ন সংস্থা ইউনিসার্ভ সহযোগীতায় বাংলাদেশ-ভারত টুর্নামেন্টে আয়োজন করা হয়েছে। ২১,২২,২৩ জানুয়ারি তিনটি ম্যাচ অনুষ্ঠিত। খেলাধুলায় অংশগ্রহণের মাধ্যমে প্রতিবন্ধী ব্যক্তিদের সমাজের মূলধারায় অন্তর্ভুক্তকরণে উৎসাহী করাই এ টুর্নামেন্টের লক্ষ্য।

  • কুমিল্লায় ভোট কেন্দ্রে সাংবাদিক জাকিরকে লাঞ্ছিত করার অভিযোগ ইউএনও বিরুদ্ধে

    নিজস্ব প্রতিবেদক:
    কুমিল্লায় হোমনা উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) রুমন দে’র বিরুদ্ধে সাংবাদিক লাঞ্ছিতের অভিযোগ উঠেছে। বুধবার দুপুরে ইউপি নির্বাচনে পেশাগত দায়িত্ব পালনকালে লালমাইয়ের ভুলইন ইউপির ছোটতুলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। 

    ভুক্তভোগী দেলোয়ার হোসেন জাকির দেশ রূপান্তর পত্রিকার কুমিল্লা প্রতিনিধি ও কুমিল্লা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক। এ ঘটনায় সাংবাদিকদের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে। 

    দোলোয়ার হোসেন জাকিরের অভিযোগ- বুধবার দুপর ১২টার দিকে পেশাগত দায়িত্ব পালনের জন্য ছোটতুলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে প্রবেশ করেন। এ সময় কেন্দ্র থেকে বের হয়ে যাওয়ার সময় ম্যাজিস্ট্রেটের দায়িত্বে থাকা হোমনা উপজেলা নির্বাহী অফিসার রুমন দে তাকে ডেকে নিয়ে পরিচয় জানতে চান। এ সময় জাকির নির্বাচন কমিশনের দেয়া পর্যবেক্ষণ কার্ড ও পত্রিকার কার্ড দেখান। এরপরও তাকে অকথ্য ভাষায় গালাগালি করেন ও শারীরিকভাবে লাঞ্ছিত করেন ইউএনও। এ ঘটনায় অভিযুক্ত ইউএনও’র বিচার দাবি করেছেন তিনি। 

    তবে অভিযোগের সত্যতা অস্বীকার করে ইউএনও রুমন দে বলেন, কোনো সাংবাদিকের সঙ্গে আমার এমন ঘটনা ঘটেনি। আমি এ নিয়ে কোনো কথা বলতে চাই না। 

    এ বিষয়ে কুমিল্লা জেলা প্রশাসক কামরুল হাসান বলেন, কী কারণে এমন ঘটনা ঘটেছে ইউএনও রুমন দে কে জিজ্ঞেস করব।

  • লালমাই উপজেলা ছাত্রলীগের কমিটিতে ৬ষ্ঠ শ্রেণির ছাত্র, অতঃপর…

    নিজস্ব প্রতিবেদক:

    কুমিল্লার লালমাই উপজেলা ছাত্রলীগের নবগঠিত কমিটির সদস্য হয়েছে ৬ষ্ঠ শ্রেণির ছাত্র আজমাইন আঞ্জুম নোয়েল (১২)। গত ৪ অক্টোবর কুমিল্লা জেলা ছাত্রলীগের সভাপতি আবু তৈয়ব অপি ও সাধারণ সম্পাদক লোকমান হোসেন রুবেল এই কমিটির অনুমোদন দেন।

    তবে বুধবার (০৬ অক্টোবর) সকালে কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি জাহিদুল ইসলাম চৌধুরী শিপন নোয়েলকে ৪র্থ শ্রেণির শিক্ষার্থী দাবি করে তার ফেসবুকে একটি পোস্ট দেন। বিষয়টি নিয়ে নানা আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়। পরে বিকেলে আরেকটি প্রেস বিজ্ঞপ্তিতে আজমাইন আঞ্জুম নোয়েলকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।

    জানা যায়, উপজেলা প্রতিষ্ঠার চার বছর পর গত ৪ অক্টোবর কুমিল্লার লালমাই উপজেলা ছাত্রলীগের প্রথম কমিটি গঠন করা হয়। কমিটির সভাপতি হয়েছেন শাহপরান সওদাগর ও সাধারণ সম্পাদক হয়েছেন আরিফুল ইসলাম রাব্বি। আগামী এক বছরের জন্য উপজেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

    আজমাইন আঞ্জুম নোয়েলের বাবা মো. ইউনিভার্সাল কামাল বলেন, আমার ছেলের বয়স ১২। সে ৪র্থ শ্রেণিতে নয়, কুমিল্লা নগরীর একটি স্কুলে ৬ষ্ঠ শ্রেণিতে পড়ছে। আমার ছেলে ছাত্রলীগের কমিটিতে স্থান পাওয়াতে কোনো সমস্যা দেখছি না। বঙ্গবন্ধু ১০ বছর বয়সে ছাত্রলীগ করেছেন।

    কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি আবু তৈয়ব অপি বলেন, টাইপিং মিসটেকের কারণে তার নাম কমিটিতে এসেছে। আজমাইন আঞ্জুম নোয়েল নামে আমাদের ছাত্রলীগ করে এমন কেউ নেই। বিষয়টি নজরে আসার সঙ্গে সঙ্গে তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

  • কুমিল্লায় ট্রেনের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

    নিজস্ব প্রতিবেদক:

    কুমিল্লায় লালমাই উপজেলায় ট্রেনের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। রোববার (২৯ আগস্ট) দুপুর ১ টা ১০ মিনিটে উপজেলার হরিশ্চর এলাকায় চট্টগ্রাম অভিমুখী মহানগর প্রভাতী ট্রেনের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে।

    নিহত হলেন উপজেলার পেরুল উত্তর ইউনিয়নের উৎসবপদুয়া গ্রামের জয়নাল আবেদীনের ছেলে রনি (২৫) ও শানিচোঁ গ্রামের রফিকুল ইসলামের ছেলে নজরুল ইসলাম (২৭)।   তারা মোটরসাইকেল দিয়ে লেভেলক্রসিং পার হতে গিয়ে ট্রেনে ধাক্কায় নিহত হন। এ ঘটনায় একজন আহত হয়েছেন।

    লালমাই উপজেলা যুবলীগের আহ্বায়ক আবদুল মোতালেব জানান, রেল সড়কটির দু’পাশে গাছের ডালপালা ও বনজঙ্গল বেড়ে ওঠায় ট্রেন দেখা যায় না। ফলে এ ঘটনা ঘটে। ঘটনার দুই মিনিট আগে আমি এই ক্রসিং পার হয়েছি। তখন দেখেছি ট্রেন লাইনে রয়েছে।

    বিষয়টি নিশ্চিত করে লাকসাম রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার জসিম বলেন,একই সময় ঢাকামুখী চট্রলা এক্সপেস ও চট্টগ্রামমুখী মহানগর প্রভাতী  হরিশ্চর রেলক্রসিংয়ে পার হচ্ছিল । এ সময় একটি মোটর সাইকেলে তিন জন লেভেলক্রসিং পার হচ্ছিল । চট্রলা এক্সপ্রেস তাদের নজরে থাকলেও বিপরীত দিক থেকে মহানগর প্রভাতী  এসে ধাক্কা দিলে ঘটনাস্থলে দুইজন নিহত হয়।  আহত একজন হাসপাতালে চিকিৎসাধী রয়েছে। নিহত দুইজনের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের নিকট হস্তান্তর করা হবে।