Category: মুরাদনগর

  • মুরাদনগরে শোক দিবস উপলক্ষে পল্লী বিদ্যুৎ সমিতির খাদ্য সামগ্রী বিতরণ

    (মো. নাজিম উদ্দিন, মুরাদনগর)

    স্বাধীনতার মহান স্থপতি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদত বার্ষিকী ও ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে কুমিল্লার মুরাদনগর উপজেলায় ৩৮০টি অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে পল্লী বিদ্যুৎ সমিতি।

    কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর কোম্পানীগঞ্জ জোনাল অফিস, বাঙ্গরা জোনাল অফিস ও মুরাদনগর সাব জোনাল অফিসের আয়োজনে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

    বৃহস্পতি ও শুক্রবার যথাযথ স্বাস্থ্যবিধি মেনে অসহায় ও দরিদ্রদের বাড়ী বাড়ী গিয়ে খাদ্য সামগ্রীর প্যাকেট পৌছে দেন তিনটি অফিসের কর্মকর্তা ও কর্মচারীরা। খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে চাল পাঁচ কেজি, আলু দুই কেজি, ডাল এক কেজি, লবন এক কেজি, সয়াবিন তৈল আধা কেজি।

    কোম্পানীগঞ্জ জোনাল অফিসের ডিজিএম একেএম আজাদ বলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আমাদের পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান মহোদয়ের নির্দেশনা অনুযায়ী আমার অফিস থেকে ১৪০টি পরিবারকে খাদ্য সামগ্রী দেয়া হয়েছে।

    বাঙ্গরা জোনাল অফিসের ডিজিএম রেজাউল করিম বলেন আমাদের অফিসের কর্মকর্তা ও লাইনম্যানদের মাধ্যমে প্রকৃত দরিদ্র অসহায়দের তালিকা করে ১৪০টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী পৌছে দিয়েছি।

    মুরাদনগর সাব জোনাল অফিসের এজিএম ফরিদ উদ্দিন বলেন করোনা মহামারীকালে জনসমাগম যেন না হয় সেই বিবেচনা করে রাতের বেলা আমাদের অফিস থেকে ১০০টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী পৌছে দেই।

  • মুরাদনগরে গাঁজাসহ গ্রেফতার তিন মাদক ব্যবসায়ী

    (নাজিম উদ্দিন, মুরাদনগর)

    কুমিল্লার মুরাদনগরে একাধিক মামলার আসামি গোলাম কিবরিয়া ও তার দুই সহযোগীকে ১০ কেজি গাঁজা সহ গ্রেফতার করেছে মুরাদনগর থানা পুলিশ। এ সময় তাদের সাথে থাকা একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
    বৃহস্পতিবার (১২ আগস্ট) রাতে উপজেলার নবীপুর পূর্ব ইউনিয়নের নগরপাড় এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে পুলিশ।


    গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার নবীপুর পশ্চিম ইউনিয়নের পৈয়াপাথর গ্রামের মৃত জীবন মিয়ার ছেলে গোলাম কিবরিয়া (৩৪), একই গ্রামের ফারুক মিয়ার ছেলে রাসেল (২৮) ও আবুল হাশেমের ছেলে জুয়েল (৩০)।
    পুলিশ সূত্রে জানা যায়, চলমান মাদক উদ্ধার অভিযান এর আওতায় পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ মোকাদ্দেস হোসেন এর নেতৃত্বে এসআই মোঃ জালাল উদ্দিন, হামিদুল ইসলাম ও এএসআই মোঃ হানিফ সহ সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নগরপাড় এলাকায় অভিযান চালায়।
    এসময় মোটরসাইকেলে করে কসবা থেকে নিয়ে আসা ১০ কেজি গাঁজা সহ একাধিক মামলার আসামী গোলাম কিবরিয়া, তার দুই সহযোগী রাসেল ও জুয়েল কে গ্রেফতার করা হয়।
    মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাদেকুর রহমান জানান, উপজেলার নগরপাড় এলাকায় অভিযান চালিয়ে বহু চেষ্টার পর একাধিক মামলার আসামি মাদক ব্যবসায়ী গোলাম কিবরিয়া ও তার দুই সহযোগীকে ১০ কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়েছে।
    শুক্রবার (১৩ আগস্ট) দুপুরে আদালতের মাধ্যমে তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

  • প্রথম সন্তানের মুখ দেখার আগেই করোনায় প্রাণ গেল কুমিল্লার কলেজ শিক্ষিকার !

    (নাজিম উদ্দিন, মুরাদনগর)

    কলেজশিক্ষিকা রোকসান আরা পারভিন (৩৫) সাত মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। আশায় ছিলেন কিছু দিন পর ঘর আলো করে আসবে প্রথম সন্তান। কিন্তু সেই আশা পূরণের আগেই করোনার কাছে হেরে চলে গেলেন না ফেরার দেশে। মঙ্গলবার (১০ আগস্ট) রাত ২টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

    রোকসান আরা পারভিন কুমিল্লার মুরাদনগরের হায়দরাবাদ বেগম জাহানারা হক ডিগ্রি কলেজের অর্থনীতি বিভাগের প্রভাষক ছিলেন। তিনি ব্রাহ্মণবাড়ীয়া জেলার কসবা থানার কাউতলি গ্রামের আমানুল্লাহর মেয়ে।

    পারিবারিক সূত্রে জানা যায়, হঠাৎ রোকসান আরা পারভিন লিপির শারীরিক সমস্যা দেখা দেয়। তাকে কুমিল্লার একটি বেসরকারি হাসপাতালে গাইনি চিকিৎসককে দেখানো হয়। কিন্তু সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার শ্বাসকষ্ট বেড়ে যায়। করোনা পজিটিভ হওয়ায় জরুরি ভিত্তিতে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে তার অবস্থার অবনতি হয়। উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে আইসিইউতে থাকা অবস্থায় মঙ্গলবার রাত ২টায় মারা যান তিনি।

    অর্থনীতি বিভাগের শিক্ষার্থী মো. সোহেল রানা বলেন, ম্যামকে আর জীবনেও দেখতে পারব না। এটা ভাবতেই চোখে পানি চলে আসে। আল্লাহ আপনি আমাদের ম্যামকে জান্নাতবাসী করেন।

    রোকসান আরা পারভিন লিপির সহকর্মী জাহাঙ্গীর হোসেন বলেন, অফিসের দক্ষিণ-পশ্চিম পাশে তিনি বসতেন নিয়মিত। এখনো চোখে ভাসছে ম্যাডামকে। তিনি না ফেরার দেশে চলে গেছে ভাবতে অবাক লাগছে। সারা দিন খুব খারাপ গেছে। করোনায় আমাদের এক সহকর্মীকে হারালাম। দোয়া করি, আল্লাহ যেন তাকে মাফ করে জান্নাতুল ফেরদৌস দান করেন।

    হায়দরাবাদ বেগম জাহানারা হক ডিগ্রি কলেজের প্রিন্সিপাল (ভারপ্রাপ্ত) সৈয়দা ইয়াছমিন আক্তার বেগম জাগো কুমিল্লাকে বলেন, রোকসান পারভিন পাঁচ বছর ধরে এই কলেজে শিক্ষকতা করছে। প্রথম সন্তানের মুখটাও দেখতে পারল না। তার মৃত্যুর খবরটি আমাদের জন্য খুবই বেদনাদায়ক। তার অসুস্থতার খবর শুনে আট আগস্ট কলেজে দোয়ার আয়োজন করা হয়েছিল।

    ভেবেছিলাম, তিনি আমাদের মাঝে আবারো ফিরে আসবেন। কিন্তু আর ফিরে আসেনি। অক্সিজেন লেভেল বাড়ানো যাচ্ছিল না। সংকটাপন্ন অবস্থায় মারা যায় তিনি। মঙ্গলবার দুপুরে শ্বশুরবাড়ি কসবা উপজেলার বাদুইড় গ্রামে জানাজা শেষে পরিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে।

  • মুরাদনগরে বঙ্গমাতার জন্মবার্ষিকীতে সেলাই মেশিন বিতরণ


    মোঃ নাজিম উদ্দিন, মুরাদনগর


    ‘বঙ্গমাতা’ সংকটে সংগ্রামে নির্ভীক সহযাত্রী এই স্লোগানকে সামনে রেখে কুমিল্লার মুরাদনগরে স্বল্প পরিসরে স্বাস্থ্যবিধি মেনে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিম এর ৯১ তম জন্মবার্ষিকী উদযাপন করেছে উপজেলা প্রশাসন।
    রবিবার সকালে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে কবি নজরুল মিলনায়তনে জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে দরিদ্র, অসহায় ও দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।
    এর আগে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ৯১তম জন্মবার্ষিকী উদযাপনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


    উপজেলা নির্বাহি অফিসার অভিষেক দাশের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সুমাইয়া মমিন, মৎস কর্মকর্তা ফয়েজুর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সফিউল আলম তালুকদার, উপজেলা নির্বাচন অফিসার, মাসুদ আহমদ সিকদার, যুব উন্নয়ন কর্মকর্তামোঃ মমিনুল হক, পল্লী উন্নয়ন কর্মকর্তা আ: রব, পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা আফজালুর রহমান, উপসহকারি কৃষি কর্মকর্তা সুফি আহম্মেদ প্রমূখ।

  • মুরাদনগরে করোনা রোগীদের জন্য অক্সিজেন দিলেন প্রবাসী আবুল খায়ের!


    (মোঃ নাজিম উদ্দিন, মুরাদনগর)
    কুমিল্লার মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হওয়া করোনা রোগীদের চিকিৎসা সেবায় স্থানীয় সংসদ সদস্য ইউসুফ আবদুল্লাহ হারুন এফসিএ’র নির্দেশনায় ১০টি বড় অক্সিজেন সিলিন্ডার প্রদান করেছেন বাহরান প্রবাসী আবুল খায়ের। তিনি উপজেলার ধামঘর ইউনিয়নের ভূবনঘর গ্রামের মরহুম সুলতান চেয়ারম্যানে ছেলে। রবিবার সকালে অক্সিজেন সিলিন্ডার গ্রহন করেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মুহাম্মদ নাজমুল আলম।


    এসময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার সিরাজুল ইসলাম মানিক, জেলা পরিষদ সদস্য নজরুল ইসলাম, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মোঃ রুহুল আমিন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম সাহেদ, উপজেলা যুবলীগের সদস্য জহিরুল ইসলাম জুয়েল, আবিদ আলী প্রমুখ।
    মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মুহাম্মদ নাজমুল আলম বলেন, ‘সারা দেশের মতো মুরাদনগরেও করোনা পরিস্থিতি ক্রমান্বয়ে খারাপের দিকে যাচ্ছে।

    এমন পরিস্থিতিতে ১০টি বড় অক্সিজেন সিলিন্ডার উপহার পাওয়া সত্যিই স্বস্থির বিষয়। আমরা এর আগে এমপি মহোদয়ের কাছ থেকে ২১টি বড় ও ২৪টি ছোট অক্সিজেন সিলিন্ডার পেয়েছি। এ নিয়ে হাসপাতালে অক্সিজেন সিলিন্ডারের সংখ্যা দাড়িয়েছে ১০৫টি। আমরা উনার প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।’

  • মুরাদনগরে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক

    (মো. নাজিম উদ্দিন, মুরাদনগর)

    কুমিল্লার মুরাদনগরে বুদ্ধি প্রতিবন্ধী এক কিশোরীকে (১১) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত কিশোর চন্দ্র সরকার (২৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

    বৃহস্পতিবার (১৫ জুলাই) দুপুরে উপজেলার দারোরা ইউনিয়নের পদুয়া গ্রামের সঞ্জু চন্দ্র সরকারের রান্না ঘরে এ ধর্ষণের ঘটনাটি ঘটে। অভিযুক্ত কিশোর চন্দ্র সরকার উপজেলার পদুয়া গ্রামের সুকেন চন্দ্র সরকারের ছেলে।

    সোমবার (২ আগষ্ট) রাতে এ ঘটনায় একটি মামলা করা হয়।
    অভিযোগ সূত্রে ও ওই কিশোরীর পরিবার জানায়, বৃহস্পতিবার দুপুরে কিশোর চন্দ্র সরকার প্রতিবন্ধী কিশোরীকে টাকা ও চিপ্স কিনে দেয়ার কথা বলে জোরপূর্বক ধর্ষণ করে। পরে ওই কিশোরী ঘটনাটি তার পরিবারকে অবহিত করে। এ বিষয়ে স্থানীয় ভাবে বিষয়টিকে সালিশের মাধ্যমে নিষ্পত্তি করতে না পারায়, সোমবার রাতে মুরাদনগর থানায় এসে অভিযোগ দায়ের করেন ওই কিশোরীর মা। পরে পুলিশ অভিযান চালিয়ে ঘটনায় অভিযুক্ত কিশোর চন্দ্র সরকারকে গ্রেফতার করে।


    মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাদেকুর রহমান জানান, বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের ঘটনায় তার মা বাদী হয়ে মুরাদনগর থানায় মামলা দায়ের করেছেন। এ ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করে মঙ্গলবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে। ধর্ষণের শিকার ওই কিশোরীকে মঙ্গলবার দুপুরে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

  • মুরাদনগরে পুলিশের অভিযানে ৫টি ড্রেজার মেশিন জব্দ

    (নাজিম উদ্দিন, মুরাদনগর)
    কুমিল্লার মুরাদনগরে ফসলি জমি থেকে মাটি উত্তোলনের অভিযোগে পাঁচটি অবৈধ ড্রেজার মেশিন জব্দ করেছে মুরাদনগর থানা পুলিশ। অতিরিক্ত পুলিশ সুপার মীর আবিদুর রহমান ও মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাদেকুর রহমান এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় ঘটনাস্থলে ড্রেজার মেশিনের মালিকদের না পাওয়ায় জব্দকৃত মেশিন গুলো বাজেয়াপ্ত করে থানায় নিয়ে আসা হয়।
    মঙ্গলবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার জাহাপুর ইউনিয়ন ও ছালিয়াকান্দি ইউনিয়নের তিনটি স্থানে অভিযান চালিয়ে এসব অবৈধ ড্রেজার মেশিন জব্দ করে পুলিশ।

    স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার কেওয়াট গ্রাম ও ভোরারচর গ্রামের বিলে শুশুন্ডা গ্রামের মৃত জাফর আলীর ছেলে মুক্তল হোসেন, বোরারচর গ্রামের মৃত হানিফ ভূঁইয়ার ছেলে মোঃ নূর মোহাম্মদ ও সাবেক ইউপি সদস্য মজিবসহ এরা ৩ জন প্রথমে সামান্য একটু জমি ক্রয় করে। পরে সেই কৃষি জমি থেকে প্রভাব খাটিয়ে অবৈধ ড্রেজারের মাধ্যমে প্রায় ৪-৫ বছর ধরে মাটি উত্তোলন করে আসছে।

    অভিযান পরিচালনা করা কালীন সময় মুরাদনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মীর আবিদুর রহমান বলেন, ড্রেজার মেশিন পরিবেশ ও ফসলি জমির জন্য অত্যন্ত ক্ষতিকর, যার জন্য মুরাদনগর থানার আওতাধীন বিভিন্ন জায়গায় অভিযান শুরু করেছি। কুমিল্লা পুলিশ সুপার ফারুক আহমেদ বিপিএমবার স্যারের নির্দেশনায় মুরাদনগর থানা এলাকার কেওয়াটগ্রাম ও বোরারচর গ্রামের বিলে অভিযান পরিচালনা করে ৫টি অবৈধ ড্রেজার মেশিন জব্দ করেছি। ড্রেজার বিরোধী এই অভিযান অব্যাহত থাকবে। মুরাদনগরের স্থানীয় সংসদ সদস্য ইউসুফ আবদুল্লাহ হারুন এফসিএ মহোদয় তিনি নিজেও ড্রেজারের বিরুদ্ধে অনেক সোচ্চার, তিনিও আমাদের ড্রেজারের বিরুদ্ধে শক্তভাবে পদক্ষেপ নিতে উৎসাহিত করছেন।

  • মুরাদনগরে করোনায় যুবলীগ নেতার মৃত্যু, এমপির শোক

    (মো. নাজিম উদ্দিন, মুরাদনগর প্রতিনিধি )
    কুমিল্লার মুরাদনগরে কোভিড-১৯ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সফিকুল ইসলাম ছবি(৫৩) নামের এক যুবলীগ নেতার মৃত্যু হয়েছে। মৃত ছবি উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক ও নবীপুর পশ্চিম ইউনিয়নের উত্তরত্রিশ গ্রামের মৃত নুরু মিয়া সরকারের ছেলে।

    জানা যায়, যুবলীগ নেতা সফিকুল ইসলাম ছবি গত ১০ই জুলাই জ্বরে আক্রান্ত হয়ে তার বাসায় চিকিৎসাধীন ছিলেন। পরে ১৬ই জুলাই তার শ্বাসকষ্ট দেখা দিলে তাকে ঢাকার স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার করোনা পজিটিভ সনাক্ত ও অবস্থার অবনতি হলে তাকে প্রথমে আইসিইউ ও পরে লাইফ সার্পোটে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থ্য়া বৃহস্পতিবার রাত সাড়ে এগারোটায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি মাতা, স্ত্রী ও দুই কণ্যা সন্তান রেখে গেছেন। শুক্রবার বাদ জুম্মা উত্তর ত্রিশ মসজিদ মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হয়।

    যুবলীগ নেতা সফিকুল ইসলাম ছবির মৃত্যুতে শোক প্রকাশ করেছেন কুমিল্লা-৩ মুরাদনগর আসনের সংসদ সদস্য ইউসুফ আবদুল্লাহ হারুন (এফসিএ)। শুক্রবার দুপুরে সাংসদ এক শোক বার্তায় মরহুমের রুহের মাগফেরাত কামনা করে তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
    পাশাপাশি করোনা ভাইরাসের প্রকোপ কমিয়ে আনতে সঠিক নিয়মে মাস্ক পরিধান ও যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলতে জনসাধারনের প্রতি আহ্বান জানান।

  • মুরাদনগরে গ্রাম পুলিশদের মাঝে বাইসাইকেল বিতরণ

    (মো. নাজিম উদ্দিন, মুরাদনগর)

    কুমিল্লার মুরাদনগর উপজেলায় গ্রাম পুলিশদের কাজে সহায়তার লক্ষে তাদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে।

    উপজেলা প্রশাসনের আয়োজনে ও স্থানীয় সরকার বিভাগের অর্থায়নে শনিবার দুপুরে উপজেলা পরিষদ চত্ত্বরে এই বাইসাইকেল বিতরণ করা হয়।

    উপজেলা নির্বাহী অফিসার অভিষেক দাশের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ শওকত ওসমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আহসানুল আলম সরকার কিশোর।

    এসময় অন্যান্যের মাঝে আরো উপস্থিত ছিলেন মুরাদনগর সদর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আকতার হোসেন, উপ-সহকারী কৃষি কর্মকতার্ সূফি আহাম্মদ, ইউপি সচিব রফিকুল ইসলাম, নাইম সরকার, জালাল উদ্দিন, চন্দন কুমার, জাকির হোসেন, কবির হোসেন, কৃষ্ণ চন্দ্রসহ সকল সচিববৃন্দ।

    মুরাদনগর উপজেলার ২২টি ইউনিয়নের ৪৪জন গ্রাম পুলিশদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়। প্রধান অতিথি মোহাম্মদ শওকত ওসমান বাইসাইকেল বিতরণের পূর্বে নবীপুর পশ্চিম ও মুরাদনগর সদর ইউনিয়নের ১৬০টি অসহায় ও দুস্থ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহারের খাদ্য সামগ্রী বিতরণ করেন।

  • মুরাদনগরে মাথায় ইটের আঘাতে আহত খাইরুদ্দিন আইসিইউতে

    (মো. নাজিম উদ্দিন, মুরাদনগর)

    কুমিল্লার মুরাদনগরে সম্পত্তি নিয়ে বিরোধের জের ধরে লাগা ঝগড়া থামাতে গিয়ে বড় ভাই ও ভাগিনার করা ইটের আঘাতে খাইরুদ্দিন নামে এক ব্যক্তি গুরতর আহত হয়েছে। আহত খাইরুদ্দিন ঢাকার ইউনি হেলথ স্পেশালাইজড হাসপাতালের আইসিইউতে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।
    এঘটনায় আহতের স্ত্রী রাশিদা বেগম বাদী হয়ে ৬ জনকে আসামি করে মুরাদনগর থানায় একটি মামলা দায়ের করেছে। গত শনিবার (৩জুলাই) সন্ধ্যায় উপজেলার কামাল্লা গ্রামে এ মারামারির ঘটনা ঘটে। আহত খাইরুদ্দিন কামাল্লা গ্রামের মৃত আবুল হাশেমের ছোট ছেলে।
    পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, কামাল্লা গ্রামের মৃত আবুল হাশেমের ৪ ছেলের মাঝে বসতবাড়ির ১ শতক জায়গা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জের ধরে ৩রা জুলাই বড় ভাই সাম মিয়া ও মেঝো ভাই মানিক মিয়ার সাথে কথা কাটাকাটি হয়। উক্ত তর্ক বির্তকের জের ধরে রাতে বড় ভাই, ভাগ্নে ও অজ্ঞাতনামা কয়েকজন দেশিয় অস্ত্র নিয়ে মানিক মিয়ার সাথে মারামারি শুরু করলে এক পর্যায়ে খাইরুদ্দিনের ঘর ভাংচুর করে এবং তার গর্ভবতী স্ত্রীকে মারধর করে। ঝগড়া থামাতে খাইরুদ্দিন দৌড়ে ঘটনাস্থলে এলে বড়ভাই সাম মিয়া ও ভাগিনা তাকে দা দিয়ে কুপিয়ে ও ইট দিয়ে পিাটয়ে মাথা থেতলে দেয়। এসময় তার মাথার খুলির হাড় ভেংগে মগজের ভেতরে ঢুকে যায়। পরে স্থানীয়রা এসে খাইরুদ্দিনকে উদ্ধার করে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। স্বজনরা তাকে ঢাকার ইউনি হেলথ স্পেশালাইজড হাসপাতালে নিয়ে গেলে অপারেশনের মাধ্যমে মাথার খুলির হাড় বের করে চিকিৎসকরা। আহত খাইরুদ্দিন অজ্ঞান অবস্থায় আইসিইউতে আছে। এদিকে বাড়ী বিক্রি করে অপারেশন করলেও টাকার অভাবে পরবর্তী চিকিৎসা বন্ধ হয়ে যাবে বলে জানিয়েছে আহতের স্বজনরা।
    মুরাদনগর থানার অফিসার ইনচার্জ মোঃ সাদেকুর রহমান জানান মামলার আসামীরা সবাই পলাতক তাদের গ্রেফতারে অভিযান অব্যহত আছে। মামলা তদন্তাধীন রয়েছে।