Category: মুরাদনগর

  • নিখোঁজের ৩৮ দিন পর অটোরিকশা চালকের ক’ঙ্কা’ল উদ্ধার; ঘাতক আটক

    মোঃ নাজিম উদ্দিন, মুরাদনগর 

    মুরাদনগরে নিখোঁজের ৩৮ দিন পর মেহেদী হাসান (১৮) নামের এক অটোরিকশা চালকের ক’ঙ্কা’ল উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার নবীপুর পশ্চিম ইউনিয়নের উত্তর ত্রিশ এলাকার মক্কা ব্রিক্স সংলগ্ন গোমতী নদীর বেড়িবাধেঁর ভেতরের একটি ঝোপ থেকে মুরাদনগর থানা পুলিশের সহযোগিতায় মাথার খু’লি ও হা’ড়গো’ড় উদ্ধার করে বাঙ্গরা বাজার থানা পুলিশ।

    নি’হ’ত মেহেদী হাসান বাঙ্গরা বাজার থানার দীঘিরপাড় গ্রামের মৃত মোস্তফার ছেলে। পেশায় তিনি অটোরিকশা চালক ছিলেন। এই ঘটনায় জড়িত ঘা’ত’ক খাইরুল(২১)কে নারায়নগঞ্জের বন্দর এলাকা থেকে আটক করে পুলিশ।

    জানা যায়, গত ১১ আগস্ট রাতে বাঙ্গরা বাজার থেকে অটোরিকশা নিয়ে কোম্পানীগঞ্জের উদ্দেশ্যে বের হওয়ার পর থেকে মেহেদী নিখোঁজ হয়। পরদিন তার পরিবার বাঙ্গরা বাজার থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন। কোন খোজঁ না পেয়ে ২০শে আগস্ট ভিকটিমের মা জোসনা বেগম বাদী হয়ে দীঘিরপাড় গ্রামের আইনুল হকের ছেলে খাইরুলকে আসামী করে বাঙ্গার বাজার থানায় হ’ত্যা’র উদ্দেশ্যে অপহরণের মামলা করেন।

    মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই নাহিদ হাসান জানান, মামলার তদন্তের মাধ্যমে এবং তথ্য প্রযুক্তির সহায়তায় ঘটনার সাথে জড়িত খাইরুলের বাবা আইনুল হককে রাঙ্গামাটি জেলার কাউখালি থানা এলাকা থেকে গ্রে’ফ’তা’র করা হয়। আইনুল হককে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করলে তার দেয়া স্বীকারোক্তিতে কুমিল্লার অশোকতলা থেকে তার ভাই ফুল মিয়াকে আটক করে পুলিশ। তার দেয়া তথ্যে কুমিল্লার একটি গ্যারেজ থেকে অটো রিক্সাটি উদ্ধার করা হয়। প্রধান আসামী খাইরুলকে গ্রেফতারে দেশের বিভিন্ন অঞ্চলে অভিযান করে পুলিশ। অবশেষে গোপন সূত্রের ভিত্তিতে মঙ্গলবার রাত ১১টায় নারায়নগঞ্জ জেলার বন্দর থানাধীন সালা পাগলার মাজার এলাকা থেকে ঘাতক খাইরুল ইসলাম আটক করা হয়। আসামীকে সাথে নিয়ে বুধবার বিকেলে তার দেখানো স্থান থেকে নিহত মেহেদী হাসানের ক’ঙ্কা’ল উদ্ধার করা হয়।

    তদন্ত কর্মকর্তা আরো জানান, গ্রে’ফ’তা’র’কৃত খাইরুলকে কুমিল্লা আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করলে বিজ্ঞ আদালত ৩ দিনের রি’মা’ন্ড মঞ্জুর করেছেন।

    বাঙ্গরা বাজার থানার ওসি মাহফুজুর রহমান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী খাইরুল হ’ত্যা’র কথা স্বীকার করেছে। পরে তার দেখানো স্থান থেকেই ক’ঙ্কা’ল উদ্ধার করা হয়। ঘটনাস্থলে থাকা কাপড়ের মাধ্যমে ভিকটিমকে শনাক্ত করেন পরিবারের সদস্যরা। এই ঘটনায় তিনজনকে গ্রে’প্তা’রসহ অটোরিকশাটি উদ্ধার করা হয়েছে।

    আর কেউ জড়িত আছে কি না জানতে আ’সা’মীকে রি’মা’ন্ডে আনা হয়েছে।

  • কুমিল্লায় গুড়া মাছ কিনে আনায় ছুড়ে মারেন স্বামীর উপর; স্ত্রীকে হত্যা করে থানায় আত্মসমর্পণ স্বামীর!

     (নাজিম উদ্দিন, মুরাদনগর)

    বাজার থেকে কিনে আনা পুটি মাছ কাটাকুটি নিয়ে দ্বন্দের জেরে স্ত্রীকে গলাটিপে হত্যা করেছে স্বামী। স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার পর স্বামী নিজেই আবার থানায় গিয়ে উপস্থিত হয়ে দেন ঘটনার বর্ণনা। শনিবার দুপুরে এমনটাই ঘটেছে কুমিল্লার মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জ বাজার এলাকার উত্তর ত্রিশ গ্রামে। 

    ঘাতক স্বামী বাছির উদ্দিন (৩৫) ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার সাহাপুর গ্রামের মৃত আব্দুল মতিনের ছেলে। নিহত স্ত্রী মৌসুমী আক্তার (২৯) দেবিদ্বার উপজেলার নবীপুর গ্রামের মৃত গিয়াস উদ্দিনের মেয়ে। 

    স্থানীয় সুত্রে জানা যায়, বাছির উদ্দিন একটি মেডিসিন কোম্পানির মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জ এরিয়ার রিপ্রেজেন্টেটিভ হিসেবে চাকুরি করেন। সেই সুবাদ আড়াই বছর যাবত উত্তর ত্রিশ গ্রামের আলাল মিয়ার বাড়িতে ভাড়া আছেন।

    শনিবার দুপুরে কোম্পানিগঞ্জ বাজার থেকে পুটি মাছ কিনে নিয়ে যায় বাছির উদ্দিন। সেই ছোট দেশী পুটি মাছ নিয়ে বাসায় যেতেই স্ত্রী মৌসুমী আক্তার মাছ কাটাকুটি করতে পারবে না বলে মাছ ছুড়ে মারেন স্বামীর উপর। এতে ক্ষিপ্ত হয়ে স্বামী বাছির উদ্দিন তার স্ত্রী মৌসুমী আক্তারকে গলাচেপে ধরে শ্বাসরুধ করে হত্যা করে। পরে সে নিজেই মুরাদনগর থানায় গিয়ে উপস্থিত হয়ে পুলিশকে তার স্ত্রীকে হত্যার বিষয়টি জানায়।

    থানায় উপস্থিত হয়ে পুলিশকে বাছির উদ্দিন জানান, নয় বছর আগে সে পারিবারিকভাবে বিয়ে করেন মৌসুমী আক্তার কে। তাদের এই সংসার জীবনে রয়েছে ৪ বছর বয়সী জমজ ১টি ছেলে ও ১টি মেয়ে। সে আরো জানায় দীর্ঘদিনের এই সংসার জীবনে তার স্ত্রী মৌসুমী আক্তার তাকে প্রতিনিয়ত মানসিক ভাবে যন্ত্রণা দিতো। তবে সে তার স্ত্রীকে হত্যার কোন পূর্বপরিকল্পনা ছিলনা। বাজার থেকে আনা পুটি মাছ যখন তার উপর ছুড়ে মারে সে তখন নিজেকে নিয়ন্ত্রণ করতে না পেরে গলাটিপে হত্যা করে।

    ঘাতক বাছির উদ্দিন এর বাড়ীর মালিক আলাল জানান, দীর্ঘ আড়াই বছর ধরে তারা আমার বাসায় ভাড়া থাকে। আমার চোখে দেখা বাছির একজন অত্যন্ত ভালো মানুষ। এখন পর্যন্ত তাদের কোন পারিবারিক কলহ আমাদের চোখে পড়েনি। কেন এই হত্যাকান্ড আসলে কিছুই বুঝতে পারছি না। শয়তানের ধোকায় পরে হয়তো সেই কাজটা করেছে। 

    মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান জানান, শনিবার দুপুরের দিকে যখন বাছির উদ্দিন থানায় উপস্থিত হয়ে আমাকে জানায় সে তার স্ত্রীকে হত্যা করেছে, তখন প্রথমে আমার বিশ্বাস হয়নি। পরে খোঁজ নিয়ে জানি ঘটনা সঠিক। ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য থানায় নিয়ে আসা হয়েছে। বাছির উদ্দিন থানা হেফাজতে আছে মামলার প্রক্রিয়া চলছে।

  • বিভাগ হলে কুমিল্লা নামেই হবে : উপদেষ্টা আসিফ

    (নাজিম উদ্দিন, মুরাদনগর)

    কুমিল্লা বিভাগ হলে কুমিল্লা নামেই হবে মন্তব্য করে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া বলেছেন, ‘স্বৈরাচার শেখ হাসিনা বলেছিলেন, কুমিল্লা নামে কোনো বিভাগ হবে না। তাই আমি বলে যেতে চাই, কুমিল্লা বিভাগ হলে কুমিল্লা নামেই বিভাগ হবে।’

    তিনি বলেন, ‘বর্তমান বাংলাদেশ পরিস্থিতিতে অনেক ধরনের ষড়যন্ত্র হচ্ছে। জাতীয় স্বার্থে আমাদের অবশ্যই ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আমরা যদি সবাই যার যার অবস্থান থেকে দায়িত্ব পালন করি এই সরকার সফল হবে, ইনশাআল্লাহ।’

    শনিবার (৩০ নভেম্বর) বিকেলে কুমিল্লার মুরাদনগর সদরের ডিআর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে মুরাদনগরবাসীর আয়োজনে গণসংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

    এ সময় উপদেষ্টা আরো বলেন, ‘আমাদের দেশের কিছু রাজনৈতিক দলেরা মনে করে ভারতের আর্শিবাদ ছাড়া ক্ষমতায় আসা যায় না। এটা অত্যন্ত দুঃখজনক। আপনারা যদি তাই মনে করেন তাহলে আমি বলবো, শেখ হাসিনার চেয়ে বেশি কারোর ওপর আর্শিবাদ ছিল না। তারপরও সে বাংলাদেশ ছেড়ে পালিয়ে গেছেন।’

    এ সময় আরো বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের ভাই কাজী শাহ্ জুন্নুন বসরি, কুমিল্লা উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সৈয়দ তৌফিক আহম্মেদ মীর, মুরাদনগর উপজেলা বিএনপির আহ্বায়ক মহি উদ্দিন অঞ্জন, উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়ার পিতা বিল্লাল হোসেন।

    অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল নূরুল মোমেন খাঁন, মুরাদনগর উপজেলা জামায়াতের আমির আ ন ম ইলিয়াছ, সাবেক আমির মনসুর মিয়া, উপজেলা হেফাজত ইসলাম বাংলাদেশের সহ-সাধারণ সম্পাদক মুফতি সাদেকুল ইসলাম, উপজেলার ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের সভাপতি মজিবুল ইসলাম, ব্যারিস্টার নাছির আলম, জাহের মুন্সী, মনিরুল হক জজ, মিনহাজুল ইসলাম, অ্যাডভোকেট ওবায়দুল্লাহ হক, কামরুল হাছান, সমন্বয়ক তরিকুল ইসলাম প্রমুখ।

  • কুমিল্লায় রোহিঙ্গাকে জন্মনিবন্ধন, ইউপি সচিব আটক!

    নিজস্ব প্রতিবেদক:
    ভুয়া ঠিকানা ব্যবহার করে রোহিঙ্গা তরুণকে জন্মনিবন্ধন তৈরির অভিযোগে কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার সদর ইউনিয়ন পরিষদের সচিব মো. ইসমাইলকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় কোম্পানীগঞ্জ-মুরাদনগর সড়কের নিমাইকান্দি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ইসমাইল কুমিল্লা আদর্শ সদর উপজেলার গুনাইনন্দী গ্রামের বাচ্চু মিয়ার ছেলে।

    গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজেশ বড়ুয়া বলেন, প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে ভুয়া ঠিকানা ব্যবহার করে এক রোহিঙ্গা যুবককে জন্ম নিবন্ধন তৈরি করার কথা স্বীকার করেছেন ইউপি সচিব ইসমাইল। তাকে বৃহস্পতিবার সন্ধ্যায় গ্রেপ্তার করা হয়। শুক্রবার বিকেলে আদালতে পাঠানো হয়েছে।

    যেভাবে সামনে আসে রোহিঙ্গা যুবককে জন্মনিবন্ধনের বিষয়টি

    চলতি বছর জানুয়ারিতে মিয়ানমার থেকে বাংলাদেশে আসে মো. ইয়াছিন (১৯)। সে মিয়ানমারের বলিবাজার এলাকার সৈয়দ হোসেনের ছেলে। বাংলাদেশে আসার পর কক্সবাজার বালুখালি রোহিঙ্গা ক্যাম্পের ব্লক-৯ থাকতো সে। গেলো ১৫ ফেব্রুয়ারি পাসপোর্ট তৈরির জন্য মুরাদনগর উপজেলার সদর ইউনিয়নের ঘোড়াশাল গ্রামের ভুয়া পরিচয়ে জন্মনিবন্ধন বানিয়ে কুমিল্লা আঞ্চলিক পাসপোর্ট অফিসে যায় মো. ইয়াছিন। এ সময় পাসপোর্ট অফিসের কর্মকর্তাদের সন্দেহ হয়। পরে পাসপোর্ট অফিসের কর্মকর্তারা রোহিঙ্গা যুবক ইয়াছিনকে কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করে। গোয়েন্দা পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে রোহিঙ্গা যুবক ইয়াছিন জানায়, তার চাচাতো ভাই উসমান কুমিল্লা আঞ্চলিক পাসপোর্ট অফিস সংলগ্ন মদিনা ট্রাভেলসের হাসান মাহমুদ ও মোশাররফ নামে ২ দালালের কাছে পাসপোর্ট করার চুক্তি করে। পরে চুক্তি অনুযায়ী, হাসান মাহমুদ ও মোশাররফ কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার পশ্চিম ঘোড়াশাল গ্রামের ভুয়া ঠিকানায় রোহিঙ্গা যুবক ইয়াছিনের সকল কাগজপত্র তৈরি করে দেয়।

    এই ঘটনায় সে সময় কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করে গোয়েন্দা পুলিশ। রোহিঙ্গা যুবক কীভাবে জন্ম নিবন্ধন সনদ সংগ্রহ করেছেন এ বিষয়টির তদন্তে নামে গোয়েন্দা পুলিশ। তদন্তে ইউপি সচিব ইসমাইল হোসেনসহ বেশ কয়েকজনের সম্পৃক্ত থাকার তথ্য পায় গোয়েন্দারা। তথ্য অনুসন্ধানের পর গতকাল বৃহস্পতিবার ইউপি সচিব ইসমাইলকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।

    নাম না প্রকাশের শর্তে মুরাদনগর সদর ইউনিয়নের একাধিক বাসিন্দা জানায়, বৈধভাবে অনেকেই জন্মনিবন্ধন বানাতে পারে না। তবে পর্যাপ্ত টাকা হলে ইউপি সচিব যে কারো যে কোন অসংগতিপূর্ণ ঠিকানার জন্মনিবন্ধন বানিয়ে দিতে পারতেন বলে অভিযোগ রয়েছে। এমন কাজে সদর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান কাজী তুফরীজ এটনের জড়িত থাকারও অভিযোগ রয়েছে।

    তবে অভিযোগ অস্বীকার করে চেয়ারম্যান কাজী তুফরীজ এটন বলেন, রোহিঙ্গা যুবককে জন্মবিন্ধন বানানোর ঘটনা ঠিক না। আইডি হ্যাকড হয়েছে। বিষয়টি আমরা মন্ত্রণালয়কে জানিয়েছি।

    মুরাদনগর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিফাত উদ্দিন বলেন, রোহিঙ্গা জন্মনিবন্ধন সংক্রান্ত সরকারি মামলায় ইউপি সচিবকে গ্রেপ্তার করা হয়েছে। ইউনিয়ন পরিষদের সেবা চালু রাখার জন্য ভারপ্রাপ্ত হিসেবে একজনকে দায়িত্ব দেওয়া হবে।

  • বাঙ্গরায় পূর্ব শত্রুতার জের ধরে হামলায় নারীসহ আহত ২

    নিজস্ব প্রতিবেদক:

    কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরায় পূর্ব শত্রুতার জের ধরে হামলায় এক নারীসহ দুইজন আহত হয়েছেন। শুক্রবার ৩১ মে সকাল ৯টার দিকে পূর্বধৈর ইউনিয়নের মহেশপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহত শিরিন আক্তার ওই গ্রামের সহিদ সরকারের স্ত্রী। এছাড়াও এ ঘটনায় মোঃ সামেদ সরকার নামে আরো একজন আহত হয়েছেন। 

    হামলায় মারাত্মক আহত শিরিন আক্তারকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।  সামেদ সরকারকে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

    আহত সহিদ সরকারের বড় ভাইয়ের ছেলে আরফাত সরকার জানান, শুক্রবার সকাল ৯টার দিকে আমি চাচি শিরিন আক্তার মহেশপুর বাজারের পাশে স্বজল ডাক্তারের বাড়িতে ছাত্রদের প্রাইভেট পড়াচ্ছিলেন। এসময় ১০/১২ জনের একটি সশস্ত্র দল দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে তার উপর হামলা চালায়। খবর পেয়ে আমাদের প্রতিবেশি সামেদ সরকার ঘটনাস্থলে গেলে তার উপরও হামলা চালানো হয়। পরে তাদেরকে সেখান থেকে আহত অবস্থায় উদ্ধার করা হয়। তখন এলাকাবাসী ক্ষুব্দ হয়ে হামলাকারীদের প্রতিহত করে।  চাচির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে চিকিৎসার জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আমরা অভিযুক্তদের বিরুদ্ধে থানায় মামলা করবো। 

    এ বিষয়ে যোগাযোগ করা হলে বাঙ্গবাজার থানার তদন্ত কর্মকর্তা অমর চন্দ্র জানান, হামলার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছিলাম। সেখানে গিয়ে কাউকে পাইনি। আহতরা চিকিৎসার জন্য কুমিল্লায় চলে গিয়েছে। তবে জানতে পেরেছিল দুই পক্ষের পক্ষে দীর্ঘদিনের বিরোধ রয়েছে। এ ঘটনায় এখনো মামলা হয়নি। ভিকটিমরা আসলে আমরা মামলা নিবো।

  • খেলতে গিয়ে বজ্রপাতের বিকট শব্দে প্রাণ গেল স্কুলছাত্রের

    নিজস্ব প্রতিবেদক:
    কুমিল্লায় বাড়ির পাশের মাঠে ফুটবল খেলতে গিয়ে বজ্রপাতে এক স্কুলছাত্র নিহত হয়েছে। আজ শনিবার (১১ মে) সকাল সাড়ে ৯টার দিকে জেলার মুরাদনগর উপজেলার উত্তরত্রিশ গ্রামে এ ঘটনা ঘটে।

    মুরাদনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এনামুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত স্কুলছাত্রের নাম সিয়াম (১৬)। সে উত্তরত্রিশ গ্রামের মো. হুমায়ুন মিয়ার ছেলে।

    ডা. এনামুল হক বলেন, ‘সকালে বাড়ির পাশের মাঠে বন্ধুদের সঙ্গে ফুটবল খেলতে যায় সিয়াম। এ সময় আচমকা ঝড়-বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। বজ্রপাতে কিশোর সিয়াম গুরুতর আহত হয়। সহপাঠীরা তাকে উদ্ধার করে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সিয়ামের শরীরে পুড়ে যাওয়ার মতো কোনো চিহ্ন পাওয়া যায়নি। ইলেক্ট্রোকার্ডিওগ্রাম (ইসিজি) করার পর তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়েছি।’

    ১৫ নম্বর নবীপুর পশ্চিম ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মো.জাকির হোসেন বলেন, ‘সিয়াম কোম্পানীগঞ্জ বদিউল আলম উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিল। বজ্রপাতের শব্দে ঘটনাস্থলেই সে জ্ঞান হাড়িয়ে ফেলে। পরে হাসপাতালে নিয়ে যাওয়ার পর ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

  • মুরাদনগর রামচন্দ্রপুর বাজারে ভয়াবহ আগুন, ১৫ দোকান পুড়ে ছাই!

    নাজিম উদ্দিন, মুরাদনগর:

    কুমিল্লার মুরাদনগর উপজেলার ঐতিহ্যবাহী রামচন্দ্রপুর বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

    মঙ্গলবার রাত একটায় এই অগ্নিকাণ্ডের সুত্রপাত হয়। দীর্ঘক্ষণের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে ফায়ার সার্ভিস।

    ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, রাত একটায় একটি স্বর্ণের দোকানে আগুন লাগে। ধীরে ধীরে সেই আগুন অন্যান্য দোকানে ছড়িয়ে পড়ে। অগ্নিকাণ্ডে সেখানে থাকা আরো ৫টি স্বর্ণের দোকান ও ছোট-বড় ৯টি বিভিন্ন দোকান পুড়ে গেছে।

    মুরাদনগর ফায়ারসার্ভিসের সাব অফিসার মো: শাহ আলম খান জানান, আমরা রাত ১টার দিকে আগুন লাগার সংবাদ পাই। সঙ্গে সঙ্গে সেখানে গিয়ে একটি ইউনিট নিয়ে কাজ শুরু করি। প্রায় দেড়ঘন্টার প্রচেষ্টায় আমরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই।’

    তিনি বলেন, ‘ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে আগুন লাগতে পারে। তদন্ত শেষে বিস্তারিত ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।’

  • কুমিল্লায় অভাবের তাড়নায় বিষপানে মা-মেয়ের আত্মহত্যা

    নাজিম উদ্দিন, মুরাদনগর

    স্বামী ইব্রাহিম মিয়া মারা গেছে দেড় বছর আগে দুই ছেলে ও মানসিক ভারসাম্যহীন একমাত্র মেয়ে মিম আক্তারকে নিয়ে অভাব অনটনে দিন কাটছিলো মা পারভীন আক্তারের। মেয়ের দীর্ঘ ৩ বছরের চিকিৎসা ব্যয় বহণ করতে না পেরে অবশেষে আত্মহত্যার পথ বেছে নিলেন মা ও মানসিক ভারসাম্যহীন সেই মেয়ে। শনিবার ভোর ৪টার দিকে কুমিল্লার মুরাদনগর উপজেলার ধামঘর ইউনিয়নের পরমতলা গ্রামে এ ঘটনা ঘটে।


    জানা যায়, দীর্ঘ ৩ বছর ধরে ধার-দেনা করে একমাত্র মেয়েকে সুস্থ্য করে তুলতে চিকিৎসা চালিয়ে যাচ্ছিলো মা পারভীন আক্তার। দীর্ঘদিন চিকিৎসার পরেও মেয়ে মিম আক্তার সুস্থ্য হয়ে না উঠায় শনিবার ভোর ৪টার দিকে প্রথমে মা পারভীন আক্তার বিষপান করে পরে মেয়ে মিম আক্তারকে জোর পূর্বক বিষ খাওয়ায়। এসময় মেয়ে মিমের চিৎকারে আশপাশের লোকজন এসে তাদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য পার্শ্ববর্তী দাউদকান্দি উপজেলার গৌরিপুরে নিয়ে যাওয়ার সময় রায়পুর নামক স্থানে মা পারভীন আক্তার মৃত্যুবরণ করেন। পরে কুমিল্লার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১২টার দিকে মেয়ে মিম আক্তারও মৃত্যুবরণ করেন।
    পারভীন আক্তারের বড় ছেলে শাহপরানের স্ত্রী বলেন, প্রতিদিনের মতো পরিবারের সবাই রাতে খাবার খেয়ে আমরা ঘুমাতে যাই। পরে ভোর ৪টার দিকে আমার ননদ মিমের চিৎকারে ঘুম ভাঙ্গলে দৌড়ে গিয়ে দেখি তারা দুজনে মৃত্যুযন্ত্রনায় ছটফট করছে। পরে স্থানীয় লোকজনের সহায়তায় তাদেরকে চিকিৎসার জন্য পাঠানো হয়।
    এ বিষয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কামরুজ্জামান তালুকদার বলেন, খবর পেয়ে সাথে সাথেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

  • কুমিল্লায় বিদ্যুৎস্পৃষ্টে ৬ গরুর মৃত্যু, শোকে বাকরুদ্ধ অটোরিকশা চালক সফিক !

    মুরাগনগর প্রতিনিধি,কুমিল্লা

    কুমিল্লার মুরাদনগরে বিদ্যুৎস্পৃষ্টে ছয়টি গরু মারা গেছে। এ সময় গুরুতর আহত হয়েছে আরও পাঁচটি গরু। তাদের বাঁচাতে গিয়ে আহত হয়েছেন খামারি শফিক। শনিবার (২৩ এপ্রিল) রাতে বাঙ্গরা বাজার থানাধীন কালিপুরা গ্রামে এ ঘটনা ঘটে।

    খামারি শফিক কান্নাজড়িত কণ্ঠে বলেন, ভাইরে আমি তো শেষ। আপনারা একটু দেখে যান। আমার কষ্টের লালন-পালন করা গরুগুলো কীভাবে মরে পড়ে আছে।

    তিনি আরও জানান, রাত ১১টায় গরুগুলোকে খাবার দিয়ে আমি ঘুমাতে যাই। রাত ১টার দিকে গরুর ছোটাছুটির শব্দে আমার ঘুম ভাঙে। গোয়াল ঘরের দরজায় হাত স্পর্শ করতেই শক খেয়ে মাটিতে পড়ি যাই। তাৎক্ষণিক ওঠে মেইন সুইচ বন্ধ করে গোয়াল ঘরে যাই। দেখি ছয়টি গরু মরে পড়ে আছে। আর পাঁচটি গরু অসুস্থ হয়ে পড়ে আছে।

    মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিষেক দাশ বলেন, বিষয়টি খুবই দুঃখজনক। শফিকের আর্থিক অবস্থা জানার পর আমি জেলা প্রশাসক মহোদয়ের সঙ্গে কথা বলেছি। ঘটনাস্থল পরিদর্শনে যাচ্ছি। আজ তাৎক্ষণিকভাবে কিছু সহায়তা করা হবে। পরবর্তীতে রিপোর্ট জমা দিয়ে ঊধ্বর্তন কর্তৃপক্ষ থেকে আরও সহযোগিতা করার চেষ্টা করা হবে

    প্রতিবেশী মতিউর রহমান বলেন, শফিক স্বাবলম্বী হওয়ার আশায় গরু পালন শুরু করে। একটি গরু থেকে তার খামারে ১১টি গরু হয়েছিল। সে খুবই দরিদ্র। অটোরিকশা চালানো আয় দিয়ে গরু লালন-পালন ও সংসার চালাতো। দিন-রাত পরিশ্রম করে গরুর খামার করে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখতেন। স্বপ্ন আর পূরণ হলো না। এখন তার কান্না থামছে না। আশা করি সরকার ও বিত্তবানরা তাকে সহযোগিতা করলে, সে আবার ঘুরে দাঁড়াতে পারবে।

  • কুমিল্লায় শিক্ষানুরাগী বেগম জাহান আরা বৃত্তি প্রকল্পের উদ্বোধন

    কুমিল্লা।।

    কুমিল্লা জিলা স্কুলের শিক্ষার্থীদের মাঝে বেগম জাহান আরা বৃত্তি প্রকল্পের আওতায় শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে।

    কুমিল্লার মুরাদনগর উপজেলার মোচাগাড়া সৈয়দ বাড়ীর সৈয়দা রানী মা ফাউন্ডেশনের আয়োজনে বুধবার সকালে কুমিল্লা জিলা স্কুল মিলনায়তনে বৃত্তির অর্থ তুলে দেন কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান।

    অনুষ্ঠানে জানানো হয় ১০ জন শিক্ষার্থী প্রতি মাসে এ শিক্ষাবৃত্তির অর্থ পাবেন।

    কুমিল্লা জিলা স্কুলের প্রধান শিক্ষিকা রাশেদ আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কুমিল্লা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আর টিভির স্টাফ রিপোর্টার গোলাম কিবরিয়া, সাধারণ সম্পাদক দেশ টিভির কুমিল্লা প্রতিনিধি এম ফিরোজ মিয়া, বাংলা ভিশন টিভির কুমিল্লা প্রতিনিধি স্যাইদ মাহমুদ পারভেজ, কুমিল্লা টেলিভিশন জার্নালিস্ট ফোরামের সভাপতি একাত্তর টেলিভিশনের কুমিল্লা ব্যুরো প্রধান কাজী এনামুল হক ফারুক, যমুনা টিভির কুমিল্লা ব্যুরো প্রধান রফিকুল ইসলাম খোকন চৌধুরী, চ্যানেল টুয়েন্টি ফোর এর কুমিল্লা প্রতিনিধি জাহিদুর রহমান, নিউজ বাংলার কুমিল্লা প্রতিনিধি মাহফুজ নান্টু, আজকের পত্রিকার প্রতিনিধি জহিরুল হক বাবু, ঢাকা পোস্টের কুমিল্লা প্রতিনিধি অমিত মজুমদার, আমাদের কুমিল্লার স্টাফ রিপোর্টার মোঃ শরীফ, কুমিল্লা নিউজের স্টাফ রিপোর্টার মোঃ সাফিসহ আরো অনেকে।

    মুরাদনগর উপজেলার মোচাগাড়া সৈয়দ বাড়ীর সৈয়দা রানী মা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি সৈয়দা সুফিয়া আক্তার (রানী )।

    সৈয়দা সুফিয়া আক্তার জানান, তার মা বেগম জাহান আরা এক মহীয়সী নারী ছিলেন। জীবদ্দশায় জাহান আরা বহু এতিম অসহায় শিক্ষার্থীদের লেখাপড়া করিয়েছিলেন। বাবা ছিলেন একজন সরকারী কর্মকর্তা। শিক্ষানুরাগী মায়ের স্মৃতিরক্ষার্থে ফাউন্ডেশন গঠন করেন। এ ফাউন্ডেশন থেকে অসহায় মেধাবী শিক্ষার্থীদের লেখাপড়ার খরচ বহন করা হবে।