Category: মনোহরগঞ্জ

  • লাকসাম -মনোহরগঞ্জের সাবেক এমপি বিএনপি নেতা আনোয়ারুল আজিম আর নেই

    অনলাইন  ডেস্ক

    কুমিল্লা -৯ (লাকসাম -মনোহরগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় সাবেক সাংগঠনিক সম্পাদক কর্ণেল (অব.) এম আনোয়ারুল আজিম মারা গেছেন।

    শনিবার (৩১মে) ভোর রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন, (ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

    মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন, গুণগ্রাহী,শুভানুধ্যায়ীসহ দলীয় নেতাকর্মী রেখে যান।

    মরহুমের ৫টি জানাজার নামাজ অনুষ্ঠিত হবে, প্রথম জানাজা সকাল সাড়ে দশটায় মহাখালী নিউ ডিওএইচএস ,২য় জানাজা দুপুর ১২টায় নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে,৩য় জানাজা বাদ আছর লাকসাম পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ,৪র্থ জানাজা বাদ মাগরিব মনোহরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠ, ৫ম ও শেষ জানাজা বাদ এশা মরহুমের নিজ বাড়ী শরিফপুর গ্রামে।

  • দলীয় মনোনয়ন না থাকায় উপজেলা নির্বাচনে প্রার্থীর জনপ্রিয়তা যাচাইয়ের সুযোগ সৃষ্টি হয়েছে- এলজিআরডি মন্ত্রী



    কুমিল্লা প্রতিনিধি।।
    স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মো.তাজুল ইসলাম বলেছেন, দলীয় মনোনয়ন না থাকায় এবারের উপজেলা নির্বাচন প্রার্থীদের জনপ্রিয়তা যাচাইয়ের সুযোগ সৃষ্টি হয়েছে। যারা কাজের মাধ্যমে জনগণের মন জয় করতে পেরেছে, অন্যায় অত্যাচারের বিরুদ্ধে সোচ্চার ছিল, মানুষকে ন্যায় বিচারের মাধ্যমে সমাজে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করেছে, তারা উপজেলা নির্বাচনে নিজেদের গ্রহণযোগ্যতা পরীক্ষা করে দেখতে পারেন।
    শুক্রবার (১২ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার পোমগাঁও গ্রামে অবস্থিত নিজ বাড়িতে স্থানীয় উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং জনপ্রতিনিধিদের সঙ্গে ঈদুল ফিতর উপলক্ষে এক ঈদ পুনর্মিলনী সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী। এ সময় তিনি উপস্থিত সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানান।
    স্থানীয় সরকার মন্ত্রী উপজেলা নির্বাচনে স্থানীয় সংসদ সদস্য হিসেবে নিরপেক্ষ থাকার ঘোষণা দিয়ে এ সময় বলেন, আওয়ামী ও সহযোগী সংগঠনের যে কেউ চাইলে প্রার্থী হতে পারেন। তবে সমাজিক যোগাযোগমাধ্যমসহ কোথাও একে অন্যের বিরুদ্ধে বিষোদ্গার করা থেকে বিরত থাকতে হবে।
    মো.তাজুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিগত ১৫ বছরে বাংলাদেশে অভূতপূর্ব অর্থনৈতিক উন্নয়ন হয়েছে। মানুষের ক্রয় ক্ষমতা বৃদ্ধি পেয়েছে উল্লেখ করে তিনি বলেন, বৈশ্বিক অর্থনৈতিক দুরাবস্থার মধ্যেও দেশের মানুষ তুলনামূলক ভালো অবস্থায় আছে। দেশে খাদ্য ঘাটতি দূর হয়েছে, শতভাগ বিদ্যুৎয়ান হয়েছে এবং সড়ক যোগাযোগ ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন হয়েছে।
    মন্ত্রী এ সময় মানব সম্পদ উন্নয়নের উপর গুরুত্বারোপ করে বলেন, মানুষের সক্ষমতা ও রুচি উন্নত হলে দেশের উন্নয়ন ত্বরান্বিত হয়। যোগ্যরাই টিকে থাকে তাই মানব সম্পদ উন্নয়ন অপরিহার্য। সমাজে সবাইকে সৎ আচরণ অনুশীলন করার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে তিনি বলেন, সামাজিক সুবিচার নিশ্চিত করলে মানুষ শান্তিতে থাকতে পারে।
    ঈদ পুনর্মিলনী সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন এলজিআরডি মন্ত্রীর একান্ত সচিব মোহাম্মদ নাছির উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাস্টার আবদুল কাইয়ুম চৌধুরী, সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান জাকির হোসেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি তাজুল ইসলাম চৌধুরী, যুগ্ম-সাধারণ সম্পাদক মো.আবুল কালাম আজাদ, উপজেলা যুবলীগের আহ্বায়ক দেওয়ান জসিম উদ্দিন, হাসনাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ কামাল হোসেন, লক্ষণপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তোফাজ্জল হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক সেলিম কাদের চৌধুরী, উপজেলা ছাত্রলীগের সভাপতি কামরুজ্জামান শামীম, সাধারণ সম্পাদক আমজাদ হোসেন বিপ্লব।
    এদিকে, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র ডা.তাহসীন বাহার সূচসাসহ কাউন্সিলররা। অনুষ্ঠান শেষে তাঁরা এলজিআরডি মন্ত্রী মো.তাজুল ইসলামের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় মনোহরগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো.আমিরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগ নেতা মো.কামাল হোসেন, যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মো.শাহাদাত হোসেনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

  • কুমিল্লায় সম্পত্তির জন্য বাবাকে হত্যার দায়ে তিন ছেলের ফাঁসি


    মাহফুজ নান্টু, কুমিল্লা

    কুমিল্লার মনোহরগঞ্জে বাবাকে হত্যার দায়ে তিন ছেলের ফাঁসির আদেশ দিয়েছে আদালত।


    মঙ্গলবার কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক রোজিনা খাঁন এ রায় দেন।

    দণ্ডপ্রাপ্তরা হলেন উপজেলার কান্দি এলাকার হাজী আব্দুল করিমের ছেলে ফয়েজ উল্লাহ, অহিদ উল্লাহ ও শহীদ উল্লাহ। বর্তমানে তারা পলাতক রয়েছেন।

    বিচারক তাদের মৃত্যুদণ্ডাদেশের পাশাপাশি প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা করেন। অভিযুক্ত বাকি চার আসামিকে খালাস দেয়া হয়। কুমিল্লা আদালত পুলিশের ইন্সপেক্টর মুজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

    আদালত সূত্রে জানা গেছে, হাজী আব্দুল করিম তিনটি বিয়ে করেন। দণ্ডপ্রাপ্ত তিন ছেলেই তার প্রথম স্ত্রীর সন্তান। তৃতীয় স্ত্রীর ছেলে-মেয়েদের সঙ্গে প্রথম স্ত্রীর ছেলে মেয়েদের জমি নিয়ে ঝামেলা হয়।

    ২০১৩ সালের ২৬ আগস্ট সকালের দিকে এ বিষয়ে ঝগড়ার এক পর্যায়ে প্রথম স্ত্রীর সন্তানরা বাবা হাজী আব্দুল করিমের ওপর হামলা করেন। ঘটনাস্থলেই তিনি মারা যান। এ ঘটনায় মামলা দায়ের করেন তৃতীয় স্ত্রী সাফিয়া বেগম ।

  • আহত বিএনপি নেতা বুলু হাসপাতালে ভর্তি

    নিজস্ব প্রতিবেদক;
    আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় আহত বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলুকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে । 

    শনিবার (১৭ সেপ্টেম্বর ) রাত ১২টার দিকে তাকে চিকিৎসার জন্য এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় ।

    বিএনপির চেয়ারপার্সনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান জানান, কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার বিপুলাসার বাজারে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় গুরুতর আহত হন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু। পরে রাত ১১ টা ৫২ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে আনা হয়েছে। 

    তিনি আরও বলেন, হামলায় বরকত উল্লাহ বুলু মাথায় গুরুতর আঘাত পেয়েছেন। তার স্ত্রীর হাত ভেঙে গেছে। 

    হামলার বিষয়ে মনোহরগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সারোয়ার জাহান দোলন  বলেন, বিকেলে নোয়াখালী থেকে ঢাকায় যাচ্ছিলেন বুলু। মনোহরগঞ্জ উপজেলার বিপুলাসার বাজারে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে নামেন তিনি। এসময় স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা দল বেঁধে মোটরসাইকেলে করে এসে হামলা চালায়। হামলায় বুলু মারাত্মক আহত হন। এসময় তার স্ত্রী শামীমা বরকত লাকীর হাত ভেঙে যায়। বেগমগঞ্জ উপজেলা যুবদলের সদস্য সচিব মহিউদ্দিন রাজুও এসময় আহত হন। আহতদের উদ্ধার করে স্থানীয় ভূইয়াঁ মেডিকেল হাসপাতালে চিকিৎসা দিয়ে পুনরায় ঢাকায় রওয়ানা হন তিনি।

  • কুমিল্লায় ২ বাসের প্রতিযোগিতায় স্বামী স্ত্রীসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত

    নিজস্ব প্রতিবেদক:
    কুমিল্লার মনোহরগঞ্জে একুশে এক্সপ্রেস বাসের ধাক্কায় অটোরিকশার যাত্রী স্বামী-স্ত্রীসহ ৩ জন নিহত হয়েছেন। সোমবার (২ নভেম্বর) সকাল ৯টা ১৫ মিনিটে কুমিল্লা-নোয়াখালী মহাসড়কের বিপুলাসার ইউনিয়নের বিহড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

    নিহতরা হলেন সায়মুনা (২০), সেলিনা আক্তার (৪৫), তার স্বামী রহুল আমিন (৬৫)। নিহত ৩ জনই বিপুলাসার ইউনিয়নের সাইকচাইল গ্রামের বাসিন্দা। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলার নাথের পেটুয়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ জাফর আহম্মেদ।

    তিনি বলেন, একুশে এক্সপ্রেসের বাসটি হিমাচল এক্সপ্রেসের বাসকে ওভারটেক করার চেষ্টা করলে একুশে এক্সপ্রেসের ধাক্কায় একটি অটোরিকশা দুমড়েমুচড়ে যায়। এ সময় অটোরিকশায় থাকা রুহুল আমিন ও সেলিনা বেগম নামের দম্পতি ঘটনাস্থলে মারা যান।

    পরে হাসপাতালে নেওয়ার পথে সায়মুনা আক্তার নামের আরেক কলেজ ছাত্রীও মারা যায়। বাস ও আটোরিকশা জব্দ করা হয়েছে। এ ঘটনায় অটোরিকশাচালক খোকন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

  • কুমিল্লায় হিমাচল বাসের ধাক্কায় সিএনজির ৩ যাত্রী নিহত, পরিচয় শনাক্ত !

    নিজস্ব প্রতিবেদক:

    কুমিল্লার মনোহরগঞ্জে বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিন আহত হয়েছেন। শনিবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১০টা ৪৫ মিনিটে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের নাথেরপেটুয়া পুরাতন বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন মনোহরগঞ্জ থানার নাথেরপেটুয়া ফাঁড়ি ইনচার্জ পরিদর্শক জাফর ইকবাল।

    নিহতরা হলেন, অটোরিকশা যাত্রী মনোহরগঞ্জের খিলা গ্রামের মোঃ রাফি (২৩), নোয়াখালী চাটখিল এলাকার ইয়াছিন ( ৩২) , অটোরিকশা চালক নোয়াখালী জেলার পাঁচকুড়া শাহাদাৎ হোসেন (২৩)

    আহতরা হলেন, মরিয়ম আক্তার তানহা (৭), নাবিল খান (১২), আবুল হোসেন (৬৫)। তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

    পরিদর্শক জাফর ইকবাল, নোয়াখালী থেকে কুমিল্লাগামী দ্রুত গতির হিমাচল পরিবহনের ( চট্ট মেট্রো ব ১১-০৭৭৩) একটি বাস মনোহরগঞ্জের নাথেরপেটুয়া এলাকায় প্রথমে একটি ট্রাক্টরকে ও ব্যাটারি চালিত মিশুককে ধাক্কা দেয়। পরবর্তীতে বৈদ্যুতিক খুটির সাথে ধাক্কা লেগে লাকসামগামী সিএনজি চালতি অটোরিকশাকে চাপা দেয়। এসময় ঘটনাস্থলেই সিএনজি অটো রিকশা চালক,যাত্রীসহ ৩জন মারা য়ায। স্থানীয়রা উদ্ধার ৩ জনকে হাসপাতালে নেয়া হয়েছে। আহত আবুল হোসেনের অবস্থা আশংকাজনক হওয়ায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

    তিনি আরও বলেন,দুর্ঘটনাকবলিত বাস সিএনজি চালিত অটোরিকশা, ট্রাক জব্দ করা হয়েছে । এখন যান চলাচল স্বাভাবিক রয়েছে। দুর্ঘটনার পর থেকে বাসের চালক ও সহকারী পলাতক রয়েছে। এ ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন । আইনী কার্যক্রম শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

  • কুমিল্লায় বিদ্যুৎস্পৃষ্ট ও দগ্ধ হয়ে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু !

    নিজস্ব প্রতিবেদক:

    কুমিল্লার লাকসাম ও মনোহরগঞ্জে পৃথক ঘটনায় দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মনোহরগঞ্জ ঝলমের ধিকচান্দা গ্রামে নিজ বসত ঘরে বিদ্যুৎস্পৃষ্টে  বাইজিদ রহমান  নামে চার বছর বয়সী  শিশুর মৃত্যু হয়েছে। বাইজিদ সৌদিপ্রবাসী জাকির হোসেন সুমনের ছেলে।

    বিষয়টি নিশ্চিত করে ঝলম উত্তর ইউনিয়নের চেয়ারম্যান ইকবাল হোসেন বলেন, শুক্রবার সকালে নিজের ঘরে টেবিলের ওপর থাকা একটি মাল্টিপ্লাগে হাত দিলে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে পড়ে যায়। পরিবারের লোকজন বাইজিদকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

    অপর দিকে লাকসামে আগুনে দগ্ধ হয়ে ৪ দিন মৃত্যু সাথে পাঞ্জা লড়ে মারা গেছেন তিন বছরের শিশু রায়হান।গত সোমবার কুমিল্লার লাকসাম পৌর শহরের কার্দ্রা এলাকায়  মাঠে বল নিয়ে খেলা করছিল। একপর্যায়ে বলটি মিলের ছাইয়ের ওপর পড়ে। এ সময় শিশু রায়হান বলটি আনতে গেলে সে জ্বলন্ত ছাইয়ে দগ্ধ হয়।শিশু রায়হান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কার্দ্রা গ্রামের শাহ আলমের ছেলে।  চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ভোরে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট হাসপাতালে শিশুটির মৃত্যু হয়।

    লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন ভূঁইয়া বলেন, আলিফ অটো রাইস মিলের বিরুদ্ধে একটি অভিযোগ এসেছে।  এ ঘটনায় তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।