Category: দেবিদ্বার

  • জমিতে পড়েছিল অজ্ঞাত নবজাতক; কোলে করে হসপিটালে নিয়ে দায়িত্ব নিলেন দেবিদ্বারের ওসি !

    নিজস্ব প্রতিবেদক:

    কুমিল্লা দেবিদ্বারে অজ্ঞাত নবজাতককে জমিতে থেকে উদ্ধার করে দায়িত্ব নিলেন দেবিদ্বার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমান ।

    বুধবার (১ সেপ্টেম্বর) দুপুর ২ টায় মোহপুর ইউনিয়নের ভৈষরকোট এলাকার একটি সবজি ক্ষেত নবজাতকটিকে দেখতে পায় স্থানীয়রা । পরে খবর পেয়ে শিশুটিকে কোলে করে হাসপাতালে নিয়ে গেলেন ওসি আরিফুর রহমান।

    জানা যায়, মঙ্গলবার রাতের কোন এক সময় অজ্ঞাত নবজাতককে কে বা কারা জমিতে ফেলে রেখে চলে যায়। বর্তমানে শিশুটি দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসাধীন রয়েছে। সেখানে একটি কেবিনের ব্যবস্থা করে শিশুটির চিকিৎসা সেবা নিশ্চিত ও যাবতীয় খরচের দায়িত্ব গ্রহন করেন ওসি।

    বিষয়টি নিশ্চিত করে দেবিদ্বার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমান, শিশুটিকে যারা জন্মের পরে ফেলে দিয়েছে তারা অত্যন্ত অমানবিক কাজ করেছে। নবজাতকটিকে পোকামাকড় কামড়িয়ে বিভিন্ন স্থানে ক্ষত করে ফেলেছে। এমন অবস্থা দেখে খুবই খারাপ লেগেছে। কুমিল্লা পুলিশ সুপারের নির্দেশে নবজাতকটির সকল দায়িত্ব নেয়া হয়েছে। আনুমানিক বয়স দুইদিন হবে। এখন বিপদমুক্ত রয়েছে। শিশুটির পরিচয় শনাক্তে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি ।

  • কুমিল্লায় নারীকে লাঠিপেটার ভিডিও ভাইরাল: র‌্যাব পুলিশের অভিযানে আটক ৪

    দেবিদ্বার ও সিটি প্রতিনিধি:

    কুমিল্লার দেবিদ্বারে ধর্ষণচেষ্টার মামলা না তোলায় প্রকাশ্যে এক নারীকে লাঠিপেটার ঘটনায় জড়িত তিনজনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। শুক্রবার (২৬ আগস্ট) ভোর থেকে অভিযান চালিয়ে তাদের সদর উপজেলা থেকে আটক করা হয়েছে।

    বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১১, সিপিসি-২ কুমিল্লা ক্যাম্পের অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন।

    আটককৃতরা হলেন দেবিদ্বার উপজেলার কুরছাপ গ্রামের মৃত আলী হোসেন মুন্সী ছেলে নুরুল ইসলাম (৬৮), মোস্তফা কামাল (৬১) ও একই গ্রামের কাউছারের স্ত্রী মোসা: নারগিছ (৩০) । পলাতক রয়েছে মামলার প্রধান আসামী মো. কাউছার আহম্মেদ এবং মো. হাসান এবং পুত্রবধু আনিকা । এদিকে দেবিদ্বার থানা পুলিশ এই মামলার আরেক আসামী কুলসুমকে আটক করেছে। বিষয়টি নিশ্চিত করে দেবিদ্বার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমান বলেন, র‌্যাব ও পুলিশের যৌথ অভিযানে মামলার ৪ আসামীকে আটক হয় ।

    অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন প্রেস ব্রিফিংয়ে বলেন, নারীকে লাঠিপেটার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হলে আমাদের নজরে আসে । মামলা দায়েরের পর থেকে তারা কুমিল্লা জেলার বিভিন্ন স্থানে পলাতক ছিল । অভিযান পরিচালনা করে হত্যা চেষ্টা মামলার পলাতক তিনজনকে আটক করা হয়েছে। এছাড়া দেবিদ্বার থানা পুলিশে আরেক আসামীকে আটক করে ।

    মামলার প্রধান আসামী মো. কাউছার আহম্মেদ বিদেশ পালিয়ে গেছেন কিনা সাংবাদিকদের এমন প্রশ্নে অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব বলেন, প্রধান আসামী কাউছার বিদেশ চলে গিয়েছে এ ধরণের তথ্য আমার পেয়েছি। তবে তা নিশ্চিত নয় । আমাদের অভিযান অব্যাহত থাকবে । আশা করি দ্রুত এই মামলার বাকি আসামীদেরও গ্রেফতার করা হযেছে।

    উল্লেখ্য, কয়েক মাস আগে নির্যাতিত নারীর স্বামী জামাল উদ্দিন তার মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে কুমিল্লার আদালতে হাসান নামের একজনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। অভিযুক্ত হাসান মেয়ের আপন চাচাতো ভাই। মামলার পর থেকে পারিবারিক দ্বন্দ্ব আরও বাড়তে থাকে।

    গত ২০ আগস্ট এর জেরে দুই পক্ষের মধ্যে মারধরের ঘটনা ঘটে। একপর্যায়ে মো. হাসানের বড় ভাই কাউছার আহম্মেদসহ অন্য আসামিরা ভুক্তভোগী ওই কিশোরীর মাকে রাস্তা দিয়ে যাওয়ার সময় প্রকাশ্যে লাঠিপেটা করেন। এ সময় কাউছারকে স্থানীয় কয়েকজন থামানোর চেষ্টা করেও ব্যর্থ হন। এ ঘটনার ধারণ করা ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। এ ঘটনায় বৃহস্পতিবার (২৬ আগস্ট) রাতে দেবিদ্বার থানায় একটি মামলা দায়ের করেন ভুক্তভোগী নারীর স্বামী মো. জামাল হোসেন। এই মামলায় এখন পর্যন্ত ৪ জন আসামী গ্রেফতার হয়েছে।

  • কুমিল্লায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

    নিজস্ব প্রতিবেদক:

    কুমিল্লার দেবিদ্বারে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৩ আগষ্ট) বিকেল ৫ টায় বড়শালঘর গ্রামে এ ঘটনা ঘটে । তারা সম্পর্কে মামা -ভাগ্নে এবং বড়শালঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্র ।

    বিষয়টি নিশ্চিত করেছে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক রুজিনা আক্তার ।নিহতরা হলো দেবিদ্বার উপজেলার বড়শালঘর গ্রামের মহসিন মিয়ার ছেলে হৃদয় (৭) এবং অনন্তপুর গ্রামের অলী মিয়ার ছেলে আরিয়ান (৬)।

    পারিবারিক সূত্রে জানা যায়, আরিয়ান বড়শালঘর থেকে পড়াশুনা করে । শুক্রবার সকাল থেকে তারা নিখোঁজ হয় । দুপুরে খাবার সময় তাদের দেখতে না পেয়ে পরিবার লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুজি করে। পরবর্তীতে বিকাল ৫ টায় বাড়ির পাশে বাদশা মিয়ার বাগান বাড়ির পুকুরে তাদের ভাসতে দেখে স্থানীয়রা । তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

    দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক রুজিনা আক্তার বলেন, সন্ধ্যায় দুইটি শিশুকে হাসপাতালে আনা হয়। তবে তারা আগেই মারা গিয়েছে। পানিতে ডুবে তাদের মৃত্যু হয়েছে । পরবর্তীতে পরিবারের সদস্যারা মরদেহ বাড়িতে নিয়ে যায়।

  • দেবিদ্বারে মেধাবী শিক্ষার্থী এনামুলের দুটি কিডনি বিকল সাহায্যের আবেদন।

    নিজস্ব প্রতিবেদক:

    দেবিদ্বার উপজেলা বারুর গ্রামের মেহের বস্কের বাড়ির আমাদের বন্ধু এনামুল হক, সে দেবিদ্বার সুজাত আলী সরকারি কলেজ থেকে ২০১৪ সালে কৃতিত্বের সাথে এইচএসসি পাশ করে, বর্তমানে কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রী কলেজে অনার্স শেষ বর্ষের ছাত্র, তার স্বপ্ন ছিল পড়ালেখা শেষ করে ভালো চাকরি নিয়ে পরিবারের পাশে দাঁড়াবেন।

    কিন্তু হঠাৎ অসুস্থ হলে তাকে ডাক্তারের কাছে নেওয়া হলে, ডাক্তার পরীক্ষা-নিরীক্ষা করে বলে তার দুটি কিডনি বিকল, তাকে ডাক্তারের পরামর্শে সপ্তাহে তিনবার কিডনি ডায়ালাইসিস করতে হয়,দুব্যাগ রক্ত ও ওষুধ খরচ বাবদ সপ্তাহে অনেক টাকা লাগে, বর্তমানে সে ঢাকা বারডেম ও ধানমন্ডি গণস্বাস্থ্য হাসপাতালে থেকে চিকিৎসা নিচ্ছেন, তার দরিদ্র বাবার পক্ষে চিকিৎসা খরচ চালানো সম্ভব হচ্ছে না, ডাক্তার বলছে এনামুল হককে বাচাতে কিডনি ট্রান্সপ্লান্ট করা খুব জরুরি, এতে প্রায় ২০ লক্ষাধিক টাকার প্রয়োজন।

    অসুস্থ এনামুলের বিকাশ নাম্বারে (01837162630) সহযোগিতা পাঠাতে পারেন, অসুস্থ এনামুল বলেন প্রিয় দেশবাসী, আমার বাবা দরীদ্র কৃষক, পরিবারের অতিরিক্ত আয়ের কোন উৎস নেই, আমার দুটি কিডনি বিকল, ডাক্তার বলেছেন খুব দ্রুত কিডনি ট্রান্সপ্লান্ট না করলে আমি বাঁচবো না, আপনারা আমাকে বাঁচাতে সহযোগিতা করুন, আমি আপনাদের সাথে আরও কিছুদিন এই সুন্দর পৃথিবীতে নিঃশ্বাস নিতে চাই, আমাকে বেঁচে থাকতে সহযোগিতা করুন, আমি বিশ্বাস করি আপনাদের একটু সহযোগিতা পেলে মহান আল্লাহতালা আমাকে ঠিক বাচিয়ে তুলবেন।।

  • কুমিল্লায় প্রতিবন্ধী তরুণীকে জোরপূর্বক ধর্ষণ, সন্তান প্রসব ; অভিযুক্ত সোহাগ আটক

    দেবিদ্বার প্রতিনিধি, কুমিল্লা

    কুমিল্লার দেবিদ্বারে বুদ্ধি প্রতিবন্ধি তরুনীকে ধর্ষণ ও পরবর্তীতে সন্তান প্রসব ঘটনায় অভিযুক্ত ধর্ষক মোঃ সোহাগ (২৫)কে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। শনিবার ( ২৪ জুলাই) রাতে কুমিল্লা জেলার দেবিদ্বারের বারেরা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে ।

    ধর্ষক সোহাগ দেবিদ্বার পৌরসভার ৯ নং ওয়ার্ড বারেরা কাজী বাড়ির মোঃ মফিজের ছেলে । বিষয়টি নিশ্চিত করেছে র‌্যাব ১১ সিপিসি-২ কুমিল্লার কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন।

    পারিবারিক সূত্রে জানা যায়, ধর্ষক সোহাগ গত ২০২০ সালের ১৫ সেপ্টেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত বুদ্ধি প্রতিবন্ধি তরুণী একাধিকবার জোরপূর্বক ধর্ষণ করে। বিভিন্ন সময়ে ধর্ষণের ফলে সে গর্ভবতী হয়ে পড়ে। বিষয়টি সমাধানের চেষ্ট করলে ভয়-ভীতি ও আইনের আশ্রয় না নেওয়ার জন্য হুমকি দেয়া হয়। ধর্ষিত তরুণীর পরিবারের আর্থিক অবস্থা খুবই খারাপ । সামাজিক লোক-লজ্জার ভয়ে ভিকটিমের পরিবার বিষয়টি কারো কাছে প্রকাশ করেনি এবং আইনের আশ্রয় নেয়নি। গত ১১ জুলাই ধর্ষিত নারী ছেলে সন্তান প্রসব করে। বিষয়টি নিয়ে সমাধান না হওয়ায় র‌্যাবের নিকট অভিযোগ দায়ের করে ভোক্তভোগী পরিবারটি।

    র‌্যাব ১১ সিপিসি-২ কুমিল্লার কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন বলেন, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ঘটনার সত্যতা স্বীকার করেছে । ধর্ষনের মতো সামাজিক অপরাধের বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

  • কুমিল্লা মেডিকেলের ভারপ্রাপ্ত পরিচালকের বাড়িতে ডাকাতি: আটক ৫.স্বর্ণলংকার উদ্ধার !

    দেবিদ্বার প্রতিনিধি, কুমিল্লা

    কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ও মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক ডা: রেজাউল করিমের গ্রামের বাড়িতে ডাকাতির ঘটনায় ৫ ডাকাতকে আটক করেছে দেবিদ্বার থানা পুলিশ ।

    মঙ্গলবার (১৩ জুলাই) রাতে অভিযান পরিচালনা করে লুন্ঠিত মালামালসহ ৫ ডাকাতকে আটক করেছে দেবিদ্বার থানা পুলিশ । বিষযটি নিশ্চিত করেছেন দেবিদ্বার সার্কেল এর সহকারী পুলিশ সুপার আমিরুল্লাহ । গত ২ জুলাই রাত ৩ টায় দেবিদ্বার কাবিলাপুর গ্রামে এ ডাকাতির ঘটনা ঘটে । পরবর্তীতে এ ঘটনায় একজনকে সন্দেহ করে অজ্ঞাতনামা ৬ জনের বিরুদ্ধ মামলা দায়ের করেন ডা: রেজাউল করিম ।

    আটককৃত ডাকাতরা হলেন, দেবিদ্বার উপজেলার নুরমানিকচর এলাকার নাজমুল হকের ছেলে মো : ফয়েজ, একই উপজেলার এলাহাবাদ এলাকার আব্দুল মালেকের ছেলে রফিক, ইন্দ্রবতী এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে মো: সোহেল, ছোটনা এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে মো: আনোয়ার হোসেন, বুড়িচং উপজেলার কালাকচুয়া এলাকার মৃত রাখাল চন্দ্র সাহার ছেলে রিপন চন্দ্র সাহা ।

    দেবিদ্বার সার্কেল এর সহকারী পুলিশ সুপার আমিরুল্লাহ বলেন, মামলা দায়ের পর কুমিল্লা সুপার ফারুক আহমেদ পিপিএম (বার) এর দিক নির্দেশনায় তথ্য প্রযুক্তি ব্যবহারসহ নানা কৌশলে দ্রুত সময়ের মধ্যে ৫ ডাকাতকে আটক করতে সক্ষম হয়েছি। আটককৃত আসামীদের জিজ্ঞাসাবাদ করে ডাকাতির সময় লুন্ঠিত ৮ ভরির অধিক স্বর্নলংকার উদ্ধার করা হয়েছে। যার আনুমানিক বাজার মূল ৫ লক্ষাধিক টাকা । অন্যান্য আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

    কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক অধ্যাপক ডা: রেজাউল করিম বলেন, গত ২ জুলাই রাত ৩ টায় বিল্ডিংয়ের গেইটের তালা ভেঙ্গে ভেতরে প্রবেশ ৭ ডাকাত । ড্রইং রুমের দরজার সিটকানি ভেঙ্গে আমার বৃদ্ধা মাকে গলায় রামদা ঠেকিয়ে জিম্মি করে রাখে । এসময় বিভিন্ন আসবাবপত্র ভাংচুর করে স্বর্নালংকার , নগদ টাকা, মোবইল ফোন নিয়ে যায় । পরবর্তী মামলা দায়ের পর পুলিশ সুপার নির্দেশে দ্রুত সময়ে আসামীদের গ্রেফতার করেছে । এ ঘটনায় যারাই জড়িত তাদের দৃষ্টান্ত মূলক শাস্তি চাই ।

  • কুমিল্লায় নিখোঁজের দুইদিন পর ডোবায় মিলল কিশোর জামশেদের লাশ


    জেলা প্রতিনিধি, কুমিল্লা


    কুমিল্লার দেবিদ্বারে নিখোঁজের দুইদিন পর জামশেদ (১৬) নামে মানসিক প্রতিবন্ধী কিশোরের  লাশ উদ্ধার করেছে পুলিশ। সে দেবিদ্বার ছোট আলমপুর এলাকার মো: হোসেন মিয়ার ছেলে।


    দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বিষয়টি নিশ্চিত করেছে।
    বুধবার (১৪ জুলাই) সকাল  ১১টায় শিবনগর গোমতী বেড়িবাঁধ এর ভিতরে স্থানীয়রা লাশ ভাসতে দেখে পুলিশকে জানায়। খবর পেয়ে ঘটনাস্থলে এসে  দেবিদ্বার থানা পুলিশ লাশ উদ্ধার করে।


    নিহত জামশেদের পিতা মো: হোসেন বলেন, ১১ জুলাই রিকশা থেকে পড়ে হাত ভেঙ্গে যায় জামশেদের।  হসপিটাল থেকে বাড়িতে নিয়ে আনা হয়। পরদিন ১২ জুলাই সে কাউকে না বলে বাড়ি থেকে বের হয়ে যায়। তারপর অনেক জায়গায় খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। আজ সকালে জানতে পেরেছি ডোবায় তার মরদেহ পাওয়া গেছে। সে মানসিক প্রতিবন্ধি ছিল।


    বিষয়টি নিশ্চিত করে দেবিদ্বার থানার উপ পরিদর্শক ( এস আই)   ওমর ফারুক জানান, খবর পেয়ে সাড়ে ১১ টায় লাশ  উদ্ধার করেছি। আইনী প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় পরিবারের কোন  অভিযোগ নেই।

  • কুমিল্লায় ট্রাকের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত

    জেলা প্রতিনিধি, কুমিল্লা

    কুমিল্লার দেবিদ্বারে ট্রাকের ধাক্কায় অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। মঙ্গলবার (১৩ জুলাই) সকাল সাড়ে ৬টার দিকে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের চরবাকর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 


    নিহতরা হলেন- মুরাদনগর উপজেলার দারোরা গ্রামের মৃত বাচ্চুমিয়ার ছেলে আবুল কালাম (৪৫), একই উপজেলার রায়তলা গ্রামের লিটন মিয়ার স্ত্রী কামরুন্নাহার (৩০) এবং ছালিয়াকান্দি গ্রামের বাবুল মিয়া (৪০)। 

    মিরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মৃদুল কান্তি সরকার বলেন, সকালে মুরাদনগরগামী অটোরিকশাটিকে পেছন থেকে ধাক্কা দেয় একটি ট্রাক। এতে ঘটনাস্থলে একজন মারা যান। গুরুতর আহত দুইজনকে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখান থেকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অবস্থার অবনতি হওয়ায় ঢাকা নেয়ার পথে দুপুরে দুইজন মারা যান। 

    তিনি আরও বলেন, দুর্ঘটনার জন্য দায়ী ট্রাক এবং ক্ষতিগ্রস্ত অটোরিকশা জব্দ করা হয়েছে। নিহতরা সবাই অটোরিকশার যাত্রী ছিলেন। ধারণা করা হচ্ছে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাকে ধাক্কা দিয়েছে।

  • কুমিল্লায় মাটি চাপায় প্রাণ গেল শ্রমিকের!

    মাহফুজ নান্টু, কুমিল্লা ।।

    ড্রেজার দিয়ে পুকুর পাড়ে বাধ দেয়ার সময় মাটি চাপা পড়ে একজন শ্রমিক নিহত হয়। বুধবার বেলা ১২ টায় কুমিল্লা দেবিদ্বার উপজেলার ৪ নং সুবিল ইউনিয়নের পশ্চিম পোমকড়া গ্রামে এ ঘটনা ঘটে।

    নিহত শ্রমিকের নাম শফিকুর রহমান (৩৩)। তার বাবার নাম মোখলেছুর রহমান৷ ঘটনাস্থলের পাশেই তার বাড়ী।

    প্রত্যক্ষদর্শী এনামুল হক সবুজ জানান, সকাল থেকে ড্রেজার দিয়ে পুকুরের পাড় ভরাট করার কাজ চলছিলো। এ সময় হঠাৎ করে পুকুরপাড়টি গাছসহ ধসে পড়ে। এতে ঘটনাস্থলেই মাটি চাপা পড়ে শফিক নিহত হয়।

    পরে স্থানীয়রা মাটি সরিয়ে শফিকের মরদেহ উদ্ধার করে।

    নিহত শফিকের বাবা মোখলেস কান্নারত কন্ঠে বলেন , আমার পোলাডা বছর তিনেক আগে বিয়া করছে। ছয়মাস আগে একটা নাতি হইছে। অহন আমার নাতিডার কি অইবো।

    দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, ঘটনাস্থলে পুলিশ সদস্যরা রয়েছেন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রস্তুতি চলছে। এ বিষয়ে পরে বিস্তারিত বলা যাবে।

  • ভানী খাল ভরাট করে আশ্রয়ণ প্রকল্প করার অভিযোগ; জলাবদ্ধতা শঙ্কায় কৃষকরা

    নিজস্ব প্রতিবেদক:
    কুমিল্লার দেবিদ্বারে প্রবাহমান ভানী খাল ভরাট করা হচ্ছে। খাল ভরাটে বন্যা ও জলাবদ্ধতাসহ ফসলী জমি বিলীনের আশঙ্কায় দিশেহারা হয়ে পড়েছেন প্রায় ২০ গ্রামের সাধারণ মানুষ। অপূরুণীয় ক্ষতির শঙ্কায় কয়েকশ কৃষক পরিবার। ভানী খাল ভরাটে পানি চলাচলের রাস্তা বন্ধ হয়ে ফসলি জমি নষ্ট, জলাবদ্ধতা ও বন্যা সৃষ্টির ফলে ফসল উৎপাদনে ব্যর্থ হবেন কৃষকরা।

    তাদের অভিযোগ, ভানী খাল ভরাট করে সেখানে নির্মিত হচ্ছে গৃহহীন ও ভূমিহীনদের জন্য আশ্রয়ণ প্রকল্প। মাত্র ৪০ জন ভূমিহীনদের জন্য খালটি ভরাট করায় দেবিদ্বার উপজেলার ভানী, আছাদ নগর, খিরাইকান্দি, বখরিকান্দি, আন্দিরপাড়, মধ্যনগর, টেবারিয়াসহ প্রায় ২০ গ্রামের সাধারণ মানুষ এবং কয়েকশ কৃষক পরিবার দুর্ভোগে পড়বেন। দ্রæত ওই খাল উদ্ধারের দাবি জানিয়েছেন স্থানীয় ভূক্তভোগীরা।
    ভুক্তভোগী এলাকাবাসী জানান, দেবিদ্বার উপজেলার ১২ নং ভানী ইউনিয়নের ৮ নং ওয়ার্ড ভানী গ্রামের মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী মহৎ উদ্যোগে আশ্রয়ণ প্রকল্প-২ এর মাধ্যমে সারাদেশে গৃহহীন ও ভূমিহীনদের ঘর ও জায়গা দেয়া হচ্ছে। প্রধানমন্ত্রীর এই মহৎ উদ্যোগ বাস্তবায়নে রাজনৈতিক দ্বন্ধ তৈরি করে দেবিদ্বারের ভানী ইউনিয়নের ইউপি চেয়ারম্যান ব্যাপক অনিয়মের আশ্রয় নিয়েছেন। যা প্রধানমন্ত্রীর এই উদ্যোগকে সাধারণ জনগণের কাছে প্রশ্নবিদ্ধ করছে।

    দেবিদ্বারের ভানী ইউনিয়নের আরও একাধিক স্থানে সরকারের খাস জমি থাকলেও ভুক্তভোগীদের অভিযোগ, ইউপি চেয়ারম্যান ও কিছু অসাধু ব্যক্তির যোগসাজসে লাখ লাখ হেক্টর ফসলী জমির পানি নিষ্কাশনের একমাত্র খাল গোমতী নদীর শাখা ভানী খাল ভরাট করে প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। এটি বাস্তবায়ন হলে কৃষি জমিতে পানির সেচ এবং বর্ষার পানি নিষ্কাশনসহ পানি চলাচলের রাস্তা বন্ধ হয়ে ফসলি জমি নষ্ট, জলাবদ্ধতা ও বন্যা সৃষ্টি হবে। এতে করে অপূরুনীয় ক্ষতি সম্মখিন হবে কয়েকশ কৃষক পরিবার।
    এলাকাবাসীর আরও অভিযোগ, আশ্রয়ণ প্রকল্পে গৃহহীনদের জন্য ঘর নির্মাণে ভরাটকৃত ভানী খাল পাড়ের সরকারী খাস জায়গাটি বন্দোবস্ত দেয়া হয়েছিলো ১৩জন দরিদ্র ব্যক্তির মাঝে। যার দাগ নং- ১৮৪৯। বন্দোবস্তকৃত সম্পত্তির কাগজপত্র বাতিল না করেই ভেকুদ্বারা ৮/৯ ফুট গভীর করে উক্ত প্রকল্পের জন্য মাটি কাটার কাজ করা হয়েছে। বন্দোবস্তকৃত সম্পত্তিতে মাটি কাটায় বাধা প্রদানে কোন প্রকার আশ্বাস বা সান্ত¡না না দিয়ে উল্টো মারধরসহ হত্যার হুমকি প্রদর্শন করা হয়েছে।


    অন্যদিকে এই প্রকল্পের প্রয়োজনীয় মাটির জন্য প্রকল্প থেকে ৮০০ গজ উত্তরে জোরপূর্বক অবৈধভাবে স্থানীয়দের মালিকানাধীন পুকুরে ড্রেজার বসানো হয়েছে। উক্ত পুকুর পাড়ে প্রায় ১শত পরিবারের বসবাস। ড্রেজার মেশিনের সাহায্যে এই পুকুর থেকে মাটি, বালু উত্তোলনে আশপাশের বাড়ি, ঘর পুকুরে ভেঙ্গে মারাত্মক হুমকির মুখে পড়বে। এই সব অভিযোগে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও প্রকল্প বাস্তবায়ন সংশ্লিষ্টদের দুষছেন এলাকাবাসী।
    খাল ভরাটে ৭০ বছরের বৃদ্ধ কৃষক আবদুল মজিদ জানান, মাঠে তেমন ব্যক্তিগত ফসলী জমি নেই। অন্যের জমি বর্গা নিয়ে ফসল উৎপাদক করে সংসার চালিয়ে যাচ্ছেন। পানি সেচ এবং বর্ষা শেষে জমি থেকে পানি নিষ্কাশনের একমাত্র ভরসা এই ভানী খাল। এটি ভরাট করায় পানির চলাচল বন্ধ হয়ে ফসলী জমিতে জলাবদ্ধতার আশঙ্কা তৈরি হয়েছে। আর জলাবদ্ধতা সৃষ্টি হলে বন্ধ হয়ে পড়বে ফসলী জমিতে চাষাবাদ। বিপাকে পড়ে শতশত কৃষক পরিবার।
    বন্দোবস্তকৃত সম্পত্তি দখলের বিষয়ে আবুল কালাম নামে বাসিন্দা জানান, ভানী মুজা গ্রামের মৌজার ১৮৪৯ দাগে তারা ১৩ জন দরিদ্র ব্যক্তি ভরাট খাল পাড়ে সরকার থেকে সম্পত্তি বন্দোবস্ত নেয়। বন্দোবস্তের সকল ধরণের কাগজপত্র ভুক্তভোগীদের কাছে আছে। কিন্তু আশ্রয়ণ প্রকল্প বাস্তবায়ন করতে গিয়ে তাদেরকে কোন প্রকার চিঠি বা নোটিশ না দিয়ে ভেকুদ্বারা ৮/৯ ফুট গভীর করে মাটি কাটার কাজ করা হয়। ভুক্তভোগিরা বাধা দিতে গেলে তাদের কোন কাগজপত্র না দেখে স্থানীয় ইউপি চেয়ারম্যানের লোকজন বন্দোবস্ত নেয়া ব্যক্তির মারধর ও হত্যার হুমকি প্রদান করা হয়।
    কামরুল হাসান মামুন নামে আরও এক ভুক্তভোগী বাসিন্দার অভিযোগ, আশ্রয়ণ প্রকল্পে মাটি ভরাটের জন্য তাদের পুকুরে ড্রেজার মেশিন বাসনো হয়েছে মাটি ও বালু উত্তোলন করার জন্য। ড্রেজার দিয়ে বালু উত্তোলন করা শুরু করলে পুকুরের চার পাশে থাকা শত বসতির ঘর, বাড়ির ভেঙ্গে পড়ার শঙ্কা তৈরি হয়েছে। তারা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন।
    খাল ভরাটের বিষয়ে ভানী ইউনিয়নের ইউপি চেয়ারম্যান মো. নুরুজ্জামান ভ‚ঁইয়া জানান, ভরাটকৃত অংশ সরকারি খাস জমি। খাল পূর্বেই দখল করা হয়েছে। প্রকল্প বাস্তবায়ন করতে খালের দখলকৃত অংশ উচ্ছেদ করবে প্রশাসন, যাতে পানির চলাচল বন্ধ হয়ে কৃষকরা ক্ষতিগ্রস্ত না হয়। অন্যদিকে পুকুরে নয় খালে ড্রেজার বসানো হয়েছে। মানুষের যেন ক্ষতি না হয় সেই বাবস্থা করা হবে।
    এ বিষয়ে কুমিল্লার জেলা প্রশাসক কামরুল হাসান বলেন, গৃহহীন ও ভ‚মিহীনদের আশ্রয়ণ প্রকল্প বাস্তবায়নে যাতে কোন সাধারণ মানুষ ক্ষতির সম্মখিন না হয়, সেদিকে আমরা সবসময় খেয়াল রাখছি। ভানী খাল ভরাট, বন্দোবস্ত সম্পত্তি দখল ও ড্রেজার বসানোর কোনটাই সত্য নয়। অভিযোগ পেয়ে দেবিদ্বার উপজেলার নির্বাহীর সঙ্গে কথা হয়েছে। যতটুকু জানতে পেরেছি ভানী গ্রামে গৃহহীন এই প্রকল্প বাস্তবায়ন নিয়ে স্থানীয় রাজনীতির পুরানো দ্ব›দ্ব কাজ করছে। খাল ভরাটে কৃষকরা যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সেটি মাথায় থাকবে আমাদের।