Category: জাতীয়

  • কুমিল্লায় স্ত্রী হত্যায় স্বামী আটক

    মাহফুজ নান্টু, কুমিল্লাঃ

    কুমিল্লায় স্ত্রীকে হত্যার একমাস পর ঘাতক স্বামী দেলোয়ার হোসেনকে আটক করেছে পুলিশ। গতকাল বিকেল ৪ টায় কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলার আমনগন্ডার শালুকিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

    আজ মঙ্গলবার দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আমুলি আদালত ১ এর বিচারক গোলাম মাহবুব খানের আদালতে স্ত্রী হত্যার কথা স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দেয়।পরে বিকেল তিনটায় আদালত তাকে কারাগারে প্রেরণ করেন।

    মামলার তদন্তকারী কর্মকর্তা কোতয়ালী মডেল থানার উপপরিদর্শক ও ছত্রখীল পুলিশ ফাঁড়ির ইনচার্জ শরিফুর রহমান জানান, গত ১২ মার্চ কুমিল্লা সদর উপজেলার পালপাড়া নিজ বাড়িতে ছুরিকাঘাতে দেলোয়ার তার স্ত্রী রোকসানাকে খুন করে। পরে ঘটনার একমাস পর অভিযান চালিয়ে তাকে গতকাল সোমবার চৌদ্দগ্রামে তার এক আত্মীয়ের বাড়ী থেকে আটক করি। আজ আদালতে তার জবানবন্দি হয়। ঘাতক দেলোয়ার জানায়, তার স্ত্রী একটি হসপিটালে কাজ করতো। পাশাপাশি শহরে একটি ভাড়া বাসায় ছেলে মেয়ে নিয়ে থাকতো৷ বিষয়টি পছন্দ করতো না দেলোয়ার। সে প্রায়ই তার স্ত্রীকে চাকরী ছেড়ে দেয়ার কথা বলতো। চাকরী না ছাড়ায় কৌশলে দেলোয়ার পালপাড়া নিজের বাড়ীতে স্ত্রী রোকসানাকে এনে ছুরিকাঘাতে হত্যা করে।

    উল্লেখ্য, গত ১২ মার্চ শুক্রবার রাতে দাম্পত্য কলহের জেরে রোকসানা আক্তারকে কুপিয়ে হত্যা করে তার স্বামী দেলোয়ার হোসেন। দেলোয়ার-রোকসানা দম্পতির এক ছেলে ও এক মেয়ে। মেয়ে এসএসসি পরীক্ষার্থী এবং ছেলে নবম শ্রেণিতে পড়ছে।

  • ৩০ মার্চ নয়; ঈদের পরই খুলতে পারে শিক্ষাপ্রতিষ্ঠান: শিক্ষামন্ত্রী

    অনলাইন ডেস্ক:
    করোনা (কোভিড-১৯) পরিস্থিতি বিবেচনায় আগামী ৩০ মার্চ নয়, ঈদের পরই খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান।বৃহস্পতিবার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে গণহত্যা দিবসের আলোচনা সভা শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। এ সময় করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় শিক্ষার্থীদের স্বাস্থ্যের কথা বিবেচনায় নিয়েই এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান দীপু মনি।

    এর আগে বুধবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন বলেন, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৩০ মার্চ শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার সিদ্ধান্ত থাকলেও সেদিন পবিত্র শবে বরাতের ছুটি ঘোষণা করা হয়েছে। এ কারণে সেদিন স্কুল-কলেজ খোলা হবে না।

    সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আগামী ১৫ এপ্রিল রোজা শুরু হতে পারে। সাধারণত রোজার মাসে স্কুল-কলেজ বন্ধ থাকে। এ ছাড়া ঈদের ছুটির পর ২৪ মে থেকে বিশ্ববিদ্যালয় এবং ১৭ মে থেকে হল খোলার ঘোষণা দেয়া আছে। সে ক্ষেত্রে আগামী দিনে করোনার সংক্রমণ কমে গেলে ঈদের পর বিশ্ববিদ্যালয়ের সঙ্গেই স্কুল-কলেজ খোলা হতে পারে।

    এদিকে গত ২৭ ফেব্রুয়ারি আন্তঃমন্ত্রণালয়ের বৈঠক শেষে শিক্ষামন্ত্রী জানিয়েছিলেন, আগামী ৩০ মার্চ দেশের সব স্কুল-কলেজ খুলে দেয়া হবে।

  • মোদিবিরোধী বিক্ষোভ থেকে ‘শিশুবক্তা’ রফিকুল আটক

    অনলাইন ডেস্ক:

    রাজধানীর মতিঝিল শাপলাচত্বর এলাকায় মোদি বিরোধী বিক্ষোভে পুলিশের সঙ্গে যুব অধিকার পরিষদের ধাওয়া-পাল্টা ধাওয়া চলছে। এ সময় ঘটনাস্থল থেকে রফিকুল ইসলাম মাদানী ওরফে শিশু বক্তাকে আটক করেছে পুলিশ।

    ধাওয়া-পাল্টা ধাওয়ার জেরে শাপলাচত্বর হয়ে দৈনিক বাংলা-গুলিস্তান রাস্তাটি বন্ধ রয়েছে। ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। তবে বিকল্প রাস্তা হিসেবে শাপলাচত্বর থেকে ফকিরাপুল হয়ে গাড়ি চলাচল করছে।

    এর আগে, মঙ্গলবার (২৩ মার্চ) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি সংলগ্ন ডাস চত্বরে নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের প্রতিবাদে প্রগতিশীল ছাত্রজোটের বিক্ষোভ ও কুশপুতুল পোড়ানোর কর্মসূচিতে হামলার ঘটনা ঘটে।

    এতে সাংবাদিক এবং ছাত্রজোটের নেতাকর্মীসহ ২৫ জন আহতের খবর পাওয়া যায়। ওই হামলার জন্য ছাত্রলীগের নেতাকর্মীদের অভিযুক্ত করেন ছাত্রজোটের নেতারা

  • দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৭ জন নিহত, আহত অর্ধশতাধিক!


    অনলাইন ডেস্ক:
    ঢাকা-সিলেট মহাসড়কের রশিদপুরে এনা পরিবহন ও লন্ডন এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ৭ জনের প্রাণহানি হয়েছে। এ ঘটনায় দুই বাসের আরও অর্ধশতাধিক যাত্রী আহত হয়েছেন বলে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।

    শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে দক্ষিণ সুরমা থানার রশিদপুর নামক স্থানে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে।

    দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

    তিনি জানান, ঢাকা থেকে ছেড়ে আসা লন্ডন এক্সপ্রেস (ঢাকা মেট্রো-ব ১৫-৩১৭৬) ও সিলেট থেকে ছেড়ে যাওয়া ঢাকামুখী এনা পরিবহনের (ঢাকা মেট্রো ব ১৪-৭৩১১) দ্রুতগতির দুটি বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে গেছে। এতে বহু যাত্রী হতাহত হয়েছেন। এরমধ্যে পুলিশ ঘটনাস্থলে চারজনের লা;শ উদ্ধার করে এমএজি ওসমানী মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে। অপর ছয়জনের মরদেহসহ বেশ কিছু আহত যাত্রীকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই হাসপাতালে পাঠানো হয়েছে।

    লন্ডন এক্সপ্রেসের যাত্রী জসিম আহমদ জানান, ঢাকা থেকে আসার পথে বারবার বাসের চালক ওভারটেক করছিলেন। তাকে কয়েকবার সর্তকও করা হয়। কিন্তু কথা শোনেননি। তিনি বাসটি খুব দ্রুতগতিতে চালাচ্ছিলেন বলে জানান জসিম।

    সুমন নামে আরেক যাত্রী জানান, লন্ডন পরিবহনের বাসে ২৯-৩০ জন যাত্রী ছিলেন। তাদের সবাই আহত হয়েছেন। এদের মধ্যে কয়েকজন মারাও গেছেন।

    ফায়ার সার্ভিস সিলেটের ভারপ্রাপ্ত ডিডি মো. কুবাদ আলী সরকার বলেন, ‌‘ঘটনাস্থল থেকে আমরা এসে ১০ জনকে উদ্ধার করেছি। এরমধ্যে সাতজনের মরদেহ রয়েছে। আরও বেশ কয়েকজন হতাহতকে এর আগেই ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’
    সূত্র; জাগো নিউজ

  • হলি আর্টিজানে হামলা: ৮ জনের বিরুদ্ধে চার্জশিট

    অনলাইন ডেস্ক:
    রাজধানীর গুলশানের হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলায় জড়িত ২১ জনকে চিহ্নিত করে ৮ জনের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে পুলিশ। ‘চিহ্নিত’ বাকি ১৩ জন নজিরবিহীন ওই হামলার পর বিভিন্ন অভিযানে নিহত হওয়ায় মামলা থেকে তাদের নাম বাদ দেয়া হয়েছে বলে জানান পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম। সোমবার সকালে মিন্টো রোডে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

    সিটিটিসি প্রধান বলেন, সব আনুষ্ঠানিকতা শেষ করে তারা ওই অভিযোগপত্র আদালতে পাঠিয়েছে। জীবিত আট আসামির মধ্যে ছয়জন গ্রেফতার হয়ে কারাগারে আছেন, বাকি দুজন পলাতক।

    চার্জশিটভুক্ত আসামিরা হলো— নব্য জেএমবির শীর্ষ নেতা জাহাঙ্গীর হোসেন ওরফে জাহাঙ্গীর আলম ওরফে রাজীব গান্ধী, রাকিবুল হাসান রিগ্যান, রাশেদুল ইসলাম ওরফে র‌্যাশ, সোহেল মাহফুজ, মিজানুর রহমান ওরফে বড় মিজান, হাদিসুর রহমান সাগর, শহিদুল ইসলাম খালেদ ও মামুনুর রশিদ রিপন। এদের মধ্যে খালেদ ও রিপন পলাতক। বাকিরা বিভিন্ন সময়ে গ্রেফতার হয়ে কারাগারে আছেন।

    অভিযোগপত্রে পলাতক দুই আসামি শহীদুল ইসলাম খালেদ ও মামুনুর রশিদ রিপনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা চাওয়া হয়েছে বলেও সংবাদ সম্মেলনে জানান সিটিটিসি প্রধান।

    ২০১৬ সালের ১ জুলাই রাত পৌনে ৯টার দিকে হলি আর্টিজানে হামলা চালিয়ে ১৭ বিদেশিসহ ২০ জনকে গুলি করে ও কুপিয়ে হত্যা করে জঙ্গি সন্ত্রাসীরা। জঙ্গিদের গ্রেনেড হামলায় ডিবির সিনিয়র সহকারী কমিশনার রবিউল করিম ও বনানী থানার ওসি সালাহউদ্দিন খান নিহত হন। আহত হন আরও ৩০ জন পুলিশ সদস্য। রাতভর বেশ কয়েকজনকে বেকারির মধ্যে অস্ত্রের মুখে জিম্মি করে রাখে জঙ্গিরা। ২ জুলাই ভোরে সেনাবাহিনীর কমান্ডো অভিযানের মধ্য দিয়ে জিম্মি সংকটের অবসান ঘটে। হামলায় অংশ নেয়া ছয় জঙ্গি অভিযানে নিহত হয়। হামলার পরদিন সকালে হলি আর্টিজান বেকারি থেকে গ্রেফতার নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক হাসনাত করিমের নাম এই অভিযোগপত্রে আসেনি। অভিযানে নিহত হলি আর্টিজানের পাচক সাইফুল ইসলামকে শুরুতে সন্দেহের তালিকায় রাখা হলেও তার সম্পৃক্ততার কোনো প্রমাণ তদন্তকারীরা পাননি।

    হামলায় অংশ নেয়া নব্য জেএমবির পাঁচ জঙ্গি নিবরাজ ইসলাম, মীর সামেহ মোবাশ্বের, রোহান ইবনে ইমতিয়াজ, খায়রুল ইসলাম পায়েল ও শফিকুল ইসলাম উজ্জ্বল নিহত হন ওই অভিযানে। এরপরে জঙ্গিবিরোধী বিভিন্ন অভিযানে হামলার ‘মূল পরিকল্পনাকারী’ তামিম চৌধুরী, জাহিদুল ইসলাম, তানভীর কাদেরী, নুরুল ইসলাম মারজান, আবু রায়হান তারেক, সারোয়ার জাহান, বাসারুজ্জামান চকলেট ও ছোট মিজানও নিহত হ

  • `৩ মাসের মধ্যে নোয়াখালী বিমানবন্দরের ভিত্তিপ্রস্তর স্থাপন’

    অনলাইন ডেস্ক:
    আগামী তিন মাসের মধ্যে নোয়াখালী বিমানবন্দরের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এ কে এম শাহজাহান কামাল। রবিবার (২২ জুলাই) বিকালে নোয়াখালীর সুবর্ণচর উপজেলার ধর্মপুর ইউনিয়নের চর শুল্লাকিয়ায় নির্মিত রানওয়ে পরিদর্শন শেষে এক জনসভায় তিনি একথা জানান।

    একেএম শাহজাহান কামাল বলেন, ‘নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে এ এলাকায় বিমানবন্দর স্থাপনের সম্ভাব্যতা যাচাইয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। আগামী তিন মাসের মধ্যে রির্পোট পাওয়া যাবে। এর ভিত্তিতে নোয়াখালী বিমানবন্দরের অবকাঠামো নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে।’

    তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী দেশের প্রতিটি জেলায় একটি করে বিমানবন্দর নির্মাণ করা হবে এবং সেই লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে।’

    এসময় উন্নয়নের ধারাবাহিকতা রক্ষার জন্য আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনাকে পুনরায় দেশ পরিচালনার দায়িত্ব দেওয়ার জন্য আহ্বান জানান।

    সদর উপজেলা চেয়ারম্যান শিহাব উদ্দিন শাহিনের সভাপতিত্বে জনসভায় আরও বক্তব্য রাখেন– নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী, জেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যক্ষ এএইচএম খায়রুল আনম সেলিম, লক্ষ্মীপুর আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু, সাধারণ সম্পাদক নুর উদ্দিন চৌধুরী নয়ন, বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মহিবুল হক প্রমুখ। এসময় জেলা প্রশাসক মাহবুব আলম তালুকদার, পুলিশ সুপার ইলিয়াস শরিফসহ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সূত্র” বাংলা ট্রিবিউন

  • প্রেমিকের হাত ধরে গৃহবধূ উধাও

    অনলাইন ডেস্ক:
    প্রেমের টানে ১ সন্তানের জননী আফসানা ২ সন্তানের জনক রাজুকে নিয়ে উধাও হওয়ায় বেগমগঞ্জ ও চৌমুহনী শহরে টক অব দ্য টাউনে পরিণত হয়েছে। এলাকাবাসী জানায় নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আলাইয়ারপুর ইউনিয়নের সুতা ব্যাপারী বাড়ির জান্নাতুল ফেরদাউস পলি’র সঙ্গে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ ইউনিয়নের পণ্ডিতবাড়ীর মহিব উল্যার পুত্র মিজানুর রহমান রাজুর সঙ্গে ৮ বছর পূর্বে পারিবারিক ভাবে বিবাহ হয়।

    বিয়ের পর তাদের কোল আলোকিত করে ২ সন্তান জন্ম নেয়। এরই মাঝে রাজুর সঙ্গে চরশাহী ইউনিয়নের ছোট বল্লভপুর গ্রামের রেনুমিয়া মাস্টারবাড়ির বীমার দালাল দুলালের ছেলে সুমন-এর স্ত্রী আফসানার পরকীয়ার সম্পর্ক ঘটে। তাদের পরকীয়া নিয়ে সবার মুখে মুখে পাড়া-মহল্লায় এমনকি চায়ের দোকানে আলোচনা-সমালোচনার ঝড় বইত। এরই সুবাধে গতকাল বিকালে দেহ ও মনের জ্বালা মিটাতে এক সন্তানের জননী আফসানা দুই সন্তানের জনক রাজুকে নিয়ে অজানার উদ্দেশ্যে পাড়ি জমিয়েছে।

    রাজুর স্ত্রী পলি সাংবাদিকদের জানান, বিবাহের পর থেকে ভালোভাবে আমরা দুইজন সংসার জীবন অতিবাহিত করে আসছি। যখন জানতে পেরেছি আমার স্বামী রাজু, সুমনের স্ত্রীর সঙ্গে পরকীয়ায় আসক্ত। তাকে নানা ভাবে ফেরানোর চেষ্টা করি, অবশেষে আমি ব্যর্থ। তিনি আরো জানান, চরিত্রহীন ওই নারী সুমনের ঘরে আসার আগেও আরো দুই সংসার ভেঙেছে। এখন বুঝি আমার কপালও পুড়েছে। রাজুর মা জানান, আমার ছেলে তার স্ত্রী ও নাতি-নাতনিকে নিয়ে সুখী ছিল। সে আমাদের সংসারে আসার পরে তার মা বাবার মতো সেবা-যত্ন করে যাচ্ছে। হঠাৎ এক ভয়াল আগ্রাসী থাবা বিলীন করে দিল সাজানো-গোছানো এ সংসারের সুখ।

    এ বিষয়ে মক্ষীরাণী আফসানার স্বামী সুমনের বাড়িতে জানতে গেলে সুমন সাংবাদিকদের দেখে পালিয়ে যায়। সুমনের পিতা বীমার দালাল দুলাল আওয়ামী লীগ নেতাদের নাম ব্যবহার করে হুমকি প্রদর্শন করে। তবে এলাকাবাসী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ নারী হিংস্র প্রকৃতির সে এর আগেও দুটি সংসার নষ্ট করে এসেছে। স্থানীয় জনগণের মাঝে ক্ষোভ ও নিন্দার ঝড় উঠেছে। সূত্র: মানবজমিন।

  • এক নজরে দেখে নিন এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল

    অনলাইন ডেস্ক:

    বৃহস্পতিবার দুপুরে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সচিবালয়ে সংবাদ সম্মেলনে ফল প্রকাশ করেন।

    এবার আটটি সাধারণ শিক্ষা বোর্ডের এইচএসসি, মাদ্রাসা শিক্ষা বোর্ডের আলিম ও কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসিতে (ভোকেশনাল) গড় পাসের হার ৬৬ দশমিক ৬৪ শতাংশ।

    বোর্ড পাসের হার জিপিএ-৫
    ঢাকা ৬৬.১৩% ১২,৯৩৮
    রাজশাহী ৬৬.৫১% ৪,১৩৮
    কুমিল্লা ৬৫.৪২% ৯৪৪
    যশোর ৬০.৪০% ২,০৮৯
    চট্টগ্রাম ৬২.৭৩% ১,৬১৩
    বরিশাল ৭০.৫৫% ৬৭০
    সিলেট ৬২.১১% ৮৭৩
    দিনাজপুর ৬০.২১% ২,২৯৭
    ৮ বোর্ডে পাস-৬৪.৫৫%  জিপিএ ৫-২৫,৫৬২
    মাদ্রাসা বোর্ড ৭৮.৬৭% ১,২৪৪
    কারিগরি বোর্ড ৭৫.৫০% ২,৪৫৬
    ডিআইবিএস (ঢাকা বোর্ড) ৮৭.৮২%
      গড় পাস-৬৬.৬৪% মোট জিপিএ ৫-২৯,২৬২

    সূত্র: জাগো নিউজ

  • সাড়ে ৩ হাজার জনের হজপালন অনিশ্চিত ; তলবেও হাজির হয়নি ১৫ এজেন্সি

    অনলাইন ডেস্ক:

    ফ্লাইটের টিকিটের জন্য প্রয়োজনীয় পে-অর্ডার ইস্যু না করায় ১৫টি হজ এজেন্সি থেকে নিবন্ধিত ৩ হাজার ৪৬৮ হজযাত্রীর হজপালন অনিশ্চিত হয়ে পড়ছে। গতকাল সোমবার সচিবালয়ে ধর্ম মন্ত্রণালয়ের সভাকক্ষে ধর্মসচিব আনিছুর রহমান পে-অর্ডার করেনি এমন ৪৪টি এজেন্সির মালিক/মোনাজ্জেমদের সভায় ডাকেন। ওই সভায় ২৯টি এজেন্সি উপস্থিত থাকলেও ১৫টি এজেন্সির কেউ সভায় আসেননি।

    ধর্ম মন্ত্রণালয়ের সহকারী সচিব (হজ) এস এম মনিরুজ্জামান স্বাক্ষরিত এক চিঠিতে ওই ১৫ এজেন্সির মালিক/মোনাজ্জেমদেরকে আগামীকাল আবার সভায় ডেকেছেন।

    আবাবিল ট্রাভেলস অ্যান্ড ট্যুরসের ২৫৬ জন, কেয়া এন্টারপ্রাইজ ট্রাভেল অ্যান্ড ট্যুরসের ১৯৮ জন, আসিফ ট্যুর অ্যান্ড ট্রাভেলসের ১৫৭ জন, আবতাহি এয়ার ট্রাভেলসের ২৬৪ জন, আজমল ট্রাভেল অ্যান্ড ট্যুরসের ১৬৪ জন, আল আবরার এভিয়েশনে ২৭২ জন, এইচএম এয়ার ট্রাভেলসের ৩০০ জন, জুয়েল এভিয়েশন সার্ভিসেসের ১৭৯ জন, লাবিব হজ ওভারসিজে ২৩৮ জন, মোকাররম ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের ১৭১ জন, আরব বাংলাদেশ ওভারসিজ অ্যান্ড হজ গ্রুপের ২১১ জন, মেসার্স এনএমএস এস ইন্টারন্যাশনালের ২৫২ জন, আল আমিন ইন্টারন্যাশনাল ট্রাভেল এজেন্টের ২৬৭ জন, সেরাপ এভিয়েশন সার্ভিসেস ২৯৯ জন ও এসএইচ এয়ার ইন্টারন্যাশনালের ২৪০ জনের একজনেরও পে-অর্ডার কাটা হয়নি।

    এদিকে আজ বিকেল ৩টায় ধর্ম মন্ত্রণালয়ের সভাকক্ষে ধর্ম সচিব অন্য ৮৮টি এজেন্সির সাথে সভায় বসছেন। তাদের মধ্যে অনেকে টিকিট কেটেছেন, কেউ কাটেননি। গতকাল সোমবার ৪৪টি এজেন্সিকে নিয়ে সভায় বসেছিলেন ধর্সসচিব আনিছুর রহমান।- জাগো নিউজ

  • মিথ্যা সনদ দিলে ডাক্তারদের জেল-জরিমানা

    অনলাইন ডেস্ক:
    মানসিক অসুস্থতা নিয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা সনদ দিলে জেল ও জরিমানার বিধান রেখে ‘মানসিক স্বাস্থ্য আইন, ২০১৮’ এর খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এ সংক্রান্ত অপরাধে জড়িত (মানসিক স্বাস্থ্যসেবায় পেশাজীবী হিসেবে নিয়োজিত) ব্যক্তিকে সর্বোচ্চ তিন লাখ টাকা অর্থদণ্ড বা এক বছরের সশ্রম কারাদণ্ড বা উভয়দণ্ডে দণ্ডিত করা হবে।

    প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেয়া হয়। রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) এন এম জিয়াউল আলম প্রেস ব্রিফিংয়ে এ অনুমোদনের কথা জানান।

    সচিব বলেন, ‘১৯২১ সালের একটি আইন ছিল দ্য লোনেসি অ্যাক্ট। এটিকে বাংলায় ও বর্তমান সময়ের প্রেক্ষাপটে মানসিক স্বাস্থ্য সমস্যা সংক্রান্ত নাগরিকদের মর্যাদা সুরক্ষা ও স্বাস্থ্যসেবা প্রদান, সম্পত্তির অধিকার নিশ্চিতকরণ, পুনর্বাসন ও সার্বিক কল্যাণ নিশ্চিতের উদ্দেশ্যে একটি যুগোপযোগী আইন প্রণয়নের উদ্যোগের অংশ হিসেবে আইনটি অনুমোদনের জন্য প্রস্তাব করা হয়েছে।’

    এর আগে ৩ জানুয়ারি এ আইনের খসড়া নীতিগত অনুমোদন দেয় মন্ত্রিসভা।

    আইনে ৩১টি ধারা রয়েছে জানিয়ে জিয়াউল আলম বলেন, ‘মানসিক স্বাস্থ্যবিষয়ক সব কার্যক্রম পরিচালনা, সম্প্রসারণ, উন্নয়ন, নিয়ন্ত্রণ ও সমন্বয়ের দায়িত্ব সরকারের ওপর অর্পণ করা হয়েছে।’

    তিনি বলেন, ‘প্রস্তাবিত আইন অনুযায়ী, মানসিক স্বাস্থ্যসেবায় পেশাজীবী হিসেবে নিয়োজিত কোনো ব্যক্তি মানসিক অসুস্থতা সম্পর্কিত বিষয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা সার্টিফিকেট দিলে সর্বোচ্চ তিন লাখ টাকা অর্থদণ্ড বা এক বছরের সশ্রম কারাদণ্ড বা উভয়দণ্ডে দণ্ডিত হবেন।’

    ‘এছাড়া অভিভাবক বা ব্যবস্থাপক মানসিক অসুস্থতায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা বা সম্পত্তির তালিকা প্রণয়ন বা ব্যবস্থাপনার দায়িত্বে অবহেলা বা আদালতের কোনো নির্দেশ বাস্তবায়ন না করলে সর্বোচ্চ পাঁচ লাখ টাকা জরিমানা বা তিন বছরের সশ্রম কারাদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন।’

    ‘কোনো ব্যক্তি এ আইনের অন্য কোনো বিধান বা এর অধীনে প্রণীত কোনো বিধি লঙ্ঘন বা লঙ্ঘনে সহযোগিতা বা প্ররোচনা বা প্রতিপালনের বিষয়াদি বা সরকারের কোনো আদেশ বা নির্দেশ প্রতিপালন না করা বা প্রতিপালন না করতে সহযোগিতা করা বা বাধা দিলে তিনি সর্বোচ্চ এক লাখ টাকা অর্থদণ্ড বা ছয় মাসের কারাদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন’ বলেও জানান জিয়াউল আলম।

    তিনি বলেন, ‘খসড়া আইনে মানসিক অসুস্থতায় আক্রান্ত ব্যক্তির দীর্ঘমেয়াদে চিকিৎসা প্রদান এবং এ সংক্রান্ত সংক্ষুব্ধতার ক্ষেত্রে প্রতিকারের লক্ষ্যে মানসিক স্বাস্থ্য রিভিউ মনিটরিং কমিটি গঠনের সুপারিশ করা হয়েছে। সরকারি-বেসরকারি পর্যায়ে মানসিক স্বাস্থ্য চিকিৎসাবিষয়ক হাসপাতাল স্থাপন, পরিচালনা ও মানসম্মত সেবা প্রদান সংক্রান্ত বিধানের উল্লেখ রয়েছে খসড়া আইনে।’

    এছাড়া মানসিক অসুস্থতায় আক্রান্ত ব্যক্তির অভিভাবক, নিয়োগ ও সম্পত্তি ব্যবস্থাপনা সংক্রান্ত বিষয়াদি সম্পর্কে আইনে উল্লেখ করা হয়েছে জানিয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব বলেন, ‘অভিভাবকহীন ও আত্মীয় পরিচয়হীন মানসিক অসুস্থতায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও পুনর্বাসন-সংক্রান্ত বিষয়াদি আইনে অন্তর্ভুক্ত করা হয়েছে। কোনো ব্যক্তির মানসিক অবস্থার বিচারিক অনুসন্ধানের প্রক্রিয়া-সংক্রান্ত বিধানও খসড়া আইনে রয়েছে।’

    মানসিক অসুস্থতায় আক্রান্ত ব্যক্তির বিচারপ্রাপ্তি নিশ্চিত করতে অপরাধ আমলে নেয়া এবং বিচার পদ্ধতি সম্পর্কে খসড়া আইনে একটি প্রস্তাবনা রয়েছে বলেও জানান জিয়াউল আলম।