Category: জাতীয়

  • কৃষককে অফিস থেকে বের করে দেওয়ায় দুই কৃষি কর্মকর্তাকে বদলি

    অনলাইন ডেস্ক:

    একগুচ্ছ ধান নিয়ে পরামর্শের জন্য মানিকগঞ্জের শিবালয় উপজেলা কৃষি অফিসে গেলে কৃষক ফজলুর রহমানকে বের করে দেওয়ার ঘটনায় অভিযুক্ত উপসহকারী কৃষি কর্মকর্তা সালাহউদ্দিন সুজনকে মানিকগঞ্জ থেকে দিনাজপুর অঞ্চলে এবং শিবালয় উপজেলা কৃষি কর্মকর্তা রাজিয়া তরফদারকে ফরিদপুরের সালথায় বদলি করা হয়েছে।

    বৃহস্পতিবার (৪ এপ্রিল) রাত ১০টার দিকে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক রবিআহ নূর আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

    তিনি বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্তে শিবালয় উপজেলা কৃষি অফিসের উপসহকারী কর্মকর্তাকে দিনাজপুরে বদলি করা হয়েছে এবং আজকের তারিখের আরেকটি অফিস আদেশে উপজেলা কৃষি কর্মকর্তা রাজিয়া তরফদারকেও ফরিদপুরের সালথা উপজেলায় বদলি করা হয়েছে।

    এদিকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অফিস আদেশ কপিতে দেখা গেছে, মানিকগঞ্জের শিবালয় উপজেলার কৃষি অফিসের উপসহকারী কর্মকর্তা মো. সালাহউদ্দিন সুজনকে দিনাজপুর অঞ্চলের অধীনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালকের কার্যালয়ে পদায়ন করা হয়েছে। আগামী ৩ এপ্রিলের মধ্য তিনি দায়িত্বভার হস্তান্তর করবেন, অন্যথায় ৪ এপ্রিল থেকে তাৎক্ষণিক অবমুক্ত (স্ট্যান্ড রিলিস) বলে গণ্য করা হবে।

    অপরদিকে কৃষি অধিদপ্তরের আজকের তারিখের অফিস আদেশ থেকে জানা গেছে, শিবালয় উপজেলা কৃষি কর্মকর্তা রাজিয়া তরফদারকে মানিকগঞ্জ থেকে ফরিদপুরের সালথা উপজেলায় পদায়ন করে বদলি করা হয়েছে। ওই অফিস আদেশে বলা হয়েছে, আগামী ১৬ এপ্রিল তিনি তার দায়িত্বভার হস্তান্তর করবেন। অন্যথায় ১৭ এপ্রিল থেকে তাৎক্ষণিক অবমুক্ত বলে গণ্য হবে।

    প্রসঙ্গত, মঙ্গলবার (২ এপ্রিল) জেলার শিবালয় উপজেলা কৃষি অফিসে ক্ষতিগ্রস্ত একগুচ্ছ ধান নিয়ে পরামর্শ নিতে যান কৃষক ফজলুর রহমান। কৃষি অফিসে দায়িত্বরত কৃষি কর্মকর্তার ওই কৃষকের সঙ্গে খারাপ আচরণ করা এবং কৃষককে অফিস থেকে বের করে দেওয়ার ঘটনায় ঢাকা পোস্টসহ বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসে। পরে তাদের নির্দেশে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক (উদ্ভিদ সংরক্ষণ) মো. শহিদুল আমিন এবং অতিরিক্ত উপ-পরিচালক (উদ্যান) মো. মামুন ইয়াকুবকে নিয়ে দুই সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়।

  • স্বাধীনতা দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

    নিজস্ব প্রতিবেদক:
    মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
    মঙ্গলবার (২৬ মার্চ) সাভারে জাতীয় স্মৃতিসৌধ থেকে ফিরে প্রধানমন্ত্রী ঢাকার ধানমন্ডি-৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।

    পুষ্পস্তবক অর্পণের পর বাংলাদেশের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি।বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে কিছু সময়ের জন্য অবস্থান করেন শেখ হাসিনা।এছাড়াও দলের কেন্দ্রীয় নেতাদের সাথে নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আরেকটি পুষ্পস্তবক অর্পণ করেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।১৯৭১ সালের ২৫ মার্চ মধ্যরাতে পাকিস্তানি হানাদার বাহিনী নিরস্ত্র বাঙালির ওপর ঝাঁপিয়ে পড়ার পর ২৬ মার্চ প্রথম প্রহরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন।দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে ৩০ লাখ মানুষের আত্মত্যাগের মধ্য দিয়ে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে।স্বাধীনতা দিবস উপলক্ষে এই দিনটি সরকারি ছুটির দিন হিসেবে পালিত হয়।
    সূত্র : ইউএনবি

  • আগের দাম ৫৯৫ টাকাতেই গরুর মাংস বেচবেন খলিল!

    অনলাইন ডেস্ক
    হঠাৎ করে গরুর মাংসের দাম কেজি প্রতি ১০০ টাকা বাড়িয়ে দিয়েছিলেন রাজধানীর উত্তর শাহজাহানপুরের মাংস ব্যবসায়ী খলিলুর রহমান। তবে এ সিদ্ধান্ত থেকে তিনি পিছু হটেছেন। আগামী সাত দিন প্রতি কেজি গরুর মাংস ৫৯৫ টাকাতেই বিক্রির কথা জানিয়েছেন খলিল। সেইসঙ্গে নতুন মূল্যে গরুর মাংস বিক্রি করার কথা জানিয়েছেন রাজধানীর আরও দুই আলোচিত ব্যবসায়ী উজ্জ্বল ও নয়ন।

    বাণিজ্য মন্ত্রণালয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে আজ রোববার দুপুরে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান তাঁরা।

    এ সময় আলোচিত ব্যবসায়ীরা জানান, গরুর দাম বেশি হওয়ার কারণে তাঁদের নতুন দামে মাংস বিক্রি করতে হচ্ছে।

    সংবাদ সম্মেলনে খলিল জানান, তিনি আগামী সাত দিন প্রতি কেজি গরুর মাংস ৫৯৫ টাকায় বিক্রি করবেন। তবে এই প্রথম সময় ও পশুর সংখ্যা নির্ধারণ করেছেন তিনি। জানান, প্রতিদিন ২০টি গরু বিক্রি করবেন। সকাল থেকে বিকাল ৩টা পর্যন্ত মিলবে মাংস।

    এদিকে মিরপুরের উজ্জ্বলও ৫৯৫ টাকায় প্রতি কেজি গরুর মাংস বিক্রি শুরু করেন। তবে এবার তিনি প্রতি কেজি মাংস বিক্রি করবেন ৬৩০ টাকায়। আর পুরান ঢাকার নয়ন বিক্রি করবেন ৬৫০ টাকায়। তবে মিশ্রিত মাংস বিক্রি করবেন ৬০০ টাকায়।
    এর আগে এই মাংস ব্যবসায়ী ৫৭০ টাকায় মিশ্রিত মাংস বিক্রি করতেন।

    সংবাদ সম্মেলনে ভোক্তার মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান বলেন, অনলাইনে এসব বিক্রিত মাংস নিয়ে নানা ট্রল হচ্ছে। যা বিক্রেতাদের হতাশ করবে। তাঁদের বিক্রিত মাংস যদি খারাপই হতো তাহলে এত মানুষ লাইনে দাঁড়িয়ে এই মাংস কিনত না।

  • বাজার সিন্ডিকেট চাঁদাবাজের চেয়েও ভয়ংকর : স্বরাষ্ট্রমন্ত্রী

    অনলাইন ডেস্ক:

    স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বাজারে অধিক মুনাফা লাভের আশায় দ্রব্যের দাম বৃদ্ধি করছে একটি শ্রেণি, যারা চাঁদাবাজদের চেয়েও ভয়ংকর। এদের বিরুদ্ধে যেসব সংস্থা কাজ করছে, তাদের সহায়তা লাগলে পুলিশও প্রস্তুত আছে।

    আজ শনিবার (২৩ মার্চ) মিরপুর পুলিশ স্টাফ কলেজে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন সাইবার সিকিউরিটি কোর্সের উদ্বোধন শেষে এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

    স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, চাঁদাবাজি রোধে পুলিশ-র‍্যাব কঠোর অবস্থানে রয়েছে। কারওয়ান বাজারে যে জিনিস ২০ টাকায় বিক্রি হচ্ছে সেটাই অল্প কিছু দূর নিয়ে ৪০ টাকায় বিক্রি হচ্ছে। পণ্যের দামে চাঁদাবাজির চাইতে বেশি প্রভাব পড়ে ব্যবসায়ীদের অধিকতর মুনাফার চিন্তাভাবনার। যশোর থেকে ঢাকায় একটি ট্রাকের কত টাকা চাঁদা দেওয়া লাগে। সেই হিসাবে আমরা পরিসংখ্যান করেছি। চাঁদাবাজির চাইতে অধিকতর মুনাফার কারণে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম ঢাকায় বাড়ে। চাঁদাবাজি রোধে পুলিশের স্পেশাল ড্রাইভ চলছে।

    আসাদুজ্জামান খান বলেন, চাঁদাবাজি বন্ধে ঢাকা-চট্টগ্রাম হাইওয়ে ইতোমধ্যে ক্যামেরার আওতায় আনা হয়েছে। ভবিষ্যতে সব মহাসড়ককে ক্যামেরার আওতায় আনা হবে।

    নিত্যপণ্যে যারা অতি মুনফা করে দাম বৃদ্ধি করছে তাদের বিরুদ্ধে কীভাবে ব্যবস্থা নেবেন– এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র বলেন, আইনশৃঙ্খলা বাহিনী ছাড়াও ভোক্তা অধিকারসহ বিভিন্ন ফোর্স এখানে কাজ করছে। আইনশৃঙ্খলা বাহিনীর নজরে যখনই আসে তখনই আইনশৃঙ্খলা বাহিনী তার অর্পিত দায়িত্ব পালন করে। যারা অধিক মুনফা করছে তাদের সঙ্গে আলাপ-আলোচনা করে পাড়ায়-মহল্লায় নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি শুরু হলে অধিক মুনাফা রোধ করা সম্ভব হবে।

    ঘন ঘন আগুন লাগার কারণ জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কয়েক মাসের মধ্যে দেখেছি বড় বড় দুচারটা অগ্নিকাণ্ড হয়েছে। সেখানে জানমালের ক্ষতি হয়েছে। রাজধানীর বেইলি রোডের অগ্নিকাণ্ডের অনুসন্ধান চলছে।

    রেস্টুরেন্ট ব্যবসায়ীদের উদ্দেশে আসাদুজ্জামান খান বলেন, সিলিন্ডার কিংবা গ্যাস সংযোগ ব্যবহারের ক্ষেত্রে সচেতন থাকা দরকার। ফায়ার সার্ভিসের নির্দেশনা অনুযায়ী অগ্নিকাণ্ড রোধে বিভিন্ন যন্ত্রাংশ সংযোজন করলে ঘন ঘন অগ্নিকাণ্ড থেকে বাঁচতে পারব। রাজধানীর পুরান ঢাকা থেকে কেমিক্যাল গোডাউন সরিয়ে দেওয়ার জন্য জায়গা দিয়েছি, তারপরও তারা গোপনে আবারও চলে আসে। আইনভঙ্গ করে, রাজউকের অনুমোদন না নিয়ে এবং যত্রতত্র সিলিন্ডার ব্যবহার না করার জন্য সবার প্রতি নির্দেশনা দেওয়া আছে। নাশকতার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

    অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ সিনিয়র সচিব মো. মোস্তাফিজুর রহমান, আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. মশিউর রহমান এবং সভাপতিত্ব করেন পুলিশ স্টাফ কলেজের রেক্টর (অতিরিক্ত আইজিপি) ড. মল্লিক ফখরুল ইসলাম।

  • সোনার দামে রেকর্ড, প্রতি ভরি ১ লাখ ১৪ হাজার টাকা

    অনলাইন ডেস্ক:

    কিছুটা কমানোর পর দেশের বাজারে আবার সোনার দাম বাড়ানো হয়েছে। ২২ ক্যারেটের এক ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম ২ হাজার ৯১৬ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে। এতে ভালো মানের এক ভরি সোনার দাম হয়েছে এক লাখ ১৪ হাজার ৭৪ টাকা। দেশের বাজারে এটাই সর্বোচ্চ দাম।
    স্থানীয় বাজারে তেজাবি সোনার (পাকা সোনা) দাম বাড়ার পরিপ্রেক্ষিতে এই দাম বাড়ানো হয়েছে। আগামীকাল শুক্রবার (২২ মার্চ) থেকে এই দাম কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।
    এর আগে ২০ মার্চ সোনার দাম কিছুটা কমানো হয়। এখন আবার দাম বাড়িয়ে নতুন রেকর্ড সৃষ্টি করা হলো।
    বৃহস্পতিবার (২১ মার্চ) বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠক করে দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। পরবর্তী সময়ে কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
    নতুন দাম অনুযায়ী—সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনা ১ লাখ ১৪ হাজার ৭৪ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৮ হাজার ৮৮৩ টাকা, ১৮ ক্যারেটের ৯৩ হাজার ৩১২ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা ৭৭ হাজার ৭৯৯ টাকায় বিক্রি করা হবে।
    সোনার দাম বাড়ানো হ‌লেও অপরিবর্তিত রাখা হয়েছে রুপার দাম। ক্যাটাগরি অনুযায়ী—বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম দুই হাজার ১০০ টাকা, ২১ ক্যারেটের দাম ২ হাজার ৬ টাকা, ১৮ ক্যারেটের দাম ১৭১৫ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ১ হাজার ২৮৩ টাকা।
    বৃহস্পতিবার পর্যন্ত সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনা ছিল ১ লাখ ১১ হাজার ১৫৮ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ছিল ১ লাখ ৬ হাজার ১৪২ টাকা, ১৮ ক্যারেটের দাম ছিল ৯০ হাজার ৯৮৯ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা ৭৫ হাজার ৮১৬ টাকায় বিক্রি হয়।

  • দুর্ঘটনার কারণ উদঘাটনে ট্রেনের সামনে সিসি ক্যামেরা বসানোর সুপারিশ

    অনলাইন ডেস্ক:

    ট্রেন দুর্ঘটনার কারণ উদঘাটনে ট্রেনের সামনে ক্লোজড সার্কিট ক্যামেরা বসাতে এবং দুর্ঘটনার আগে স্বয়ংক্রিয়ভাবে ট্রেন বন্ধ হয়ে যাওয়ার প্রযুক্তি ‘সেন্সর সিস্টেম’ চালুর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেছে রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি।
    দ্বাদশ জাতীয় সংসদের ‘রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র সভাপতি এ. বি. এম ফজলে করিম চৌধুরীর সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত বৈঠকে এ সুপারিশ করা হয়।
    কমিটির সদস্য রেলপথ মন্ত্রী মো. জিল্লুল হাকিম, শফিকুল ইসলাম শিমুল, মুহাম্মদ সাইফুল ইসলাম, মো. শফিকুর রহমান ও মোছা. নুরুন নাহার বেগম বৈঠকে অংশগ্রহণ করেন।
    বৈঠকে আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে বাংলাদেশ রেলওয়ের গৃহীত কার্যক্রম, যাত্রী সেবা ও টিকিট ব্যবস্থাপনা এবং ধীরাশ্রম কন্টেইনার ডিপো নির্মাণের অগ্রগতি সম্পর্কে আলোচনা করা হয়। বাসসের এক প্রতিবেদনে এ বৈঠকের কথা তুলে ধরা হয়েছে।
    রাজশাহী রেল স্টেশনে এক তলা ভবনের পাইলিং পরবর্তী নির্মাণ কাজ বন্ধ থাকার বিষয়টি তদন্তের লক্ষ্যে কমিটির সদস্য মো. শফিকুর রহমানকে আহ্বায়ক, মুহাম্মদ সাইফুল ইসলাম ও মোছাঃ নুরুন নাহার বেগমকে সদস্য করে বৈঠকে একটি সাব-কমিটি গঠন করা হয়।
    ট্রেনের অনলাইন টিকেটিংয়ে সহজ ডট কমের সাথে গৃহীত চুক্তি অনুযায়ী যন্ত্রপাতি সরবরাহের কাজ কত শতাংশ সম্পন্ন হয়েছে তার হালনাগাদ তথ্য আগামী বৈঠকে প্রদান এবং কোম্পানির সাথে চুক্তি অনুযায়ী বাকি কাজ আগামী ২ মাসের মধ্যে সম্পন্ন করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।রেলপথ মন্ত্রণালয়ের সচিবসহ মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।

  • উপজেলা নির্বাচন: ১০ হাজার থেকে বেড়ে চেয়ারম্যান পদে জামানত ১ লাখ টাকা

    নিজস্ব প্রতিবেদক:

    জামানতের অংক বাড়ানোসহ বেশ কিছু ক্ষেত্রে সংশোধনী নিয়ে ‘উপজেলা নির্বাচন পরিচালনা বিধিমালা ২০২৪’ জারি করেছে নির্বাচন কমিশন। নতুন বিধিমালা অনুযায়ী, উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতে ১ লাখ টাকা জামানত দিতে হবে, আর ভাইস চেয়ারম্যান পদে জামানত দিতে হবে ৭৫ হাজার টাকা। আগে উভয়পদে জামানত ছিল ১০ হাজার টাকা।

    মঙ্গলবার (১৯ মার্চ) এ বিধিমালা গেজেট আকারে প্রকাশ করা হয়েছে।

    নতুন বিধিমালায় ‘নির্বাচনি সময়েরও’ সংশোধন করা হয়েছে। সংশোধিত নির্বাচনি সময় বলতে তফসিল ঘোষণা পর থেকে গেজেট প্রকাশের পর ১৫ দিন করা হয়েছে। সেইসঙ্গে এতে অনলাইনে মনোনয়নপত্র দাখিলের বিধান যুক্ত করা হয়েছে।

    নতুন নির্বাচনি বিধিমালা অনুযায়ী, মনোনয়নপত্রের সঙ্গে আয়কর রিটার্ন দাখিলের প্রমাণক জমা দিতে হবে, উল্লেখ করতে হবে টিআইএন নম্বর।

    আগের বিধিমালায় নির্বাচনে প্রদত্ত ভোটের আট ভাগের একভাগের কম পেলে জামানত বাজেয়াপ্ত হতো। এক্ষেত্রে প্রদত্ত ভোটের সাড়ে ১২ শতাংশের কম পেলে জামানত বাজেয়াপ্ত হতো। সংশোধিত বিধিমালা এটি সংশোধন করে ১৫ শতাংশ করা হয়েছে। অর্থাৎ নির্বাচনে প্রদত্ত ভোটের ১৫ শতাংশের কম পেলে ওই প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হবে।

    সংশোধিত বিধিমালায় নির্বাচনি ব্যয়ে পরিবর্তন এসেছে। আগের আইনে ১ লাখ ভোটারের জন্য প্রার্থী ব্যক্তিগত ও নির্বাচনি ব্যয় করতে পারেন সাড়ে ৫ লাখ টাকা, ১ লাখ এক থেকে ২ লাখ ভোটারের জন্য ৭ লাখ ৭৫ হাজার টাকা ও ২ লাখের বেশি ভোটার সম্বলিত উপজেলার জন্য ১১ লাখ টাকা ব্যয় করতে পারেন।

    নতুন উপজেলা নির্বাচন পরিচালনা বিধিমালায় চেয়ারম্যান বা ভাইস-চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী নির্বাচনি ব্যয় বাবদ অনধিক ২৫ লাখ টাকা এবং ‘মহিলা সদস্য’ পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী নির্বাচনি ব্যয় বাবদ অনধিক ১ লাখ টাকা ব্যয় করতে পারবেন।

    আগে ভোটগ্রহণের তিন সপ্তাহ আগে থেকে প্রার্থীরা প্রচারণায় অংশ নিতে পারতেন। এবার তা সংশোধন করে প্রতীক বরাদ্দের দিন থেকে প্রচারণা শুরুর কথা বলা হয়েছে। প্রচার-প্রচারণার আওতায় এবার ডিজিটাল এবং সামাজিক যোগাযোগমাধ্যমও সন্নিবেশ করা হয়েছে।

    উপজেলা পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হওয়ার বিধানও শিথিল করেছে ইসি। এতদিন উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হতে হলে ২৫০ ভোটারের সমর্থনসূচক সই মনোনয়নপত্রের সঙ্গে জমা দিতে হতো। এটি এখন একেবারেই তুলে দেওয়া হয়েছে। অর্থাৎ স্বতন্ত্র প্রার্থী হওয়ার ক্ষেত্রে কোনও ভোটারদের সমর্থনসূচক সই লাগবে না।

    নতুন বিধিমালা অনুযায়ী, প্রার্থীরা সাদাকালোর পাশাপাশি রঙিন পোস্টার ও ব্যানার করতে পারবেন। এছাড়া নির্বাচনের ফলাফল স্থগিত ও পুনরায় ভোটের নির্দেশ দেওয়ার বিষয়ে ইসির ক্ষমতা স্পষ্ট করা হয়েছে।

    প্রসঙ্গত, আগামী মে মাসে চার ধাপে ৪৮১টি উপজেলা পরিষদের নির্বাচন করবে ইসি। প্রথম ধাপের ভোটগ্রহণ আগামী ৪ মে, দ্বিতীয় ধাপে ১১ মে, তৃতীয় ধাপে ১৮ মে এবং চতুর্থ ধাপের ভোট হবে ২৫ মে। ক্ষমতাসীন আওয়ামী লীগ ইতিমধ্যে জানিয়েছে, তারা এবার স্থানীয় সরকারের কোনও নির্বাচনে দলীয় প্রতীক দেবে না। অন্যদিকে সংসদ নির্বাচন বর্জন করা বিএনপির দলীয়ভাবে স্থানীয় সরকারের এ নির্বাচনে অংশ নেওয়ার সম্ভাবনা কম। ফলে এবারের উপজেলা পরিষদ নির্বাচন হবে মূলত স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে।

  • মেডিকেল ভর্তি পরীক্ষার আবেদন শুরু আজ

     

    নিজস্ব প্রতিবেদক:

    মেডিকেল কলেজের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষার অনলাইনে আবেদন শুরু হচ্ছে আজ বৃহস্পতিবার (১১ জানুয়ারি); যা চলবে আগামী ২৪ জানুয়ারি পর্যন্ত।

    বুধবার (১০ জানুয়ারি) স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ডা. মো. মহিউদ্দিন মাতুব্বর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

    বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৩-২৪ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষার আবেদন ফি জমা দেওয়া যাবে ২৪ জানুয়ারি রাত ১২টা পর্যন্ত। প্রবেশপত্র ডাউনলোড করা যাবে ৫ ফেব্রুয়ারি থেকে।আর ভর্তি পরীক্ষা শুরু হবে ৯ ফেব্রুয়ারি সকাল ১০টায়, শেষ হবে বেলা ১১টায়।

    মেডিকেল ভর্তি পরীক্ষায় লিখিত ১০০টি প্রশ্নের প্রতিটি ১ নম্বর করে মোট (এইচএসসি বা সমমান সিলেবাস অনুযায়ী) ১০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিষয়ভিত্তিক বিভাজন পদার্থবিদ্যা ২০, রসায়নবিদ্যা ২৫, জীববিজ্ঞান ৩০, ইংরেজি ১৫ ও সাধারণ জ্ঞান (বাংলাদেশের ইতিহাস ও মুক্তিযুদ্ধ) ১০ অনুযায়ী অনুষ্ঠিত হবে।

    লিখিত পরীক্ষার প্রতিটি ভুল উত্তর প্রদানের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে।লিখিত পরীক্ষায় ৪০ নম্বরের কম পেলে অকৃতকার্য হিসেবে বিবেচনা করা হবে। ভর্তি পরীক্ষায় ৪০ নম্বরের কম পেলে কোনো শিক্ষার্থী ভর্তির যোগ্য বিবেচিত হবেন না।

    জানা যায়, দেশের ৩৭টি সরকারি মেডিকেল কলেজে এমবিবিএস কোর্সে ৫ হাজার ৩৮০টি আসন রয়েছে। বেসরকারি মেডিকেলের জন্য আসন রয়েছে ৬ হাজার ৩৪৮টি।

  • মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড ঢাকা মহানগর উত্তরের আহবায়ক কমিটি গঠন

    ম্যাক রানা।।

    “মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নই আমাদের অঙ্গীকার” এই স্লোগানে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড ঢাকা মহানগর উত্তরের আংশিক আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।

    গত ২৩ আগস্ট মুক্তিযুদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির সভাপতি মেহেদী হাসান ও সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম রেজা ৮ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন করেন।

    কমিটিতে আব্দুল হাকিম তানভীর’কে আহবায়ক, বদরুল আলম’কে যুগ্ম আহবায়ক ও কাজী তরিকুল ইসলাম সোহেল’কে সদস্য সচিব করা হয়।

    এছাড়া ও সদস্য হিসেবে আছেন জোবাইরা জাহানারা এমিলি, মোহাম্মদ মেহেদী হাসান, আসাদুজ্জামান মিলন ও আরাফাত কাদের রাজিব।

    মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম রেজা স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়, বাংলাদেশ মুক্তিযুদ্ধা সংসদ গঠনতন্ত্র ২০১০ ধারা ৯ এর ‘ট’ উপধারা এবং মুক্তিযোদ্ধার সংসদ সন্তান কমান্ড নীতিমালা ২০১৩ সংশোধিত নীতিমালা ২০২২ মোতাবেক মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড ঢাকা মহানগর উত্তরের আহবায়ক কমিটি অনুমোদন দেয়া হলো।

    আশা করি বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ গঠনতন্ত্র ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড নীতিমালা মেনে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড ঢাকা মহানগর উত্তরের সকল বীর মুক্তিযোদ্ধার সন্তানদের একত্রিত করে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে জননেত্রী শেখ হাসিনা রূপকল্প- ২০৪১ বাস্তবায়নে সহযোদ্ধা হয়ে কাজ করবেন এই আশা ব্যক্ত করছি।

    পাশাপাশি মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড ঢাকা মহানগর উত্তরের নবগঠিত কমিটির সকল নেতৃবৃন্দের মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে মুজিবীয় শুভেচ্ছা ও অভিনন্দন।

  • এলাকাভিত্তিক লোডশেডিংয়ের সময়সূচি জানিয়ে দেওয়া হবে: প্রধানমন্ত্রী

    অনলাইন ডেস্ক:

    চলমান বিদ্যুৎ সংকট নিরসনে শিগগিরইএলাকাভিত্তিক লোডশেডিংয়ের সময়সূচি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

    বুধবার (৬ জুলাই) সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শেখ কামাল আইটি বিজনেস ইনকিউবেটরের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন প্রধানমন্ত্রী।

    তিনি বলেন, “বর্তমান পরিস্থিতি বিবেচনায় লোডশেডিংই একমাত্র সমাধান।”

    “দেশে এবং সারা বিশ্বে চলমান জ্বালানী সংকটের পরিপ্রেক্ষিতে সঠিক উপায়ে লোড ব্যবস্থাপনাই পরিস্থিতি মোকাবেলার একমাত্র উপায়,” তিনি যোগ করেন।

    “আমেরিকা রাশিয়ার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে, ইউরোপও নিষেধাজ্ঞা আরোপ করেছে। এর ফলস্বরূপ তেলের দাম বাড়ছে, সারের দাম বাড়ছে, খাদ্যের দাম বাড়ছে, জাহাজের ভাড়া বাড়ছে। সারা বিশ্বে এর প্রভাব পড়ছে। বাংলাদেশও এর দ্বারা প্রভাবিত হচ্ছে,” বলেন প্রধানমন্ত্রী।

    তিনি বলেন, চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং করোনাভাইরাস মহামারির প্রভাব মোকাবেলা করে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। সব বাধা মোকাবেলা করে দেশকে এগিয়ে যেতে হবে।

    রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পর গ্যাস সংকটে ভোগা বিশ্বের দেশগুলোতে বিদ্যুৎ বিঘ্নিত হওয়ার ঘটনা বিরল নয়।

    বেশিরভাগ দেশই সঠিক উপায়ে লোড ব্যবস্থাপনার দিকে ঝুঁকছে।

    জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন, বর্তমান জ্বালানি সরবরাহের সুষ্ঠু ও পরিকল্পিত লোড ব্যবস্থাপনা মানুষের দুর্ভোগ কমাতে পারে।

    বিদ্যুৎ ও জ্বালানি সংকট মোকাবেলায় অন্য কোনো দৃশ্যমান উদ্যোগ নেওয়া হচ্ছে না বিধায় সঠিক পরিমাণে বিদ্যুতের লোড ব্যবস্থাপনাই বর্তমানে গ্যাস ও বিদ্যুতের সরবরাহ কমানোর একমাত্র উপায় বলে মনে করেন তারা।

    এদিকে, টেক্সাসে একটি তরল প্রাকৃতিক গ্যাস ফ্যাসিলিটি সাময়িকভাবে বন্ধ হওয়ার পর থেকে ইউরোপ এবং এশিয়ায় গ্যাসের দাম কয়েক সপ্তাহে ৬০ শতাংশের বেশি বেড়েছে।

    গত বছরের শুরু থেকেই বেড়েছে গ্যাসের দাম, ইউরোপে এই দাম বেড়েছে ৭০০ শতাংশ পর্যন্ত।

    জার্মানিও বলেছে, অচিরেই বিদ্যুৎ ফুরিয়ে যাওয়ার সম্ভাবনার মুখোমুখি ইউরোপ।

    এরমধ্যে নতুন খবর হলো, জার্মানিতে রাশিয়ান গ্যাস বহনকারী প্রধান নর্ড স্ট্রীম পাইপলাইনটি ১১ জুলাই থেকে ১০ দিনের জন্য রক্ষণাবেক্ষণের কাজে বন্ধ করা হবে। মস্কো এই পাইপলাইন আবার নাও খুলতে পারে, এমন আশঙ্কা করা হচ্ছে এখন।

    বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) জানিয়েছে, সোমবার রাত ৯টায় দেশের বিভিন্ন স্থানে সর্বোচ্চ ১ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ ঘাটতি রেকর্ড করা হয়েছে।

    পেট্রোবাংলার কর্মকর্তারা মনে করেন, বৈশ্বিক বাজারে জ্বালানির দাম কমার পর মানুষের চাহিদা মেটানোই বর্তমানে একমাত্র প্রতিকার।