Category: জাতীয়

  • স্যাটেলাইট উৎক্ষেপন : লাইভ দেখাবে জাগো কুমিল্লা !

    (জাগো কুমিল্লা.কম)
    ইতিহাসের মাহেন্দ্রক্ষণের অপেক্ষায় এখন বাংলাদেশ। অপেক্ষার প্রহরের ফুরিয়ে আসছে আর কিছুক্ষণ পরই। বাংলাদেশ সময় রাত ১টা ৩৭ মিনিটে দেশের প্রথম কৃত্রিম উপগ্রহ বঙ্গবন্ধু-১ ফ্লোরিডার নাসার কেনেডি স্পেস সেন্টারের লঞ্চ প্যাড-৩৯ এ থেকে কক্ষপথে রওনা হবে।

    মহাকাশ জয়ের এই মাইলফলক সরাসরি দেখা যাবে জাগো কুমিল্লা ডট কম ফেসবুক পেইজে। পাঠক বঙ্গবন্ধু-১ এর মহাকাশ যাত্রা থেকে জাগো কুমিল্লার সঙ্গে থাকুন। উৎক্ষেপণ শুরু হওয়া মাত্র সরাসরি দেখা যাবে জাগো কুমিল্লায়।

    মার্কিন মহাকাশ গবেষণা ও প্রযুক্তি সংস্থা স্পেসএক্সের ‘ফ্যালকন-৯’ রকেটে করে স্যাটেলাইটটি মহাকাশের যাত্রার অপেক্ষায় রয়েছে। বাংলাদেশের প্রথম স্যাটেলাইট বঙ্গবন্ধু-১ উৎক্ষেপণের মাধ্যমে মহাকাশে আরেকটি ইতিহাস রচিত হতে যাচ্ছে বলে মন্তব্য করেছে মার্কিন মহাকাশ গবেষণা ও প্রযুক্তি সংস্থা স্পেসএক্স।

    পেইজ লিংক: https://www.facebook.com/jagocomilladotcom/

  • বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্ক, অতঃপর সফল প্রেমিকা!

    অনলাইন ডেস্ক:
    বগুড়া সদরের গোকুল ইউনিয়নের চাঁদমুহা আশ্রয়ণ প্রকল্প গ্রামের এক যুবতীর সাথে একই উপজেলার নামুজা বগার পাড়ার যুবকের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। শুধু তাই নয় বিয়ের প্রলোভনে দৈহিক সম্পর্কের ঘটনাও ঘটে।

    চাঁদমুহা আশ্রয়ণ প্রকল্পের সভাপতি মোছাঃ শোভা বেগম জানান, তার আশ্রয়ণ প্রকল্পে বসবাসকারী মৃত দিলবর আলী ফকিরের মেয়ে মোছাঃ সুমি আকতার(২২) এর সাথে নামুজা ইউনিয়নের বগার পাড়া গ্রামের মকবুল হোসেন শেখ এর ছেলে মো. রিপন মিয়া শেখ(২৫) এর সাথে দীর্ঘ ৭/৮ মাস যাবৎ মোবাইলে প্রেমের সম্পর্ক গড়ে তুলে তার সাথে দৌহিক সম্পর্ক স্থাপন করে মেলামেশা করে।

    গত (৭ মে) সোমবার রিপন শেখ সুমি আক্তারকে বিয়ে করবে এই প্রলোভনে মোবাইলে ফোনে তাকে ডেকে নেয় নামুজা চৌমোহনী বাজার এলাকায়।

    সুমি প্রেমিক রিপন শেখকে বলে তাকে বিয়ে করে ঘরে নেওয়ার জন্য সে কথা বলতেই রিপন কৌশলে পালিয়ে যায়। পরে সুমি আকতার রিপন শেখের বাড়িতে বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিয়ের দাবিতে অনশন শুরু করে। এরপর নামুজা ইউনিয়নের ৪নং ওর্য়াড সদস্য ফারুক হোসেন বিষয়টি গোকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সওকাদুল ইসলাম সরকার সবুজ ও নামুজা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এসএম রাসেল মামুনকে জানায়।

    গোকুল ইউপি চেয়ারম্যান সওকাদুল ইসলাম সরকার সবুজ নামুজা ইউপি সদস্য ফারুক হোসেন ও গ্রাম্য পুলিশের সহযোগিতায় প্রেমিক রিপন শেখকে ধরে নিয়ে আসে গোকুল ইউনিয়ন পরিষদে।

    বুধবার (৯ মে) দিবাগত রাত সাড়ে ১১টায় উভয় পরিবারের সম্মতিতে ইউপি পরিষদে কাজী ও মৌলভী দ্বারা ২ লক্ষ টাকা দেন মোহরানা ধার্য্য করে ইসলামী শরিয়ত বিধান মোতাবেক তাদের বিয়ে পড়ানো হয়।

    এসময় উপস্থিত ছিলেন গোকুল ইউপি চেয়ারম্যান সওকাদুল ইসলাম সরকার সবুজ, ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের আহব্বায়ক মেহেদী হাসান বাবু, আব্দুল হামিদ, শফিকুল ইসলাম চিকন আলী, নামুজা ইউপি সদস্য ফারুক হোসেন, চাঁদমুহা আশ্রয়ণ প্রকল্পের সভাপতি শোভা বেগম।

  • ১৪৫২টি প্রকল্পে ১ লাখ ৭৩ হাজার কোটি টাকা অনুমোদন

    অনলাইন ডেস্ক:
    বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) আগামী ২০১৮-১৯ অর্থবছরের ১ লাখ ৭৩ হাজার কোটি টাকা অনুমোদন দেয়া হয়েছে। এছাড়াও স্বায়ত্তশাসিত সংস্থার নিজস্ব অর্থায়নে ৭ হাজার কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে।

    প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বৃহস্পতিবার (১০ মে) জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) বৈঠকে এটি অনুমোদন দেয়া হয়।

    অনুমোদিত এডিপিতে ১৪৫২টি প্রকল্প রাখা হয়েছে। এর মধ্যে বিনিয়োগ প্রকল্পের সংখ্যা ১২২৭টি, কারিগরি ১১৭ ও জেডিসিএফ দুটি প্রকল্প রয়েছে। এর বাইরে স্বায়ত্তশাসিত প্রকল্পের সংখ্যা ১০৫টি সভাশেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এ তথ্য জানান।

    মন্ত্রী জানান, অনুমোদিত এডিপিতে বৈদেশিক সহায়তা থেকে সংগ্রহের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৬০ হাজার কোটি টাকা। বাকি ১ লাখ ১৩ হাজার কোটি টাকা জোগান দেয়া হবে সরকারের (জিওবি) নিজস্ব খাত থেকে।

    আগামী ২০১৮-১৯ অর্থবছরে মোট বরাদ্দ থেকে এডিপিতে অগ্রাধিকার পাবে এসব মেগাপ্রকল্প। ১০টি মেগাপ্রকল্পে অগ্রাধিকার দিতে গিয়ে স্থানীয় সরকার, বিদ্যুৎ বিভাগ, পরিবহন, বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি, রেল, সেতু, স্বাস্থ্য, প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা, পানিসম্পদ মন্ত্রণালয়ে ১ লাখ ২৮ হাজার ১০০ কোটি টাকা বরাদ্দ থাকবে, যা মোট এডিপির ৭৪ দশমিক শূন্য ৫ শতাংশ।

  • বজ্রপাতে নিহতের লাশ চুরি হয় কেন? অন্ধবিশ্বাস নাকি বাস্তব !

    অনলাইন ডেস্ক:
    এপ্রিল মাসে বজ্রপাতে মৃত্যু ৫০ ছাড়িয়েছে বলে জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। চলতি মে মাসের প্রথম কয়েক দিনেও মৃত্যুর খবর এসেছে বিভিন্ন এলাকা থেকে। আজও দেশের বিভিন্ন জেলায় বজ্রপাতের ঘটনায় অন্তত ২১ জনের মৃত্যু হয়েছে। এসব ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ২৭ জন। বুধবার (৯ মে) সকাল থেকে বিকাল পর্যন্ত রাজধানীসহ সারাদেশে হাওয়া ঝড় ও বজ্রবৃষ্টিতে এ হতাহতের ঘটনা ঘটে।

    ঝড় ও বৃষ্টির সময় বিভিন্ন এলাকায় বজ্রপাতে মৃত্যুর ঘটনায় যেমন আতঙ্ক বাড়ছে, সেই সঙ্গে বাড়ছে লাশ চুরির আতঙ্ক।

    জানা গেছে, রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলায় গত সপ্তাহে বজ্রপাতে মারা যায় স্থানীয় যুবক মতিন মণ্ডল। কিন্তু তাকে কবর দেয়ার পর লাশ চুরি হয়ে যেতে পারে এই আশঙ্কায় রাত জেগে কবর পাহারা দেয় তার পরিবারের স্বজন ও আশে-পাশের অন্যরা। এ নিয়ে তাদের মধ্যে এতটাই আতঙ্ক তৈরি হয় যে পরদিনই তারা কবরটি সিমেন্ট দিয়ে পাকা করে ফেলে।

    এ বিষয়ে জানতে চাইলে বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসিনা বেগম বলেন, ‘সেখানকার মানুষজনের মধ্যে লাশ চুরির গুজব ছড়িয়ে পড়ে। আমরাও খবর পেয়ে লোক পাঠাই। তারা বলে যে এরকম চেষ্টা হয়েছিল। ফলে ওইদিন কবর দিয়েও তারা রাত জেগে পাহারা দিয়েছে। পরের দিন কবরটি পাকা করে ফেলে।’

    এমন আতঙ্ক কেন জানতে চাইলে ওসি হাসিনা বেগম বলেন, ‘বজ্রপাত হলে লাশ চুম্বক হয়ে যায় বলে এলাকায় মানুষের মাঝে একধরনের ‘রিউমার’ আছে। এ কারণে অনেক সময় লাশ চুরির আশঙ্কা দেখা যায়।’

    এমনই আরেকটি ঘটনার খবর জানা যায় নাটোরের লালপুর উপজেলায় গত বছরের এপ্রিল মাসের শেষদিকে। বজ্রপাতে নিহত এক যুবকের লাশ চুরির আশঙ্কায় তার পরিবার তাকে গোরস্থানে কবর না দিয়ে বাড়ির আঙিনার ভেতর গরুর ঘরের পাশে কবর দেয়।

    লালপুর উপজেলার ওয়ালিয়া গ্রামের পুলিশ ইন্সপেক্টর মো. সেলিম বিষয়টি নিশ্চিত করে বলেন, এ নিয়ে স্থানীয়দের মধ্যে একধরনের ‘মিথ’ প্রচলিত আছে।

    বিবিসি বাংলা তাদের এক প্রতিবেদনে লিখেছে, গ্রাম এলাকায় এ ধরনের আতঙ্ক নতুন নয়। কবর থেকে বজ্রপাতে নিহত নারী কিংবা পুরুষের লাশের কঙ্কাল চুরি যাওয়ার খবর পত্র-পত্রিকাতেও এসেছে।

    প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়েছে, গত কয়েক বছর ধরেই দেখা যাচ্ছে বজ্রপাতে বহু মানুষ মারা যাচ্ছে। বছরের এ সময়টিতে বৃষ্টি হওয়ার সাথে সাথে বজ্রপাতও হচ্ছে ব্যাপকভাবে।

    এভাবে লাশ চুরির পেছনে কী কারণ?

    ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রধান সোহেল মাহমুদ বলেন, ‘এর পেছনে কারণ এক ধরনের মিথ্যা বিশ্বাস।’

    ‘অনেকেই মনে করেন, বজ্রপাতে নিহত মানুষের শরীরে মূল্যবান জিনিস তৈরি হয়। তারা হয়তো ধারণা করে লোহার ভেতর দিয়ে ইলেক্ট্রিসিটি পাস হলে (প্রবাহিত হলে) যেভাবে লোহা চুম্বক হয়ে যায়, এক্ষেত্রেও সেরকম কোনকিছু হয়। কিন্তু এটা তো পুরোটাই অন্ধবিশ্বাস। আর এসব কারণেই অনেক সময় মানুষ লাশ চুরির চেষ্টা করে।’

    তবে গ্রাম্য অনেক কবিরাজ বা ওঝা’র ঝাড়ফুঁক কাজের জন্য এই ধরনের লাশের হাড়-গোড় দরকার মনে করে, আর সে ধরনের কুসংস্কার থেকেও এই লাশ চুরির ধারণাটি চলে আসছে বলেও অনেকেই মনে করেন।

    ড: সোহেল মাহমুদ জানান, ‘আসলে ইলেকট্রিক শক খেয়ে মৃত্যু হলে লাশ যেমন হয়, বজ্রপাতে মৃত মানুষের লাশ ঠিক একইরকম হয়। কোনো পার্থক্য থাকে না।’

  • ভাই সেজে স্ত্রীকে বিয়ে দিল স্বামী, অতঃপর…

    অনলাইন ডেস্ক:
    অভিনব কায়দায় ফুপাতো ভাই সেজে মাদারীপুরের শিবচরে স্ত্রীকে বিয়ে দিয়েছেন চাঁনমিয়া খান (৫০) নামে এক ব্যক্তি। ফরিদপুরের ভাঙ্গা উপজেলার প্রতারক ওই স্বামী-স্ত্রীকে আটক করে শিবচর থানা পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। প্রতারক নারীর এটি চতুর্থ বিয়ে বলে সে স্বীকার করেছেন।পুলিশ ও স্থানীয়রা জানান, প্রায় এক বছর আগে উপজেলার পাঁচ্চর ইউনিয়নের লপ্তেরচর গ্রামের পাঁচ সন্তানের জনক সোহরাব শেখের (৬০) স্ত্রী মারা যান। সন্তানদের কাছে সংসার ও নিজের খেয়াল রাখতে দ্বিতীয় বিয়ের ইচ্ছা পোষণ করেন সোহরাব।

    প্রায় পনের দিন আগে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কাউলিপাড়া ইউনিয়নের তোজাপুর গ্রামে তার মেয়ের জামাইয়ের বাড়িতে আয়না বেগম (৪০) নামে এক নারী ভিক্ষা করতে যান। আয়না নিজেকে নিঃসন্তান ও বিধবা বলে পরিচয় দেন।

    এ কথা শুনে সোহরাবের মেয়ে ও মেয়েজামাই তার বাবার সোহরাব শেখের জন্য আয়নাকে বিয়ের প্রস্তাব দেয়। এতে আয়না তাৎক্ষণিকভাবেই রাজি হয়ে যান।পরদিন আয়না বেগম তাদের সঙ্গে শিবচরে সোহরাবের বাড়িতে বিয়ে করতে আসেন। কিন্তু গ্রামবাসী ওই নারীর কোনো আত্মীয়স্বজন বা অভিভাবক ছাড়া বিয়ে করাতে আপত্তি তুলেন।

    পরদিন ওই নারী ফুপাতো ভাই পরিচয়ে চাঁনমিয়া খানকে (৫০) সোহরাবের বাড়িতে নিয়ে আসেন। পরে স্থানীয়দের উপস্থিতিতে কাজী ডেকে সোহরাব ও আয়নার বিয়েসম্পন্ন করা হয়।

    বিয়েতে ১০ হাজার টাকা দেনমোহর ধার্য করা হয়। বিয়ের কাবিননামায় আয়নার সাক্ষী ও অভিভাবক হিসেবে চাঁন মিয়া স্বাক্ষর করেন। সেখানে তিনি নিজেকে আয়নার ফুপাতো ভাই বলে উল্লেখ করেন।এরপর ভালোই কাটছিল আয়না ও সোহরাবের নতুন সংসার। গত সোমবার প্রতারক স্বামী চাঁনমিয়া সোহরাব শেখকে ফোন করে বাড়িতে নতুন ধান উঠেছে বলে আয়না বেগমকে বাড়ি নিয়ে যেতে চান। সোহরাবও তাতে রাজি হন।

    পরদিন মঙ্গলবার বিকালে চাঁনমিয়া আয়নাকে নিতে সোহরাবের বাড়িতে আসেন। রাত বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ির লোকজনদের চাঁনমিয়া ও আয়নার আচার-আচরণে সন্দেহ হয়।একপর্যায়ে এলাকাবাসী তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদে তারা দুজনেই স্বীকার করে স্বামী-স্ত্রী।পরে এলাকাবাসী গ্রাম পুলিশের সহায়তায় মঙ্গলবার গভীর রাতে এই দুই প্রতারক স্বামী-স্ত্রীকে থানায় সোপর্দ করে। আটককৃতদের বুধবার মাদারীপুর জেলহাজতে পাঠানো হয়েছে।

    প্রতারক আয়না ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কাউলিপাড়া ইউনিয়নের তোজাপুর গ্রামের মৃত আমের আলী মাতুব্বরের মেয়ে। এটি তার চতুর্থ বিয়ে। তিনি দুই সন্তানের জননী বলে জানায়।প্রতারক চাঁনমিয়া একই ইউনিয়নের পল্লীবেড়া গ্রামের মৃত হানিফ খানের ছেলে। আয়না ও চাঁনমিয়া উভয়েরই এটি তৃতীয় বিয়ে। এ ব্যাপারে বুধবার বিকালে প্রতারণার শিকার সোহরাব শেখ বাদী হয়ে শিবচর থানায় একটি মামলা দায়ের করেন।

    প্রতারণার শিকার সোহরাব শেখ বলেন, চাঁনমিয়া ফুপাতো ভাই পরিচয়ে কাবিননামায় সই দিয়ে আয়নার সঙ্গে আমার বিয়ে দিয়েছেন। এখন দেখি ওরা স্বামী-স্ত্রী। আমার ধারণা, প্রতারণা করে ওরা আমার টাকা-পয়সা, সম্পদ লুট করে আমাকে মেরে ফেলত।

    প্রতারক আয়না বলেন, এটি আমার চতুর্থ বিয়ে। প্রথম স্বামী নয় বছর আগে দুই বাচ্চা রেখে মারা যান। এরপর বরিশালের আমার দ্বিতীয় স্বামীও দশ দিন সংসার করে পালিয়ে যায়।চাঁনমিয়ার সঙ্গে আমার বিয়ে হয়েছে প্রায় সাত মাস আগে। চাঁনমিয়া ফুপাতো ভাই সেজে সোহরাবের সঙ্গে আমার বিয়ে দিয়েছেন।চাঁনমিয়া শেখ বলেন, আয়না সোহরাবকে বিয়ে করতে চায় তাই আমি ফুপাতো ভাই সেজে আয়নার বিয়ে দিয়েছি। আমরা ভুল করছি, আমাগো মাফ কইরা দেন।

    পাঁচ্চর ইউপি চেয়ারম্যান দেলোয়ার হাওলাদার বলেন, আমার ধারণা, এরা প্রতারক চক্র। এরা নিজেরাই সব স্বীকার করেছে। প্রতারক না হলে এমন জঘন্য কাজ করা সম্ভব নয়।

    শিবচর থানার পরিদর্শক (তদন্ত) শাজাহান মিয়া বলেন, এ ব্যাপারে মামলা হয়েছে। উভয়ই দোষ স্বীকার করেছে। আসামিদের জেলহাজতে পাঠানো হয়েছে। সূত্র: যুগান্তর।

  • স্যাটেলাইটে যেসব সুবিধা পাবে বাংলাদেশ

    আন্তর্জাতিক ডেস্ক:
    মহাকাশ পানে ছুটতে যাচ্ছে দেশের প্রথম কৃত্রিম উপগ্রহ ‘বঙ্গবন্ধু- ১’। বৃহস্পতিবার (১০ মে) যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেপ ক্যানাভেরাল লঞ্চপ্যাড থেকে স্থানীয় সময় বিকেল ৪টায় (বাংলাদেশ সময় ১১ মে রাত ৩টা) মহাকাশে ডানা মেলছে এ স্যাটেলাইট। এর মাধ্যমে বিশ্বের ৫৭তম স্যাটেলাইট ক্ষমতাধর দেশ হিসেবে জায়গা করে নেবে বাংলাদেশ।

    স্যাটেলাইট স্থাপনের মাধ্যমে একদিকে বাংলাদেশকে যেমন আর অন্য দেশের ওপর নির্ভরশীল হতে হবে না তেমনি দেশের অভ্যন্তরীণ টেলিযোগাযোগ ব্যবস্থায়ও ঘটবে যুগান্তকারী এক বিপ্লব।

    চলুন জেনে নেয়া যাক বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর সুবিধাসমূহ

    বর্তমানে দেশের টেলিভিশন চ্যানেলগুলো সিঙ্গাপুরসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে স্যাটেলাইট ভাড়া নিয়ে তাদের কার্যক্রম পরিচালনা করছে। এজন্য বছরে ব্যয় হয় প্রায় ১২৫ কোটি টাকা। বঙ্গবন্ধু স্যাটেলাইট চালু হলে অনেকাংশেই কমে আসবে এ ব্যয়। শুধু তাই নয়, একই সঙ্গে দেশের টাকা থেকে যাবে দেশেই।

    স্যাটেলাইটের তরঙ্গ ভাড়া দিয়ে বৈদেশিক মুদ্রা আয়েরও সম্ভাবনা রয়েছে। টেলিভিশন চ্যানেল ছাড়াও ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান, ভি-স্যাট ও বেতারসহ ৪০ ধরনের সেবা পাওয়া যাবে এ স্যাটেলাইটের মাধ্যমে।

    যেকোনো ধরনের প্রাকৃতিক দুর্যোগে টেরিস্ট্রিয়াল অবকাঠামো ক্ষতিগ্রস্ত হলেও বঙ্গবন্ধু স্যাটেলাইট দেশে নিরবচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা এবং পরিবেশ যোগাযোগ মাধ্যম হিসেবে ই-সেবা নিশ্চিত করবে।

    স্যাটেলাইটের কার্যক্রম পুরোপুরিভাবে শুরু হলে আশপাশের কয়েকটি দেশে টেলিযোগাযোগ ও সম্প্রচার সেবা দেয়ার জন্য জিয়োসিক্রোনাস স্যাটেলাইট সিস্টেমের গ্রাউন্ড সিস্টেমসহ সব ধরনের সেবা পাওয়া যাবে।

    এছাড়া আবহাওয়ার পূর্বাভাস, টেলিমেডিসিন, ই-লার্নিং, ই-রিসার্চ, ভিডিও কনফারেন্স প্রতিরক্ষা ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পর্কে ভালো তথ্য-উপাত্ত পাওয়া যাবে এ স্যাটেলাইটের মাধ্যমে। নতুন দিগন্ত খুলে যাবে অন্যান্য বিভিন্ন খাতেও।

    প্রতিবেশী দেশ ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার নিজস্ব স্যাটেলাইট রয়েছে। এ স্যাটেলাইট উৎক্ষেপণের ফলে নেপাল, মিয়ানমার, ভুটান ও অন্যান্য দেশের কাছে সেবা ভাড়া দিতে পারবে বাংলাদেশ। এর মাধ্যমে বছরে প্রায় ৫০ মিলিয়ন মার্কিন ডলার আয় করা যাবে।

    বঙ্গবন্ধু স্যাটেলাইটের মোট ৪০টি ট্রান্সপন্ডার থাকবে। এর মধ্যে ২০টি ট্রান্সপন্ডার বাংলাদেশের ব্যবহারের জন্য রাখা হবে। বাকি ২০টি ট্রান্সপন্ডার বিদেশি কোনো প্রতিষ্ঠানের কাছে বিক্রির জন্য রাখা হবে।

    প্রাথমিক এসব সুবিধা শুধুমাত্র বাংলাদেশ এবং প্রতিবেশী দেশগুলোকে দেয়া সম্ভব হলেও পরে এর পরিসর বিস্তৃতি ঘটবে। দক্ষিণ-পূর্ব এশিয়া, ইউরোপ, মধ্যপ্রাচ্য, উত্তর ও পূর্ব আফ্রিকার দেশগুলোর কাছে স্যাটেলাইট সুবিধা ভাড়া অথবা বিক্রি করতে পারবে বাংলাদেশ।

    এ স্যাটেলাইট বাংলাদেশকে দীর্ঘমেয়াদে সেবা প্রদান করবে; যার পরিসর হবে বৃহৎ, বিশ্বমানের, নির্ভরযোগ্য, বহুমুখী এবং সুপার পারফরম্যান্স নির্ভর।

  • কুমিল্লার দুইজনসহ সারাদেশে একদিনে বজ্রপাতে প্রাণ গেল ২৫ জনের

    অনলাইন ডেস্ক:

    সারাদেশে বজ্রপাতে অন্তত ২৫ জনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন অন্তত ৩০ জন। বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত ঝড়-বৃষ্টির সঙ্গে বজ্রপাতে হতাহতের এ ঘটনা ঘটে।

    এর মধ্যে হবিগঞ্জে ছয়জন, সুনামগঞ্জে দুইজন, মানিকগঞ্জে দুইজন, কিশোরগঞ্জে দুইজন, রাজশাহীতে তিনজন, নীলফামারীতে দুইজন, কুমিল্লায় দুইজন, সিরাজগঞ্জে একজন, গাইবান্ধায় একজন, ময়মনসিংহে একজন, নারায়ণগঞ্জে একজন, জামালপুরে একজন ও ব্রাহ্মণবাড়িয়া একজন মারা গেছেন।

    হবিগঞ্জ : হবিগঞ্জে হাওরে ধান কাটার সময় বজ্রপাতে ছয়জনের মৃত্যু হয়েছে। এতে আরও ছয়জন আহত হয়েছেন।

    মৃতরা হলেন- দাইপুর গ্রামের বসন্ত দাশের ছেলে স্বপন দাশ (৩৫), সিরাজগঞ্জ জেলার দত্তকান্দি এলাকার বাসিন্দা জয়নাল উদ্দিন (৬০), নবীগঞ্জ উপজেলার বৈলাকীপুর গ্রামের নারায়ণ পাল (৪০), আমড়াখাই গ্রামের হাবিব উল্লাহর ছেলে আবু তালিব (২৫), লাখাই উপজেলার তেঘরিয়ায় সফি মিয়া (৫৫) ও মাধবপুর উপজেলার রাম কুমার সরকারের ছেলে জোহর লাল সরকার (১৮)।

    জেলা দুর্যোগ ব্যবস্থাপনা অফিসের বজ্রপাতের তথ্য সংগ্রহের দায়িত্বরত কর্মী আব্দুল নূর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, জেলার বিভিন্ন স্থানে বজ্রপাতে ছয়জন মারা গেছেন। এ সময় আহত হন আরও ছয়জন। তাদের চিকিৎসা দেয়া হচ্ছে।

    সুনামগঞ্জ : সুনামগঞ্জের ধর্মপাশা ও শাল্লায় বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে। তারা হলেন- ধরমপাশা উপজেলার সদর ইউনিয়নের দুর্বাকান্দা গ্রামের আব্দুর রহিমের ছেলে জুয়েল আহমদ (১৬) ও শাল্লা উপজেলার আটগাঁও ইউনিয়নের কাশিপুর গ্রামের ইসহাক আলীর ছেলে আলমগীর মিয়া (২২)। ধরমাপাশা সদর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য নূর ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

    মানিকগঞ্জ : মানিকগঞ্জের পৃথক স্থানে বজ্রপাতে ছাত্রসহ দুইজনের মৃত্যু হয়েছে। এ সময় ৮ শিক্ষার্থী আহত হয়েছে। বুধবার দুপুরে দৌলতপুরের বাঁচামারা ও তালুকনগর এলাকায় এ ঘটনা ঘটে।

    মৃতরা হলেন- তালুকনগর উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র সাইফুল ইসলাম অন্তর (১২) এবং বাঁচামারা ইউনিয়নের হাসাদিয়া গ্রামের হাফেজ শেখের ছেলে কৃষক ইয়াকুব আলী শেখ (৪৮)।

    তালুকনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুর রহমান ও বাঁচামারা ইউনিয়নের ইউপি চেয়ারম্যান মো. আব্দুল লতিফ বিষয়টি নিশ্চিত করেছেন।

    কিশোরগঞ্জ : কিশোরগঞ্জের নিকলী ও পাকুন্দিয়া উপজেলায় বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে। তারা হলেন- নিকলী উপজেলার ছাতিরচর ইউনিয়নের পরিষদপাড়া গ্রামের শাহ জালাল (২৪) ও পাকুন্দিয়া উপজেলার সুখিয়া ইউনিয়ন পরিষদের আশুতিয়া গ্রামে দিপালী রানী বর্মণ (৩৫)। নিকলী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাছির উদ্দিন ভূঁইয়া ও পাকুন্দিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম মজুমদার দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

    রাজশাহী : রাজশাহীর তানোরে বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও তিনজন। বুধবার সকালে উপজেলার দুবাইল ও বাতাসপুর গ্রামে এ বজ্রপাতের ঘটনা ঘটে।

    মৃতরা হলেন- বাতাসপুর গ্রামের কৃষক আনসার আলী (৩০) এবং দুবইল পূর্বপাড়ার কিশোর সোহাগ আলী (১৬) ও কলমা ইউনিয়নের চকরতিরাম আদিবাসী গ্রামের বেলাম হেমরমের স্ত্রী এলেনা মুরমু (৩৫)। উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির উপ-সহকারী প্রকৌশলী এনামুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

    নীলফামারী : বজ্রপাতে নীলফামারীর জলঢাকায় দুইজনের মৃত্যু হয়েছে। বুধবার সকালে জেলাজুড়ে ঝড়ো হাওয়া ও শিলাবৃষ্টির সময় বজ্রপাত তাদের মৃত্যু হয়।

    তারা হলেন- উপজেলার বালাগ্রাম ইউনিয়নের শালনগ্রামের আসমা বেগম (৫০) ও কাঁঠালি ইউনিয়নের উত্তর দেশীবাই গ্রামের নূর আমিন (৪৫)। বালাগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম লিপন বিষয়টি নিশ্চিত করেন।

    সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের কাজিপুর বজ্রপাতে সমতুল্লাহ (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় শাকিল মিয়া (১৫) নামে এক স্কুলছাত্র আহত হয়েছে।

    গাইবান্ধা : গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। উপজেলার উদাখালি ইউনিয়নের পশ্চিম ছালুয়া গ্রামের চরে বুধবার সকালে এ ঘটনা ঘটে।

    মৃত মহর আলী (৩৫) উপজেলার উড়িয়া ইউনিয়নের চর কাবিলপুর গ্রামের আব্দুর রশিদের ছেলে। উদাখালি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

    ময়মনসিংহ : ময়মনসিংহ সদর উপজেলায় বজ্রপাতে আলাল উদ্দিন নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এছাড়া ময়মনসিংহের পৃথক স্থানে বজ্রপাতে আরও ১২ জন আহত হয়েছেন।

    নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের তিলাব গ্রামে বজ্রপাতে কুলফি আক্তার (০৮) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। কুলফি ওই গ্রামের শাহ কামালের মেয়ে।

    জামালপুর : জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার উপজেলার চর আমখাওয়া ইউনিয়নের মৌলভীর চরে এ ঘটনা ঘটে। মৃত মো. হাবিবুর রহমান (৪৭) মৌলভীর চরের মৃত আব্দুল মজিদের ছেলে বলে নিশ্চিত করেছেন একই ইউপির ৮ নম্বর ওয়ার্ডের সদস্য জয়নাল আবেদীন।

    কুমিল্লা : কুমিল্লায় মুরাদনগর উপজেলায় বজ্রপাতে সেলিম ও ইমন নামে দুইজনের মৃত্যু হয়েছে। বুধবার বিকেলে উপজেলার যাত্রাপুর গ্রামে এ ঘটনা ঘটে। মৃতরা হলো- সেলিম (১৭) ও ইমন (১৫)। মুরাদনগর থানা পুলিশের ওসি একেএম মনজুর আলম দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

    ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় বজ্রপাতে সাইফুল ইসলাম (৩৫) নামে এক বিদ্যুৎকর্মীর মৃত্যু হয়েছে। বুধবার সন্ধ্যায় উপজেলার পত্তন ইউনিয়নের বড়পুকুরপাড় এলাকায় এ ঘটনা ঘটে। মৃত সাইফুলের বাড়ি কুমিল্লার জেলার চৌদ্দগ্রাম উপেলায়। তিনি বিজয়নগর উপজেলা পল্লী বিদ্যুৎ অফিসের লাইনম্যান পদে কর্মরত ছিলেন।

    এ ঘটনায় আজাদ মিয়া (৩৪) নামে আরেক লাইনম্যান গুরুতর আহত হয়েছেন। তাকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পল্লী বিদ্যুৎ অফিসের বরাত দিয়ে বিজয়নগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী আরশাদ বিষয়টি নিশ্চিত করেছেন।

  • সরকারকে আল্টিমেটাম দিলেন কোটা আন্দোলনকারীরা

    অনলাইন ডেস্ক:

    সরকারি চাকরিতে কোটা বাতিলের প্রজ্ঞাপন জারি না হলে রোববার থেকে ছাত্র আন্দোলনের দাবানলে রাজপথ উত্তপ্ত হবে বলে জানিয়েছে কোটা সংস্কারকারীরা। আগামীকাল বৃহস্পতিবারের (১০ মে) মধ্যে প্রজ্ঞাপন জারি না হলে এই আন্দোলন করা হবে বলে জানিয়েছেন কোটা আন্দোলনকারীরা।

    আজ বুধবার (৯ মে) সরকারি চাকরিতে কোটা বাতিলে প্রজ্ঞাপন জারির দাবিতে শাহবাগ মোড়ে মানববন্ধন শেষে আন্দোলনকারীরা এ তথ্য জানায়।

    এর আগে গতকাল মঙ্গলবার দ্রুত সময়ের মধ্যে প্রজ্ঞাপন জারির দাবিতে আজ বুধবার দেশের সব কলেজ-বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন কর্মসূচি পালনের ঘোষণা দেয় বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ। এ সময় কেন্দ্রীয়ভাবে ঢাবির রাজু ভাস্কর্য থেকে জাতীয় জাদুঘর পর্যন্ত মানববন্ধন কর্মসূচি পালন করার কথা জানানো হয়।

    আন্দোলনকারীদের যুগ্ম আহ্বায়ক নুরুল হক নুর বলেন, প্রধানমন্ত্রী ছাত্র সমাজকে প্রতিশ্রুতি দিয়েছেন, ৭ মে মধ্যে কোটা সমস্যার সমাধান করা হবে। আপনারা সেটা করেননি। যে কারণে শুধু বাংলার ছাত্র সমাজ নয়, পুরো জাতি আজ হতাশ।

    এসময় তিনি আরও বলেন ‘আজকের এই মানববন্ধন থেকে আমরা একটা কথাই বলতে চাই, আগামীকাল বৃহস্পতিবারের মধ্যে যদি আমাদের দাবির বিষয়ে কোনো প্রজ্ঞাপন না দেওয়া হয়, তাহলে রোববার থেকে সারা দেশের ছাত্র আন্দোলনের দাবানলে রাজপথ উত্তপ্ত হবে।’ নুর বলেন, ‌‘আমরা বলতে চাই বাংলার ছাত্র সমাজ শান্তশিষ্ট থাকতে চায় তাদেরকে রাজপথে নামতে বাধ্য করবেন না।’

    আগামীকাল বৃহস্পতিবারের (১০ মে) মধ্যে যদি কোটা সংস্কার নিয়ে প্রধানমন্ত্রী সংসদে যে ঘোষণা দিয়েছেন তার প্রজ্ঞাপন না আসে তাহলে বাংলার ছাত্র সমাজ রোববার দিন থেকে সারা বাংলাদেশে ছাত্র জনতার দাবানল রাজপথ উত্তপ্ত করবে।

    এ সময় সেখানে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের অন্য সদস্যরা সহ কয়েকশ শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

  • বিদ্যুতের দাম বাড়বে, সাবধান করে দিলেন অর্থমন্ত্রী

    অনলাইন ডেস্ক:
    ‘আগে থেকেই সাবধান করে দিচ্ছি, বিদ্যুতের দাম বাড়বে। কারণ, যে রসদ দিয়ে বিদ্যুৎ উৎপাদন হয় সেগুলোর দাম বেড়ে গেছে।’ রাজধানীর হোটেল রেডিসনে মঙ্গলবার (৮ মে) রাতে বাজেট বিষয়ক এক অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত একথা বলেন।

    এফবিসিসিআই সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিনের সঞ্চালনায় ‘কেমন বাজেট চাই ২০১৮-১৯’ শীর্ষ্ক এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই) এবং একটি বেসরকারি টিভি চ্যানেল যৌথভাবে এই অনুষ্ঠানটির আয়োজন করে।

    অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত আরও বলেন, ‘শিগগিরই ব্যাংকিং কমিশন গঠন করা হবে। ভেবেছিলাম আগামী বাজেটের সময় এই কমিশন করবো কিন্তু তার আগেই করছি। যাতে ডিসেম্বরের মধ্যে কমিশন একটা রিপোর্ট করতে পারে এবং সেই রিপোর্টের সুপারিশ অনুযায়ী নতুন সরকার কাজ করতে পারে।’

    অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালেহউদ্দিন আহমেদ। এছাড়া বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (পিআইডিএফ) মহাপরিচালক কে এ এফ মুরশিদ, বিজিএমইএ এর সভাপতি সিদ্দিকুর রহমান, এমসিসিআই এর সভাপতি নিহাব কবির, ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসের সম্পাদক এএইচএম মোয়াজ্জেম হোসেন প্রমুখ

  • মিসকল থেকে পরকীয়া শুরু, হত্যায় সমাপ্তি

    অনলাইন ডেস্ক:
    মুঠোফোনে পরিচয় হওয়ার পরে পরকীয়ার টানে প্রথম স্বামীর সংসার ছেড়ে বরিশালের গৌরনদী পৌর এলাকার গেরাকুল মহল্লায় জাহিদুর রহমান মৃধার সঙ্গে সংসার বেঁধেছিলেন এক সন্তানের জননী নাদিয়া বেগম (২০)।

    পরকীয়া প্রেমিকের সঙ্গে এক বছর সংসার করে অবশেষে দ্বিতীয় স্বামী জাহিদুরের নির্যাতনের শিকার হয়ে সোমবার রাতে মারা গেছে নাদিয়া বেগম। মঙ্গলবার সকালে হাসপাতাল থেকে নাদিয়া বেগমের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল মর্গে পাঠানো হয়েছে।

    নাদিয়ার স্বজনরা জানান, প্রায় ৩ বছর আগে মাদারীপুর জেলার কালকিনি উপজেলার চরপালরদী গ্রামের কবির আকনের মেয়ে নাদিয়ার সঙ্গে আগৈলঝাড়া উপজেলার মো. মনির হোসেনের (৩০) সামাজিকভাবে বিয়ে হয়। তাদের ঘরে একটি ছেলে সন্তান জন্ম নেয়। স্বামী মনির হোসেন ঢাকায় থাকা সুবাদে নাদিয়া বেগম সন্তানকে নিয়ে বাড়িতে বসবাস করতেন। দেড় বছর আগে মুঠোফোনের মিস কলের সূত্র ধরে নাদিয়া বেগমের পরিচয় হয় গৌরনদী পৌর এলাকার গেরাকুল মহল্লার মৃত মো. সেলিম মৃধার ছেলে জাহিদুর রহমান মৃধার (২১) সঙ্গে। ফোনে কথা বলতে বলতে এক পর্যায়ে তাদের মধ্যে পরকীয়া প্রেমের সম্পর্ক গড়ে উঠে। পরকীয়ার এক পর্যায়ে গত বছর (২০১৭) এপ্রিল মাসে নাদিয়া স্বামীর ঘর ছেড়ে পরকীয়া প্রেমিক জাহিদুরকে বিয়ে করে তার সঙ্গে সংসার শুরু করেন।

    নিহত নাদিয়ার মা আলেয়া বেগম অভিযোগ করে বলেন, আমার মেয়ে নাদিয়ার দ্বিতীয় স্বামী জাহিদুর রহমান একজন মাদক সেবি। সে মাদক সেবন করে প্রায়ই নাদিয়াকে মারধর করতো। নাদিয়া বিষয়টি পূর্বেই তাকে জানান। গত সোমবার রাতে নাদিয়ার সঙ্গে স্বামী জাহিদুরের ঝগড়াঝাটি হয়। এক পর্যায়ে জাহিদুর নাদিয়াকে পিটিয়ে হত্যা করে মৃতদেহ ঘরে ঝুলিয়ে রাখে। পরবর্তীতে মঙ্গলবার সকালে নাদিয়ার লাশ হাসপাতালে রেখে আমাকে আত্মহত্যার কথা জানিয়ে খবর দেয়। আমি এসে নাদিয়ার গায়ে নির্যাতনের চিহ্ন দেখতে পাই। আমার কন্যা নাদিয়াকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। অভিযোগের ব্যাপারে জাহিদুর রহমানের সঙ্গে যোগাযোগ করলে তার মুঠোফোন বন্ধ পাওয়া গেছে। এলাকার লোকজন জানান, হাসপাতাল থেকে পুলিশ মৃতদেহ উদ্ধার করার পর থেকে জাহিদুর রহমান গা ঢাকা দিয়েছে।

    গৌরনদী মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. ইকবাল কবির জানান, অভিযোগ পেয়ে সকালে হাসপাতাল থেকে গৃহবধূর মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রাথমিকভাবে থানায় ইউডি মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের রির্পোট হাতে পাওয়ার পরে অভিযোগের সত্যতা পাওয়া গেলে হত্যা মামলা রুজু করা হবে।