Category: খেলার সংবাদ

  • সর্বনিন্ম স্কোরের লজ্জাজনক রেকর্ড গড়ল বাংলাদেশ

    অনলাইন ডেস্ক:
    কঠিন ওয়েস্ট ইন্ডিজ সফরের শুরুতেই বড় ধরণের লজ্জায় পড়ল বাংলাদেশ। অ্যান্টিগায় ক্যারিবীয় পেসারদের বোলিং তোপে প্রথম ইনিংসে মাত্র ৪৩ রানেই গুটিয়ে গেছে সাকিব আল হাসানের দল।

    বাংলাদেশের ব্যাটসম্যানরা যেমন ব্যাটিং করছিলেন, তাতে টেস্ট ইতিহাসেরই সর্বনিন্ম দলীয় সংগ্রহের লজ্জায় পড়ার শঙ্কা ভর করেছিল। তবে শেষপর্যন্ত নিউজিল্যান্ডের ২৬ রানে অলআউট হওয়ার রেকর্ডটি এড়িয়েছে তারা। তবে এড়াতে পারেনি দেশের সর্বনিম্ন দলীয় সংগ্রহের লজ্জা।


    ২০০৭ সালের ৩ জুলাই কলম্বোতে শ্রীলঙ্কার বিপক্ষে মাত্র ৬২ রানে অলআউট হয়েছিল বাংলাদেশ। এটিই ছিল এতদিন পর্যন্ত টেস্টে টাইগারদের সর্বনিম্ন দলীয় সংগ্রহ। এবার সেটাকে পেছনে ফেলল সাকিবের দল।

    ক্যারিবীয় পেসারদের বোলিং তোপে শুরু থেকেই হাস-ফাঁস করছিলেন বাংলাদেশের ব্যাটসম্যানরা। কেমার রোচ প্রথম ঘন্টাতেই পাঁচ উইকেট তুলে নেন। তাতে ১৮ রানের মধ্যে ৫ উইকেট হারিয়ে বসে টাইগাররা।

    তামিম ইকবালকে দিয়ে শুরু। মাত্র ৪ রানেই কেমার রোচের শিকার হয়ে ফেরেন চার হাজারি ক্লাবের সামনে দাঁড়িয়ে থাকা বাংলাদেশি ওপেনার। এরপর একে একে তার দেখানো পথ ধরেছেন মুমিনুল হক (১), মুশফিকুর রহিম (০), সাকিব আল হাসান (০) আর মাহমুদউল্লাহ রিয়াদ (০)। সব কটি উইকেটই নেন ক্যারিবীয় পেসার রোচ। ৬ রানেই তিনি তুলে নেন ৫ উইকেট।

    সতীর্থদের এই আসা যাওয়ার মাঝে একটা প্রান্ত ধরে ছিলেন লিটন দাস। তিনিও অবশ্য বড় কিছু করতে পারেননি। ২৫ রান করে মিগুয়েল কামিন্সকে তুলে মারতে গিয়ে ক্যাচ হয়েছেন উইকেটরক্ষক এই ব্যাটসম্যান। এরপর নুরুল হাসান (৪) আর মেহেদী হাসান মিরাজের (১) উইকেটও নেন এই পেসার। সবমিলিয়ে ১৮.৪ ওভারেই শেষ বাংলাদেশের প্রথম ইনিংস।

  • কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামকেই পাচ্ছে ব্রাজিল !

    অনলাইন ডেস্ক:
    রাশিয়া বিশ্বকাপের নক আউট পর্বে আজ সোমবার (২ জুলাই) মুখোমুখি হয় ব্রাজিল-মেক্সিকো। টানটান উত্তেজনায় পরিপূর্ণ এ ম্যাচে মেক্সিকানদের ২-০ গোলে পরাজিত করে কোয়ার্টার ফাইনালে উঠে গেছে ব্রাজিল।

    এদিকে রাতে বেলজিয়াম ও জাপানের মধ্যকার ম্যাচের প্রথমার্ধ গোলশূন্যতে শেষ হলেও দ্বীতিয় রাউন্ডে বেলজিয়ামকে ২ গোল দেয় জাপান। কিন্তু এর পরপরই বেলজিয়ামও ২ গোল পরিশোধ করে সমতায় ফিরে আসে। ম্যাচটি টান টান উত্তেজনাকর ছিল। শেষ মুহুর্তে বেলজিয়ামের ১ গোলে পরাজিত হয় জাপান। ফলে কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের মুখোমুখি হবে বেলজিয়াম । কোয়ার্টার ফাইনাল ম্যাচটি বাংলাদেশ সময় ৭ জুলাই দিবাগত রাত ১২টায় সোচি স্টেডিয়ামে শুরু হবে।

    এশিয়ার একমাত্র প্রতিনিধি হিসেবে রাশিয়া বিশ্বকাপের প্রথম রাউন্ড পেরোয় জাপান। এইচ গ্রুপ রানার্সআপ হিসেবে দলটি ওঠে শেষ ষোলোতে। সেনেগাল সমান পয়েন্ট ও গোল ব্যবধান নিয়েও ফেয়ার প্লেতে বাদ পড়ে যায় সেনেগাল।

    জাপান একাদশ : ইজি কাওয়সিমা (গোলরক্ষক), জেন সোজি, মায়া ইয়োশিদা, ইউতো নাগাতোমো, হিরোকি সাকাই, শিনজি কাগাওয়া, গাকু শিবাসাকি, মাকোতো হাসেবি, ইউয়া ওসাকো, তাকাশি ইনুই, জেনকি হারাগুচি।

    এর আগে, তিনবার গোল করার সহজ সুযোগ কাজে লাগাতে পারেননি মেইমাররা। বিরতিতে যাওয়ার আগে গোল করতে পারেননি কোন দল। তবে খেলার দ্বিতীয়ার্ধে খেলার ৫০ মিনিটের গোল করে দলকে এগিয়ে নিয়ে যান নেইমার। এরপর খেলার ৮৮ মিনিটে রোবার্ত ফিরমিনো দলের পক্ষে দ্বিতীয় গোল করে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন। তবে কোন গোল করতে পারেনি মেক্সিকো।

    এই ম্যাচের আগে শক্তি আর পরিসংখ্যানের লড়াইয়ে নেইমাররা এগিয়ে থাকলেও পিছিয়ে ছিল না মেক্সিকানরা। অতীত ইতিহাসে মেক্সিকোর বিপক্ষে স্বস্তির পাশাপশি অস্বস্তির কারণও ছিল সেলেসাওদের। কারণ শেষ ১৫ বারের লড়াইয়ে মেক্সিকানদের কাছে সাতটিতেই হেরেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

    তবে সেই পরিসংখ্যান পিছনে ফেলে শেষ হাসি হাসে নেইমাররা। ২-০ গোল ব্যবধানে জিতে মাঠ ছাড়ে তিতের শিষ্যরা।

  • টাইব্রেকারে স্পেনকে হারিয়ে অঘটনের জন্ম দিল রাশিয়া

    অনলাইন ডেস্ক:

    ম্যাচের পূর্ণাঙ্গ সময়ে স্পেন এবং স্বাগতিক রাশিয়া ১-১ ব্যবধানে শেষ করে। ম্যাচের শুরুতে আত্মঘাতী গোলে এগিয়ে যায় স্পেন। এবারের আসরে দশম আত্মঘাতী গোল এটি। পরে পেনাল্টি থেকে গোলে সমতা ফেরে স্বাগতিক রাশিয়া।

    শেষ পর্যন্ত অতিরিক্ত সময়ে গড়ায় রাশিয়া বিশ্বকাপের শেষ ষোলোর তৃতীয় ম্যাচ। যেহেতু এটা নক-আউট পর্ব, সেহেতু ম্যাচের ফলাফল হতেই হবে। তাই অতিরিক্ত ৩০ মিনিটেও ম্যাচের ফলাফল না আসায় টাইব্রেকারে গড়ায় রাশিয়া-স্পেন ম্যাচটি।

    শেষে টাইব্রেকারে জয় পায় রাশিয়া। ৪-৩ গোলে স্পেনকে হারিয়ে দলটি উঠে যায় শেষ আটে।

    এর আগে শনিবারের ম্যাচে ৪-৩ গোলে ফ্রান্সের কাছে হেরে বিদায় নেয় আর্জেন্টিনা। দিনের অপর ম্যাচে, উরুগুয়ের কাছে ২-১ ব্যবধানে হেরে বিদায় নেয় পর্তুগালের।

    মরক্কোর সঙ্গে ২-২ গোলে ড্র করে দলে তিন পরিবর্তন আনে স্পেন। শুরুর একাদশে নেই আন্দ্রেস ইনিয়েস্তা, দানি কারভাহাল ও তিয়াগো আলকান্তারা।

    উরুগুয়ের কাছে ৩-০ গোলে হারা রাশিয়া দলে এসেছে চার পরিবর্তন। টুর্নামেন্টে তিনটি গোল করা দেনিস চেরিশেভ জায়গা হারিয়েছেন শুরুর একাদশে। লাল কার্ড পাওয়ায় নেই ইগর স্মলনিকভ। একাদশে জায়গা হয়নি ইউরি গাজিনস্কি ও আলেক্সি মিরানচুকের। একাদশে ফিরেছেন মারিও ফেরনান্দেস, দালের কুজিয়ায়েভ, ইউরি জিরকভ ও আলেকসান্দার গোলোভিন।

  • এবার বিদায় নিল রোনালদোর পর্তুগাল

    অনলাইন ডেস্ক:

    দিনের প্রথম ম্যাচে ফ্রান্সের কাছে হেরে রাশিয়া বিশ্বকপের নকআউট পর্ব থেকে বাদ পড়ে যান মেসিরা। এর পরের ম্যাচেই উরুগুয়ের বিপক্ষে হেরে বিদায় ঘটে রিয়াল তারকা রোনালদোর পর্তুগালের। ফিশট স্টেডিয়ামে নকআউট পর্বের দ্বিতীয় ম্যাচে উরুগুয়ে পর্তুগালের বিপক্ষে ২-১ গোলে জিতে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে।

    রেফারির কিক অফের বাঁশি বাজানোর ৭ মিনিটও যায়নি। লুইস সুয়ারেজের সহায়তায় পর্তুগালের জালে বল জড়িয়ে উরুগুয়েকে এগিয়ে দেন কাভানি। প্রথমার্ধে বল দখলের লড়াইয়ে এগিয়ে থেকেও গোল দিতে পারেনি পর্তুগিজরা। বিরতির পর এসে পেপের হেড থেকে করা গোলে সমতায় ফেরেন রোনালদোরা।

    পর্তুগাল সমতায় ফেরার ৭ মিনিট পরেই আবারও কাভানির গোলে এগিয়ে যায় উরুগুয়ে। ২-১ গোলে এগিয়ে থেকেই শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়ে লাতিন আমেরিকার দেশ উরুগুয়ে। আজ কাভানির জোড়া গোলেই জয় নিয়ে মাঠ ছাড়ে সুয়ারেজরা।

    বল দখলের লড়াইয়ে রোনালদোরা এগিয়ে থাকলেও আক্রমণের ধার ছিল সমান সমান। পর্তুগাল উরুগুয়ের গোলবার লক্ষ্য করে ১২টি শট নিলেও জড়ায় মাত্র ১টি। এদকে উরুগুয়ের নেওয়া ৫টি শটের মধ্যে দুটিই গোল হয়।

    প্রথমার্ধের ৬৬ শতাংশ সময় বল ছিল পর্তুগিজদের পায়ে। তবে কাঙ্ক্ষিত গোল পায়নি তারা। গ্রুপ পর্ব থেকে রোনালদো একাই পর্তুগালকে নকআআউট পর্বে নিয়ে এসেছেন । তিন ম্যাচে করেছেন ৪ গোল। কিন্ত নকআউট পর্বে এসে দলকে আর টেনে নিতে পারলেন না সি আর সেভেন।

  • আর্জেন্টিনার হয়ে আর মাঠে দেখা যাবে না মাচেরানোকে

    অনলাইন ডেস্ক:

    বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ড থেকে ফ্রান্সের কাছে ৪-৩ ব্যবধানে রীতিমত বিধ্বস্ত হয়ে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় আর্জেন্টিনা। এর ঠিক পরেই তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় আর্জেন্টিনার জাতীয় দলকে বিদায় জানালেন আর্জেন্টিনার মাঝ মাঠের কাণ্ডারি হাভিয়ের মাচেরানো।

    ‘এখন জাতীয় দলকে বিদায় জানানোর সময়। কোন একদিন হয়তো এই ছেলেগুলোই আর্জেন্টিনার হয়ে কিছু জয় করবে’, কান্নাভেজা কণ্ঠে ম্যাচ শেষে টিওয়াইসি স্পোর্টসে বলেন মাচেরানো।

    ২০০৩ সালে উরুগুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আর্জেন্টিনার হয়ে অভিষেক হয় মাচেরানোর। তারপর আর পেছনে তাকাতে হয়নি তাকে। দ্রুতই আর্জেন্টিনার মাঝমাঠের কাণ্ডারি হয়ে ওঠেন তিনি। জাতীয় দলের হয়ে ১৪৬টি ম্যাচ খেলে ৩টি গোল করেছেন সাবেক এই বার্সা তারকা।

  • লড়াই করে হেরেছে আর্জেন্টিনা

    অনলাইন ডেস্ক:
    বিমর্ষ মেসি। ডাগ আউটে তখনও পায়চারী করছেন কোচ হোর্হে সাম্পাওলি। স্কোর লাইন ফ্রান্স ৪-৩ আর্জেন্টিনা। ৩২ বছরের বিশ্বকাপ খরাকে ৩৬শে নিয়ে গেল আর্জেন্টিনা। পারলো না আর্জেন্টিনা, পারলেন না মেসি। জাতীয় দলের হয়ে আরো একবার বড় টুর্নামেন্ট থেকে শূন্য হাতে ফিরতে হলো মেসিকে। তবে লড়াই করে হেরেছে আর্জেন্টিনা

    বিশ্বকাপের শুরু থেকেই এবারের ফ্রান্স দলকে ধরা হচ্ছিল বিশ্বকাপ জয়ের অন্যতম দাবিদার। দ্বিতীয় রাউন্ডের ম্যাচে এসেই ফ্রান্স প্রমাণ করলো কেন তারা শিরোপার অন্যতম দাবিদার। মেসির আর্জেন্টিনাকে গুনে গুনে ৪ গোল দিয়েছে ফ্রান্সের তরুণ প্রতিভাবান ফুটবলাররা। এমবাপ্পে একাই করেছেন জোড়া গোল। পুরো ম্যাচেই নিষ্প্রভ ছিলেন লিওনেল মেসি।

    বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডের প্রথম ম্যাচেই মুখোমুখি হয় ইউরোপের শক্তিশালী দল ফ্রান্স ও লাতিন আমেরিকার পরাশক্তি আর্জেন্টিনা। গ্রুপ পর্বে দুর্দান্ত পারফর্ম করে আসা ফ্রান্সের সামনে ভঙ্গুর আর্জেন্টিনা দল নিজেদের কতটা মেলে ধরতে পারবে সেটা নিয়ে আশঙ্কা ছিল সবার। ম্যাচের প্রথমার্ধেও সেটির প্রতিফলন দেখা গেলো। গ্রিজম্যানের করা পেনাল্টি গোলে এগিয়ে গেলেও ৪১ মিনিটে ডি মারিয়ার গোলে সমতায় ফেরে আর্জেন্টিনা। প্রথমার্ধ ১-১ সমতায় থেকেই বিরতিতে যায় আর্জেন্টিনা।

    ম্যাচের ৯ মিনিটে ডি বক্সের বাইরে ফ্রি কিক পায় ফ্রান্স। আন্তনিও গ্রিজম্যানের দুর্দান্ত ফ্রি-কিক আর্জেন্টিনার গোলরক্ষককে পরাস্ত করতে পারলেও গোলবার বাধা হয়ে দাঁড়ায় তার সামনে। ১১ মিনিটে আর ফ্রান্সকে আটকে রাখতে পারেনি আর্জেন্টাইন ডিফেন্ডাররা। মাঝমাঠ থেকে একাই বল টেনে নিয়ে আর্জেন্টাইন ডিবক্সের ভেতর যেতে থাকেন কেইলান এমবাপ্পে। ডি বক্সের ভেতর তাকে অবৈধভাবে ফেলে দেন মার্কস রোহো। রেফারি সঙ্গে সঙ্গে পেনাল্টির সিদ্ধান্ত দেন।

    স্পট কিক থেকে ফ্রান্সের হয়ে ম্যাচে প্রথম গোলটি করেন গ্রিজম্যান। বিশ্বকাপে পেনাল্টি থেকে এটি তার দ্বিতীয় গোল। ১৯ মিনিটে আবারো এমবাপ্পেকে ফাউল করেন আর্জেন্টাইন তালিয়াফিকো। পগবার নেওয়া ফ্রি-কিক গোলবারের অনেক উপর দিয়ে চলে যায়।

    ফ্রান্সের ফুটবলারদের গতি এবং আক্রমণাত্মক মনোভাবে একদমই দুর্বল মনে হচ্ছিল আর্জেন্টিনার বুড়ো একাদশকে। পুরো আর্জেন্টিনাকে একাই নাচাতে থাকেন এমবাপে। তাকে মার্ক করতে গিয়ে বারবার অন্যান্য ফ্রেঞ্চ ফুটবলারদের ফ্রি রোলে খেলতে দেন আর্জেন্টাইনরা।

    প্রথমার্ধ যখন এগিয়ে থেকে বিরতিতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে ফ্রান্স ঠিক তখন ৪১ মিনিট ৩৫ গজ দূর থেকে বা পায়ের চোখ ধাঁধানো শটে দুর্দান্ত গোলে আর্জেন্টিনাকে সমতায় ফেরান এঞ্জেল ডি মারিয়া। এরপরেই যেন প্রাণ ফিরে পায় পুরো আর্জেন্টিনা। কিন্তু রেফারি একটু পরেই শেষ বাঁশি বাজালে ১-১ সমতায় থেকেই বিরতিতে যায় তারা।

    দ্বিতীয়ার্ধের শুরুতেই রোহোর পরিবর্তে মাঠে নামেন ফ্যাজিও। ৪৮ মিনিটে ডি বক্সের বাইরে ডি মারিয়াকে ফাউল করলে রেফারি ফ্রি কিকের সিদ্ধান্ত দেন। সেখান থেকে বানেগার শট প্রতিহত হলে মেসির কাছে বল আসে। মেসি নেওয়া বা-পায়ের শট মার্কাদোর পায়ে লেগে লরিসকে বোকা বানিয়ে জালে জড়ায়। উল্লাসে মেতে ওঠে আর্জেন্টিনা। কিন্তু এটা মাত্র কিছুক্ষণই স্থায়ী ছিল।

    ৫৭ মিনিটে ডই বক্সের বাইরে থেকে দুর্দান্ত ভলিতে ফ্রান্সকে সমতায় ফেরান পাভার্ড। গোল দিয়ে আরো উজ্জীবিত ফ্রান্স। ৬৪ মিনিটে আর্জেন্টিনার রক্ষণভাগকে বোকা বানিয়ে ডি বক্সের ভেতর একজনকে পরাস্ত করে দুর্দান্ত গোল করেন ম্যাচের অন্যতম সেরা পারফর্মার কেইলান এমবাপ্পে।

    পিছিয়ে পড়ে যেন খেই হারিয়ে ফেলে আর্জেন্টিনার রক্ষণভাগ। ভঙ্গুর ডিফেন্সের সুযোগ নিয়েই জিরুর পাস থেকে আবারো গোল করে বসেন এমবাপ্পে। ১৯ বছর বয়সী এই ফুটবলারের কাছেই মূলত হেরে বসে আর্জেন্টিনা। জোড়া গোল করে ম্যাচের নায়ক বনে যান এই পিএসজি তারকা।

    ম্যাচের ৮৭ মিনিটে গোলের সুযোগ পেয়েছিলেন মেসি। কিন্তু ডি বক্সের ভেতর ডান পায়ের দুর্বল শট লরিসের তালুবন্দী হয়। অতিরিক্ত সময়ের দুই মিনিটের মাথায় মেসির বাড়ানো বল থেকে হেড থেকে আর্জেন্টিনার হয়ে তৃতীয় এবং সান্তনাসূচক গোলটি করেন আগুয়েরো। ৪-৩ গোলের হার নিয়ে বিশ্বকাপ থেকে বিদায় নিতে হলো আর্জেন্টিনাকে। আরো একবার বিশ্বকাপের নকআউট রাউন্ডে মেসির নিষ্প্রভতা আর্জেন্টিনাকে এনে দিতে পারলো না কাঙ্ক্ষিত জয়। শূন্য হাতেই বিশ্বকাপ থেকে বিদায় নিলেন মেসি।

  • আর্জেন্টিনা একাদশে পরিবর্তন নিয়ে নতুন চমক

    অনলাইন ডেস্ক:
    রাশিয়া বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচ এরইমধ্যে শেষ হয়েছে। তীব্র প্রতিযোগিতা করে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছে সেরা ১৬ দল। তবে চলতি আসরে ফুটবল বিশ্বের নজর কেড়েছে অন্যতম ফেভারিট আর্জেন্টিনা। প্রথম দুই ম্যাচে ড্র আর পরাজয়ের পর দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে দলটি। নিজেদের গ্রুপ পর্বের শেষ ম্যাচে নাইজেরিয়ার বিপক্ষে দুর্দান্ত খেলেই দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছে লিওনেল মেসির দল। রাশিয়ার কাজান অ্যারেনা স্টেডিয়ামে আজ বাংলাদেশ সময় রাত ৮টায় ফ্রান্সের মুখোমুখি হবে আর্জেন্টিনা।

    তবে শেষ ষোলোর প্রথম ম্যাচে ফ্রান্সকে মোকাবেলার আগে শুক্রবার অনুশীলনে ঘাম ঝরিয়েছেন দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার খেলোয়াড়েরা। আলবিসিলেস্তেদের কোচ হোর্হে সাম্পাওলি অনুশীলনে একাদশ নির্বাচনের জন্য ১২ জন খেলোয়াড়কে বিশেষ অনুশীলন করান। নাইজেরিয়ার বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচের একাদশের সঙ্গে এদিন যুক্ত হয়েছেন ক্রিস্তিয়ান পাভন। ধারণা করা হচ্ছে ফরাসিদের বিপক্ষে মূল একাদশেই থাকবেন তরুণ এই উইঙ্গার।

    শোনা যাচ্ছে, আক্রমণভাগের ডানপাশে পাভনকে জায়গা ছেড়ে দিয়ে ফলস নাইন পজিশনে মেসি খেলবেন। আর তাই যদি হয় তবে একাদশে নিজের জায়গা হারাবেন নম্বর নাইন পজিশনে খেলা অভিজ্ঞ স্ট্রাইকার গনজালো হিগুয়াইন।

    অনুশীলনের ১২ খেলোয়াড়:
    আরমানি, তাগলিয়াফিকো, রোহো, ওতামেন্দি, মারকাদো, বানেগা, মাসচেরানো, পেরেজ, ডি মারিয়া, পাভন, হিগুয়াইন ও মেসি।

  • আর্জেন্টিনার পর ব্রাজিল শিবিরে দুঃসংবাদ!

    অনলাইন ডেস্ক:

    সমর্থকদের বাজে আচরনের কারণে জরিমানা দিতে ব্রাজিলকে। যা ব্রাজিলিয়ানদের জন্য নিঃসন্দেহে দুঃসংবাদ। কারণ বুধবার (২৭ জুন) রাতের নক-আউট পর্বে ম্যাচের দশম মিনিটের মাথায় মাঠ ছেড়ে যান মার্সেলো। তার ইনজুরি নিয়ে বেশ চিন্তিত সবাই। আর এমন পরিস্থিতিতে জরিমানা চিন্তার বিষয় বটে। অবশ্য এর আগে একই কারণে জরিমানা দিতে হয়েছিল আর্জেন্টিনাকে।

    বুধবারের ম্যাচে নেইমার কুতিনহো-পাওলিনহোদের কাছে পাত্তাই পায়নি সার্বিয়া। তাদের ২-০ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউট পর্বে উঠে যায় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। শুধু মাঠেই নয়, গ্যালারিতেও পাত্তা পায়নি সার্বিয়া। ব্রাজিলের সমর্থকরা সার্বিয়ার সমর্থকদের মেরেছেন।

    ব্রাজিল সমর্থকদের হাতে মার খেয়েছেন বেশ কয়েকজন সার্বিয়ান পুরুষ এবং একজন মহিলা সমর্থক। নিরাপত্তারক্ষীরা এসে উভয়পক্ষকে সরিয়ে দেয়। বিশ্বকাপের মতো বড় আসরে গ্যালারিতে ভক্ত-সমর্থকদের এমন ঘটনা ব্রাজিলের মতো দলের জন্য সত্যি লজ্জাজনক। গ্যালরির এই ঘটনায় বড়সড় জরিমানা হতে পারে তাদের।

    ফিফার নিয়ম অনুযায়ী, বৈশ্বিক টুর্নামেন্টে কোনো দলের সমর্থক উগ্র আচরণ করলে তার দায়ভার নিতে হবে সেই দেশের ফেডারেশনকে।

    এর আগে মেক্সিকান ফুটবল ফেডারেশন ও সার্বিয়ান ফুটবল ফেডারেশনকে একই কারণে জরিমানা করে ফুটবলের অভিভাবক সংস্থা।

  • অবশেষে মুখ খুললেন ব্রাজিল কোচ

    অনলাইন ডেস্ক:

    প্রথম ম্যাচ বাদ দিলে চলতি বিশ্বকাপে অনবদ্য ব্রাজিল। কোস্টারিকার বিপক্ষে দ্বিতীয় ম্যাচে ২-০ তে আর গ্রুপ পর্বের শেষ ম্যাচে গতকাল সার্বিয়ার বিপক্ষেও ২-০ তে জয় নিয়ে মাঠ ছাড়ে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। রাশিয়া বিশ্বকাপে শিরোপার অন্যমত দাবিদার যে এই ব্রাজিল সেটা আর বলার অপেক্ষা রাখে না। এবার এ বিষয়ে মুখ খুললেন ব্রাজিল কোচ তিতে।

    নকআউটপর্বে ওঠার পর তিতে ব্রজিলকে ফেবারিট হিসেবে দেখছেন। তাও কথাটা সরাসরি বলেননি। ইঙ্গিতে বুঝিয়েছেন। নেইমারদের ঘিরে এমনিতেই প্রত্যাশার পারদ সব সময় ঊর্ধ্বমুখী থাকে। তিতে তা জানেন। আর জানেন বলেই প্রথম দুই ম্যাচে তাঁর শিষ্যরা সমর্থকদের প্রত্যাশার প্রতিদান সেভাবে মেটাতে না পারায় ‘ফেবারিট তত্ত্ব’ নিয়ে কিছু বলেননি। কিন্তু সার্বিয়ার বিপক্ষে নেইমার-কুতিনহোরা সৌরভ ছড়ানোর পর ব্রাজিল কোচ মুখ খুললেন, ‘আমরা প্রত্যাশাকে স্বাভাবিকভাবেই নিই। তবে এই দলটা সবার প্রত্যাশাকে অনেক উঁচুতে স্থাপন করেছে। কারণ, বাছাইপর্ব ও প্রীতি ম্যাচে তারা খুব ভালো করেছে।’

    তিতের সেই ‘উঁচু’ জায়গাটা যে বিশ্বকাপ ট্রফি তুলে ধরার মঞ্চ তা না বললেও চলে। তবে শেষ ষোলোয় ওঠার পর মাটিতেই পা রাখছেন ব্রাজিলের এই কোচ, ‘আমরা প্রত্যাশা নয় বাস্তবতাকে প্রাধান্য দিই। এই টুর্নামেন্টে দলটা মানসিকভাবে ধীরে ধীরে পরিণত হয়ে উঠছে। চাপ নিয়ে কীভাবে ভালো খেলতে হয়, সেটি তারা জানে। তবে বিকল্প পথও থাকতে হবে। যেমন ধরুন, মার্সেলো চোট পেয়ে মাঠ ছাড়ল। এ জন্য আপনার শক্তিশালী স্কোয়াড থাকতে হবে।

  • নকআউট পর্বে ব্রাজিলের প্রতিপক্ষ কারা ?

    অনলাইন ডেস্ক:

    দ্বিতীয় রাউন্ডে সুইডেনের প্রতিপক্ষ সুইজারল্যান্ড। আর ব্রাজিলের প্রতিপক্ষ মেক্সিকো। আগামী ২ জুলাই সামারাতে বাংলাদেশ সময় রাত আটটায় দ্বিতীয় রাউন্ডের ম্যাচে মেক্সিকোর বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। অপরদিকে সেইন্ট পিটার্সবার্গে আগামী ৩ জুন বাংলাদেশ সময় রাত আটটায় সুইজারল্যান্ড মাঠে নামবে সুইডেনের বিপক্ষে।

    বিশ্বকাপে ‘ই’ ও ‘এফ’ গ্রুপ থেকে কোন চারটি দল শেষ ষোলোতে খেলবে তা নিশ্চিত হয়েছে। ‘ই’ গ্রুপ থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে দ্বিতীয় রাউন্ডে উঠেছে ব্রাজিল। আর গ্রুপ রানার আপ হয়ে দ্বিতীয় রাউন্ডে উঠেছে সুইজারল্যান্ড। ‘এফ’ গ্রুপ থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে দ্বিতীয় রাউন্ডে উঠেছে সুইডেন। আর গ্রুপ রানার আপ হয়ে দ্বিতীয় রাউন্ডে উঠেছে মেক্সিকো।

    ৩০ জুন শুরু হবে নকআউট পর্বের খেলা। এখন পযর্ন্ত ১৪টি দল দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছে। এই দলগুলো হলো উরুগুয়ে, রাশিয়া, স্পেন, পর্তুগাল, ফ্রান্স, ডেনমার্ক, ক্রোয়েশিয়া, আর্জেন্টিনা, ব্রাজিল, সুইজারল্যান্ড, সুইডেন, মেক্সিকো, ইংল্যান্ড ও বেলজিয়াম। শেষ ষোলোর বাকি দুইটি দল নির্ধারিত হবে বৃহস্পতিবার।