Author: bikedokan@gmail.com

  • ফের ভর্তি পরীক্ষা চালু হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে

    আবারো চালু হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা। আগামী বছর থেকে এ পরীক্ষা নেওয়া হবে। একই সঙ্গে আগামী বছরের জানুয়ারি থেকে বগুড়ায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্রের কার্যক্রম শুরু করা হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ। 

    শনিবার (১৬ নভেম্বর) দুপুর ১২টার দিকে শিবগঞ্জ উপজেলার মোকামতলা মহিলা ডিগ্রি কলেজ মাঠে ছাত্র-শিক্ষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

    ভিসি বলেন, ‘আগামীতে জাতীয় বিশ্ববিদ্যালয়ে আমরা এক ধরনের সংস্কার আনতে যাচ্ছি। জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়ে মানুষের মনে নেতিবাচক ধারণা রয়েছে। আমরা এ ধারণাগুলো থেকে বের হওয়া চেষ্টা করছি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে সিলেবাস রয়েছে, সে সিলেবাস কারিকুলাম পরিবর্তন করতে যাচ্ছি।

    অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ বলেন, ‘জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক যে টিম রয়েছে তাদের সবাইকে এক সঙ্গে নিয়ে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার সংস্কার করার চেষ্টা করছি। জাতীয় বিশ্ববিদ্যালয়ে আমরা ২০২৫ খ্রিষ্টাব্দকে পরীক্ষা বর্ষ হিসেবে ঘোষণা করেছি। পেছনের যে সমস্ত পরীক্ষা রয়েছে সেগুলো যদি আমরা আগামী বছরের নভেম্বর-ডিসেম্বরের মধ্যে নিয়ে নিতে পারি, তাহলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সেশনজট ৬০-৭০ শতাংশ দূর করতে পারব।’

    বিসিকের পরিচালক ও শিবগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মীর শাহে আলমের সঞ্চালনায় সমাবেশে আরো বক্তব্য দেন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. জি কে এম মোস্তাফিজুর রহমান, নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. হাছানাত আলী, শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আক্তার, সিনিয়র সহকারী পুলিশ সুপার নাজরান রউফ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক আব্দুল হাই ছিদ্দিক ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরিচালক রফিকুল ইসলামসহ প্রমুখ।

  • বিশ্ব ডায়াবেটিস দিবসে কুমিল্লা মেডিকেলে পদযাত্রা ও বৈজ্ঞানিক সেমিনার

    নিজস্ব প্রতিবেদক:

    সুস্বাস্থ্যই হোক আমাদের অঙ্গীকার’ এ প্রতিপাদ্যে কুমিল্লা মেডিকেল কলেজ ও হাসপাতালের ডায়াবেটিস ও হরমোন বিভাগের উদ্যোগে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে পৃথক পৃথক পদযাত্রা, সচেতনতা সভা ও বৈজ্ঞানিক সেমিনার আয়োজন করা হয়।

    বৃহস্পতিবার (১৪ নভেম্বর)কুমিল্লা মেডিকেল কলেজের অডিটোরিয়ামে পপুলার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সহযোগীতায় পদযাত্রা ও বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়।

    ডায়াবেটিস ও হরমোন বিভাগের বিভাগীয় প্রধান ডাঃ শাহরিয়ার আহমদ মিলনের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল অধ্যক্ষ অধ্যাপক ডাঃ মির্জা মুহাম্মদ তাইয়েবুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাঃ মোঃ মাসুদ পারভেজ, উপাধ্যক্ষ ডাঃ মোঃ জাহাংগীর আলম মজুমদার, মেডিসিন বিভাগের প্রধান ডা. চিন্ময় কুমার সাহা।

    বৈজ্ঞানিক সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মো: মুহিবুল্লাহ ও ডায়াবেটিস ও হরমোন বিভাগের সহকারী রেজিষ্ট্রার ডাঃ মোঃ আবদুল বারী রোবেল।

    আলোচনায় অতিথিরা বলেন, ২০৩০ সালের মধ্যে ডায়াবেটিসে আক্রান্ত মানুষের সংখ্যা ৬৪.৩ কোটিতে এবং ২০৪৫ সালে ৭৮.৩ কোটিতে পৌঁছানোর আশঙ্কা রয়েছে। এ জন্য সচেতনতার বিকল্প নেই। এখন শিশুদেরও ডায়াবেটিস। কারণ খেলার মাঠ নেই। আমরা খাবার গ্রহণে নিয়ম মেনে চলি না। জাঙ্ক ফুড বাদ দিতে হবে। প্রচুর হাঁটতে হবে।

    প্রসঙ্গত, ১৯৯১ সালে আন্তর্জাতিক ডায়াবেটিক ফেডারেশন (আইডিএফ) ১৪ নভেম্বর তারিখটিকে ‘বিশ্ব ডায়াবেটিস দিবস’ হিসেবে ঘোষণা করে। ২০০৭ সাল থেকে পৃথিবীজুড়ে দিবসটি পালন হয়ে আসছে। বাংলাদেশ ডায়াবেটিক সমিতির অনুরোধে বাংলাদেশ সরকার ১৪ নভেম্বর ‘বিশ্ব ডায়াবেটিস দিবস’ পালনের জন্য জাতিসংঘে প্রস্তাব করে। ২০০৬ সালের ২০ ডিসেম্বর জাতিসংঘে এ প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।

  • কুমিল্লায় আন্তর্জাতিক ফিজিক্যাল মেডিসিন ও রিহ্যাবিলিটেশন দিবস পালন

    কুমিল্লা প্রতিনিধি।।
    কুমিল্লায় আন্তর্জাতিক ফিজিক্যাল মেডিসিন ও রিহ্যাবিলিটেশন দিবস পালন করা হয়েছে। বুধবার (১৪ নভেম্বর) সারাদেশের ন্যায় কুমিল্লা জেনারেল হাসপাতালে দিবসটি পালিত হয়। দিবসটির এবারের প্রতিপাদ্য ছিল,
    “স্বাস্থ্যব্যবস্থায় প্রয়োজন, শক্তিশালী পূনর্বাসন।”

    দিবসটি উদযাপন উপলক্ষে কুমিল্লা জেনারেল হাসপাতালে একটি বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করা হয়। র‍্যালিতে অংশগ্রহণ করেন, কুমিল্লা জেলা সিভিল সার্জন ও জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. নাছিমা আকতার, জেনারেল হাসপাতালের আর.এম.ও ডা. আব্দুল করিম খন্দকার, জেনারেল হাসপাতালের সকল বিভাগের চিকিৎসকবৃন্দ, নার্স ও অন্যান্য স্টাফগণ।

    বিশেষজ্ঞ চিকিৎসকগণের মতে, বাংলাদেশ প্রতি চারজন প্রাপ্তবয়স্ক লোকের মধ্যে দুইজন মাস্কুলোস্কেলিটাল ও স্নায়ুরোগে ভুগে থাকে। সঠিক ঔষধের প্রয়োগ, ব্যায়াম ও ফিজিওথেরাপি এই তিনটি সম্মিলিত চিকিৎসা পদ্ধতির মাধ্যমে এসব রোগ থেকে সম্পূর্ণরূপে আরোগ্য লাভ করা সম্ভব। এরই লক্ষ্যে সচেতনতা বৃদ্ধিতে কুমিল্লা জেনারেল হাসপাতালে ফিজিক্যাল মেডিসিন এন্ড রিহ্যাবিলিটেশন ডিপার্টমেন্ট প্রতিষ্ঠালগ্ন থেকেই প্রতিবছরের ন্যায় এবারও বর্ণাঢ্য আয়োজনে “আন্তর্জাতিক ফিজিক্যাল মেডিসিন ও রিহ্যাবিলিটেশন দিবস” উদযাপন করছে।

  • স্ত্রীসহ সাকিব আল হাসানের ব্যাংক হিসাব জব্দ

    মাগুরা-১ আসনের সাবেক সংসদ সদস্য ও তারকা ক্রিকেটার সাকিব আল হাসান এবং তার স্ত্রী উম্মে আহমেদ শিশিরের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। 

    গতকাল বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে এ সংক্রান্ত নির্দেশনা পাঠিয়ে অ্যাকাউন্ট জব্দ করেছে।

    বিএফআইইউয়ের সংশ্লিষ্ট এক ঊর্ধ্বতন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। হিসাব জব্দ করা ব্যক্তি ও তাদের ব্যক্তি মালিকানা ব্যবসায়িক অ্যাকাউন্টের সব লেনদেন বন্ধ থাক‌বে। আগামী ৩০ দিন এসব হিসাবে কোনো ধরনের লেনদেন করতে পারবে না। প্রয়োজনে লেনদেন স্থগিত করার এ সময় বাড়ানো হবে।

    লেনদেন স্থগিত করার এ নির্দেশের ক্ষেত্রে মানি লন্ডারিং প্রতিরোধ বিধিমালা সংশ্লিষ্ট ধারা প্রযোজ্য হবে বলে বিএফআইইউর চিঠিতে বলা হয়েছে।  

    এর আগে গত ২ অক্টোবর সাকিব আল হাসান ও তার স্ত্রীর হিসাব তলব করা হয়ে‌ছিল। 

    সাকিব আল হাসান এই মুহূর্তে পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। ইতোমধ্যে টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। 

    প্রসঙ্গত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজ জেলা মাগুরার একটি নির্বাচনি আসন থেকে আওয়ামী লীগের হয়ে ভোটে লড়েন সাকিব। সেই নির্বাচনে জয়লাভ করে সংসদ সদস্যও হন তিনি। তবে ৫ আগস্টের পটপরিবর্তনে রাষ্ট্রপতি সংসদ ভেঙে দেন। এতে সংসদ সদস্য পদ হারান সাকিব। এরপর থেকেই দেশের বাইরে আছেন তিনি। সাকিব আল হাসানের মধ্যে ইতোমধ্যে হত্যা মামলাও হয়েছে। 

  • কুমিল্লায় জমজম ট্রাভেলস্ বিডি’র প্রি-হজ্ব সেমিনার অনুষ্ঠিত

    নিজস্ব প্রতিবেদক।।
    কুমিল্লায় জমজম ট্রাভেলস্ বিডি’র প্রি-হজ্ব সেমিনার-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৬ নভেম্বর) সন্ধায় নগরীর গ্র্যান্ড দেশপ্রিয় অডিটোরিয়ামে বর্ণিল আয়োজনে তিন ঘণ্টা ব্যাপী এ সেমিনার হয়।

    জমজম ট্রাভেলস্ এর পরিচালক আলহাজ্ব মিজানুর রহমান সবুজ এর সঞ্চালনায় পবিত্র কুরআন তেলাওয়াত করেন আলহাজ্ব মাওলানা কেফায়েত উল্লাহ। ইসলামি সংগীত পরিবেশন করেন শিল্পী শাহাদাত হোসেন অপু। আদর্শ শিক্ষক ফেডারেশন কুমিল্লা মহানগরীর সভাপতি অধ্যাপক আলী আহমাদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ইবাদত কবুল হওয়ার শর্ত ও হজ্ব উমরাহ পরবর্তী করণীয় বিষয়ক আলোচনা রাখেন চাঁদপুর হাজীগঞ্জ দারুল উলুম আহমাদিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ লেখক গবেষক বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব ড.মুফতি হিফজুর রহমান।

    বিশেষ অতিথি হিসেবে মাসজিদুল হারাম ও মসজিদে নববীর মর্যাদা এবং তাৎপর্য বিষয়ক বক্তব্য রাখেন শংকুচাইল ডিগ্রি কলেজের অধ্যাপক বাংলাদেশ তা’লিমুল কুরআন ফাউন্ডেশনের কুমিল্লা মহানগরী সভাপতি মাওলানা সহিদুল ইসলাম, হজ্ব ব্যবস্থাপনায় অনিয়মের কারণ ও প্রতিকার নিয়ে আলোচনা রাখেন আবিদপুর কলেজের অধ্যাপক বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কুমিল্লা মহানগরী সেক্রেটারি আলহাজ্ব মাওলানা রফিকুল ইসলাম।হজ্ব ব্যবস্থাপনায় ২০২৫ স্বচিত্র ভিজুয়াল আলোচনা রাখেন জমজম ট্রাভেলস্ বিডি’র জিএম আলহাজ্ব শেখ মোহাম্মদ শাকিল। সূরা হজ্ব থেকে দারসুল কুরআন উপস্থাপন করেন পুলিশ লাইন জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা শরফুদ্দিন আল হুসাইনী।

    আরো আলোচনা রাখেন হাফজ মাওলানা আনোয়ার হোসাইন সোদাইদী, ইসলামি ব্যাংক কর্মকর্তা রাশেদুল হক, কুমিল্লা ট্রমা হসপিটালের পরিচালক আলহাজ্ব ছফি উল্লাহ। সেমিনারে আরো উপস্থিত ছিলেন কুমিল্লা কমার্স কলেজের অধ্যক্ষ হুমায়ূন কবির মাসউদ, কুমিল্লা বিজ্ঞান কলেজের অধ্যক্ষ আবু জাফর সালমান, রূপসী বাংলা কলেজের পরিচালক ইফতেখার আলম ভূঁইয়া, খতিব ও টিভি প্রোগ্রাম উপস্থাপক এইচ এম গোলাম কিবরিয়া রাকিবসহ জমজম ট্রাভেলস্ বিডি’র মাধ্যমে হজ্ব উমরাহ আদায়কারী হাজী মহোদয়গণ এবং ২০২৫ সালে হজ্ব উমরাহ আদায় করবেন এমন নিবন্ধনিত বিভিন্ন পেশাজীবি প্রমুখ।

  • ১২ রানে শেষের ৭ উইকেট হারিয়ে লজ্জাজনক হার বাংলাদেশের

    ২ উইকেট হারিয়ে দলীয় শতক পূরণ করেছিল বাংলাদেশ। রান তাড়ায় সহজেই জয়ের পথে এগোচ্ছিল নাজমুল হোসেন শান্তর দল। কিন্তু ৩ উইকেটে ১৩১ থেকে আর ১২ রান যোগ করতেই বাকি ৭ উইকেট হারিয়ে অলআউট হয়েছে টাইগাররা।

    বুধবার (৬ নভেম্বর) টস জিতে আগে ব্যাট করতে নেমে ৪৯ ওভার ৪ বলে ২৩৫ রানে অলআউট হয় আফগানিস্তান। দলের হয়ে সর্বোচ্চ ৮৪ রান করেন নবি। তাছাড়া ফিফটি পেয়েছেন শাহিদি। বাংলাদেশের হয়ে ৪টি করে উইকেট শিকার করেছেন তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান।

    জবাবে খেলতে নেমে ৩৪ ওভার ৩ বলে ১৪৩ রানে অলআউট হয় বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৪৭ রান করেছেন শান্ত। আফগানিস্তানের হয়ে একাই ৬ উইকেট শিকার করেছেন গাজনাফার।

  • কুমিল্লায় সাংবাদিকসহ ২০ বাড়িতে মাদক কারবারিদের হামলা-গুলি

    অনলাইন ডেস্ক:

    সাংবাদিকের বাড়িসহ অন্তত ২০টি বাড়ি ভাঙচুর করেছে। এ সময় রাহাত হোসেন জয় (১৮) নামে এক কলেজছাত্রকে কুপিয়ে আহত করা হয়েছে।

    মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

    পুলিশ এবং স্থানীয়রা জানান, নগরীর কাটাবিল এলাকায় দীর্ঘদিন ধরে দেদার মাদক ব্যবসা চলছে। মাদক কারবারিরা কাশারীপট্টি এলাকাটিকে মাদকের রোড হিসেবে ব্যবহার করত। এ নিয়ে কাশারীপট্টি এলাকার লোকজন মাদক কারবারিদের বাধা দেয়। এতে মাদক কারবারিরা দলবদ্ধ হয়ে মঙ্গলবার রাতে ২৫ থেকে ৩০ জনের একটি দল আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র নিয়ে কাশারীপট্টি এলাকায় হামলা চালায়।

    হামলাকারীরা এ সময় কুমিল্লা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক আজকের কুমিল্লার সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতু, সময় টিভির কুমিল্লা প্রতিনিধি ইশতিয়াক আহমেদের বাড়ি, শাহ আলম, আবদুল হক, মাহবুবের গ্যারেজ, রাসেলের দোকানসহ অন্তত ২০টি বাড়িতে হামলা ভাঙচুর করে।

    এ সময় তোফায়েল আহমেদের ছেলে কলেজছাত্র রাহাত হোসেন জয় ঘর থেকে বেরিয়ে এলে হামলাকারীরা তাকে কুপিয়ে মারাত্মকভাবে আহত করে।

    আহত জয়ের বাবা তোফায়েল আহমেদ জানান, হামলাকারীরা বাড়িঘর ভাঙচুর করে তার ছেলেকে কুপিয়ে মারাত্মক আহত করে। আহত জয়কে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে অবস্থা গুরুতর হওয়ায় চিকিৎসকরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। তিনি এ হামলার বিচার দাবি করেন। 

    এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিনুল ইসলাম বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক আমি নিজেই ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • ভিক্টোরিয়া কলেজ সাংবাদিক সমিতির নতুন সভাপতি সুমন, সম্পাদক মারুফ

    কলেজ প্রতিনিধি।।
    কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ সাংবাদিক সমিতির (কুভিকসাস) পালাবাদল হয়েছে। মঙ্গলবার (৫ নভেম্বর) সভাপতি সাইফুল ইসলাম সুমন ও সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মারুফসহ ১১জনের কমিটি ঘোষণা দেয় কার্যনির্বাহী কমিটির ১৬তম সভার জুড়িবোর্ড।

     গঠনতন্ত্রের ধারা-৪, উপ-ধারা-ঙ মোতাবেক জুরিবোর্ডের সদস্য ও উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে ২০২৪-২৫ বর্ষের জন্য ১১সদস্যের কমিটি ঘোষণা করা। সংগঠনের প্রধান উপদেষ্টা অধ্যাপক আনোয়ার হোসেন, সদ্য সাবেক সভাপতি আবু সুফিয়ান ও সাধারণ সম্পাদক সাফায়েত উল্লাহ মিয়াজীর সাক্ষারিত এক বিজ্ঞপ্তিতে এই বিষয়টি জানানো হয়েছে। 

    বিজ্ঞপ্তিতে জানানো হয়, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ সাংবাদিক সমিতির (কুভিকসাস) কার্যনির্বাহী কমিটি-২০২৪-২৫ গঠন করা হয়েছে। সংগঠনের গঠনতন্ত্রের ধারা-৪ এর উপধারা (ঙ) অনুযায়ী জুরি বোর্ড সদস্য ও  উপস্থিত সদস্যদের সম্মতিক্রমে নিম্নোক্ত ১১ সদস্যকে ২০২৪-২৫ বর্ষের জন্য অনুমোদন দেয়া হলো।

    সংগঠনের সভাপতি সাইফুল ইসলাম সুমন (সাপ্তাহিক আমোদ), সহ-সভাপতি সাইমুম ইসলাম অপি (দৈনিক কুমিল্লার কাগজ), সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মারুফ (বাংলা ট্রিবিউন), যুগ্ম-সাধারণ সম্পাদক সজিব মাহমুদ (দৈনিক রূপসী বাংলা), সাংগঠনিক সম্পাদক মাকছুদুর রহমান  (আকাশ টিভি), প্রচার ও প্রকাশনা সম্পাদক আল আমিন কিবরিয়া (দৈনিক শিরোনাম), দফতর হাসিবুল ইসলাম সজিব (সকালের শিরোনাম), অর্থ সম্পাদক মো. রাকিব হোসেন (সমতট টিভি)।

     নির্বাহী সদস্য খলিলুর রহমান, সদস্য ইয়াসমিন আক্তার মিম, সদস্য মো. তামিম হোসেন।

    নব নির্বাচিত সভাপতি সাইফুল ইসলাম সুমন ও  সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মারুফ বলেন, ‘ভিক্টোরিয়া কলেজের গৌরবময় ইতিহাস ধরে রাখতে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ সাংবাদিক সমিতি যে ভূমিকা রেখেছে সেই ধারা অব্যাহত রাখতে কাজ করবো। এতে কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা কর্মচারীদের সহযোগীতা প্রত্যাশা করি। সেই সঙ্গে সাংবাদিক সমিতির সকল সদস্যদের সর্বত্মক সহযোগীতা অব্যাহত থাকবে সেই প্রত্যাশা রাখি।’

    প্রসঙ্গত, ২০১৬ সালের ২০ মার্চ প্রতিষ্ঠালাভ করে  কুভিকসাস। ‘বিবেকবান সাংবাদিক তৈরির প্রত্যয়’ এ স্লোগানে কলেজের ডিগ্রি শাখার প্রশাসনিক ভবনের নিচতলার কার্যালয় থেকে পরিচালিত হয় কুভিকসাস। কলেজ অধ্যক্ষ ও উপাধ্যক্ষ এ সংগঠনের পৃষ্ঠপোষক। অধ্যক্ষ কর্তৃক নির্বাচিত দু’জন শিক্ষা কর্মকর্তা কুভিকসাসের উপদেষ্টা হিসাবে দায়িত্বে আছেন।

  • কুমিল্লায় যৌথ বাহিনীর অভিযানে সাবেক কাউন্সিলর বিএনপি নেতা বিল্লাল গ্রেফতার

    মারুফ আবদুল্লাহ :

    কুমিল্লা সিটি করপোরেশনের ২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও বিএনপির বহিষ্কৃত নেতা বিল্লাল হোসেনকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। সোমবার (৪ নভেম্বর) বেলা সাড়ে ১২টায় কুমিল্লা জেলা পরিষদ অফিস তাকে গ্রেফতার করা হয়।

     বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লার কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম।

    গ্রেফতার বিল্লাল হোসেন কুমিল্লা নগরীর দুই নম্বর ওয়ার্ডের ছোটরা পূর্বপাড়া এলাকার গোলাপ জাহানের ছেলে। তিনি কুমিল্লা মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক।

    ওসি মহিনুল বলেন, ‘যৌথ বাহিনী তাকে (বিল্লাল হোসেন) আইনশৃঙ্খলা বিঘ্নকারী হিসেবে উল্লেখ করে গ্রেফতার করেছে। পরে আমাদের নিকট হস্তান্তর করেছে। তাকে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে। তার নামে আগের একাধিক মামলা রয়েছে থানায়।’

    পুলিশ সূত্রে জানা গেছে, বিল্লাল হোসেনের বিরুদ্ধে ১৩টি মামলা রয়েছে। এর আগে ২০১৭ সালের হলফনামায় তার বিরুদ্ধে দায়ের করা ২০ মামলার তথ্য উল্লেখ রয়েছে। যার মধ্যে রয়েছে অস্ত্র, চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগ।

  • শিক্ষার্থীদের শ্রদ্ধা ভালোবাসায় অভিভূত শিক্ষক

    মাহফুজ নান্টু।

    সাদামাটা জীবন। নিজের জীবনের স্বাদ আহ্লাদ বিসর্জন দিয়ে মানুষ গড়ার দায়িত্ব নিয়ে জীবন পার করেছেন। তাঁর হাতে কলমে শিক্ষা পাওয়া বহু শিক্ষার্থী আলো ছাড়িয়ে দিচ্ছে স্ব স্ব কর্মক্ষেত্রে। শিক্ষকতায় গুনে গুনে ৩৯ বছর। সেই শিক্ষকের পেশাগত জীবন শেষে অবসরে যাচ্ছেন। এমন খবরে গেলো ছয়মাস ধরে চলছে প্রিয় শিক্ষককে আড়ম্বরপূর্ণ বিদায় জানানোর। সময় সুযোগ মিলে যায়।

    শনিবার দিনভর কুমিল্লা আদর্শ সদর উপজেলার বানাশুয়া বীরেন্দ্র উচ্চ বিদ্যালয়ের গণিতের সিনিয়র শিক্ষক আবদুল মতিন ভুইয়া (বিএসসি)’র বিদায় অনুষ্ঠান হয়। মহান শিক্ষকের প্রতি শিক্ষার্থীদের আয়োজন ছিলো চোখে পড়ার মতো। নাচ গান এবং স্মৃতিচারণ মিলে বর্ণাঢ্য এক আয়োজনে অভিভূত হন বিদায়ী শিক্ষক আবদুল মতিন ভুইয়া। বিদ্যালয়ে তিনি বিএসসি শিক্ষক নামেই শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের কাছে সমাদৃত ছিলেন।

    বানাশুয়া বীরেন্দ্র উচ্চ বিদ্যালয় এলামনাই এসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত বিদায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আবদুল মতিন ভুইয়া (বিএসসি)’র সহধর্মিণী মোসাম্মৎ হাসিনা আক্তার। প্রধান আলোচক ছিলেন প্রাক্তন শিক্ষার্থী মোঃ আবুল মনসুর হালিম এবং অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রাক্তন শিক্ষার্থী মোঃ জসিম উদ্দিন হেলাল। বিদায়ী অনুষ্ঠানের শুরুতে শিক্ষক আবদুল মতিন ও তার সহধর্মিণীকে গাড়ি করে স্কুল প্রাঙ্গনে নিয়ে আসা হয়। পরে একে একে প্রাক্তন শিক্ষার্থীরা এসে বিদায়ী শিক্ষককে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা স্কুল জীবনের স্মৃতিচারণ করেন। বিদায়ী শিক্ষকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

    একই অনুষ্ঠানে কেক কেটে বানাশুয়া বীরেন্দ্র উচ্চ বিদ্যালয়ের এলামনাই এসোসিয়েশনের যাত্রা শুরু করা হয়।
    অনুষ্ঠানে বানাশুয়া বীরেন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুক আহমেদ, সহকারী শিক্ষক কানন বালা তার সহকর্মীর স্মৃতিচারণ করেন।