আইপিএলে এসে প্রেমে পড়লেন ডোয়েন ব্রাভো? কে এই অভিনেত্রী

অনলাইন ডেস্ক:
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১১তম আসর জমে উঠেছে। প্রতিটি ম্যাচেই চলছে হাড্ডা-হাড্ডি লড়াই। তবে ফ্র্যাঞ্চাইজিগুলোর জন্য এরই মধ্যে কয়েকটি দল প্লে’অফের দৌড়ে এগিয়ে রয়েছে।

বৃহস্পতিবার (১০ মে) পর্যন্ত মাল্টি মিলিয়ন ডলারের এবারের টুর্নামেন্টে পয়েন্ট টেবিলের সবার উপরে অর্থাৎ প্রথম অবস্থানে রয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। এরপর যথাক্রমে দ্বিতীয় অবস্থানে চেন্নাই সুপার কিংস, তৃতীয় অবস্থানে কিংস ইলাভেন পাঞ্জাব, চতুর্থ অবস্থানে মুম্বাই ইন্ডিয়ান্স, পঞ্চম অবস্থানে কলকাতা নাইট রাইডার্স, ষষ্ঠ অবস্থানে রাজস্থান রয়েলস, সপ্তম অবস্থানে রয়েল চ্যালেঞ্জার্স বাঙ্গালুরু, অষ্টম অবস্থানে দিল্লী ডেয়ারডেভিলস রয়েছে।

এদিকে, আইপিএলের ফাঁকে প্রেম করছেন ডোয়েন ব্রাভো? এমন গুঞ্জন শোন যাচ্ছে। একজন ভারতীয় অভিনেত্রীর সঙ্গে নাকি যেখানে সেখানে দেখা যাচ্ছে ক্যারিবিয়ান তারকাকে। কে সেই সুন্দরী পাত্রী, কেউ কিছু আন্দাজ করতে পেরেছেন?

ক্রিকেট মাঠের বাইশ গজে রান তাড়া করার ফাঁকে এক ভারতীয় সুন্দরীর প্রেমে নাকি হাবুডুবু খাচ্ছেন এই ক্যারিবিয়ান তারকা। তবে এ নিয়ে পাত্র-পাত্রী কেউই কিন্তু প্রেমের কথা স্বীকার করেননি।

ভারতীয় সুপার মডেল ও অভিনেত্রী নাতাশা সুরির সঙ্গে বেশ কয়েক বার দেখা গিয়েছে ব্রাভোকে। সম্প্রতি মুম্বাইয়ের একটি কফি শপেও নাতাশা-ব্রাভোকে ক্যামেরাবন্দি করেছেন পাপারাৎিজরা। কিন্তু কে এই নাতাশা সুরি?

২০০৬ সালে ফেমিনা মিস ইন্ডিয়া ওয়ার্ল্ড খেতাব জেতেন নাতাশা। মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতাতেও প্রথম দশের মধ্যে ছিলেন তিনি।

মডেলিংয়ের পাশাপাশি অভিনয়তেও সমান স্বচ্ছন্দ নাতাশা। ২০১৬ সালে ‘কিং লায়ার’ মালয়ালম ছবি দিয়েই অভিনয় জীবনে পা রাখেন। ২০১৮ সালে বলি ছবি ‘বা বা ব্ল্যাক শিপ’-এ একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যায় তাকে। ওয়েব সিরিজ ‘ইনসাইড এজ’-এও অভিনয় করেছেন নাতাশা।

আইপিএলের উত্তেজনা ছাড়িয়েও নাতাশা-ব্রাভো সম্পর্ক এখন হিট লিস্টে। বেশ কয়েকবার স্টেডিয়ামে বসে চেন্নাই সুপার কিংসের ম্যাচ দেখতেও দেখা গিয়েছে নাতাশাকে। ভাল করে খেলার জন্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্রাভোকে আগাম অভিনন্দনও জানিয়েছেন এই অভিনেত্রী।

সম্প্রতি ইনস্টাগ্রামে ব্রাভোর সঙ্গে নিজস্বী পোস্ট করেছেন নাতাশা। তবে সেখানে ব্রাভোকে ভাল বন্ধু বলেই উল্লেখ করেছেন তিনি।

উল্লেখ্য, কিছুদিন আগেই প্রেমিকা মডেল রেগিনা রামজিতের সঙ্গে ব্রেক আপ হয়ে গিয়েছে ব্রাভোর। ফের কি তাহলে তিনি প্রেমে মজেছেন? এমনই গুঞ্জন উঠেছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *