Category: সদর দক্ষিণ

  • কুমিল্লার সদর দক্ষিণে ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী আটক

    প্রেস বিজ্ঞপ্তি :

    কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার নন্দনপুর এলাকায় যৌথ অভিযানে ইয়াবাসহ এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে আলেখারচর আর্মি ক্যাম্পের সদস্যরা। বৃহস্পতিবার (৩০ অক্টোবর, ০১৩০ ঘটিকা, 

    ২০২৫) ভোররাতে এ অভিযান পরিচালিত হয়। প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

    গোপন সংবাদের ভিত্তিতে আলেখারচর আর্মি ক্যাম্পের সদস্যরা নন্দনপুর এলাকায় অভিযান চালায়। অভিযানে সালমা আক্তার (৪২) নামে এক নারীকে আটক করা হয়। তিনি নন্দনপুর গ্রামের জালাল উদ্দিনের স্ত্রী।

    অভিযানে তার কাছ থেকে ১৫১ পিস ইয়াবা ট্যাবলেট, ২টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন এবং ৪৭,১০০ টাকা নগদ উদ্ধার করা হয়।

    পরবর্তীতে আটককৃত নারী ও উদ্ধারকৃত মালামাল প্রাথমিক জিজ্ঞাসাবাদ, স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় নথিপত্র সম্পন্ন করে সদর দক্ষিণ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

    প্রসঙ্গত, আইনশৃঙ্খলা রক্ষায় ও মাদক নির্মূলে যৌথবাহিনীর এমন তৎপরতা স্থানীয় জনসাধারণের মাঝে স্বস্তি ও আস্থা বৃদ্ধি করেছে।

  • কুমিল্লা বিশ্বরোডে ভয়ংকর ইউটার্ন;  প্রাণ গেল মা বাবা ও দুই ছেলের!

    অনলাইন ডেস্ক:

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার পদুয়ার বাজারে সিমেন্টবাহী লরির চাপায় প্রাইভেট কারে থাকা একই পরিবারের ৪ জন নিহত হয়েছেন। একই ঘটনায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী আহত হয়েছেন।

    আজ শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার বিশ্বরোডে পল্লী বিদ্যুৎ সমিতির সামনে ইউটার্নে এ দুর্ঘটনা ঘটে।

    নিহতরা হলেন- কুমিল্লার বরুড়া উপজেলার হোসেনপুর গ্রামের মোহাম্মদ ওমর আলী (৮০), তার স্ত্রী নুরজাহান বেগম (৬৫), বড় ছেলে আবুল হাশেম (৫০) ও ছোট ছেলে আবুল কাশেম (৪৫)। প্রাইভেটকারটি চালাচ্ছিলেন নিহত আবুল হাশেম।

    বিষয়টি নিশ্চিত করেছেন ময়নামতি ক্রসিং হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আনিসুর রহমান।

    পুলিশ কনস্টেবল সাইফুল ইসলাম বলেন, দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার পদুয়ার বাজার ইউটার্নের ঢাকামুখি লেনে একটি যাত্রীবাহী বাস উল্টো পথে এসে রাস্তা পার হওয়ার চেষ্টা করে। এই সময় বিপরীত দিক থেকে আসা সিমেন্টবোঝাই লরিটি বাসটিকে পাশ কাটাতে গিয়ে উল্টে যায়। বাসের পেছনে  থাকা প্রাইভেট কার ও সিএনজিচালিত অটোরিকশাটি লরির নিচে চাপা পড়ে। এতে ঘটনাস্থলেই প্রাইভেট কারের চালকসহ চার যাত্রী নিহত হন। আহত হন অটোরিকশায় থাকা আরও দুজন। 

    ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার মজুমদার বলেন, এই দুর্ঘটনায় চারজন নিহত হয়েছে। পুলিশ মরদেহ ও দুর্ঘটনাকবলিত প্রাইভেট কারটি উদ্ধার করে ময়নামতি হাইওয়ে থানায় নিয়ে গিয়েছে।  আইনগত প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে। আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

  • কুমিল্লায় মসজিদে ঢুকে নামাজরত অবস্থায় হামলা-ভাঙচুর; কি ঘটে ছিল বায়তুল আকসা জামে মসজিদে? 

    অনলাইন ডেস্ক:

    ক্রিকেট খেলার জেরে কুমিল্লার দেবিদ্বারে মসজিদে ঢুকে নামাজরত অবস্থায় হামলা-ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় মুসল্লিদের ওপরও হামলা চালানো হয়।এ ঘটনায় মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদকসহ অন্তত চারজন আহতের খবর পাওয়া গেছে।

    শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে দেবিদ্বার পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড ফতেহাবাদ দক্ষিণ পাড়া বায়তুল আকসা জামে মসজিদে এ ঘটনা ঘটে।

    আহতরা হলেন মসজিদ পরিচালনা কমিটির সেক্রেটারি মো. ইব্রাহীম, ফতেহাবাদ গ্রামের ইসমাইল (৩৫), কামরুল (১৯) ও কাওসার (২৮)। এদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় ইব্রাহীমকে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে।

    প্রত্যক্ষদর্শীরা জানান, এক মাস আগে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে পার্শ্ববর্তী নয়াকান্দি গ্রামের ছেলেদের সঙ্গে ফতেহাবাদ দক্ষিণপাড়া গ্রামের ছেলেদের মারামারি হয়। ওই ঘটনার জের ধরে শুক্রবার বিকালে নয়াকান্দি গ্রামের একজনকে মারধর করা হয়। রাত ৮টার দিকে নয়াকান্দি গ্রামের ছেলেরা ফতেহাবাদ গ্রামের কামরুলকে রাস্তায় পেয়ে মারধর করে। এসময় কামরুলের সাথে থাকা সহপাঠীরা দৌড়ে মসজিদে আশ্রয় নিলে তারা সেখানে গায়ে নামাজরত মুসল্লিদের এলোপাতাড়ি মারধর করে এবং মসজিদে ভাঙচুর চালায়। মুসল্লিরা তাদের বাধা দিলে তারা মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ইব্রাহীমকেসহ চারজন পিটিয়ে আহত করে। এ পর্যায়ে মসজিদের ইমাম মাইক দিয়ে ঘোষণা দেন মসজিদে ডাকাত পড়েছে। পরে তারা পালিয়ে যায়। খবর পেয়ে দেবিদ্বার ধানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

    মসজিদের ইমাম মাওলানা. আবদুল আউয়াল বলেন, ১০ থেকে ১২ জন যুবক মসজিদে ঢুকে এলোপাতাড়ি দরজা, জানালা ও গ্লাস ভাঙচুর করে। তাদের প্রত্যেকের হাতে রড, হকিস্টিক ও পাইপ ছিল।

     এ সময় মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদব ইব্রাহীম বাধা দিলে তাকে পিটিয়ে গুরুতর আহত করা হয়। পরে মসজিদের মাইকে ডাকাত পড়েছে বলে ঘোষণা দিলে তারা পালিয়ে যায়।

    এ বিষয়ে দেবিদ্বার থানার পরিদর্শক (তদন্ত) শাহিনুল ইসলাম বলেন, ক্রিকেট খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মারামারি ঘটনায় এক পক্ষের ছেলেরা মসজিদ ভাঙচুর করেছে। খবর পেয়ে  ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

  • কুমিল্লায় ট্রেনের ধাক্কায় আ.লীগ নেতার মৃত্যু

    মারুফ আবদুল্লাহ:
    কুমিল্লার সদর দক্ষিণে ট্রেনে কাটা পড়ে এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে। সোমবার (২৪ জুন) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার শিকারপুর এলাকার রেললাইনের পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়।

    ওই আওয়ামী লীগ নেতার নাম আবদুল মমিন (৫৭)। তিনি সদর দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এবং শিকারপুর গ্রামের বাসিন্দা।

    স্থানীয়রা জানান, প্রতিদিন সকালে হাঁটতে বের হতেন। সোমবার ভোরেও রেললাইন দিয়ে ব্যায়ামের উদ্দেশে হাঁটতে বের হন। এ সময় একটি ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান। রেললাইনে লাশ দেখতে পেয়ে স্থানীয়রা উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়। তবে কোন ট্রেনের ধাক্কায় বা কখন তার মৃত্যু হয়েছে তা জানা যায়নি।

    তার পদবীর বিষয়টি নিশ্চিত করে সদর দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম সারওয়ার বলেন, আমরা একজন ত্যাগী আওয়ামী লীগ কর্মীকে হারালাম। তার মৃত্যুতে আমরা শোকাহত।এ বিষয়ে লাকসাম রেলওয়ে ক্রসিং থানার ইনচার্জ মুরাদ উল্লাহ বাহার বলেন, আমি ছুটিতে আছি তবে বিষয়টি শুনেছি।

  • সদর দক্ষিণে মর্যাদার লড়াইয়ে সারোয়ার-বাবলু

    অনলাইন ডেস্ক:

    কুমিল্লার  সদর দক্ষিণ উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ হবে আজ মঙ্গলবার। এই উপজেলায় চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন তিনজন। তাঁরা হলেন সদর দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও টানা তিনবারের চেয়ারম্যান গোলাম সারওয়ার, কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও টানা তিনবারের ভাইস চেয়ারম্যান আবদুল হাই ওরফে বাবলু এবং উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. আক্তারুজ্জামান রিপন। নির্বাচনে গোলাম সারওয়ার কাপ-পিরিচ, আবদুল হাই হেলিকপ্টার, আক্তারুজ্জামান আনারস প্রতীক নিয়ে ভোট করছেন।

    গোলাম সারওয়ার সাবেক অর্থমন্ত্রী, কুমিল্লা-১০ (সদর দক্ষিণ, লালমাই ও নাঙ্গলকোট) আসনের সংসদ সদস্য ও কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি আ হ ম মুস্তফা কামালের ছোট ভাই। সারওয়ারের পক্ষে সাবেক অর্থমন্ত্রীর পরিবারের সদস্যরা আছেন।

    আবদুল হাই কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ ছাত্রসংসদের সাবেক সহসভাপতি (ভিপি) ও কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি। তাঁর পক্ষে অবস্থান নিয়েছেন কুমিল্লা-৬ (আদর্শ সদর, সিটি করপোরেশন ও সেনানিবাস এলাকা) আসনের সংসদ সদস্য ও কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি আ ক ম বাহাউদ্দীন। বাহাউদ্দীনের অনুসারী নেতারা সদর দক্ষিণ উপজেলায় গিয়ে আবদুল হাইয়ের পক্ষে সরাসরি প্রচারণা, সভা ও সমাবেশে অংশ নিয়েছেন।

    চেয়ারম্যান প্রার্থী আবদুল হাই বলেন, ‘প্রায় ৪০ বছর ধরে রাজনীতি করছি। ছাত্রলীগের রাজনীতি দিয়ে শুরু আমার। রাজপথের পরীক্ষিত কর্মী আমি। এই এলাকার মানুষ পরিবর্তন চায়, উন্নয়ন চায়। আমার দীর্ঘ রাজনৈতিক জীবনের সহযোদ্ধা, অগ্রজ, কর্মীরা আমার পক্ষে মাঠে নেমেছেন। সুষ্ঠু নির্বাচনে আমি জিতব। বাহাউদ্দীনের রাজনৈতিক কর্মী হিসেবে তিনি আমার পক্ষে থাকবেন, এটাই স্বাভাবিক। প্রতিপক্ষ তো তাঁর ভাইয়ের ওপর ভর করে জিততে চান।

    চেয়ারম্যান প্রার্থী গোলাম সারওয়ার বলেন, ‘কুমিল্লা মহানগরের লোকজন সদর দক্ষিণে ভীতিকর পরিস্থিতি তৈরি করেছে। সংসদ সদস্য বাহাউদ্দীন প্রত্যক্ষভাবে একজনকে সমর্থন দিয়ে তাঁর কর্মীদের মাঠে নামিয়েছেন। ভোটের দিন বহিরাগতমুক্ত নির্বাচনী পরিবেশ চাই।’

  • কুমিল্লায় ফুটবল খেলতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল পলিটেকনিক শিক্ষার্থীর

    অনলাইন ডেস্ক:

    পরীক্ষা শেষে সহপাঠী বন্ধুদের সঙ্গে মাঠে ফুটবল খেলতে গিয়েছিল কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটের এক শিক্ষার্থী। বৃষ্টিতে ভিজে খেলার সময় হঠাৎ বজ্রপাতে প্রাণ গেছে ওই শিক্ষার্থীর।

    রবিবার (১৯ মে) বিকেলে কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউট সংলগ্ন কুমিল্লা কোটবাড়ি এলাকার রামপুরে একটি খেলার মাঠে এ ঘটনা ঘটে। এদিন রাতে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে ওই ছাত্রের মরদেহ গ্রহণ করেছে তার স্বজনরা।

    ওই শিক্ষার্থীর নাম মো. রিমন হোসেন (১৭)। তিনি জেলার মনোহরগঞ্জ উপজেলার উত্তর উলুপাড়া গ্রামের রেজাউল করিম বাবলুর ছেলে। চার ভাই-বোনের মধ্যে রিমন দ্বিতীয়। তিনি কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটের ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের প্রথম বর্ষের দ্বিতীয় শিফটের শিক্ষার্থী ছিলেন।

    ওই ছাত্রের পরিবারের সদস্য ও সহপাঠীদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রথম সেমিস্টারের বোর্ড পরীক্ষা দিতে রিমন রবিবার সকাল ৮টায় জেলার লাকসামের বাসা থেকে বের হয়। পরীক্ষা শেষে এদিন বিকেলে বন্ধুদের সঙ্গে ক্যাম্পাসের পাশের ওই খেলার মাঠে বৃষ্টিতে ভিজে ফুটবল খেলতে যায় সে। খেলা চলাকালীন সময়ে হঠাৎ বজ্রপাতে মাঠেই মৃত্যু হয় ওই শিক্ষার্থীর। পরে সহপাঠী এবং স্থানীয়রা তাকে দ্রুত কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।খবর পেয়ে রাতে হাসপাতালে এসে মরদেহ গ্রহণ করেন রিমনের স্বজনরা।

    রবিবার রাতে কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী মো. লুৎফর রহমান বলেন, আমাদের শিক্ষার্থী রিমনের এমন মৃত্যুতে শিক্ষক-শিক্ষার্থীসহ সবার মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। রিমনের বাবা রেজাউল করিম বাবলু বলেন, আমার ছেলেটার আর বাড়ি ফেরা হলো না। খেলতে গিয়ে ছেলেটা লাশ হলো। ছেলেটার নিথর দেহটা বাড়ি নিয়ে যাচ্ছি। কীভাবে এই মৃত্যু মেনে নেব?

    রাত সাড়ে ৯টার দিকে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর ভূঁইয়া বলেন, আমি আপনার মাধ্যমেই বিষয়টি জানলাম।
    ছাত্রের মৃত্যুর বিষয়টি খোঁজ নিয়ে দেখা হচ্ছে।

  • কুমিল্লায় একাত্তরের মানবতাবিরোধী অপরাধের পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার

    মারুফ আবদুল্লাহ:
    একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেফতার করা হয়েছে। রবিবার (১২ মে) রাতে র‍্যাব-১১ কুমিল্লার একটি দল জেলার সদর দক্ষিণ এলাকা থেকে তাকে গ্রেফতার করে।

    সোমবার (১৩ মে) সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন র‍্যাব-১১ কুমিল্লার উপপরিচালক মাহমুদুল হাসান।

    গ্রেফতার আসামি মো. আবু বক্কর সিদ্দিক (৮০)। তিনি সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার উত্তর কদমতলা এলাকার মান্দার সরদারের ছেলে।

    র‍্যাব কর্মকর্তা মাহমুদুল হাসান জানান, জেলার সদর দক্ষিণ উপজেলার উত্তর রামপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল-১-এর গ্রেফতারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি ছিলেন। তিনি দীর্ঘদিন কুমিল্লায় তার এক আত্মীয়ের বাড়িতে অবস্থান করছিলেন। খবর পেয়ে তাকে গ্রেফতার করে র‍্যাব।

    গ্রেফতার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা নিতে সাতক্ষীরা জেলার শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়েছে।

  • কুমিল্লায় স্কুল থেকে ফেরার পথে ৯ বছরের শিশুকে ‘ধর্ষণের’ পর হত্যা

    অনলাইন ডেস্ক:

    কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় বিদ্যালয় থেকে ফেরার পথে ৯ বছরের এক শিশুকে ধর্ষণের পর হত্যার অভিযোগ উঠেছে।

    সোমবার উপজেলার গলিয়ারা উত্তর ইউনিয়নের একটি গ্রামের ধান ক্ষেত থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয় বলে জানান কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ওসি আলমগীর ভূঁইয়া।

    শিশুটি স্থানীয় সোনালী শিশু বিদ্যানিকেতন কিন্ডারগার্টেনের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

    পুলিশ ও স্থানীয়রা জানান, সকাল ১০টায় স্কুল ছুটি শেষে বাড়ি ফেরার পথে নিখোঁজ হয় শিশুটি। বাড়ি ফিরতে দেরি হওয়ায় তাকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে না পেয়ে থানায় জিডি করেন শিশুটির মা।

    বিকালে ধান ক্ষেতে মৃতদেহ পড়ে থাকার খবর পেয়ে স্বজনরা গিয়ে লাশ শনাক্ত করেন। সন্ধ্যার দিকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।

    শিশুটির মা সাংবাদিকদের বলেন, “আমাদের সঙ্গে কারো শত্রুতা নেই। কেনো অবুঝ শিশুটিকে হত্যা করতে হল। আমার সন্তান হত্যাকারীদের ফাঁসি চাই। আমার মেয়েটাকে নির্যাতন করে খুন করা হয়েছে।”

    রাতে ওসি আলমগীর বলেন, “প্রাথমিক তদন্তে বোঝা যাচ্ছে শিশুটিকে নির্যাতনের পর হত্যা করা হয়েছে। শিশুটির মা অভিযোগ করতে থানায় এসেছেন। তবে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। দ্রুত অপরাধীকে আইনের আওতায় আনা হবে।”

  • সদর দক্ষিণে প্রবাসীর বাড়িতে অস্ত্র দেখিয়ে ৯ ভরি স্বর্ণ ও নগদ অর্থ লুট

    স্টাফ রিপোর্টার:
    কুমিল্লার সদর দক্ষিণের শ্রীবল্লভপুরে বাসায় প্রবেশ করে ছোরা দেখিয়ে ৯ ভরি স্বর্ণ, নগদ ৫০ হাজার টাকা এবং স্যামসাং মোবাইল নিয়ে গেছে অজ্ঞাত দুই চোর।

    শুক্রবার ভোররাতে সদর দক্ষিণের শ্রীবল্লভপুরের পূর্ব পাড়ার সৌদি প্রবাসীর বাড়িতে এ চুরির ঘটনা ঘটে।

    এ ঘটনায় শুক্রবার বিকেলে সদর দক্ষিণ থানায় সৌদি প্রবাসী কাউছার আহমেদের স্ত্রী শিরীন আক্তার (২৯) একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

    লিখিত অভিযোগে শিরীন আক্তার জানান, আমার স্বামী সৌদি আরব প্রবাসী। আমি আমার এক ছেলে ইউছুফ (০৮) কে নিয়ে বর্তমান ঠিকানার বাসায় বসবাস করি। প্রতিদিনের মত বৃহস্পতিবার রাতে আমি আমার সন্তানকে নিয়ে রাত আনুমানিক ১০ টার সময় ঘুমিয়ে পরি। রাত আনুমানিক আড়াইটার সময় আমাদের বাসার দোতলাতে বাসার ভিতরে চোরের আনাগোনার শব্দ শুনে আমার ঘুম ভাঙ্গে। তখন আমি বাসার লাইট জালিয়ে দেখি যে ২ জন চোর আমার বাসায় চুরি করতেছে। আমি চিৎকার করলে তারা আমাকে ও আমার ছেলেকে তাহাদের নিকট থাকা ছোরা দেখিয়ে ভয় দেখায়। ফলে আমরা জীবনের ভয়ে চিৎকার করিনি । তারা আমার কাছ থেকে আমার আলমারীর ও ওয়ারড্রোবের চাবি নিয়ে তা খোলে আমার কানের ৭ জোড়া ছোট বড় স্বর্ণের জিনিস, ৪টি গলার স্বর্ণের চেইন, ৫ টি স্বর্ণের আংটি ও ১ টি স্বর্ণের নেকলেসসহ আনুমানিক ৯ ভরি স্বর্ণালংকার ও নগদ ৫০ হাজার টাকাসহ আমার স্যামসাং ডোজ মোবাইল ফোনটি নিয়ে যায়।

    এ বিষয়ে সদর দক্ষিণ থানার উপ-পরিদর্শক মামুন জানান, এ বিষয়ে তদন্ত চলছে।

  • সদর দক্ষিণে ট্রেনে ধাক্কায় বাবা-ছেলে, হোমনায় ট্রাক চাপায় মা- মেয়ে নিহত

    মারুফ আবদুল্লাহ, কুমিল্লা

    কুমিল্লা পৃথক দুর্ঘটনায় সদর দক্ষিণে ট্রেনে ধাক্কায় বাবা ছেলে ও হোমনায় ট্রাক চাপায় মা- মেয়ে নিহত হয়েছে।

    সদর দক্ষিণ:

    কুমিল্লা সদর দক্ষিণের জেলখানা বাড়ি এলাকায় সিএনজিচালিত অটোরিকশায় ট্রেনের ধাক্কায় বাবা-ছেলে নিহত হয়েছেন। শনিবার (৩ জুন) বিকাল ৪টা ১৫ মিনিটে এ দুর্ঘটনা ঘটে। 

    নিহতরা হলেন- বরুড়ার বাতাইছড়ি এলাকার লতিফের ছেলে সোহাগ (৩৫) ও তার ছেলে সোহেল (১২)। 

    সদর দক্ষিণ থানার ওসি দেবাশীষ চৌধুরী জানান, জেলখানা বাড়ি এলাকার রেল ক্রসিংয়ে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা আন্তঃনগর ট্রেনটি অটোরিকশায় ধাক্কা দেয়। এতে অটোরিকশায় থাকা বাবা-ছেলে ঘটনাস্থলেই নিহত হয়েছেন। সোহাগ অটোরিকশাটি চালাচ্ছিলেন। তারা ছাড়া আর কেউ ছিল না অটোরিকশায়।

    হোমনাঃ

    কুমিল্লার হোমনায় ট্রাক ও অটোরিকশার সংঘর্ষে মা ও মেয়ে নিহত হয়েছেন। শনিবার (৩ জুন) উপজেলার শ্রীমদ্দি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

    নিহতরা হলেন- উপজেলা সদরের সজলের স্ত্রী ফেরদৌসী আক্তার (১৮) ও ছয় মাস বয়সী মেয়ে সাওদা। দুর্ঘটনার পর স্বজনরা তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

    পারিবারিক সূত্রে জানা গেছে, ফেরদৌসী আক্তার তার শিশু সন্তান ও ছোট আরও ভাইবোনকে নিয়ে উপজেলার ভবানীপুর গ্রামের তাদের নানার বাড়ি থেকে একটি ব্যাটারিচালিত অটোরিকশাযোগে বাবার বাড়ি একই শ্রীমদ্দি গ্রামে যাচ্ছিলেন। বাড়ির কাছাকাছি এলাকায় বিপরীত দিকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান। তবে তার দুই ভাইবোন সুস্থ রয়েছেন।

    হোমনা থানার ওসি মো. সাইফুল ইসলাম বলেন, ঘাতক ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিক্শাটি পুলিশের হেফাজতে রয়েছে। পরিবারের কোনও অভিযোগ না থাকায় সুরতহাল প্রতিবেদন তৈরি করে স্বজনদের কাছে লাশ বুঝিয়ে দেওয়া হয়েছে।