Category: লাকসাম

  • লাকসাম -মনোহরগঞ্জের সাবেক এমপি বিএনপি নেতা আনোয়ারুল আজিম আর নেই

    অনলাইন  ডেস্ক

    কুমিল্লা -৯ (লাকসাম -মনোহরগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় সাবেক সাংগঠনিক সম্পাদক কর্ণেল (অব.) এম আনোয়ারুল আজিম মারা গেছেন।

    শনিবার (৩১মে) ভোর রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন, (ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

    মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন, গুণগ্রাহী,শুভানুধ্যায়ীসহ দলীয় নেতাকর্মী রেখে যান।

    মরহুমের ৫টি জানাজার নামাজ অনুষ্ঠিত হবে, প্রথম জানাজা সকাল সাড়ে দশটায় মহাখালী নিউ ডিওএইচএস ,২য় জানাজা দুপুর ১২টায় নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে,৩য় জানাজা বাদ আছর লাকসাম পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ,৪র্থ জানাজা বাদ মাগরিব মনোহরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠ, ৫ম ও শেষ জানাজা বাদ এশা মরহুমের নিজ বাড়ী শরিফপুর গ্রামে।

  • এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী কুমিল্লার মেয়ে আদ্রিতার ঝুলন্ত মরদেহ উদ্ধার

    অনলাইন ডেস্ক:
    রাজধানীর ফুলার রোডে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আবাসিক কোয়ার্টার থেকে এক ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। ওই ছাত্রী ঢাবির মার্কেটিং বিভাগের প্রথম বর্ষের ছাত্রী। তার নাম আদ্রিতা বিনতে মোশারফ (২১)।

    আদ্রিতার বাড়ি কুমিল্লার লাকসাম উপজেলার মজলিশপুর গ্রামে। তার বাবা অধ্যাপক ড. মোশারফ হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষক। বাবা-মায়ের সঙ্গেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোয়ার্টারে থাকতেন তিনি।

    রোববার (৩১ মার্চ) ভোরে দক্ষিণ ফুলার রোডের ১৯ নম্বর ভবনের তৃতীয় তলায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক সকাল সাড়ে ৭টায় তাকে মৃত ঘোষণা করেন।

    শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুস্তাজিরুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ভোরে ফুলার রোডের আবাসিক কোয়ার্টারের ওই বাসায় গিয়ে দেখা যায়, বিছানায় শায়িত অবস্থায় রয়েছেন ওই শিক্ষার্থী। তখন তার পরিবারের কাছ থেকে জানা যায়, ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়েছিলেন তিনি। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

    ওসি আরও জানান, কী কারণে ওই শিক্ষার্থী আত্মহত্যা করেছেন সে বিষয়ে পরিবার তেমন কিছুই জানাতে পারেনি। ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে। মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

  • যদি বাধা না দিতাম, লাকসামে রক্তের বন্যা বয়ে যেতো- এলজিআরডি মন্ত্রী

    আবদুল্লাহ আল মারুফ, কুমিল্লা
    স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন (এলজিআরডি) মন্ত্রী তাজুল ইসলাম বলেন, আমার নির্বাচনী এলাকা লাকসাম- মনোহরগঞ্জে সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ করা হয়েছে। আমার আত্মীয়স্বজন অন্যায় করলেও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। অথচ বিএনপির সময়ে সংগঠিত কোনো নৈরাজ্যের বিচার হয়নি। আজ এ এলাকায় চাঁদাবাজি, সন্ত্রাস, নৈরাজ্য নাই। আমরা বিএনপি বলে কাউকে নির্যাতন করি নাই। তাদেরকে হামলা-মামলা করি নাই।

    বৃহস্পতিবার (২০ জুলাই) বিকেলে কুমিল্লার লাকসামের মুদাফফরগঞ্জে আয়োজিত গণসংযোগ অনুষ্ঠানে মন্ত্রী এসব মন্তব্য করেন।

    মন্ত্রী বলেন, আপনারা (বিএনপি) ছাত্রলীগ নেতা অনিককে হত্যা করেছেন। আমরা পাল্টা কোনো জবাব দিইনি। মনে রাখবেন, এটা আমাদের দুর্বলতা নয়। আওয়ামী লীগ দুর্বল দল নয়। অনিকের জানাজার দিন যদি বাধা না দিতাম, লাকসামে রক্তের বন্যা বয়ে যেতো।


    আপনারা কাকে ভয় দেখাচ্ছেন? সাবধান হয়ে যান। আপনারা ক্ষমতায় যাবেন? লুটপাট করার জন্য? এদেশে কোনো দুষ্কৃতকারীর ঠাঁই হবে না।

    এসময় আরো বক্তব্য রাখেন লাকসাম উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মো. ইউনূছ ভূঁঞা ও লাকসাম পৌর মেয়র আবুল খায়ের।

    বৈঠকটির আয়োজন করেন মুদাফরগঞ্জ উত্তর ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুদাফরগঞ্জ উত্তর ইউনিয়ন চেয়ারম্যান শাহিদুল ইসলাম শাহিন, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক এটিএম আলমগীরসহ উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড নেতৃবৃন্দ।

  • লাকসামে ছাত্রদল-যুবদলের হামলায় আহত ছাত্রলীগ নেতা অনিক মারা গেছে!

    অনলাইন ডেস্ক:

    দীর্ঘ আট দিন জীবন ও মৃত্যুর সঙ্গে লড়াই করে না ফেরার দেশে চলে গেলেন কুমিল্লার লাকসাম পৌর ছাত্রলীগের সহ সভাপতি ইফতেখার অনিক। ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (২৮ জুন) রাত সোয়া ৮টার দিকে মারা যান এই ছাত্রনেতা।

    একাধিক সূত্রে জানা যায়, গত বুধবার (২১ জুন) রাতে লাকসামে যুবদলকর্মী সায়মুন রহমান রকি ও ছাত্রদলকর্মীদের উপর্যুপরি ছুরিকাঘাতে ছাত্রলীগ নেতা ইফতেখার অনিকসহ আরো দুজন আহত হয়। আহত অন্যরা হলেন- উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফেরদৌস আলম সৌরভ ও স্বেচ্ছাসেবক লীগ নেতা আলমগীর।

    এ সময় আশঙ্কাজনক অবস্থায় আহতদের প্রথমে লাকসামের স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া পর। পরে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এক পর্যায়ে অনিকের অবস্থার অবনতি হলে চিকিৎসকের পরামর্শে ওই দিন রাতেই তাকে দ্রুত ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। 

    লাকসাম উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মো. ইউনূছ ভূঁঞা, উপজেলা ও পৌরসভা আওয়ামী লীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠণের নেতৃবৃন্দ ছুরিকাঘাতের ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

  • লাকসামে নিয়ন্ত্রণ হারিয়ে চায়ের দোকানে মাইক্রোবাস; নিহত ২, আহত ৩

    মাহফুজ নান্টু, কুমিল্লা

    কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি চায়ের দোকানে ঢুকে পড়েছে। এতে দোকানের এক কর্মচারী ও এক মাইক্রোবাস যাত্রী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এ ঘটনায় চালকসহ আরও তিনজন আহত হয়েছেন।

    মহাসড়কের লাকসামের পোলাইয়া এলাকায় মঙ্গলবার সকাল পৌনে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

    নিহতরা হলেন মাইক্রোযাত্রী নোয়াখালীর বেগমগঞ্জ থানার বাংলাবাজার এলাকার স্কুলশিক্ষক ৫২ বছরের জামাল উদ্দিন ও কর্মচারী স্থানীয় পোলাইয়া এলাকার ৩৭ বছরের জাকির হোসেন।

    বিষয়টি নিশ্চিত করেছেন লালমাই হাইওয়ে থানার পরিদর্শক কাইয়ুম উদ্দিন চৌধুরী বলেন, ‘গুরুতর আহত একজনকে ঢাকায় পাঠানো হয়েছে। অন্যরা স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন।’

    স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, তিনজন যাত্রী নিয়ে সকালে মাইক্রোবাসটি কুমিল্লা থেকে নোয়াখালীর দিকে যাচ্ছিল। এ সময় পোলাইয়া এলাকায় এটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি চায়ের দোকানকে চাপা দিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই ওই দুজন নিহত হন। মাইক্রোবাসের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়।

    পুলিশ কর্মকর্তা কাইয়ুম উদ্দিন বলেন, ‘মাইক্রোবাসটি থানায় নেয়া হয়েছে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের ব্যবস্থা করা হচ্ছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

  • কুমিল্লায় ঈদের যাত্রায় চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু!

    লাকসাম প্রতিনিধি, কুমিল্লা

    কুমিল্লা লাকসামে নোয়াখালী এক্সপ্রেস ট্রেনের ছাদ থেকে পড়ে ইমরান হোসেন (২২) নামে এক ব্যক্তি নিহত হয়েছে।

    রোববার (১ মে) সকাল ৭ টা ১০ মিনিটে লাকসাম পৌরসভার সামনে এ ঘটনা ঘটে। নিহত ইমরান নোয়াখালী জেলার মাইজদী সোনাপুর এলাকার লুৎফুর রহমানের ছেলে।

    বিষয়টি নিশ্চিত করেছেন লাকসাম রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন খন্দকার।

    তিনি জানান, ঢাকা থেকে নোয়াখালীগ্রামী নোয়াখালী এক্সপ্রেস ট্রেন সকাল ৭ টায়  লাকসাম জংশন অতিক্রম করে। পরবর্তী খবর আসে এক যুবক ট্রেনের ছাদ থেকে পড়ে মৃত্যু হয়েছে। সে ঈদের ছুটিতে ঢাকা থেকে বাড়ি যাচ্ছিল।

    তিনি আরও বলেন, আমরা  ধারণা  করছি সে ট্রেনের ছাদে উঠে ঘুমিয়ে পড়েছিল। নিহত ইমরান ঢাকার একটি ওয়ার্কশপে কাজ করে। ঈদের ছুটিতে বাড়ি যাওয়ার পথে এ ঘটনা ঘটে।মরদেহ থানায় রাখা হয়েছে। আইনী কার্যক্রম শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।

  • ভ্যানে গাছ বিক্রি করে মেডিক্যালে চান্স : কুমিল্লার তাজগীরের দায়িত্ব নিল জেলা প্রশাসন!

    নিজস্ব প্রতিবেদক:

    রাস্তায় ভ্যানগাড়িতে গাছের চারা বিক্রি ও টিউশনি করে পড়াশুনার খরচ চালিয়ে খুলনা সরকারি মেডিক্যাল কলেজে চান্স পাওয়া কুমিল্লার তাজগীর হোসেনের ভর্তি ও পড়াশোনার খরচ নিয়ে দুশ্চিন্তা মুক্ত করল কুমিল্লা জেলা প্রশাসন ।

    রোববার ( ১০ এপ্রিল) কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান ২৫ হাজার টাকার একটি চেক প্রধান করে তাকে । এ সময় উপস্থিত ছিল লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স্থানীয় সরকার বিভাগে পদন্নোতি প্রাপ্ত সিনিয়র সহকারী সচিব কে এম সাইফুল আলম।

    জেলা প্রশাসক বলেন, তাজগীরের বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা আমাকে অবগত করেছে। ছেলেটি অদম্য মেধাবী । তারপর ইউএনওকে বলেছি জেলা প্রশাসক কার্যালয়ে নিয়ে আসতে। প্রাথমিকভাবে ২৫ হাজার টাকার একটি চেক দেওয়া হয়েছে। আশা করছি, এ টাকা দিয়ে ভর্তি প্রক্রিয়া শেষ হবে। পরবর্তীতে প্রধানমন্ত্রীর দরিদ্র তহবিলে দরখাস্ত করা হলে তাকে শিক্ষাবৃত্তি দেওয়ার বিষয়ে সহযোগিতা করা হবে।

    খুলনা সরকারি মেডিক্যাল কলেজে চান্স পাওয়া তাজগীর হোসেন বলেন, ভর্তি নিয়ে আমি খুবই চিন্তিত ছিলাম । ভেবেছি স্বপ্ন যাত্রা এখানে থেমে যাবে । আমাকে আর্থিক সহযোগীতা ও মানসিক ভাবে সাপোর্ট দেয়ার জন্য জেলা প্রশাসনকে অসংখ্য ধন্যবাদ জানাই। জেলা প্রশাসক মহোদয় অনেক আন্তরিক । ওনি বলেছে খুলনা প্রশাসনকেও বলে দিবে আমাকে সার্বিক সহযোগীতা করার জন্য । আমি ডাক্তার হয়ে গ্রামের অসহায় মানুষদের সেবা করার ইচ্ছা রয়েছে।

    তিনি আরও জানান, যখন আমি নবম শ্রেনীতে পড়ি আমার মা মারা যান । মায়ের স্বপ্ন ছিল আমাকে চিকিৎসক বানাবেন। মা বলতেন ভিক্ষা করে হলেও পড়াবেন। এখন মেডিক্যালে ভর্তির সুযোগ পেয়েছি। মা বেঁচে থাকলে অনেক খুশি হতেন। আমরা দুই ভাই নানার বাড়িতে থাকি। অর্থাভাবে ছোট ভাইয়ের লেখাপড়া বন্ধ। অপর দুই ভাইকে নিয়ে বাবা চৌদ্দগ্রাম উপজেলার উজিরপুর ইউনিয়নের কইয়া গ্রামে থাকেন। বাবার আর্থিক অবস্থা ভালো না। নানার বাড়িতে থাকলেও মামাদের আর্থিক অবস্থা করুণ। মামারা ভ্যানগাড়ি চালিয়ে সংসার চালান। স্কুল জীবনে বাড়ির পাশে মায়ের দোয়া নার্সারিতে কাজ শুরু করি। চারা রোপণ, পরিচর্যা এবং ভ্যানে করে চারা বিক্রি সবই করেছি। কলেজে ভর্তির পর বাড়ি বাড়ি গিয়ে টিউশনি করেছি। সে অর্থ নিয়ে চালিয়েছি নিজের পড়ালেখার খরচ।

    তাজগীর হোসেনের সহপাঠী ও বন্ধু মাসুম অনিক বলেন, বন্ধুর এই সাফল্যে আমি ভীষণ গর্ববোধ করছি। কলেজ জীবনে তার সাথে পুরোটা সময় কাটিয়েছি। নিজের চোখে দেখেছি তার পরিশ্রম ও না হারার দৃঢ় সংকল্প ।

    উল্লেখ্য তাজগীর হোসেন লাকসাম উপজেলার বরইগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে সমাপনী পরীক্ষায় জিপিএ-৫, জ্যোতিঃপাল মহাথের বৌদ্ধ অনাথ আশ্রম উচ্চ বিদ্যালয় থেকে জেএসসি পরীক্ষায় এ গ্রেড, একই প্রতিষ্ঠান থেকে এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগে জিপিএ-৪.৯৪ এবং লাকসাম নওয়াব ফয়জুন্নেছা সরকারি কলেজ থেকে এইচ এস সিতে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পান।

  • কুমিল্লায় একই স্কুলের ৮ শিক্ষক করোনায় আক্রান্ত; শিক্ষা কার্যক্রম বন্ধ ঘোষণা

    নিজস্ব প্রতিবেদক:

    কুমিল্লার লাকসাম উপজেলার পশ্চিমগাঁও মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ ৮ জন শিক্ষক করোনায় আক্রান্ত  হয়েছেন। এ ঘটনায় লাকসাম উপজেলা শিক্ষা কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন পরিস্থিতি বিবেচনায় অনির্দিষ্টকালের জন্য স্কুলটি বন্ধ ঘোষণা করেন। 

    মঙ্গলবার (১৮ জানুয়ারি) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নাজিয়া বিনতে আলম।

    তিনি বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সে র‍্যাপিড অ্যান্টিজেন টেস্টের মাধ্যমে তাদের রিপোর্ট পজিটিভ আসে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সকল শিক্ষা কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

    পশ্চিমগাঁও মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শম্পা রাণী জানান, প্রথমে করোনা আক্রান্ত হয়েছি আমি। আমার স্বামীরও করোনা পজেটিভ আসে। পরবর্তীতে আরও দুই শিক্ষক করোনায় আক্রান্ত হন। এরপর অন্যান্য শিক্ষকদের টেস্ট করালে আমিসহ ৮ জনের করোনা শনাক্ত হয়। 

    করোনা আক্রান্ত শিক্ষকরা হলেন, সহকারী শিক্ষক মো. শাহ আলম, মো. একরামুল হক খন্দকার, মন্টু চন্দ্র ঘোষ, উম্মে কুলসুম, বিলকিছ নাসরিন, কামরুন্নাহার ও রুবিনা ইসলাম।

    লাকসাম উপজেলা শিক্ষা কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন বলেন, করোনা আক্রান্তের বিষয়টি জানার সঙ্গে সঙ্গে অনির্দিষ্টকালের জন্য স্কুল বন্ধ করেছি। ছাত্র-ছাত্রীসহ সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার জন্য আহ্বান করেছি।

  • কুমিল্লায় বাসের ধাক্কায় আটোরিকশার দুই যাত্রী নিহত

    লাকসাম প্রতিনিধি, কুমিল্লা

    কুমিল্লার লাকসাম উপজেলায় বিআরটিসি বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার নারীসহ দুই যাত্রী নিহত হয়েছেন।নিহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

    বৃহস্পতিবার (০৬ জানুয়ারি) সকাল সাড়ে ৭টায় কুমিল্লা-নোয়াখালী সড়কের কালিয়াচো এলাকায় ঘটনাটি ঘটে।

    লাকসাম হাইওয়ে ফাঁড়ি পুলিশের উপপরিদর্শক (এসআই) জসীমউদ্দীন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

    তিনি বলেন, এ দুর্ঘটনায় নারীসহ দুইজন নিহত হয়েছেন। তিন যাত্রী আহত হয়েছেন। বিআরটিসি বাসটি কুমিল্লামুখী ছিল। আহতরা শঙ্কমুক্ত রয়েছেন।

  • বিষাক্ত কেমিক্যাল মিশিয়ে কুমিল্লার বাজারে বিক্রি হচ্ছিল গরুর পঁচা মাংস


    নিজস্ব প্রতিবেদক

    কুমিল্লার লাকসামে বিষাক্ত কেমিক্যাল মিশিয়ে বাজারে গরুর পচা মাংস বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে দোকান বন্ধ করে দেওয়া হয়েছে। 

    বুধবার (১ ডিসেম্বর) বেলা ১১টার দিকে লাকসাম দৌলতগঞ্জের হকার্স মার্কেটে লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট একেএম সাইফুল আলম এ অভিযান পরিচালা করেন।

    তিনি জানান, কয়েকদিন ধরেই আমাদের কাছে অভিযোগ আসছিল বাজারে পচা গরুর মাংস বিক্রি করা হচ্ছে। অভিযান পরিচালনা করে অভিযোগের সত্যতা মিলেছে। পচা মাংসের রং সুন্দর দেখানোর জন্য তারা বিষাক্ত কেমিক্যাল ব্যবহার করতো। যার ফলে মাংস হলুদ রং ধারণ করে। যা মানবদেহের জন্য খুবই ক্ষতিকর।

    একেএম সাইফুল আলম বলেন, অভিযান চালিয়ে প্রায় এক মণ মাংস জব্দ করা হয়েছে। অভিযুক্ত ব্যবসায়ী বিল্লাল হোসেনের মাংসের দোকান অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে সাইনবোর্ড অপসারণসহ ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সময় তল্লাশি চালিয়ে পাশের একটি দোকানে রক্ষিত ফ্রিজ থেকেও পচা মাংস জব্দ করা হয়। এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

    লাকসাম পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর শামসুল আলম জানান, জব্দকৃত মাংসগুলো কেরোসিন ঢেলে আগুনে পুড়িয়ে মাটিতে পুঁতে ফেলা হয়েছে।