Category: মুরাদনগর

  • কুমিল্লার ছেলে আজকের পত্রিকা’র সাংবাদিক ফখরুল আর নেই!

    অনলাইন ডেস্ক:

    আজকের পত্রিকা’র সাংবাদিক মো. ফখরুল ইসলাম ভূঁঞা আর নেই (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। 

    আজ শনিবার (১১ ডিসেম্বর) বিকেলে অকস্মাৎ হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়। ২৪ বছরের এই তরুণ আজকের পত্রিকার অনলাইন বিভাগে কাজ করতেন। 

    গণমাধ্যমে তিনি ‘ফাহির ফখরুল’ নামে পরিচিত ছিলেন। তার বাড়ি কুমিল্লার মুরাদনগর উপজেলার বাখরনগর গ্রামে। বাবা মো. নজরুল ইসলাম ভূঁঞা ও মা মোসাম্মৎ জুলেখা বেগমের দুই ছেলের মধ্যে তিনি ছিলেন কনিষ্ঠ সন্তান। 

    আজ শনিবার সকাল ৮টায় অফিসে এসেছিলেন ফাহির। সারা দিন স্বাভাবিক নিয়মেই দায়িত্ব পালন করেন। এরপর বেলা ৩টার পর তিনি অফিস থেকে বাসায় চলে যান। মোহাম্মদপুর টাউন হলের পাশে ভাড়া করা একটি বাসায় কয়েকজন বন্ধুসহ থাকতেন ফাহির। বাসায় ফেরার পর অসুস্থ হয়ে পড়েন তিনি। 

    ফাহিরের বন্ধু ফাহমিদা তাপসী বলেন, বাসায় ফিরে শরীর খারাপের কথা বন্ধু ফয়সাল আহমেদকে জানান ফাহির ফখরুল। এরপর শরীর আরও খারাপ হওয়া শুরু করলে একপর্যায়ে জ্ঞান হারিয়ে ফেলেন তিনি। অজ্ঞান অবস্থায় প্রথমে তাকে ধানমন্ডির বাংলাদেশ মেডিকেলে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক জানান, ফাহির মারা গেছেন। এরপর তাকে পাশের ইবনে সিনা হাসপাতালে নিয়ে যান বন্ধুরা। সেখানে তাকে মৃত ঘোষণা করা হয়। হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ফাহির মারা গেছেন বলে হাসপাতাল থেকে জানানো হয়েছে। 

    ছবি তোলার শখ ছিল ফাহির ফখরুলের। অবসরে সিনেমা দেখতে পছন্দ করতেন তিনি। এসএসসি, এইচএসির পর ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অলটারনেটিভ (ইউডা) থেকে যোগাযোগ ও গণমাধ্যম বিভাগে ২০১৯ সালে স্নাতক সম্পন্ন করেন ফাহির। 

    ২০১৯ সালের জানুয়ারি থেকে সাংবাদিকতায় সংশ্লিষ্ট হন ফাহির। চলতি বছর তিনি আজকের পত্রিকায় যোগ দেন।

    আজ রাতে তার মরদেহ কুমিল্লায় গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে। আগামীকাল রোববার বাদ যোহর জানাজা শেষে তার দাফন হবে। সহকর্মীর মৃত্যুর ঘটনায় আজকের পত্রিকা পরিবার গভীরভাবে শোকাহত। ফখরুলের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন সম্পাদক অধ্যাপক ড. গোলাম রহমান। সূত্র: ঢাকা পোস্ট

  • দেশে স্ত্রীর পরকীয়া, সৌদিতে লাইভে এসে কুমিল্লার প্রবাসীর আত্মহত্যা

    নিজস্ব প্রতিবেদক:

    দেশে স্ত্রীর একাধিক পরকীয়া প্রেমের কারণে ক্ষোভে ফেসবুক লাইভে এসে আত্মহত্যা করেছেন সৌদিপ্রবাসী সবুজ সরকার (৩০)।

    সোমবার (৬ ডিসেম্বর) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। পরে ফেসবুক লাইভে আত্মহত্যার ভিডিওটি ভাইরাল হয়। তবে এরই মধ্যে তার আইডি থেকে ভিডিওটি সরিয়ে ফেলা হয়েছে। 


     
    নিহত সবুজ কুমিল্লার মুরাদনগর উপজেলার টনকী ইউনিয়নের মাজুর গ্রামের জাহাঙ্গীর আলম সরকারের ছেলে। 

    জানা যায়, সবুজ গত চার ডিসেম্বর সামাজিক যোগযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে লেখেন, কষ্ট আর মানতে পারি না। এই দুনিয়াতে শুধু কষ্ট নিয়ে আসলাম। এ ছাড়া ওই পোস্টের কমেন্টে তিনি লেখেন, একটা মেয়ে আমার জীবনটা নষ্ট করে দিয়েছে।

    এ বিষয়ে সবুজের চাচা বাবলু সরকার জানান, পার্শ্ববর্তী বাইড়া গ্রামের এক মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে সবুজের। পাঁচ বছর আগে তিনি সৌদি যান। সৌদি যাওয়ার আট মাস পর মোবাইলে বিয়ে হয় তাদের। তারপর থেকে মেয়েটি আমাদের বাড়িতে আসা-যাওয়া করত। দুই বছর পর সবুজের স্ত্রী কয়েকজনের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন। এই নিয়ে সবুজের সঙ্গে মোবাইলে প্রায়ই ঝগড়া হত। প্রতিবাদ করলে শাশুড়িকে মারধর করত। থানায় নির্যাতনের অভিযোগ দেওয়ার পর মোবাইলে স্বামী-স্ত্রীর আবারও ঝগড়া হয়। এ সময় স্ত্রী তাকে মরে যাওয়ার জন্য বলেন। পরে ফেসবুক লাইভে এসে আত্মহত্যা করেন সবুজ। বিয়ের কাবিন হয়নি, তবে মোবাইলে বিয়ের সময় পাঁচজন সাক্ষী ছিল।

    তিনি আরও বলেন, তার মরদেহ দেশে আনা হবে কিনা এখনও সিদ্ধান্ত হয়নি। মালিকপক্ষ যদি খরচ বহন করে তাহলে দেশে আনা হবে। তা না হলে সেখানেই দাফন করতে হবে। পরিবার আর্থিকভাবে অসচ্ছল। 

    মুরাদনগর টনকী ইউনিয়নের চেয়ারম্যান জাকির হোসেন বলেন, লাইভে আত্মহত্যার ভিডিও দেখেছি। খুবই মর্মান্তিক ঘটনা। তাদের বিয়ে মোবাইলে হয়েছে। তবে পরিবার থেকে আমার কাছে স্ত্রীর পরকীয়া নিয়ে অভিযোগ করেনি।

    বাঙ্গরা বাজার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার বলেন, গত চার ডিসেম্বর সবুজের স্ত্রী তার শাশুড়িকে নির্যাতন করেছেন। পরিবার থেকে এমন অভিযোগ পেয়েছি। সেটি তদন্ত করা হচ্ছে। তবে আত্মহত্যায় কারও প্ররোচনা ছিল কিনা তা তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

  • মুরাদনগরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

    নিজস্ব প্রতিবেদক:
    কুমিল্লার মুরাদনগরে বাড়ির পাশে খেলতে গিয়ে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু হয়েছে। বুধবার (২৯ সেপ্টেম্বর) উপজেলার দারোরা ইউনিয়নের দিঘিরপাড়ে এ ঘটনা ঘটে। নিহতরা হচ্ছে স্থানীয় নজরুল ইসলামের মেয়ে হাবিবা (২) এবং মুক্তার হোসেনের ছেলে আব্দুর রহমান (৩)। বিষয়টি নিশ্চিত করেছেন মুরাদনগর থানার উপপরিদর্শক (এসআই) বোরহান উদ্দিন।

    স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, আব্দুর রহমান ও হাবিবা দুজন সম্পর্কে চাচাতো ভাই-বোন। বিকেলে বাড়ির পাশে খেলতে গিয়ে পুকুরে ডুবে যায় তারা। স্থানীয়রা দেখতে পেয়ে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

    দারোরা ইউনিয়নের চেয়ারম্যান মো. শাহজাহান বলেন, একই পরিবারের দুই শিশুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এ বিষয়ে সবাইকে আরও সচেতন হতে হবে ।

    মুরাদনগর থানার উপপরিদর্শক (এসআই) বোরহান উদ্দিন বলেন, খবর পেয়ে আমরা ঘটনস্থলে গিয়েছি। এ বিষয়ে পরিবারের কোনো অভিযোগ নেই। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে

  • কুমিল্লায় মসজিদে জুমার খুতবা কে কেন্দ্র করে দু গ্রুপের সংঘর্ষ; নিহত ১; আহতরা আশঙ্কাজনক!

    (নাজিম উদ্দিন, মুরাদনগর)

    কুমিল্লার মুরাদনগরে মসজিদে জুমার খুতবা কে কেন্দ্র করে দু গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে।  এ সময়  আবু হানিফ খান(৪৫) নামে একজন নিহত হয়েছে । সে কুড়াখাল গ্রামে আবদু খানের ছেলে ।   এ ঘটনায় ৭ জন আহত হয়েছে। জানা যায়,  খুতবায় আযান দেয়া নিয়ে বাকবিতন্ডার এক পর্যায়ে এই সংঘর্ষ হয়।

    শুক্রবার (১৭ সেপ্টেম্বর)  দুপুর দেড়টায় মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার  কুড়াখাল গ্রামে বাইতুন নুর জামে মসজিদে এ ঘটনা ঘটে । বিষয়টি নিশ্চিত করেছে বাঙ্গরা বাজার থানা পুলিমের পরিদর্শক (তদন্ত) মো: ফারুক হোসেন ।

    গুরুতর আহতরা হলেন, ইমন খান (২৪), আবুল খায়ের (৪৮) । তাৎক্ষণিক ভাবে বাকি আহতদের পরিচয় পাওয়া যায়নি ।

    ৭ নং বাঙ্গরা পশ্চিম ইউনিয়নের চেয়ারম্যান রুহুল আমিন জানান, মসজিদে জুমার নামাজের আগে খুতবার পর আযান দেয়াকে কেন্দ্র করে সংঘর্ষ হয় । খবর পেয়ে তাৎক্ষণিক ভাবে ঘটনাস্থলে গিয়ে উত্তেজিত গ্রামবাসিকে শান্ত করা হয়।

    বাঙ্গরা বাজার থানা পুলিমের পরিদর্শক ( তদন্ত ) মো: ফারুক হোসেন জানান, সংঘর্ষের খবরে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

    বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।  এখন পর্যন্ত একজনের মৃত্যুর খবর নিশ্চিত করা গেছে।  আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

  • মুরাদনগরে অগ্নিদগ্ধ সিএনজি চালকের পাশে এমপি ইউসুফ আবদুল্লাহ হারুন।

    মোঃ নাজিম উদ্দিন, মুরাদনগর

    কুমিল্লার মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জে গ্যাস দুর্ঘটনা অগ্নিদগ্ধ সিএনজি চালক ছবির উদ্দিনের পাশে দাঁড়িয়েছেন কুমিল্লা-৩ আসনের সংসদ সদস্য ইউসুফ আবদুল্লাহ হারুন এফসিএ।

    শনিবার সন্ধ্যায় ঢাকা শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন আহত সিএনজি চালক ছবির উদ্দিনকে দেখতে সেখানে যান সাংসদ ইউসুফ আব্দুল্লাহ আবদুল্লাহ হারুন। এসময় তিনি কর্তব্যরত ডাক্তারদের সাথে তার শারীরিক পরিস্থিতির খোঁজ খবর নেন। এবং তার উন্নত চিকিৎসা নিশ্চিত করার জন্য ব্যবস্থা গ্রহণ করেন। দগ্ধ সবির উদ্দিনের চিকিৎসা জন্য অর্থসহায়তা প্রদান করেন। ইতিমধ্যেই অগ্নিদগ্ধ সিএনজি অটোরিকশা চালকের বাড়িতে সাংসদের পক্ষ থেকে খাদ্য সামগ্রী পৌঁছে দেয়া হয়েছে।
    এসময় আরো উপস্থিত ছিলেন মুরাদনগর উপজেলা কৃষক লীগের যুগ্ম আহ্বায়ক মোঃ হাসান, বাঙ্গরাবাজার থানা
    কৃষকলীগের আহ্বায়ক আবু মুসা আল কবির স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক মাজহারুল ইসলাম, মুরাদনগর সদর ইউনিয়ন ছাত্রলীগের সহ সভাপতি ইসমাইল হোসেন, দিলালপুর গ্রামের ব্যবসায়ী জয়নাল আবেদীন।
    উল্লেখ্যঃ গত ৫ই সেপ্টেম্বর দুপুরে মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জ বাসস্ট্যান্ডে গ্যাস পাইপ ফেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এসময় বাখরনগর গ্রামের মুক্তিযোদ্ধা রুক্কু মিয়ার ছেলে সিএনজি অটোরিকশা চালক ছবির উদ্দিনসহ পাঁচজন অগ্নিদগ্ধ হয়ে আহত হয়। এ সময় তার চালিত সিএনজি অটোরিক্সাটি পুড়ে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়।

  • মুরাদনগরে মৎস্য সপ্তাহ উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময়

    মো. নাজিম উদ্দিন, মুরাদনগর

    ‘‘বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দুর করি’’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২৮শে আগস্ট থেকে ৩রা সেপ্টম্বর পর্যন্ত শুরু হওয়া জাতীয় মৎস্য সপ্তাহ-২০২১ উপলক্ষে উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছে মুরাদনগর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়।

    শনিবার সকাল সাড়ে ১০টায় নিজ কার্যালয়ে এই মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মুহাম্মদ ফয়জুর রহমান। সভায় মৎস্য সপ্তাহে সাতদিনের বিভিন্ন কর্মসূচির বিষয়ে সাংবাদিকদের অবহিত করেন। কর্মসূচির মধ্যে উল্লেখযোগ্য হলো উপজেলায় মাইকিং ও ব্যানার ফেস্টুনের মাধ্যমে ব্যাপক প্রচারণা, বিভিন্ন জলাশয়ে পোনামাছ অবমুক্ত করণ, মৎস্যচাষীদের সাথে আলোচনা সভা, মৎস্যচাষীদের মাঝে উপকরণ ও পুরস্কার প্রদান, পুকুরের মাটি ও পানি পরীক্ষা , মৎস সেক্টরে সরকারের ষাফর‌্য নিয়ে প্রামাণ্যচিত্র প্রর্দশন ইত্যাদি।

    মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন আমাদের সময় পত্রিকার প্রতিনিধি হাবীবুর রহমান, কালেরকন্ঠ পত্রিকার প্রতিনিধি আজিজুর রহমান রনি, ভোরের কাগজ পত্রিকার প্রতিনিধি শামীম আহাম্মেদ, প্রতিদিনের সংবাদ পত্রিকার প্রতিনিধি নাজিম উদ্দিন, আলোকিত সকাল পত্রিকার প্রতিনিধি সফিকুল ইসলাম, আমাদের কুমিল্লা পত্রিকার প্রতিনিধি এনএ মুরাদ, মুক্তির লড়াই পত্রিকার প্রতিনিধি মাহফুজুর রহমান রুবেল, ফয়সাল প্রমুখ।

  • পল্লী বিদ্যুৎতের অবহেলায় কৃষকের মৃত্যুর অভিযোগ ; তদন্ত কমিটি গঠন

    (নাজিম উদ্দিন, মুরাদনগর)

    পল্লী বিদ্যুৎ  অবহেলার কারনে কষ্টে ফলানো ফসল নিয়ে বাড়ি ফেরা হল না কুমিল্লার কৃষক জীবন সরকারের (৬০) ।  ধান কাটার সময় বিদ্যুৎ খুটি থেকে ঝুলে থাকা তারের নীচ দিয়ে আসার সময়  পিটে স্পর্শ করলে তিনি বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই  মারা যান ।  নিহত জীবন একই গ্রামের মৃত গফুর সরকারের ছেলে ।

    মঙ্গলবার (২৪ আগষ্ট) বিকালে  সাড়ে ৪ টায়  মুরাদনগর উপজেলার নবীপুর পূর্ব ইউনিয়নের গুঞ্জর মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।   কৃষক মৃত্যুর ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ভাইরাল হয়ে যায় ।  স্থানীয়রা দাবি করছেন  পল্লী বিদ্যুৎ অবহেলার কারণে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে।

    জানা যায়, গত তিন দিন পূর্বে ঝড়ে বৈদ্যুতিক খুটি থেকে তারটি ঝুলে পড়ে। দুইদিন  আগে একই গ্রামের আরেকজন বিদ্যুস্পৃষ্টে আহত হয়। তখন স্থানীয়রা পল্লী বিদ্যুৎ এর কোম্পানীগঞ্জ জোনাল অফিসকে জানায় । কিন্তু তারা বিষয়টি গুরুত্ব দেয়নি । মঙ্গলবার বিকেলে জমির ধান কাটতে গেলে  ওই ঝুলন্ত বিদ্যুৎতের তার পিঠে লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই  কৃষক জীবন সরকারের মৃত্যু হয়।

    বিষয়টি ফেসবুকে ভাইরাল হলে সমালোচনার ঝড় উঠে । ফেসবুক কমেন্টে ইমরান হোসেন রানা বলেন, পল্লী বিদ‍্যুতের নামে মামলা করা হোক। যেহেতু  ব‍্যবসা করেছে আর তাদের অবহেলায় এমন হইছে। মরহুমের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হোক।

    এ বিষয়ে কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর কোম্পানীগঞ্জ জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার একে এম আজাদ  বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি । ঝড়ে বিদ্যুতের খুটি থেকে তার  নেমে যাওয়া এ ঘটনা ঘটেছে ।  এই লাইনে ২/৩০ পাওয়ার ছিল । মৃত্যুর ঘটনাটি দুঃখজনক । এ বিষয় চান্দিনা হেড অফিস থেকে ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

    স্থানীয়রা কয়েকদিন আগে অভিযোগ করলেও বিষয়টি কেন সমাধান করা হয়নি এমন প্রশ্নে তিনি বলেন,  আমাদের কাছে  কোন অভিযোগ আসেনি। মৌখিক ভাবেও কেউ  আমাদের জানাইনি । স্থানীয়রা যে অভিযোগ করেছে তা সত্য নয়।  শুনেছি আমাদের নাকি ফোন দিয়েছে আমরা রিসিভ করেনি ।  এ ঘটনা পল্লী বিদ্যুতের কেউ দায়ী থাকলে তদন্তে রিপোর্ট পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

    এ বিষয়ে মুরাদনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাদেকুর রহমান বলেন, পরিবারের অনুরোধে লাশ ময়নাতদন্ত করা হয়নি । এ  ঘটনা একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

  • কষ্টে ফলানো ফসল নিয়ে বাড়ি ফেরা হল না কুমিল্লার কৃষক জীবন মিয়ার

    মাহফুজ নান্টু, কুমিল্লা।।

    ধান কাটতে গিয়ে ঝুলে থাকা বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে এক কৃষকের করুন মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেল সাড়ে ৪ টায় কুমিল্লা মুরাদনগর উপজেলার গুঞ্জরপুর মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত কৃষক জীবন মিয়া ওই এলাকার বাসিন্দা। বিষয়টি নিশ্চিত করেছেন মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সাদেকুর রহমান৷ নিহত জীবন মিয়ার ৪ মেয়ে ১ ছেলে।

    স্থানীয়রা জানান, জীবন মিয়া একজন বর্গাচাষী। বিকেলে তিনি জমিতে ধান কাটতে যান। তার জমির চার থেকে পাঁচফুট উপরে ঝুলে ছিলো পল্লী বিদ্যুতের তার। ধান কাটার সময় ঝুলে থাকা তারের নীচ দিয়ে আসার সময় তার জীবন মিয়ার পিটে স্পর্শ করলে তিনি বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। স্থানীয়রা আরো জানান, পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের উদাসীনতার কারনে কৃষক জীবন মিয়া মারা যান।

    এ বিষয়ে কোম্পানীগঞ্জ পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডিজিএম একে এম আজাদ জানান, আমরা তদন্ত করবো। এখানে পল্লী বিদ্যুৎ লাইনের সংস্কার না করার জন্য অফিসের কোন কর্মকর্তা বা কর্মচারী দায়ী। তদন্তে যে বা যারা দায়ী হবে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

    মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাদেকুর রহমান জানান, রাত ৯ টা পর্যন্ত লাশের সুরতহাল হয়েছে। তবে ময়নাতদন্তের জন্য লাশ মেডিকেলে পাঠাবো কি না এ বিষয়ে পরে বিস্তারিত বলা যাবে।

  • মুরাদনগরে ডাকাতির প্রস্তুতিকালে দেড় ডজন মামলার আসামি গ্রেফতার


    নাজিম উদ্দিন, মুরাদনগর,

    কুমিল্লার মুরাদনগর উপজেলার পাশ্ববর্তী তিতাস থানার তালিকাভূক্ত অস্ত্র, ডাকাতি ও অপহরণসহ ১৮টি মামলার আসামি মেহেদী মামুন ওরফে ডাকাত মামুনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার সাথে থাকা ৫টি মামলার আসামি রকিবুল ওরফে বুলেট ও সহযোগি রিপন হোসেনকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করা হয়।

    মঙ্গলবার (১৭ আগস্ট) দিবাগত রাতে উপজেলার ছালিয়াকান্দি ইউনিয়নের সুবিলারচর এলাকায় এ ঘটনা ঘটে।

    গ্রেফতারকৃতরা হলেন, জেলার তিতাস উপজেলার বড় মাছিমপুর গ্রামের আব্দুল মতিন ভান্ডারীর ছেলে মেহেদী মামুন ওরফে ডাকাত মামুন (৩৫), একই গ্রামের জাকির হোসেনের ছেলে সহযোগি রিপন হোসেন (৩০) ও নারান্দিয়া গ্রামের আব্দুল লতিফের ছেলে রকিবুল ওরফে বুলেট (২২)।

    পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবত রাস্তা অবরোধ করে ও উপজেলার জাহাপুর, ছালিয়াকান্দি ইউনিয়ন এলাকায় ডাকাতি করে আসছিল। মঙ্গলবার রাতে সুবিলারচর এলাকায় ডাকাতির প্রস্তুতি চলছে এমন গোপন সংবাদের ভিত্তিতে মুরাদনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোসাদ্দেক হোসেনের নেতৃত্বে এসআই মোর্শেদ আলম, হামিদুল ইসলামসহ একদল পুলিশ অভিযান চালিয়ে ৩টি রামদা ও ৩টি ছোড়াসহ তাদেরকে গ্রেফতার করে।

    মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাদেকুর রহমান বলেন, দীর্ঘদিন ধরে তারা বিভিন্ন জেলা থেকে চি‎হ্নিত ডাকাত দলের সদস্যদের নিয়ে এ এলাকায় ডাকাতি করে আসছিল। অবশেষে তারা পুলিশের জালে ধরা পড়েছে। বৃহস্পতিবার (১৯ আগস্ট) তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে।

  • মুরাদনগরে বঙ্গবন্ধুর শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত

    (নাজিম উদ্দিন, মুরাদনগর)

    স্বাস্থ্য বিধি মেনে যথাযথ মর্যাদায়, শোক ও শ্রদ্ধার মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করেছে মুরাদনগর উপজেলা প্রশাসন।

    এ উপলক্ষ্যে রবিবার সকালে জাতীয় পতাকা অর্ধনমিত করে দিনের কর্মসূচী শুরু করেন। এরপর সকাল সাড়ে ৯টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

    প্রথমে বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি শ্রদ্ধার্ঘ নিবেদন করেন আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব ইউসুফ আব্দুল্লাহ হারুন এফসিএ। এরপর উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসনসহ আওয়ামীলীগের অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।

    বেলা ১০টায় কবি নজরুল মিলনায়তনে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অভিষেক দাশের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব ইউসুফ আবদুল্লাহ হারুন এফসিএ।

    জামাল উদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আহসানুল আলম সরকার কিশোর, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সুমাইয়া মমিন, উপজেলা ভাইস চেয়ারম্যান এ্যাড. আবুল কালাম আজাদ তমাল, উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি হারুন-আর-রশিদ, মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাদেকুর রহমান, বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কামরুজ্জামান তালুকদার, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা (টিএইচও) মুহাম্মদ নাজমুল আলম।

    সভা শেষে যুব উন্নয়ন কার্যালয়ের পক্ষ থেকে উদ্যোক্তাদের মাঝে ঋণের চেক বিতরনসহ ১৫ই আগস্ট উপলক্ষে গান, কবিতা, আবৃতিতে অংশ গ্রহণ কারি শিক্ষাথর্ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের সেবায় অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর করা হয়।

    অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত শেষে বঙ্গবন্ধু এবং তাঁর পরিবারের সদস্যসহ শাহাদাৎ বরণকারী সকলের রূহের মাগফেরাত কামনা করে মোনাজাত এবং তাঁদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

    এছাড়াও বেলা ১১টায় এ উপলক্ষে সদরের আওয়ামীলীগ কাযার্লয়ে উপজেলা আওয়ামীলীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মোঃ রুহুল আমিনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব ইউসুফ আবদুল্লাহ হারুন এফসিএ।

    পরে বেলা ১২টায় উপজেলা সদরের ঘোড়াশাল ও বাঙ্গরা বাজার থানাধীণ ধনপতিখোলা গ্রামে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশ্রয়ন প্রকল্পের আওতায় ঘর পাওয়া ভূমিহীন পরিবার গুলোর মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়।