Category: নাঙ্গলকোট

  • নাঙ্গলকোটে সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

    অনলাইন ডেস্ক:
    কুমিল্লার নাঙ্গলকোটে গরুর ঘাস খাওয়াকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধে মো. আলাউদ্দিন নামে সাবেক এক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (৩ আগস্ট) দুপুরে নাঙ্গলকোট উপজেলার চান্দাশ এলাকায় এ ঘটনা ঘটে।

    নিহত আলাউদ্দিন বক্সগঞ্জ ইউনিয়নের আলিয়ারা গ্রামের মৃত সুরুজ মিয়ার ছেলে। তিনি বক্সগঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য।

    নাঙ্গলকোট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একে ফজলুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

    স্থানীয়রা জানান, রোববার দুপুরে চাচাতো ভাইয়ের জানাজা শেষে বাড়ি ফিরছিলেন আলাউদ্দিন। এ সময় বাড়ির প্রবেশ পথে ওৎ পেতে থাকা একদল দুর্বৃত্ত তাকে হাত-পা বেঁধে তুলে নিয়ে যায়। প্রায় ১০ কিলোমিটার দূরে চান্দাশ এলাকায় নিয়ে কুপিয়ে এবং গুলি করে রাস্তার পাশে ফেলে চলে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

    এর আগে, গত ১৩ জুলাই আলিয়ারা গ্রামের সাবেক মেম্বার ছালেহ আহম্মদ গোষ্ঠীর একটি গরু আবুল খায়ের গোষ্ঠীর জমির ধান খেয়ে ফেলে। এ নিয়ে উভয় গোষ্ঠীর মধ্যে প্রথমে কথা কাটাকাটি এবং পরে হাতাহাতি হয়। এরপর ছালেহ আহম্মদ গোষ্ঠীর লোকজন আবুল খায়ের গোষ্ঠীর বেশ কয়েকটি বাড়িতে হামলা ও লুটপাট চালায়। এ ঘটনায় দুই পক্ষ থানায় ৪টি এবং আদালতে একটিসহ মোট ৫টি মামলা করে। গত ২৪ জুলাই রাতে পুলিশ শেখ ফরিদ নামে একজনকে গ্রেপ্তার করে। শেখ ফরিদের গ্রেপ্তারের পর শুক্রবার (২৫ জুলাই) সকালে উত্তরপাড়ায় জাফর আহম্মদের দোকানের সামনে দুই পক্ষের মধ্যে প্রথম দফায় সংঘর্ষ হয়, পরে তা ছড়িয়ে পড়ে। সংঘর্ষে দুই পক্ষের অন্তত ১০ জন গুলিবিদ্ধ হন। আহত হন আরও ১০ জন।

    নাঙ্গলকোট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একে ফজলুল হক বলেন, ঘটনার পর ওই এলাকায় থমথমে পরিবেশ সৃষ্টি হয়। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

  • কুমিল্লায় ৮ টি মাজার গুঁড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা

    অনলাইন ডেস্ক:

    রাতে মাজারে বসে মাদক সেবনের অভিযোগে কুমিল্লার নাঙ্গলকোটে ৮টি মাজার গুঁড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা। সোমবার (৯ সেপ্টেম্বর) উপজেলার হেসাখাল ইউপির হিয়াজোড়া ও মৌকরা ইউপির ছোট ফতেপুর, তেতৈয়া ও খাঁটাচৌ গ্রামে এ ঘটনা ঘটে।

    গুড়িয়ে দেওয়া মাজারগুলো হলো- হিয়াজোড়া টিপুর আস্তানা, টিপুর বাপের দয়াল আবুল কাসেম মাজার, হিয়াজোড়া গণী শাহ মাজার, তেতৈয়া মাজার, বাঘমারা দেওয়ান শাহ মাজার, ফতেহপুর পেটান শাহ মাজার, খাটাচৌ গ্রামের মাজার ও খাটাচৌ শাহ জালাল নামে মাজার শরীফ।

    এলাকাবাসী সূত্রে জানা যায়, পিয়াজোড়া গ্রামের গোলাম মহিউদ্দিন টিপু নামের এক মাজার পূজারি সম্প্রতি তার আপন ছোট ভাই মারা গেলে ঢোল পিটিয়ে তাকে দাফন করেন। যার ভিডিও ফেসবুকে ভাইরাল হয়। পরে টিপু জনসম্মুখে এসে এমন ঘটনার জন্য ক্ষমা চান।

    এলাকাবাসীর দাবি, এইসব মাজারা রাত হলেই মাদকের হাট বসে। মাজারে মাদক ব্যবসায়ীরা এসে মাদক বিক্রি করায় এ এলাকার যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। এসব কাজে এলাকার মানুষ অতিষ্ঠ হয়ে একাধিকবার বাধা দিলেও তারা মানেনি। অবশেষে এলাকার বিক্ষুব্ধ জনতা এই মাজার নামের মাদকের আখড়া গুঁড়িয়ে দিয়েছে।

    এ বিষয়ে গোলাম মহিউদ্দিন টিপু বলেন, মুক্তিযুদ্ধের আগ থেকেই এখানে মাজার শরিফ রয়েছে। যার খেদমত আমরা করে আসছি। আমরা কোন রাজনৈতিক দলের সঙ্গে জড়িত না। সোমবার ভোররাতে অনেক লোক এসে মাজার গুড়িয়ে দিয়ে মাজারের গিলাফে আগুন ধরিয়ে দেয়। সেই সঙ্গে আমাদের বাড়িঘর ভাঙচুর করে লুটপাট করে নিয়ে যায়। কিছুদিন পূর্বে আমার কিছু ভিডিও ফেসবুকে ভাইরাল হয়। এতে আমি এলাকাবাসীর কাছে ক্ষমা চাই। আজকে যারা মাজার ও আমাদের বাড়িতে হামলা চালিয়েছেন দেশবাসীর কাছে তাদের শাস্তি দাবি করে বিচার দিয়ে গেলাম। আপনারা তাদের বিচার করবেন। 

    নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একে ফজলুল হক বলেন, মাজার গুঁড়িয়ে দেওয়ার ঘটনাটি শুনেছি। তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাউকে পায়নি। এখন পর্যন্ত কোনো অভিযোগ পায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

  • ভোটগ্রহণের একদিন আগে স্থগিত নাঙ্গলকোট উপজেলা পরিষদ নির্বাচন

    আবদুল্লাহ মারুফ

    ভোটগ্রহণের একদিন আগে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা পরিষদ নির্বাচন স্থগিত করা হয়েছে। বুধবার (৮ মে) ৬ষ্ঠ উপজেলা পরিষদের প্রথম ধাপে এই উপজেলায় ভোটগ্রহণের কথা ছিল। কিন্তু এক মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী হাইকোর্ট থেকে মনোনয়ন ফেরত পাওয়ায় সোমবার (৬ মে) সন্ধ্যায় নির্বাচন স্থগিত করা হয়। রাত ১১টায় বিষয়টি নিশ্চিত করেছেন সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মুনীর হোসাইন খান। 

    এদিন রাত ১০টায় নির্বাচন পরিচালক-২-এর উপসচিব আতিয়ার রহমান স্বাক্ষরিত চিঠিতে নাঙ্গলকোট উপজেলা নির্বাচন স্থগিত করা হয়। ভোট স্থগিতের সিদ্ধান্ত বাস্তবায়নে রিটার্নিং কর্মকর্তাকে নির্দেশনাও পাঠিয়েছেন তিনি।

    এতে বলা হয়েছে, ষষ্ঠ উপজেলা পরিষদের প্রথম ধাপে ৮ মে অনুষ্ঠেয় নাঙ্গলকোট উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিলকারী ছালেহা বেগম হাইকোর্ট বিভাগে মনোনয়নপত্র বৈধ ঘোষণার জন্য রিট পিটিশন দায়ের করেন। হাইকোর্ট বিভাগ ২৫ এপ্রিল আদেশে মনোনয়নপত্রটি বৈধ প্রার্থীর তালিকায় অন্তর্ভুক্তি এবং প্রতীক বরাদ্দের জন্য আদেশ দেন।

    পরবর্তীতে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে নির্বাচন কমিশন আপিল বিভাগে সিএমপি দায়ের করলে ৬ মে আগের আদেশ বহাল রাখেন। এ অবস্থায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নাঙ্গলকোট উপজেলা পরিষদ নির্বাচনের সব পদের ভোট স্থগিত রাখার জন্য অনুরোধ করা যাচ্ছে।

    সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মুনীর হোসাইন খান বলেন, ‘নাঙ্গলকোট উপজেলা নির্বাচন স্থগিত হওয়ার চিঠি রাতে পেয়েছি। রাত ১১টার দিকে নির্বাচন স্থগিত হওয়ার বিষয়ে গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে।’

    উল্লেখ্য, বুধবার (৮ মে) ৬ষ্ঠ উপজেলা পরিষদের প্রথম ধাপে লাকসাম, মনোহরগঞ্জ ও মেঘনা উপজেলায় ভোটগ্রহণ হবে।

  • ট্রেন দুর্ঘটনা: একসাথে ঈদের কেনাকাটা হলো না ১১ বন্ধুর, না ফেরার দেশে ৩ বন্ধু

    অনলাইন ডেস্ক:

    ঈদের কেনাকাটা করতে ওরা এগারো বন্ধু নাঙ্গলকোটের হাসানপুর রেলন্টেশন থেকে ট্রেন যোগে চট্টগ্রামের উদ্দেশ্যে রওয়ানা করেন। ট্রেনে ওঠার আগে স্টেশন থেকে সেলফি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্টও করে তারা। পথিমধ্যে ফেনী সদর উপজেলার পূর্ব ফাজিলপুর মুহুরীগঞ্জ ব্রিজ সংলগ্ন রেলগেইটে ক্রসিংয়ে বালুবাহী ট্রাকের সাথে ট্রেনের ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই নিহত হয়েছেন কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া ইউনিয়নের শাকতলা গ্রামের মৃত নুর হোসেনের ছেলে দীন মোহাম্মদ(২২), একই গ্রামের রুহুল আমিনের ছেলে রিফাত(১৭) ও ইয়াছিনের ছেলে মোঃ সাজ্জাদ হোসেন(১৭)। এছাড়া দুর্ঘটনায় ট্রাক চালক মিজানুর রহমান ও সহকারী আবুল খায়ের এবং আশিক নামের এক যাত্রীসহ আরও তিনজন নিহত হয়েছেন।

    নিহতদের অপরবন্ধু কেফায়েত উল্যাহ বলেন, ঈদের কেনাকাটা করার জন্য চট্টগ্রাম যাওয়ার জন্য সেহেরি খাওয়ার পর হাসানপুর স্টেশনে একত্রিত হই। শুক্রবার সকাল সাড়ে ৭টায় ট্রেনে উঠে আমরা ১১ জন চট্টগ্রামের উদ্দেশ্যে রওয়ানা হই। ফেনী স্টেশনে যাওয়ার পর আমরা সকলে ট্রেনের সীটে বসে পড়ি। ষ্টেশন ছাড়ার পর দ্বীন মোহাম্মদ, রিফাত ও সাজ্জাদ ট্রেনের ইঞ্জিনের সামনে গিয়ে বসে। ফেনীর ফাজিলপুর এলাকায় একটি বালুর ট্রাকের সাথে ট্রেনের ধাক্কা লাগে। এতে আমাদের তিন বন্ধুসহ কয়েকজন নিহত হয়েছেন। পরে ট্রেনটি একটু সামনে গিয়ে দাঁড়িয়ে থাকলে আমরা নেমে পড়ি এবং স্থানীয়দের সহযোগিতায় একটি মাইক্রোবাসে করে তিন বন্ধুর লাশ বাড়িতে নিয়ে আসি।
    নিহত সাজ্জাদের পিতা ইয়াছিন বলেন, সেহেরি খেয়ে তারা বেরিয়ে যায়। সকালে আমি ঘাস কাটতে মাঠে চলে যাই। মাঠে থাকা অবস্থায়ই দুর্ঘটনার খবর পাই।

    চিওড়া ইউনিয়নের চেয়ারম্যান আবু তাহের জানান, আমার এলাকার বেশ কয়েকজন যুবক ও কিশোর ঈদের কেনাকাটা করতে একযোগে ট্রেনে করে চট্টগ্রাম যাচ্ছিল বলে শুনেছি। পথিমধ্যে ফেনীর ফাজিলপুর এলাকায় বালুবাহী ট্রাকের সাথে ট্রেনের দুর্ঘটনা ঘটে। এতে আমার এলাকার তিনজন নিহত হয়েছে। বিকেলে তাদের জানাযা শেষে একই গোরস্থানে দাফন করা হয়েছে। তারা সকলে ওয়াকসর্প ও বিভিন্ন দোকানে চাকরি করে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। আমি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।

  • কুমিল্লায় প্রবাসীর স্ত্রী ও সন্তানদের বাড়ী থেকে বিতাড়িত করার অভিযোগে সংবাদ সম্মেলন

    নিজস্ব প্রতিবেদক:

    কুমিল্লা নাঙ্গলকোট উপজেলার রায়কোট দক্ষিণ ইউনিয়নের বাসন্ডা গ্রামের প্রবাসী শাহ আলমের স্ত্রী ও সন্তানদের বাড়ীঘর ভাংচুর ও লুটপাট করে বাড়ী ছাড়া করলেন প্রভাবশালী একটি কুচক্রী মহল। গত শনিবার (৯ই মার্চ) সকালে প্রবাসী শাহ আলমের স্ত্রী পিতার বাড়ীতে গেলে সুযোগ পেয়ে একই এলাকার প্রভাবশালী মৃত ওসমান গনির ছেলে রনি, মৃত শাহ জাহান মিয়ার ছেলে হৃদয় ও রিমনের নেতৃত্বে ১৫/২০ জনের একটি সন্ত্রাসী বাহিনী নিয়ে প্রবাসীর বসতঘর ভাংচুর, নগদটাকা ও ৪ ভরি ওজনের স্বর্ণলংকার লুটপাট করে নিয়ে যায়। পরে তাদেরকে সেই বাড়ী ও বসতঘরে তালা মেরে পুরো পরিবারকে এলাকা ছাড়া করে। ভোক্তভোগী ওই পরিবার বাদী হয়ে নাঙ্গলকোট থানায় ৮জনকে উল্ল্যেখ করে একটি অভিযোগ দায়ের করেন।

    অভিযোগ দায়ের করার পর পুলিশি সহায়তা না পেয়ে ভোক্তভোগীরা সোমবার (১১মার্চ) দুপুরে কুমিল্লায় একটি হোটেল অডিটরিয়ামে সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে ভোক্তভোগী ওই প্রবাসীর স্ত্রী মাহমুদা আক্তার বিউটি ও তার সন্তান ইরফানকে নিয়ে অভিযোগে বলেন, আমার স্বামী শাহ আলম, তিনি দেশ থেকে দুবাইতে গেছেন প্রায় ৮বছর আগে। বর্তমানে বৈধ কাগজপত্র না থাকায় সেখানে মানবেতর জিবন যাপন করছে। আমি বর্তমানে দুই ছেলে সন্তানদের নিয়ে আমার স্বামীর পৈত্রিকসূত্রে পাওয়া বসতবাড়ীতে বসবাস করছি। আমি একজন শান্তিপ্রিয় মানুষ ও আইনের প্রতি শ্রদ্ধাশীল একজন নাগরিক । আমার স্বামী তার পৈত্রিক সূত্রে পাওয়া ১৫ শতক বসতজায়গার মধ্যে দখলে বসতঘর ৬ শতক। বাকী জায়গা জোড়পূর্বক ভাবে দখল করার জন্য বিভিন্ন সময়ে হুমকি,ধমকি দিয়ে যাচ্ছে বিবাদীরা। এছাড়া আমি দিন রাত ঘর থেকে বাহির হইতে চাইলে আমাকে শীলতাহানী ও অপদস্ত করার জন্য উৎপেতে থাকে।

    আমার বসতবাড়ীতে বিবাদীরা আমার অনুপুস্থিতে এসে দেশীয়অস্ত্র, সস্ত্র নিয়ে বসতঘরে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট করে। এতে ঘরে থাকা নগদ ৫৯ হাজার টাকা ও ০৪ ভরি  ওজনের স্বর্ণলংকার, গলার চেইন, কানেরদুল (যাহার আনুমানিক মূল্য ৪ লক্ষ) টাকা নিয়ে যায়। পরবর্তিতে আমার বসতবাড়ীর গেইটে তালা মেরে আমাকে বাড়ীতে ঠুকতে দেয়া হচ্ছে না। বর্তমানে আমি সন্তানদের নিয়ে পিতার বাড়ীতে অবস্থান করছি। আমাকে ও আমার সন্তানসহ সবাইকে হত্যা, গুম ও খুনের হুমকি ধমকি দিয়ে যাচ্ছে। আমি বর্তমানে সন্তানদের নিয়ে জীবনের নিরাপত্তাহীনতায় আছি। আমাকে ও আমার সন্তানদের মেরে গুম করে ফেলবে বলে হুমকি দিচ্ছে। আমি প্রশাসন ও জননেত্রী শেখ হাসিনার কাছে আমার সন্তানদের জিবনের নিরাপত্তা ও আমার স্বামীর বসতঘরে বসবাস করার জন্য সার্বিক সহযোগিতা কামনা করছি।

  • কুমিল্লায় প্রবাসীর পরিবারের ওপর হামলার অভিযোগে সংবাদ সম্মেলন

    নিজস্ব প্রতিবেদক:

    সম্পত্তি নিয়ে বিরোধের জের ধরে কুমিল্লায় এক প্রবাসীর পরিবারে হামলা চালিয়ে প্রবাসীর মা ফিরোজা বেগমসহ কয়েকজনকে আহত করার অভিযোগ পাওয়া গেছে। জেলার নাঙ্গলকোট উপজেলার ধুড়িয়ারা গ্রামে এ ঘটনা ঘটে।

    শুক্রবার (২ ফেব্রুয়ারি) সকালে কুমিল্লা প্রেসক্লাবের হলরুমে সাংবাদিক সম্মেলন করে এমন অভিযোগ করেন মির্জা জয়নাল আবদীন হিরণ ও ঘটনার খবর পেয়ে দেশে আসা তার দুই ভাই আবদুল্লাহ মাহবুব ও রফিকুল ইসলাম।

    তারা অভিযোগ করে বলেন, পার্শ্ববর্তী বাড়ির আজিজুর রহমান লিটনসহ পরিবারের লোকজনের সাথে প্রবাসীর পরিবারের সম্পত্তি নিয়ে বিরোধ রয়েছে। এর জের ধরে তারা গত ২৮ জানুয়ারি প্রবাসীর পরিবারের উপর হামলা চালায় এবং প্রবাসীর মাকে কোদাল দিয়ে চোখের উপরিভাগে গুরুতর আঘাত করে রক্তাক্ত জখম করে। এদিন প্রবাসীর আহত মা ফিরোজা বেগমকে প্রথমে নাঙ্গলকোট স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

    প্রতিপক্ষের হামলা ও হুমকিতে প্রবাসীর পরিবারটি বর্তমানে নিরাপত্তাহীনতায় আছে বলে তারা জানান। প্রবাসী আবদুল্লাহ মাহবুব জানান, হামলাকারীরা তার মাকে হত্যার চেষ্টা করলেও তারা এখন ঘটনাটি ভিন্নখাতে প্রবাহিত করে উল্টো আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগে অপপ্রচার চালিয়ে হয়রানী করছে।

    শুক্রবার নাঙ্গলকোট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাশীষ চৌধুরী জানান, দুইপক্ষের মারামারির ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

  • কুমিল্লায় তিন ঘন্টা ঘুর্ণিঝড় সিত্রাংয়ের তান্ডব; গাছ পড়ে সন্তানসহ বাবা-মায়ের মৃত্যু!

    নিজস্ব প্রতিবেদক:
    কুমিল্লা নাঙ্গলকোটে ঝড়ের তান্ডবে ঘরে গাছ পড়ে শিশু সন্তানসহ বাবা-মায়ের মৃত্যু হয়েছে।

    সোমবার রাত ১০ টা  দিকে উপজেলার হেসাখাল পশ্চিম পাড়ায় এ ঘটনা ঘটে। তিন ঘন্টা তান্ডব শেষে পরিস্থিতি স্বাভাবিক হয়।

    মৃত ৩ জন হলেন নেজাম উদ্দিন (৩০), সাথী আক্তার (২৫) ও লিজা আক্তার (৪)।

    নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. দেবদাস দে তাদের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

    নাঙ্গলকোটের উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হান মাহাবুব  জানান, রাত ৯টার দিকে ঝড়ে গাছ ঘরের ওপর পড়লে ওই ঘরে থাকা বাবা, মা ও মেয়ে আহত হন। খবর পেয়ে প্রশাসন ও স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তারা মারা যান।

    রাত দেড়টায় কুমিল্লা আবহাওয়া অফিসের কর্মকর্তা  ইসমাইল ভূঁইয়া জানান, কুমিল্লায় বাতাসের গতিবেগ  কমেছে। ঝড়ের গতিবেগ বাড়ার সম্ভাবনা নেই। ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হবে। কুমিল্লায় গত ২৪ ঘন্টায়  ৮৩.২  মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ঘন্টায় ৬৩ কিলোমিটার বেগে ঝড়ের তান্ডব বয়ে গেছে, এই গতিবেগ রেকর্ড করা হয় রাত ১০ টায়।

    এদিকে তিন ঘন্টার ঝড়ের তান্ডবে সড়ক মহাসড়কে গাছ পড়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। ফায়ার সার্ভিস ও স্থানীয়রা পরিস্থিতি স্বাভাবিক করে। ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। রাত তিনটায় এই রিপোর্ট লেখা পর্যন্ত কুমিল্লায় গুঁড়ি গুড়ি বৃষ্টি সাথে হালকা ঝড়ো হাওয়া বিদ্যমান রয়েছে। তবে এখনও বিদ্যুৎ বিচ্ছিন্ন কুমিল্লা জেলা। বিভিন্ন স্থানে বিদ্যুৎতের খুটি ভেঙ্গে পড়েছে। গাছ পড়ে তার ছিড়েছে। ধারণা করা হচ্ছে সকালের মধ্যে স্বাভাবিক হবে।

  • মিরপুর হাইওয়ে পুলিশের  উদ্যোগে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত 

    মো  দুলাল মিয়া, নাঙ্গলকোট

    “গতিসীমা মেনে চলি সড়ক দুর্ঘটনা রোধ করি এবং আইন মেনে সড়কে চলি নিরাপদে ঘরে পিরি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লা মিরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির উদ্যোগে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে। 

    এ উপলক্ষে শনিবার সচেতনতা মূলক একটি র‍্যালী বের করে মিরপুর হাইওয়ে পুলিশ। র‍্যালীটি পুলিশ ফাঁড়ি থেকে রেব হয়ে কুমিল্লা-সিলেট সড়কের মাধবপুর বাজারে গিয়ে শেষ হয়।

    এ সময় সড়ক আইন মেনে নিরাপদ গাড়ি চালকদের গোলাপ ফুল উৎসাহ প্রদান করা হয়। পাশাপাশি চালকদের আস্তে গাড়ী চালানোর পরামর্শ দেন। 

    এতে উপজেলা ছিলেন, মিরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ নজরুল ইসলাম পিপিএম।

    সাবেক আইনমন্ত্রীর ছোট ভাই মোর্শেদ, ইউপি চেয়ারম্যান ফরিদ উদ্দিন, সুগন্ধা বাসের পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম, বিট পুলিশিং মাধবপুর ইউপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম টিটু, এসআই সফর উদ্দিন, রাশেদুল ইসলাম, বেনু ভূষণ, এএসআই লিটন সরকার, এটিএসআই ম কান্তি, এএসআই শাহীন ও সোহেল প্রমূখ।

  • কুমিল্লায় সিলিন্ডার বিস্ফোরণে আহত স্কুল ছাত্রের মৃত্যু

    নিজস্ব প্রতিবেদক:

    কুমিল্লার নাঙ্গলকোটে বেলুনে গ্যাস ঢুকানোর সময় সিলিন্ডার বিস্ফোরণের আহত সাব্বির হোসেন (১১) নামে স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। সে স্থানীয় একটি স্কুলের ৬ষ্ঠ শ্রেনীর ছাত্র।

    বিষয়টি নিশ্চিত করেছে নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন।

    তিনি জানান, শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে দুই সপ্তাহের বেশি সময় ধরে চিকিৎসাধীন ছিলেন সাব্বির। শনিবার রাত সাড়ে ১১ টায় ছেলেটি মারা যায়। শরীরের ৪৬ শতাংশ পুড়ে গেছিল। ২৪ তারিখ থেকে শিশুটিকে লাইফ সাপোর্টে ছিল।

    তিনি আরও জানান, নিহত সাব্বির নাঙ্গলকোট উপজেলার রায়কোট দক্ষিণ ইউনিয়নের মালিপাড়ায় গ্রামের সালাউদ্দিন আহমেদের ছেলে। এ ঘটনায় আরও বেশ কয়েকজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

    উল্লেখ্য গত ১৩ জানুয়ারি নাঙ্গলকোট উপজেলার বিরুলী গ্রামে মেলার জন্য বেলুনে গ্যাস ঢুকানোর সময় সিলিন্ডার বিস্ফোরণ হয়। এ সময় শিশুসহ ৩৫ জন আহত হয়।

  • নাঙ্গলকোটে বিধিনিষেধ উপেক্ষা করে শত শত মানুষ জড়ো করে হেলিকপ্টারে বিয়ে!



    নিজস্ব প্রতিবেদক;

    সরকারি বিধিনিষেধ অমান্য করে করোনার মধ্যেই হেলিকপ্টারে বিয়ে করেছেন জাকির হোসেন নামে কুমিল্লার এক যুবক। বুধবার (২৬ জানুয়ারি) জেলার নাঙ্গলকোট উপজেলার জোড্ডা ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামে এ ঘটনা ঘটে। 

    যদিও গত ২৪ ঘণ্টায় এই উপজেলায় ১২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। কুমিল্লা জেলায় শনাক্তের হার ৪৩ শতাংশ।

    স্থানীয়রা জানান, স্থানীয় ভোগই বাজারে বর জাকিরের হার্ডওয়ারের ব্যবসা রয়েছে। এ ছাড়াও তিনি মৎস্য ব্যবসায়ী। তার প্রবাসী বাবা ছেলেকে হেলিকপ্টার নিয়ে বিয়ে করতে যেতে বলেন। বাবার এমন স্বপ্ন পূরণ করতেই হেলিকপ্টার নিয়ে বিয়ে করার উদ্যোগ নেন তিনি। এসময় সার্বিক সহযোগিতায় পুলিশের কয়েকজন সদস্যকে দেখা যায়।

    জাকিরের বাবা জালাল হোসেন বলেন, বিয়ে আগে থেকে ঠিক ছিল। তাই বাধ্য হয়ে করতে হয়েছে। জাকির যখন ছোট ছিল তখন থেকে আমার স্বপ্ন, তাকে হেলিকপ্টারে বিয়ে করাব। সেই স্বপ্ন পূরণ করতেই এই আয়োজন।

    বর জাকির হোসেন বলেন, বাবার ইচ্ছে পূরণ করতে রাজধানী থেকে ৩ লাখ ৫০ হাজার টাকায় ভাড়া করে হেলিকপ্টার আনা হয়েছে । আমরা কিছু মানুষ দাওয়াত দিয়েছিলাম। তবে হেলিকপ্টার দেখে অনেক মানুষ জড়ো হয়ে যায়।

    নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন বলেন, পরিবারের পক্ষ থেকে আমার কাছে বিয়ের আগে এসেছিল। আমি নিষেধ করেছি। হেলিকপ্টার আনা যাবে না। তারপরও তারা এই কাজ কেন করেছে জানি না।

    নাঙ্গলকোট উপজেলা নির্বাহী কর্মকর্তা লামইয়া সাইফুল জানান, বর্তমানে সরকারের বিধিনিষেধ চলছে। হেলিকপ্টারে বিয়ের বিষয়টি আমি অবগত ছিলাম না। সরকারি নির্দেশনা অমান্য করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।