Category: জাতীয়

  • দেশব্যাপী বিএনপির নতুন কর্মসূচী ঘোষণা

    ( জাগো কুমিল্লা.কম)
    কেন্দ্রীয় কার্যালয়ের সমানে সমাবেশের অনুমতি না পাওয়ায় রাজধানীর থানায় থানায় বিক্ষোভ কর্মসূচি দিয়েছে বিএনপি।শুক্রবার (৬ জুলাই) দুপুরে নয়াপল্টনে সংবাদ সম্মেলনে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী এ তথ্য জানান।

    তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিন স্থগিত করার প্রতিবাদে ও তার নিঃশর্ত মুক্তির দাবিতে পুলিশ কেন্দ্রীয় কার্যালয়ের সমনে সমাবেশ করতে না দেয়ার প্রতিবাদে আগামী রবিবার (৮ জুলাই) ঢাকা মহানগরীর থানায় থানায় বিক্ষোভ কর্মসূচি পালিত হবে।

    রিজভী বলেন, সারাদেশের মানুষ যখন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে সোচ্চার তখন জনদৃষ্টিকে ভিন্ন দিকে সরানোর জন্য আওয়ামী সরকার বিভিন্ন সংবাদ প্রচার করছে।

    প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে তিনি বলেন, আপনি তো অবাধ ও সুষ্ঠু নির্বাচনকে লোহার সিন্দুকে আটকিয়ে রেখেছেন। আর অংশগ্রহণমূলক নির্বাচনকে তো আপনি পুলিশের রাইফেলের নলের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন। সুতরাং আপনার অধীনে জাতীয় নির্বাচন আর নেকড়ের অধীনে নিরীহ প্রাণীর নিরাপত্তা সমান কথা। বর্তমানে দেশে অবাধ সুষ্ঠু ও গ্রহনযোগ্য নির্বাচনের কোন পরিবেশ নেই। আর বিএনপি চেয়ারপারসনকে ছাড়া বিএনপি জাতীয় নির্বাচনে অংশ নিবে না। প্রধানমন্ত্রী মনে হয় অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহনমূলক নির্বাচন বলতে খুলনা-গাজীপুর মার্কা নির্বাচনকে বুঝিয়েছেন। যে নির্বাচনে ভোট কেন্দ্র দখল করে জাল ভোটের মহৌৎসব চলে, কেন্দ্রে শুধু আওয়ামী লীগের দলীয় ক্যাডাররা থাকে, অন্য কোন দলের এজেন্টকে পুলিশ দিয়ে গ্রেফতার করে বা তুলে নিয়ে যাওয়া হয় বা পিটিয়ে রক্তাক্ত করে বের করে দেওয়া হয়।

    রিজভী বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলা অব্যাহত রয়েছে। আমি আবারও সরকারের প্রতি আহ্বান জানাবো সন্ত্রাসের পথ ছেড়ে, প্রতারণার পথ ছেড়ে আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা করে সমস্যার সমাধান করুন।

    এসময় উপস্থিত ছিলেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদীন ফারুক, আতাউর রহমান ঢালী, বিএনপির আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া প্রমুখ।

  • যে কারণে ২৭ বছর ধরে স্বেচ্ছায় নিখোঁজ ছিলেন তিনি

    নিজস্ব প্রতিবেদক
    সিলেটের জকিগঞ্জের খলাছড়া ইউনিয়নের মাদারখাল গ্রামের আব্দুস সালাম ওরফে গড়ই মিয়া (৬৫) প্রায় ২৭ বছর আগে নিখোঁজ হয়েছিলেন। ছেলের খোঁজ পেতে বৃদ্ধ মা পাঁচ বিঘা জমি বিক্রি করে দেশের বিভিন্ন এলাকায় ঘুরে বেড়িয়েছেন। ধর্ণা দিয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীসহ বিভিন্ন ব্যক্তির কাছে। তবুও সন্ধান পাননি নিজ সন্তান সালামের।

    ছেলে হারানোর বেদনা নিয়ে মারা যান মা। আত্মীয়-স্বজনের ধারণা ছিল- হয়তো কেউ সালামকে মেরে ফেলেছে বা কোনো দুর্ঘটনায় মারা গেছেন। কিন্তু হঠাৎ গতকাল শুক্রবার আব্দুস সালাম গড়ই মিয়া নিজ বাড়িতে ফিরেছেন। তার ফিরে আসায় আনন্দে উদ্বেলিত স্ত্রী, সন্তান ও আত্মীয় স্বজনরা কান্নায় ভেঙে পড়েন।

    বাড়িতে ফিরে আব্দুস সালাম জানিয়েছেন, তিনি শরীয়তপুর জেলার পদ্মা সেতু সংলগ্ন দক্ষিণ তীর এলাকায় ছিলেন। সেখানে সবজি বিক্রি ও কাজকর্ম করে এতদিন তিনি স্বেচ্ছায় নিখোঁজ হয়েছিলেন।

    এদিকে সালামের ফেরার খবরে এলাকার লোকজন তাকে এক নজর দেখতে বাড়িতে এসে ভিড় জমান। তবে এলাকার কাউকেই তিনি চিনতে পারছেন না।

    এ বিষয়ে খলাছড়া ইউনিয়ন পরিষদের সদস্য লিটন আহমদ জানান, সালামের স্ত্রী, দুই ছেলে ও তিন মেয়ে রয়েছে। বাড়িতে ফিরে তিনি বড় মেয়ে ছাড়া অন্য কাউকে চিনতে পারেননি।- জাগো নিউজ

  • পরকীয়ায় ভেঙ্গে যাচ্ছে সোনার সংসারগুলো!

    অনলাইন ডেস্ক:

    নারী বা পুরুষ বিবাহবহির্ভূত সম্পর্ক বা পরকীয়ায় জড়িয়ে ভেঙ্গে যাচ্ছে সাজানো গোছানো সোনার সংসার। পরকীয়া, সময়ের আলোচিত এক সমস্যার প্রতিচ্ছবি। যার প্রভাবে সংসার, সন্তান আর স্বামীকে বাদ দিয়ে ভালবাসার মানুষের হাত ধরে পাড়ি দিচ্ছে দূর অজানায়। সে জানে না এটার শেষ পরিণতি কতটা ভয়ংকর হতে পারে।

    ভালবাসার মানুষের হাত ধরে চলে যাওয়াকে-ই ভাল থাকার অবলম্বন ভেবে নেয়। পরকীয়ার প্রভাবে দেশে প্রতিদিন অনেক সংসার ভেঙ্গে চলেছে। শাশুড়ি জামায়ের সাথে পালিয়ে যাচ্ছে। স্ত্রী স্বামীকে বাদ দিয়ে তার গোপন ভালবাসার মানুষের হাত ধরে পালিয়ে যাচ্ছে। এমন আরও অনেক কিছু। যেটা পুরোটাই পরকীয়ার প্রভাবে হচ্ছে।

    অন্যদিকে, স্টার জলসা আর জি বাংলার প্রভাব পড়েছে প্রতিটি ঘরে ঘরে। যেখানে পরকীয়ার প্রতিচ্ছবি ভেসে ওঠে প্রতিটা পর্বে পর্বে। শুধু অপেক্ষায় থাকে পরবর্তী পরকীয়ার কৌশল অবলম্বন করার জন্য। ফলে ভেঙ্গে যাচ্ছে সংসার।

    পরকীয়ার জের হিসাবে আবার কখনো কেউ বেছে নিচ্ছেন আত্নহত্যার পথ। অন্যদিকে, ঘরের স্ত্রী, সন্তান, এমনি কি শ্বশুর শাশুড়িও স্টার জলসা থেকে শিক্ষা নিয়ে তার প্রয়োগ করছেন বাস্তব জীবনেও। ফলে ভাঙ্গনের কবলে পড়ছে অনেক নব দম্পত্তির স্বপ্নের সাজানো সংসার। যেটা হয়তো শুরু হওয়ার কথা ছিল অনেকটাই স্বাভাবিক নিয়মে কিন্তু নিমিষেই সব সে সর্ম্পক্য বিচ্ছেদের দাঁড় প্রান্তে গিয়ে দাঁড়িয়ে থাকে।

    আবার, পরকীয়ায় থেমে নেই দুই বা তিন সন্তানের জনক বা জননীরা। স্বামীর অগোচরে স্ত্রী আবার কখনো স্ত্রীর অগোচরে স্বামী জড়িয়ে পড়ছেন পরকীয়ায়। একই সঙ্গে কুটকৌশলে পড়ে ভেঙ্গে চুরমার নব দম্পত্তির সংসারও। সমাজের ঘটে চলা এমন বাস্তবতার সম্মূখীন অধিকাংশ পরিবার। তবুও যেন ঘরে ঘরে থেমে নেই স্টার জলসা আর জি বাংলার দর্শক। দিনের আলোতে বা সন্ধ্যায় পরিবার নিয়ে স্টার জলসা আর জি বাংলা দেখা একটা ফ্যাশানে পরিণত হয়েছে। এখান থেকে শিখছে পরিবারের ছেলে মেয়েরাও। আর তার প্রভাব পড়ছে বাস্তব জীবনেও। ফলে সৃষ্টি সমস্যাগুলোর সমাধান হয় অনেকটাই বিচ্ছেদ আর বিরহের মধ্যে দিয়ে।

    প্রতিদিন কোথাও না কোথাও স্টার জলসা আর জি বাংলার প্রভাবে স্বামী স্ত্রীকে বা স্ত্রী স্বামীকে ছেড়ে যাওয়ার ঘটনাও ঘটছে। নিজের সন্তান ফেলে স্ত্রী বা স্বামী পরকীয়ায় পাড়ি দিচ্ছে অজানায়। এমন ঘটনাও কম নয়।

    সাতক্ষীরা জর্জকোর্টের আইনজীবী ও সচেতন নাগরিক কমিটির সদস্য অ্যাডভোকেট ফাইমুল হক কিসলু বলেন, আমাদের সমাজে স্বামী, স্ত্রী বা সন্তানরা স্টার জলসা, জি বাংলার জন্য দিনের ও রাতের অনেকাংশ সময় ব্যয় করে। এখান থেকে নেতিবাচক শিক্ষা নিয়ে বাস্তব জীবনে তার প্রয়োগ ঘটায় ফলে ঘরে ঘরে অশান্তি বেঁধে যায়। এক পর্যায়ে ভেঙ্গে যায় সংসারটি। প্রত্যকেরই বিনোদন প্রয়োজন তবে সেটাকে কেউ বিরুপভাবে গ্রহণ করলে তার দায় কে নেবে। পরকীয়ায় জড়িয়ে পড়ছে স্ত্রী-স্বামীরা। কখনো সন্তানদের দূরে ঠেলে প্রেমিকের সঙ্গে অন্যত্র পাড়ি জমাচ্ছে।

    তিনি আরও বলেন, প্রতিনিয়তই আদালতে নিত্যু নতুন পারিবারিক মামলা যুক্ত হচ্ছে। যার অধিকাংশই ঘটেছে স্টার জলসা আর জি বাংলার প্রভাবে। তবে আমাদের দেশের প্রচলিত আইনে ধারা না থাকায় যৌতুক বা স্ত্রী নির্যাতন মামলা হিসেবে নথিভূক্ত করতে হয়। আমরা চাই সৃজনশীল সংস্কৃতি চালু হোক আর অপসংস্কৃতি দূর হোক।

  • খালেদা জিয়ার জামিন

    অনলাইন ডেস্ক:

    বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে আগামী ১০ জুলাই পর্যন্ত জামিন দিয়েছেন আদালত। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় থেকে তিনি এ জামিন পান। বৃহস্পতিবার (২৮ জুন) রাজধানীর বকশিবাজারে অবস্থিত ঢাকার ৫নং বিশেষ জজ ড. আখতারুজ্জামান এ আদেশ দেন।

    আদালতে মামলাটির যুক্তি উপস্থাপনের জন্য দিন ধার্য ছিল আজ। তবে কারাগার থেকে খালেদা জিয়াকে হাজির না করে কাস্টডিতে পাঠান কারা কর্তৃপক্ষ। কাস্টডিতে লেখা হয়, ‘খালেদা আজ শারীরিকভাবে অসুস্থ। তাই তাকে আদালতে হাজির করা হয়নি।’ অপরদিকে খালেদা জিয়ার আইনজীবীরা তার জামিন বৃদ্ধির আবেদন করেন।

    মামলার অভিযোগ থেকে জানা গেছে, জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে তিন কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা লেনদেনের অভিযোগে খালেদা জিয়াসহ চারজনের বিরুদ্ধে ২০১০ সালের ৮ আগস্ট তেজগাঁও থানায় একটি মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

    রায়ের পর খালেদা জিয়াকে রাজধানীর নাজিমউদ্দিন রোডের পুরাতন কেন্দ্রীয় কারাগারে রাখা হয়েছে। এ মামলায় তার জামিন হলেও অন্য মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি থাকায় তিনি জামিনে মুক্ত হতে পারছেন না।

  • আর্জেন্টিনার সমর্থকদের পেটাল ব্রাজিল সমর্থক

    অনলাইন ডেস্ক:

    বিশ্বকাপ ফুটবল খেলাকে কেন্দ্র করে আর্জেন্টিনার ৫ সমর্থককে পিটিয়ে ও কুপিয়ে জখম করেছে ব্রাজিল সমর্থকরা। ৬০ টাকা বাজি ধরে সেই টাকা না দেয়ায় তাদেরকে পিটিয়ে ও কুপিয়ে জখম করা হয়। আহতরা হলেন-মো. সবুজ (১৮), মো. শাহিন (২৪), মো. লিখন (১৭), মো. রাসেল (১৮) ও মো. ফরহাদ (১৮)।

    মঙ্গলবার (২৬ জুন) রাত দেড়টার দিকে পাথরঘাটা উপজেলার পৌরশহরের ৯ নম্বর ওয়ার্ডের খাদ্যগুদামের সামনে এ ঘটনা ঘটে।

    আহতরা জানান, ব্রাজিল সমর্থক সবুজের সঙ্গে আর্জেন্টিনার সমর্থক পাথরঘাটা উপজেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক ফাহাদের সঙ্গে মঙ্গলবার রাতে নাইজেরিয়া-আর্জেন্টিনার খেলায় আর্জেন্টিনার জয়-পরাজয় নিয়ে দুপক্ষের মধ্যে ৬০ টাকার বাজি ধরা হয়।

    খেলা চলাকালে সমর্থকদের মধ্যে ধস্তাধস্তি হয়। আর্জেন্টিনা খেলায় বিজয়ী হলে বাজির ৬০ টাকা না দেয়ায় উপজেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক মো. ফাহাদ, যুগ্ন সম্পাদক মো. শাকিল, রিয়াজ, ইউসুফ ও রাসেলসহ ১০-১৫ জন ব্রাজিল সমর্থকদের লোহার রড দিয়ে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করে। আহতদের রাতেই পাথরঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

    পাথরঘাটা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা মো. খবীর আহমেদ ঘটনা সত্যতা নিশ্চত করে জানান, লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে।

  • ভক্তদের কাঁদিয়ে জার্মানির বিদায়

    অনলাইন ডেস্ক:
    জার্মানির জন্য বাঁচা-মরার লড়াই কিন্তু পারল না গতবারের চ্যাম্পিয়নরা। দুর্বল দক্ষিণ কোরিয়ার কাছে ২-০ গোলে হেরে রাশিয়া বিশ্বকাপ থেকে বিদায় নিল তারা।

    পক্ষান্তরে প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়া এবারের বিশ্বকাপে কোনো ম্যাচেই সাফল্য পায়নি। কিন্তু গত দুটি ম্যাচে দুর্বার খেলেছে তারা। নিজেদের গতিময় ফুটবল দিয়ে প্রতিপক্ষকে মোটেই ছেড়ে কথা বলেনি।

    আজ বুধবার (২৭ জুন) কাজানে জার্মানের বিপক্ষে অনুষ্ঠিত এই ম্যাচের প্রথমার্ধে গতবারের চ্যাম্পিয়নদের আটকে রেখেছিল তারা। গোলশূন্য সমতায় শেষ হয় প্রথম ৪৫ মিনিট।

  • যাদের ‘মশা’ একটু বেশিই কামড়ায়!

    অনলাইন ডেস্ক:
    একসঙ্গে বসে আছেন অথচ মশা কেবল আপনাকেই কামড়াচ্ছে। তাহলে কি মশারা আপনাকে একটু বেশিই ভালবাসে। চারপাশের মানুষগুলো যখন কোনরকম অস্বস্তি ছাড়াই বসে আছে, তখন আপনাকেই কেবল মশার পছন্দ হচ্ছে। এমন অনেক মানুষ আছেন যাদের সঙ্গে এ ধরনের ঘটনা বরাবরাই ঘটে।

    মশা তো সবাইকেই কামড়ায়। অনেক সতর্কতা সত্ত্বেও কিছু মানুষকে মশা যেন একটি বেশিই কামড়ায়। কখনও ভেবে দেখেছেন, কেন এমন হয়! এ নিয়ে অনেকগুলো তত্ত্ব রয়েছে। বিশ্বব্রক্ষ্মাণ্ডের পুরনো এ ‘রহস্যে’র তথ্য হয়তো এবার আবিষ্কার করতে সক্ষম হয়েছেন গবেষকরা। জেনে নিন আপনি মশার কাছে এতটা প্রিয় খাদ্য হওয়ার কারণগুলো আসলে কী কী!

    মশার কামড় থেকে ম্যালেরিয়া, ডেঙ্গু, চিকুনগুনিয়া থেকে আরও অনেক রোগ হতে পাড়ে। তাই একটি মশাও যাতে না কামড়ায়, সব সময় সতর্ক থাকতে হয়। মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ইউসি ডেভিস বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক জানাচ্ছেন, কিছু কিছু মানুষের শরীরে মশার প্রিয় রাসায়নিক বেশি থাকে। তাই তারা সেই সব মানুষদের প্রতি বেশি আকৃষ্ট হয়।

    তার মানে আমাদের মাঝে অনেকেই ঠাট্টা করে মাঝে মধ্যে বলেন, যাদের রক্ত বেশি মিষ্টি তাদেরকেই মশা বেশি কামড়ায়। আসলে বিষয়টাও অনেকটা তেমনই। অন্তত এমনটাই দাবি এই মার্কিন গবেষকদের।

    ইউসি ডেভিস বিশ্ববিদ্যালয়ের গবেষক লার্ক কফির মতে, মানুষের শরীরের গন্ধ এবং নিঃশ্বাসের সঙ্গে নির্গত কার্বন ডাই-অক্সাইডে আকৃষ্ট হয় মশা। কারও কারও শরীরের গন্ধ মশার কাছে বেশি প্রিয়। তার মতে, আমাদের ত্বক থেকে নিঃসৃত কিছু রাসায়নিক (যেমন, ল্যাকটিক এসিড) মশাকে বেশি আকর্ষণ করে। যাদের শরীর থেকে ল্যাকটিক অ্যাসিড বেশি নির্গত হয়, তাঁদের প্রতি মশা বেশি আকৃষ্ট হয়।

    আমাদের শরীরে বংশগতভাবেই অনেক ব্যাকটেরিয়া বহন করি আমরা। সেটা আমাদের শরীরের কোষের চাইতেও ১০ গুন বেশী পরিমাণে। আর সেগুলো এতটাই জড়িয়ে তাকে আমাদের শরীরের রোগ-প্রতিরোধের ব্যাপারের সাথে যে অনেক ধুয়েও সেগুলোকে তাড়ানো যায়না। আর এই ব্যাকটেরিয়াগুলোই আমাদের শরীরে এমন রাসায়নিক পদার্থের উত্পাদন করে যে মশারা অনেক বেশি আকৃষ্ট হয়।

    খাবারের ধরনের ওপর নির্ভর করে মশারা আপনার রক্ত কতটা পছন্দ করে। দেখা যায়- পনির, আচার, সয়া, মিষ্টিজাতীয় খাবার ও সব্জি খান যারা তাদের রক্ত ও ত্বকে ল্যাক্টিক অ্যাসিড বেশি তাকে। আর ল্যাক্টিক অ্যাসিড অনেক বেশি পরিমানে টানে মশাদেরকে।

    এ ছাড়াও পরীক্ষা করে দেখা গেছে, ও (O Blood group) গ্রুপের রক্তের মানুষকে মশা বেশি কামড়ায়। এই মার্কিন গবেষকদের দাবি, গর্ভবতী মহিলা, যাদের শরীর অতিরিক্ত মেদযুক্ত, শরীর চর্চার পর বা মদ্যপানের পর মানুষকে মশা বেশি কামড়ায়।

  • ৫ বছরের ঘুমন্ত শিশুকে গলাকেটে হত্যা!

    অনলাইন ডেস্ক:
    ঝালকাঠি সদর উপজেলার শেখেরহাট ইউনিয়নের গুয়াটন গ্রামে হাসান হাওলাদার (৫) বছরের এক শিশুকে নিজ ঘরে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

    মঙ্গলবার (২৬ জুন) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। উক্ত ঘটনায় মুরাদ হোসেন (৩২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। মুরাদ মধ্য গুয়াটন গ্রামের মৃত আব্দুস সত্তার হাওলাদারের ছেলে। মৃত হাসান হাওলাদার ওই গ্রামের মৃত আনোয়ার আলী হাওলাদারের ছেলে।

    শেখেরহাট পুলিশ ফাঁড়ির এসআই কামরুজ্জমান জানান, গাছ কাটার ঘটনায় মুরাদের বিরুদ্ধে কোর্টে মামলা করেন একই বাড়ির ইউসুফ আলী। ওই মামলায় প্রতিবেশী মুরাদের বিরুদ্ধে হাসানের মা সাক্ষী দেয়া এবং হাসানের মা মুরাদের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা করায় তাদের উপরে ক্ষিপ্ত ছিল। ওই মামলায় সম্প্রতি জামিনে আসে মুরাদ।

    রাতে হাসানকে ভাত খাইয়ে ঘুম পাড়িয়ে হাসানের মা পাশের এক ঘরে যান। হাসানের মা ঝিয়ের কাজ করে কোন মতে সংসার চালাতেন। এ সুযোগে ঘুমন্ত হাসানকে ধাড়ালো অস্ত্র দিয়ে জবাই করে মুরাদ, এ অভিযোগ করছে ওই শিশুর স্বজনরা। পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় আইনগতব্যবস্থা নেয়া হবে বলেও জানান।

  • মেজর স্বামীকে ফাঁকি দিয়ে স্ত্রীর ৩৫০০ বার ফোনালাপ

    অনলাইন ডেস্ক:
    মেজরপত্নী হত্যারহস্য খুলতেই বেরিয়ে এসেছে এক ভয়ানক তথ্য। মেজরের স্ত্রী শৈলজা দ্বিবেদীকে (৩০) গলা কেটে হত্যা করেছে আরেক মেজর নিখিল হান্ডা। মেজরের স্ত্রী গত ছয় মাসে নিখিল হান্ডার সাথে সাড়ে তিনহাজার বার ফোনালাপ করেছেন এমনই তথ্য উঠে এসেছে হত্যার তদন্ত প্রতিবেদনে।

    চলতি বছরের জানুয়ারি থেকে চলতি জুন পর্যন্ত এসব ফোনালাপ ও বার্তা বিনিময় হয়েছে। মেজর হান্ডার মোবাইলের কল রেকর্ড ঘেঁটে এবং জিজ্ঞাসাবাদের পর এমনই তথ্য মিলেছে বলে দাবি করেছে দিল্লি পুলিশ।

    শনিবার (২৩ জুন) দিল্লির ক্যান্টনমেন্ট মেট্রো স্টেশনের কাছে রাস্তার ধারে উদ্ধার করা হয় মেজরের স্ত্রী শৈলজার লাশ। ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করার পর তার ঠোঁট টুকরো টুকরো করে কাটা হয়। খুন করার পর একাধিকবার তাকে গাড়ি দিয়ে পিষে দেয়া হয়।

    খুনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে পরদিন রবিবার (২৪ জুন) উত্তরপ্রদেশের মেরঠ থেকে গ্রেফতার করা হয় মেজর নিখিল হান্ডাকে। জিজ্ঞাসাবাদের জন্য চারদিনের পুলিশি রিমান্ডে পাঠানো হয় তাকে।

    জিজ্ঞাসাবাদে মেজর নিখিল হান্ডা স্বীকার করেছেন, হত্যার পরপরই এক বান্ধবীকে ফোন করে নিজেই এ কথা জানিয়েছিলেন নিখিল হান্ডা। দিল্লি পুলিশ সুত্রে এমনটাই জানা গেছে।

    এনডিটিভির প্রতিবেদন থেকে জানা যায়, হান্ডার কল রেকর্ডের তথ্য ঘেঁটে পুলিশ জানতে পেরেছে, খুনের পরই দিল্লির একটি নম্বরে ফোন করেন নিখিল হান্ডা।

  • নতুন ‘নগরপিতা’ পেল গাজীপুর

    অনলাইন ডেস্ক:
    গাজীপুর সিটি করপোরেশনের নির্বাচন টানটান উত্তেজনার মধ্যে শেষ হয়েছে। নির্বাচন চলাকালে কয়েকটি স্থানে ব্যালট ছিনতাইয়ের সময় পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনাও ঘটেছে, এমন অভিযোগও উঠেছে। যার ফলে নির্বাচন কমিশন (ইসি) নয়টি কেন্দ্রের ভোট স্থগিত করেছে। তবে নির্বাচন শেষে কে হবেন ‘নগরপিতা’ সেই আলোচনা চলে নগড়জুড়ে।

    অবশেষে সব জল্পনা কল্পনা শেষে প্রায় ৩৩০ বর্গ কিলোমিটার আয়তনের গাজীপুর সিটি করপোরেশনের ‘নগরপিতা’ হয়েছেন ক্ষমতাসীন দলের প্রার্থী জাহাঙ্গীর আলম। বেসরকারিভাবে মেয়র হিসেবে তার নাম ঘোষণা করা হয়েছে। নৌকা প্রতীক নিয়ে জাহাঙ্গীর সর্বমোট ভোট পেয়েছেন ৪,০০,০১০। তার প্রতিদ্বন্দ্বী বিএনপির মেয়র প্রার্থী হাসান উদ্দিন সরকার ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ১,৯৭,৬১১ ভোট।

    এর আগে উৎসাহ আর শঙ্কার মধ্যে মঙ্গলবার (২৬ জুন) সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত চলে গাজীপুর সিটির নির্বাচন। এ নির্বাচনকে শান্তিপূর্ণ করতে পর্যাপ্ত র‌্যাব, পুলিশ ও বিজিবিসহ আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছিল।

    নির্বাচন শেষে সন্ধ্যা পৌনে ছয়টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নির্বাচন কমিশনের (ইসি) সচিব হেলালুদ্দীন আহমেদ বলেন, ‘নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়েছে। তাছাড়া আমাদের নির্দেশ ছিল কোনো কেন্দ্রে অনিয়ম হলে তা বরদাশত করা হবে না। প্রিসাইডিং কর্মকর্তাদের পক্ষ থেকে ন্যূনতম অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা নয়টি কেন্দ্রের ভোট স্থগিত করে দিই।’

    অন্যদিকে নির্বাচন চলাকালে এক সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ন-মহাসচিব রুহুল কবির রিজভী দুই শতাধিক কেন্দ্র দখলের অভিযোগ করেন। বলেন, ‘এখন পর্যন্ত প্রাপ্ত তথ্যে গাজীপুরের নির্বাচনে দুইশর উপরে ভোট কেন্দ্র দখল করেছে আওয়ামী সন্ত্রাসীরা।’

    ‘মুন্সিপাড়া, ৩, ১৫, ১৭, ৩১, ৩৫, ৩৭, ৪২ ও ৪৯ ওয়ার্ডসহ বিভিন্ন কেন্দ্র থেকে বিএনপির মেয়র প্রার্থীর এজেন্টদের বের করে দেওয়া হয়েছে। অস্ত্রের মুখে, পুলিশের হুমকির মুখে এসব কাজ করেছে ক্ষমতাসীনরা।’

    ধানের শীষের মেয়র প্রার্থী হাসানউদ্দিন সরকারের প্রধান নির্বাচনী এজেন্ট সোহরাবউদ্দিন এসব বিষয়ে রিটার্নিং অফিসারের কাছে লিখিত অভিযোগ দিলেও কোনো প্রতিকার তারা পাননি বলে মন্তব্য করেন রিজভী। বলেন, ‘পুলিশ গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের ভোটে ‘ক্ষমতাসীন দলের ক্যাডারের ভূমিকা’ পালন করেছে।

    এর পর আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডি রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির সব অভিযোগ নাকচ করে দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এমনকি গাজীপুরে দ্বিগুণ ভোটে জয়লাভ করবে নৌকা এ আশাবাদও ব্যক্ত করেন। বলেন, ‘বিএনপি ছাড়া নির্বাচন নিয়ে কেউ প্রশ্ন তোলেনি। রেজাল্ট না হাওয়া পর্যন্ত তারা এই ভাঙা রেকর্ড বাজাতেই থাকবে।’

    ‘নির্বাচনে ভায়োলেন্সের কোনো অভিযোগ নেই, সহিংসতার প্রমাণও নেই। জনগণ শান্তিপূর্ণভাবে ভোট দিয়েছে’ বলে জানান তিনি।

    আলোচিত এই নির্বাচনের ভোট শেষে সন্ধ্যায় গাজীপুরের বঙ্গতাজ অডিটরিয়ামে গণমাধ্যমকর্মীদেরকে এই নির্বাচনের তত্ত্বাবধানে থাকা রিটার্নিং কর্মকর্তা রকিব উদ্দিন মণ্ডল জানান, ‘ভোট খুব সুন্দর এবং সুষ্ঠু শান্তিপূর্ণ হয়েছে।’ তিনি আশা প্রকাশ করেন আগামী জাতীয় সংসদ নির্বাচন গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের মতো ‘সুষ্ঠু’ হবে, উৎসবমুখর হবে।’

    আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে পাঁচ মহানগরের এই ভোটকে ‘সেমিফাইনাল’ হিসেবে দেখছে ক্ষমতাসীন দল। ইতোমধ্যে গত ১৫ মে খুলনা সিটিতে ভোট হয়েছে। আর সে পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ফুরফুরে মেজাজে থাকা আওয়ামী লীগ আজ মঙ্গলবার (২৬ জুন) গাজীপুর সিটির পরীক্ষাতেও পাশ করেছে। এখন বাকি কেবল রাজশাহী, সিলেট ও বরিশাল। এই তিনি সিটিতে ভোট হবে ৩০ জুলাই।

    ২০১৩ সালের সিটি নির্বাচনে পাঁচটি মহানগরেই জিতেছিল বিএনপি সমর্থিত প্রার্থীরা। আর এবার প্রথমবারের মতো দলীয় প্রতীকে হতে যাওয়া ভোটে ক্ষমতাসীনরা লড়াইয়ে নেমেছে আঁটঘাঁট বেঁধে।

    প্রসঙ্গত, গাজীপুর সিটি করপোরেশনের নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ ও বিএনপি মনোনীত প্রার্থীসহ সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এছাড়াও ৫৭টি সাধারণ ওয়ার্ডের সাধারণ আসনের কাউন্সিলর পদে ২৫৪ জন এবং ১৯টি সংরক্ষিত ওয়ার্ডের সংরক্ষিত আসনের কাউন্সিলর পদে ৮৪ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

    গাজীপুর সিটি করপোরেশনের ৫৭টি সাধারণ ও ১৯টি সংরক্ষিত ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ১১ লাখ ৩৭ হাজার ৭৩৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৫ লাখ ৬৯ হাজার ৯৩৫ এবং নারী ভোটার ৫ লাখ ৬৭ হাজার ৮০১ জন।