Category: চান্দিনা

  • চান্দিনা উপজেলা পরিষদের নির্বাচন স্থগিত

    মাহফুজ নান্টু, কুমিল্লা
    কুমিল্লা চান্দিনা উপজেলা পরিষদের সব পদের নির্বাচন স্থগিত করেছেন হাইকোর্ট। ষষ্ঠ উপজেলা পরিষদের চতুর্থ ধাপে ৫ জুন এই উপজেলায় নির্বাচন হওয়ার কথা ছিল। আজ সোমবার (১৩ মে) বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয় থেকে উপসচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

    নির্বাচন স্থগিত সম্পর্কিত চিঠিতে উল্লেখ করা হয়, রিট পিটিশন নং ৫৩২০/২০২৪-এর আলোকে সুপ্রিম কোর্টের আদেশ প্রতিপালনের সুবিধার্থে ষষ্ঠ উপজেলা পরিষদের চতুর্থ ধাপে ৫ জুন ২০২৪ তারিখে অনুষ্ঠেয় কুমিল্লা জেলার চান্দিনা উপজেলা পরিষদের সব পদের নির্বাচন পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করার জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে।

    এ বিষয়ে চান্দিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাবের মো. সোয়াইব বলেন, বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয় থেকে উপসচিব মো. আতিয়ার রহমানের স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে আমাদের আগামী ৫ জুন চান্দিনা উপজেলা পরিষদ নির্বাচন স্থগিতের বিষয়টি অবহিত করা হয়েছে।

  • কুমিল্লায় একই দিনে পানিতে ডুবে চার শিশুর মৃত্যু

    কুমিল্লার চান্দিনা ও দাউদকান্দি উপজেলায় পৃথক ঘটনায় পানিতে ডুবে চার শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে দাউদকান্দির বিটেশ্বর ইউনিয়নের বরকোটা গ্রামে ও দুপুরে চান্দিনা পৌরসভার তুলাতলী এলাকায় এ ঘটনা ঘটে। এর মধ্যে চান্দিনায় দুজন ও দাউদকান্দিতে দুজন মারা যায়।

    চান্দিনায় মারা যাওয়া শিশুরা হলো উপজেলার তুলাতলী এলাকার আবদুল কুদ্দুস ওরফে মন্টুর মেয়ে নাদিয়া আক্তার (৭) ও একই গ্রামের সাইফুল ইসলামের মেয়ে সাদিয়া আক্তার (৮)। অন্যদিকে দাউদকান্দিতে মারা যাওয়া দুই শিশু হলো উপজেলার বরকোটা গ্রামের মো. নজরুলের ছেলে মো. ফয়সাল (৮) ও একই গ্রামের আনোয়ার হোসেনের ছেলে মো. রিফাত (৭)।

    চান্দিনায় মৃত দুই শিশুর স্বজনেরা জানান, আজ বেলা ১১টার দিকে সাইকেল নিয়ে খেলা করার জন্য দুই শিশু ঘর থেকে বের হয়। দুপুর ১২টার দিকে বাড়ি থেকে ২০০ গজ দূরে একটি বটগাছের কাছে সাইকেল ও জুতা দেখতে পান মৃত সাদিয়ার নানা আবদুল জব্বার। কিন্তু তাদের খুঁজে না পেয়ে সাইকেল ও জুতা নিয়ে তিনি বাড়িতে যান। এরপর বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেন। কিন্তু কোথাও পাননি। বেলা দুইটার দিকে সাইকেল পাওয়া জায়গায় একটি প্যান্ট পড়ে থাকতে দেখে সন্দেহ হয় মৃত নাদিয়ার দাদির। পরে পাশে মাছের খামারে নেমে স্বজনেরা দুই শিশুর লাশ উদ্ধার করেন।

    নাদিয়ার দাদা আবদুল লতিফ বলেন, দুজনকে পানি থেকে উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

    দাউদকান্দিতে নিহত দুই শিশুর স্বজনেরা জানান, গতকাল বেলা ১১টার দিকে শিশু ফয়সাল ও রিফাত বাড়ির পাশে খেলা করছিল। হঠাৎ তাদের দেখতে না পেয়ে তাঁরা খোঁজাখুঁজি করলে ডোবার পানিতে তাদের শরীর ভাসতে দেখেন। পরে তাদের উদ্ধার করে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মারা যাওয়া দুই শিশু বরকোটা এলাকার একটি মাদ্রাসায় পড়াশোনা করত।

  • চান্দিনায় গোবর ফেলা নিয়ে বাকবিতণ্ডা : ভাইয়ের হাতে ভাই খুন !

    আবদুল্লাহ আল মারুফ, কুমিল্লা

    কুমিল্লার চান্দিনায় গরুর গোবর ফেলাকে কেন্দ্র করে ছোট ভাইয়ের হাতে বড় ভাইকে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার (২৭ মার্চ) চান্দিনা আনিছ মোহাম্মদের বাড়িতে (আনিছা বাড়ি) এ ঘটনা ঘটে।

    নিহত হানিফ মিয়া (৩৫) ওই এলাকার আনু মিয়ার ছেলে। তিন ভাইয়ের মধ্যে বড় হানিফ। অভিযুক্ত আনিছ মিয়া নিহতের আপন ছোট ভাই।

    প্রত্যক্ষদর্শী হিমেল জানান, তাদের দুই ভাইয়ের পৃথক গরুর খামার রয়েছে। বাড়ির পাশে অন্যের খালি জায়গায় দুই ভাই দীর্ঘদিন যাবৎ গরুর গোবর ফেলে আসছে। বুধবার দুপুরে ওই স্থানে গোবর ফেলাকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে কথা-কাটাকাটি হয়। চরম উত্তেজনার মধ্যে মেজ ভাই আনিছ মিয়া বড় ভাই হানিফ মিয়াকে মারধর করে। একপর্যায়ে তাকে কাঠের চোখা টুকরো দিয়ে আঘাত করলে চোখা অংশ হানিফ মিয়ার বাঁ চোখের ভেতর দিয়ে মাথায় ঢুকে যায়। এ সময় তাকে উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

    চান্দিনা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. আরিফুর রহমান জানান, নিহতের শরীরের বিভিন্ন অংশে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। প্রচুর রক্তক্ষরণ ও মস্তিষ্কে আঘাতজনিত কারণে তার মৃত্যু হয়েছে।

    চান্দিনা থানার উপপরিদর্শক (এসআই) মো. গিয়াস উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ঘটনার পরপর হত্যাকারী পালিয়ে গেছে। এ ঘটনায় আইনি ব্যবস্থাসহ হত্যাকারীকে গ্রেফতারের চেষ্টা চলছে।’

  • চান্দিনায় দাঁড়িয়ে থাকা বাসে আগুন দিল দুর্বৃত্তরা

    (আকিবুল ইসলাম হারেছ, চান্দিনা)

    ভোট বর্জন এবং সরকারকে অসহযোগিতার আহ্বান জানিয়ে ঢাকাসহ সারা দেশে বিএনপি ও সমমনা দলগুলোর রোববার সকাল-সন্ধ্যা অবরোধ কর্মসূচির আগের রাতে কুমিল্লার চান্দিনায় দাঁড়িয়ে থাকা বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

    শনিবার (২৩ ডিসেম্বর) দিনগত রাত সাড়ে ৩টার সময় চান্দিনা-বাগুর বাসস্ট্যান্ড সংলগ্ন মেডিনোভা হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে। স্থানীয়দের সহযোগিতায় চান্দিনা ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে বাসের ভিতরের অংশ সম্পূর্ণ পুড়ে যায়।

    পুলিশ জানায়, গতকাল শনিবার দিনগত রাত সাড়ে ৩টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা-বাগুর বাস স্টেশনের পাশে তিশা পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগ করা হয়। এসময় বাসের ভেতরে ঘুমিয়ে থাকা হেলপার টের পেয়ে বাসের মালিককে খবর দেয়। পরে বাস মালিকের মাধ্যমে খবর পেয়ে হাইওয়ে পুলিশ, থানা পুলিশ এবং ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

    চান্দিনা ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার অনয় কুমার ঘোষ জানান, রাতে ৯৯৯ এ কল পেয়ে ইউনিট নিয়ে ঘটনাস্থলে গিয়ে বাসের আগুন নিয়ন্ত্রণ করা হয়েছে। বাসের সিট, জানালার গ্যাস ও সিলিং ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি।

    ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার ইন-চার্জ (ইন্সপেক্টর) মঞ্জুরুল আলম মোল্লা জানান, বাসের একটি জানালা খোলা থাকায় ওই দিক দিয়ে দুর্বৃত্তরা আগুন লাগিয়ে দেয়। বাসের হেলপার দুইজন কে পালিয়ে যেতে দেখে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে পুলিশ চেষ্টা চালাচ্ছে।

  • কুমিল্লায় মোটরসাইকেল বাঁচাতে গিয়ে উল্টে গেল শ্যামলী বাস, নিহত ৩

    মারুফ আবদুল্লাহ, কুমিল্লা

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে মোটরসাইকেল-বাসের সংঘর্ষে যাত্রীবাহী বাস মহাসড়কে উল্টে আছড়ে পড়েছে। এ ঘটনায় দুই পথচারীসহ তিন জন নিহত হয়েছেন। আহত হয়েছে কমপক্ষে ১০ জন। মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) সকাল পৌনে ১০টায় মহাসড়কের চান্দিনা উপজেলার হারিখোলা এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।

    নিহতরা হলেন- চান্দিনা উপজেলার বাড়েরা ইউনিয়নের গণিপুর গ্রামের মৃত মমতাজ খলিফার ছেলে আলমগীর হোসেন (৩৮), হারিখোলা বেদে পল্লির আদম আলীর ছেলে বাহরাম মিয়া (৬০) ও হাসপাতালে নেওয়ার পথে মারা যান জেলার দেবিদ্বার উপজেলার কুরছাপ গ্রামের ফজলুল হকের ছেলে মোটরসাইকেল আরোহী আবুল কালাম (৪০)।

    আহতরা হলেন- নোয়াখালীর হাতিয়া উপজেলার বাসযাত্রী মিল্লাত (২৩), নওগাঁ জেলার আরিফুল ইসলাম (২৮), ঢাকা মগবাজার এলাকার সাবিনা (৩৫) তার মেয়ে তানহা (১০), মোটরসাইকেল আরোহী আবু কামালসহ বাসের আরও পাঁচ যাত্রী। 

    প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল পৌনে ১০টার দিকে চট্টগ্রামমুখী লেনে যাত্রীবাহী শ্যামলী পরিবহনের একটি বাস হারিখোলা মাজার এলাকায় পৌঁছালে সামনে থাকা একটি মোটরসাইকেলকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি উল্টে মহাসড়কেই আছড়ে পড়ে। এ সময় মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা দুই পথযাত্রী ঘটনাস্থলে নিহত হন। গুরুতর আহত হন মোটরসাইকেল আরোহীসহ বাস যাত্রীরা। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে মোটরসাইকেল আরোহী আবুল কালাম মারা যান।

    হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ ফাঁড়ির সার্জেন্ট (এসআই) নাজমুল হুদা বলেন, পুলিশ ঘটনাস্থলে গেছে। আমরা দুই জনের মৃত্যুর খবর পেয়েছি। এর মধ্যে আলমগীরের লাশ ফাঁড়িতে নিয়েছি। আর দুর্ঘটনাটি বেদে পল্লির পাশে হওয়ায় নিহত ওই ব্যক্তির মরদেহ তারা বাড়িতে নিয়ে যান। এ ঘটনায় মোটরসাইকেলের এক আরোহীকে আশঙ্কাজনক অবস্থা হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা গেছেন বলে শুনেছি। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

  • কুমিল্লায় কাভার্ডভ্যানের সংঘর্ষে আপন ২ ভাই নিহত

    (আকিবুল ইসলাম হারেছ, চান্দিনা)

    কুমিল্লার চান্দিনায় কাভার্ড ভ্যান এর পিছনে অপরর এক কাভার্ড ভ্যানের ধাক্কায় মৃত্যু হয়েছে সহোদর চালক ও হেলপারের।

    শুক্রবার( ২১ জুলাই) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনা উপজেলা কুটুম্বপুর এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।

    নিহতরা হলো- চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার বহরপুর গ্রামের জুনাব আলীর ছেলে কাভার্ড ভ্যান চালক আজিজুল হক (৩৪) ও তার আপন ভাই কাভার্ড ভ্যান হেলপার রবিউল হক (২৩)।

    পুলিশ জানায়- চট্টগ্রামমুখী একটি কাভার্ড ভ্যান কে অপর একটি কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে পিছন থেকে ধাক্কা দেয়। এসময় ধাক্কা দেয়া কাভার্ডভ্যানের চালক ও হেলপার কাভার্ডভ্যানে আটকে যায়। খবর পেয়ে চান্দিনা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কাভার্ড ভ্যানে আটকে থাকা চালক ও হেলপার কে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনে। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।

    হাইওয়ে পুলিশ ইলেটগঞ্জ ফাড়ির ইন-চার্জ ( ইন্সপেক্টর) ওবায়েদুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, যে কাভার্ড ভ্যানের পেছনে ধাক্কা দিয়েছে সেই কাভার্ড ভ্যান পালিয়ে যায়। নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • জামাল হত্যার তিন অস্ত্রসহ ছাত্রলীগ নেতা সৈকত গ্রেফতার

    স্টাফ রিপোর্টার।।

    কুমিল্লায় আলোচিত যুবলীগ নেতা জামাল হত্যায় ব্যবহৃত তিনটি অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার ছাত্রলীগ নেতা মাজহারুল ইসলাম সৈকতের কাছ থেকে দুটি অত্যাধুনিক বিদেশী পিস্তল ও একটি রিভলবার উদ্ধার করা হয়। সৈকত ১৫নং বরকামতা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক। পুলিশ জানায়, এসব অস্ত্র ব্যবহার করে তিনজন বোরকা পড়ে (দেলোয়ার, আরিফ, কালা মনির) যুবলীগ নেতা জামাল হোসেনকে হত্যা করে। এ ঘটনায় কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রাজেস বড়ুয়া বাদী হয়ে চান্দিনা থানায় একটি অস্ত্র আইনে মামলা দায়ের করেন। সেখানে পলাতক আসামী দেখানো হয়েছে ৫ জনকে। আসামীদের মধ্যে মোঃ সুজন (৩২), মোঃ আরিফ (২৮), কালা মনির (৪২), শাহ আলী ও দেলোয়ার হোসেন ওরফে দেলু (৩০)। তারা সবাই যুবলীগ নেতা জামালের হত্যা মামলার আসামী।

    পুলিশ সুপার আবদুল মান্নান বলেন, অস্ত্রসহ গ্রেফতার মাজহারুল ইসলাম সৈকতকের জন্য রিমান্ড আবেদন করবো। আশাকরি এ ঘটনার সাথে আরো চাঞ্চল্যকর তথ্য পাবো।

    যুবলীগ নেতা হত্যার ঘটনা ও অস্ত্র সরবরাহে পেছনের শক্তি কারা?
    এমন প্রশ্নের জবাবে পুলিশ সুপার আবদুল মান্নান বলেন, ‘গ্রেফতারকৃত আসামীদের জবানবন্দি থেকে আমরা ঘটনার মূল হোতাদের খোঁজে বের করার চেস্টা করছি৷ আদালত রিমান্ড মঞ্জুর করলে, আশা করি ঘটনার আরো চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসবে।

    প্রসঙ্গত, কুমিল্লার দাউদকান্দির গৌরিপুর বাজারে গত ৩০ এপ্রিল রাত ৮টার দিকে তিতাস উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক জামাল হোসেন খুন হন। তিনজন বোরকা পরে এসে তাকে গুলি করে হত্যা করেন।
    নিহত জামাল হোসেন তিতাস উপজেলার জিয়ারকান্দি ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের ফজলুল হকের ছেলে। তিতাস উপজেলায় বাড়ি হলেও তিনি ব্যবসায়িক সূত্রে পাশের দাউদকান্দি উপজেলার গৌরিপুর বাজারের পাশে ভাড়া বাসায় থাকতেন।

  • কুমিল্লায় বাসের ধাক্কায় সিএনজি অটোরিকশার  ৩ যাত্রী নিহত, আহত ৩

    মাহফুজ নান্টু, কুমিল্লা

    কুমিল্লার চান্দিনায় বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছেন আরও তিনজন।

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ওই এলাকায় সোমবার বেলা সোয়া ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে কারও পরিচয় জানা যায়নি।

    ময়নামতী হাইওয়ে ক্রসিং থানার ওসি আকুল চন্দ্র বিশ্বাস  এসব তথ্য জানান।

    প্রত্যক্ষদর্শীদের বরাতে তিনি বলেন, ‘আমি মাত্রই ঘটনাস্থলে পৌঁছেছি। বিস্তারিত পরে জানাব। তবে অটোরিকশাটি মোড় নিয়ে সড়কের পাশে যাচ্ছিল। ওই মুহূর্তে চট্টগ্রামমুখী একটি বাস এটিকে ধাক্কা দিলে অটোর চালকসহ পাঁচজন যাত্রী সড়কে ছিটকে পড়েন। তিনজন ঘটনাস্থলেই নিহত হয়েছেন। বাকি তিনজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়েছে।’

  • চান্দিনায় তিন ছাত্রকে বলাৎকার করে আটক মসজিদের ঈমাম

    আকিবুল ইসলাম হারেছ,চান্দিনা

    কুমিল্লার চান্দিনায় তিন স্কুল ছাত্রকে বলাৎকারের অভিযোগে মো. কেফায়েত উল্লাহ (২৫) নামে এক মসজিদের ঈমামকে আটক করেছে পুলিশ।

    শুক্রবার (১৪ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৫টায় অভিযান চালিয়ে চান্দিনা উপজেলার মাইজখার ইউনিয়নের মাইজখার পূর্বপাড়া এলাকা থেকে তাকে আটক করে। মো. কেফায়েত উল্লাহ কুমিল্লার বরুড়া উপজেলার আগানগর ইউনিয়নের বিজয়পুর গ্রামের মিন্নত আলীর ছেলে। সে চান্দিনার পূর্বমাইজখার গ্রামের (কাতুলিয়া পাড়া) একটি জামে মসজিদে ঈমাম এর দায়িত্ব পালন করছিল।

    ভুক্তভোগী ওই শিশু জানায়, হুজুর মসজিদের বারান্দার একটি রুমে থাকেন। তিনি কয়েদিন যাবৎ আমার সাথে এমন খারাপ কাজ করে আসছিল। বৃহস্পতিবার বিকেলে আমার সাথে খারাপ কাজ করায় আমি সহ্য করতে না পেরে বাড়িতে এসে বাবা-মাকে জানাই।

    ওই গ্রামের সোহেল জানান, গ্রামের ওই মসজিদটিতে প্রতিদিন সকাল ও বিকেলে শিশুদের আরবী পড়াতেন ঈমাম কেফায়েত। প্রায় এক মাস যাবৎ এলাকার তিনটি শিশুকে বলাৎকার করে আসছিল। তাদেরকে ভয়-ভীতি দেখানোর ফলে তারা অভিভাবকদের কিছুই জানায়নি। বৃহস্পতিবার (১৩ অক্টোবর) বিকেলে চতুর্থ শ্রেণীতে পড়ুয়া একটি ছেলে শিশুকে বলাৎকার করার পর সে অসুস্থ হয়ে পড়ায় বিষয়টি জানাজানি হয়। খোঁজ নিয়ে আরও জানতে পারি আরও ২ ছেলেকেও এমন কাজ করেছে। তারা তৃতীয় ও পঞ্চম শ্রেণীতে অধ্যয়ণরত।

    চান্দিনা থানার অফিসার ইন-চার্জ (ওসি) মো. সাহাবুদ্দীন খাঁন জানান, ভুক্তভোগী এক শিশুর পিতা থানায় লিখিত অভিযোগ করার পর অভিযান চালিয়ে ওই ঈমামকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই ঈমাম ঘটনার সত্যতা স্বীকার করেছে।

  • কুমিল্লায় দুর্ঘটনায় সয়াবিন তেলের গাড়ি; লুট করে নিলো স্থানীয়রা

    মাহফুজ নান্টু:


    কুমিল্লায় দুর্ঘটনা কবলিত এক সয়াবিন তেলবাহী লরি থেকে গড়িয়ে পড়া সয়াবিন তেল লুট করে নিয়ে গেছে স্থানীয়রা। রবিবার (২৯ মে) সন্ধ্যার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এদিকে মহাসড়কে সয়াবিন তেল পড়ে পিচ্ছিল হয়ে যাওয়ায় অন্তত ৭ জন মটোরসাইকেল আরোহী সড়কে পড়ে যায়। তাদের অনেকেই প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতাল পাঠানো হয়েছে।

    স্থানীয় জুয়েল খন্দকার রাত সাড়ে ৮টায় জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলা অংশে এলে তেলবাহী একটি লরি থেকে তেল পড়তে থাকে। তেল পড়তে পড়তে আনুমানি ৬ থেকে ৭ কি. মি. এভাবে চলতে থাকে। কুরছাপ এলাকায় গিয়ে সম্ভবত লরির চালক জানতে পারেন কোন গাড়ির ধাক্কায় লরির পেছনের অংশ ফেটে তেল পড়ছে। তখন সেখানেই লরিটি দেখার জন্য দাঁড় করান। ততক্ষণে তেল পড়তে দেখা স্থানীয় শতাধিক লোকজন লরির পিছু নেয়। এবং গাড়ি থামার সাথে সাথে তারা গাড়ির ফেটে যাওয়া অংশে ঝাঁপিয়ে পড়েন। অনেকে তেল নিতে বালতি, বোল ও বোতল আনতে দেখা গেছে।

    তিনি জানান, স্থানীয়দের মধ্যে অনেকে মহাসড়ক থেকে কাপড়, হাত ও বিভিন্নভাবে মুছে মুছে তেল সংগ্রহ করতে দেখা গেছে।

    ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. মাসুদ আলম জানান, দুর্ঘটনা কবলিত লরি সরিয়ে মহাসড়কের পাশে রাখা হয়েছে। বিকল্প ব্যবস্থায় তেল সংরক্ষণের ব্যবস্থা করা হচ্ছে। তবে চালক ও হেল্পার সম্ভবত পালিয়ে গেছে।