Category: কুমিল্লা বিশ্ববিদ্যালয়

  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য অধ্যাপক হায়দার আলী

    অনলাইন ডেস্ক: 

    কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং-সিএসই বিভাগের অধ্যাপক মো. হায়দার আলী।

    রোববার শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, যোগদানের তারিখ থেকে আগামী চার বছর হবে তার দায়িত্বের মেয়াদ।

    অধ্যাপক হায়দার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অ্যাপ্লায়েড ফিজিক্স অ্যান্ড ইলেক্ট্রনিক্স বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। জাপানের তায়োহাশি ইউনিভার্সিটি অব টেকনোলজি থেকে ইলেক্ট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন ইঞ্জিনিয়ারিংয়ে পিএইচডি ডিগ্রি লাভ করেন তিনি।

    কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষকের সঙ্গে কথা হলে তার কাছ থেকে জানা যায়, শিক্ষাকতা জীবনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন অধ্যাপক হায়দার আলী।

    আলাদা প্রজ্ঞাপনে আগামী চার বছরের জন্য কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য পদে বসানো হয়েছে বিশ্ববিদ্যালয়টির লোক প্রশাসন বিভাগের অধ্যাপক মাসুদা কামালকে।

    এর আগে তিনি বিভাগের প্রতিষ্ঠাকালীন প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। ঢাবির লোক প্রশাসন বিভাগ থেকে স্নাতক, স্নাতকোত্তর ও পিএইডি ডিগ্রি অর্জন করেন অধ্যাপক মাসুদা।

    একই বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক মোহাম্মদ সোলায়মানকে করা হয়েছে ট্রেজারার, যিনি এই পদে চার বছর দায়িত্ব পালন করবেন বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে।

    রাজনৈতিক পটপরিবর্তনের হাওয়ায় উপাচার্য, প্রক্টর, হল প্রাধ্যক্ষ ও ডিনরা পদত্যাগ করতে শুরু করলে এক রকম অভিভাবকহীন হয়ে পড়ে বেশিরভাগ বিশ্ববিদ্যালয়। সে সব পদে নতুন মুখ বসাচ্ছে অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার।

    এরই মধ্যে ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, জাহাঙ্গীরনগর, জগন্নাথসহ বেশিরভাগ পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য বসানো হয়েছে।

  • পরীক্ষার রুটিন না দেওয়ায় কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আত্মহত্যার হুমকি

    অনলাইন ডেস্ক:

    আত্মহত্যার হুমকি দিয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) নৃবিজ্ঞান বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী মো. আনিসুর রহমান। বৃহস্পতিবার দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ‘কুমিল্লা ইউনিভার্সিটি’ গ্রুপে একটি স্ট্যাটাস দিয়ে তিনি এ হুমকি দেন।

    স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘আমি কুবির বুকে শহীদ মিনারে আত্মহত্যা করব। আত্মহত্যার ডেট হয়তো আর পেছাতে পারছি না! চার বছরে ৪ সেমিস্টার। অপেক্ষার অবসান কোথায়? আত্মহত্যা ছাড়া কোনো সমাধান দেখছি না।’

    শিক্ষার্থী আনিস আরও লেখেন, আমার বর্ষের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছেলেটার অনার্স শেষ। ন্যাশনালে পড়ুয়া শিক্ষার্থীরা ৪র্থ বর্ষে পড়ে। আমার এক বছরের ছোট জাবিতে পড়ুয়া বোন আমার বর্ষে। কুবিতে ভর্তি হওয়াটা কি আমাদের অপরাধ ছিল? পরিবারে যখন অভাব আর অসুস্থতা থাকে তখন স্বপ্নগুলো কতটা লজ্জা পায় সেটা হয়তো প্রশাসন বুঝবে না। কারণ ওনাদের মাস শেষে অ্যাকাউন্টে বেতন ঢুকে যাচ্ছে। অভাব বলতে কিছু নেই। অনার্স প্রথম আর শেষ বর্ষ বুঝি না। সকল ব্যাচের এক সঙ্গে পরীক্ষা শুরু করতে হবে। কেননা সবাই জটে আছে। সেপ্টেম্বরের ১৫ তারিখের মধ্যে পরীক্ষার রুটিন না পেলে আমি কুবির বুকে শহীদ মিনারে আত্মহত্যা করব।

    এ বিষয়ে ওই শিক্ষার্থীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমাদের পরীক্ষা না হলে আমি যা বলেছি তাই করব।এ বিষয়ে নৃবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান এন. এম. রবিউল আউয়াল চৌধুরী বলেন, আমি তো মাত্রই সভাপতির দায়িত্ব নিয়েছি। মাত্র ৮-১০ দিন হলো, আমাকে একটু আপডেট নিতে হবে। আর পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত কেন্দ্রীয়ভাবে হচ্ছে। এ সময়ে বিভাগের আসলে পরীক্ষা নেওয়ার এখতিয়ার নেই। তারপরও আমি প্রশাসনের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করব এবং ওই ছেলের সঙ্গে কথা বলব।

    এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী বলেন, আমি বিষয়টি নিয়ে পরীক্ষা কমিটির সঙ্গে কথা বলব।প্রসঙ্গত, আনিস নৃবিজ্ঞান বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। এ ব্যাচের শিক্ষার্থীরা ৪র্থ সেমিস্টারের পরীক্ষার জন্য অপেক্ষায় আছেন। সূত্র: ঢাকা পোস্ট

  • করোনা উপসর্গসহ ১০ দিনে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থীর মৃত্যু

    অনলাইন ডেস্ক:

    করোনাভাইরাসের উপসর্গ নিয়ে মারা গেলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের ১১তম ব্যাচের শিক্ষার্থী আবুল হাসান। রোববার (৮ আগস্ট) দুপুর আড়াইটার দিকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি।

    আবুল হাসান কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার সাতবাড়িয়া গ্রামের আব্দুল জলিলের সন্তান। আবুল হাসানসহ এ নিয়ে গত ১০ দিনে মারা গেলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থী।

    নৃবিজ্ঞান বিভাগের সভাপতি আইনুল হক বলেন, আবুল হাসান কয়েক দিন ধরেই বেসরকারি হাসাপাতালে ভর্তি ছিল। গত শুক্রবার কিছুটা সুস্থ হয়ে বাড়ি ফিরে সে। তবে শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় আজ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

    ২৯ জুলাই ফুসফুসে সংক্রমণজনিত কারণে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যান গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী মেহেদী হাসান তানিন। এছাড়া ৭ আগস্ট হৃদরোগে মারা যান গণিত বিভাগের ৭ম ব্যাচের শিক্ষার্থী মোশাররফ হোসেন। সর্বশেষ আজ মারা গেলেন আবুল হাসান।

    ১০ দিনের ব্যবধানে তিন শিক্ষার্থীর মৃত্যুতে পুরো বিশ্ববিদ্যালয় পরিবারজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে শোক প্রকাশ করছেন তাদের সহপাঠী ও শিক্ষক-শিক্ষার্থীরা। সূত্র: ঢাকা পোস্ট

  • কুবিতে রঙ করতে গিয়ে ভবন থেকে পড়ে শ্রমিক নিহত; ছিল না নিরাপত্তা ব্যবস্থা !

    অনলাইন ডেস্ক:
    কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের পাঁচ তলা থেকে পড়ে ফারুক (৩০) নামে এক রঙমিস্ত্রী নিহত গিয়েছেন।রোববার (২৭ জুন) বেলা ১১টার দিকে শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হল রঙ করার সময় এ দুর্ঘটনা ঘটে।চিকিৎসাকেন্দ্রের সাথে কথা বলে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. আবু তাহের।রেজিস্ট্রার বলেন, দুর্ঘটনার পর আহত অবস্থায় তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

    তবে শ্রমিক নিরাপত্তার বিষয়ে তিনি বলেন, নিরাপত্তার বিষয়ে আমরা ঠিকাদারি প্রতিষ্ঠানকে সবসময় বলে এসেছি। এ ঘটনার সব দায়ভার তাদেরকে নিতে হবে। আমরা এ ব্যাপারে তাদের সাথে কথা বলেছি।

    খোঁজ নিয়ে জানা গেছে, কোভিড-১৯ পরিস্থিতির কারণে বন্ধ বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলসমূহ খোলার প্রস্তুতি হিসেবে বিশেষ প্রকল্পের আওতায় প্রতিটি হল সংস্কার কাজ চলছে। এই কাজের অংশ হিসেবে শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের সংস্কার কাজ চলছিল। তবে কোনো ধরনের নিরাপত্তা বেষ্টনী না রেখেই শ্রমিক দিয়ে কাজ করছিল সুরাইয়া এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। আর তাতেই পাঁচ তলা থেকে পড়ে যান হন এ শ্রমিক। পরবর্তীতে তাকে সেখান থেকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে নেওয়া হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

    এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের জ্যেষ্ঠ মেডিকেল কর্মকর্তা মাহমুদুল হাসান খান বলেন, শ্রমিকের অবস্থা বেশ আশঙ্কাজনক ছিল। তাই আমরা তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেছি। মেডিকেলের জরুরি বিভাগ থেকে তাকে মৃত ঘোষণা করা হয়।

    এ বিষয়ে শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের প্রাধ্যক্ষ ড. মোহাম্মদ জুলহাস মিয়াকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, এ ব্যাপারে আমি এখনো ইনফর্মড হইনি। বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ার দফতর এ ব্যাপারে ভালো বলতে পারবে।

    শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা যায়, ঠিকাদারি প্রতিষ্ঠান তাদের কোনো ধরনের নিরাপত্তা বেষ্টনীর ব্যবস্থা করেনি। ফলে ঝুঁকিপূর্ণ অবস্থায় তারা কাজ করতে বাধ্য হয়েছেন।

    এদিকে ঠিকাদারি প্রতিষ্ঠান সুরিয়া এন্টারপ্রাইজের মালিক ও কুমিল্লা সিটি কর্পোরেশনের ২৪ নং ওয়ার্ডের কাউন্সিলর ফজল খানকে একাধিক বার মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করেও পাওয়া যায় নি। পরে কাজে নিযুক্ত প্রতিষ্ঠানটির প্রতিনিধি আব্দুল হামিদ বলেন, দুর্ঘটনায় পর ফজল খান নিজেই হাসপাতাল গিয়েছেন। তবে নাম্বার বন্ধের বিষয়ে কিছু জানি না। তবে আমরা তার তদারকি করছি।

    এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল দপ্তরের নির্বাহী প্রকৌশলী মঃ আবদুল লতিফ বলেন, আমরা সার্বক্ষনিক তাদেরকে তদারকি করতে পারি না। কাজের শুরুতেই তাদের সাথে শর্ত ছিল শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এখন তারা কেন নিরাপত্তা নিশ্চিত করেনি সেটার জন্য তাদের জবাবদিহি করতে হবে।

  • সশরীরে ১১টি সেমিস্টারের পরীক্ষা শুরু হয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে !

    অনলাইন ডেস্ক:

    যথাযথ স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দূরত্ব বজায় রেখে পরীক্ষা নেয়া শুরু করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি)। রোববার (১৩ জুন) সকাল ১০টা থেকে বিভিন্ন বিভাগের পরীক্ষা শুরু হয়।

    বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রণ কার্যালয় সূত্রে জানা যায়, রোববার ৮টি বিভাগের ১১টি সেমিস্টার পরীক্ষা শুরু হয়েছে। পাশাপাশি বিভিন্ন বিভাগের মিডটার্ম পরীক্ষাও চলছে।

    পরীক্ষাগুলো হলো- লোকপ্রশাসন বিভাগের একটি সেমিস্টার, ব্যবস্থাপনা বিভাগের একটি, আইন বিভাগের একটি, মার্কেটিং বিভাগের একটি, ফার্মেসি বিভাগের একটি, পরিসংখ্যান বিভাগের দুইটি, আইসিটি বিভাগের দুইটি ও অ্যাকাউন্টটিং বিভাগের দুইটি।

    বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) ড. মো. আবু তাহের বলেন, ‘আমরা সামাজিক দূরত্ব বজায় রেখে পরীক্ষা নেয়া শুরু করেছি। পাশাপাশি শিক্ষার্থীদের বাধ্যতামূলক মাস্ক ব্যবহার করার জন্য নির্দেশনা দেয়া হয়েছে। যতটা সম্ভব জনসমাগম কমাতে বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। প্রতিটি অনুষদের সামনে পৃথক সাবান-পানির ব্যবস্থা করা হয়েছে।’

    প্রসঙ্গত, দেশের করোনা পরিস্থিতিতে গত ২৩ ফেব্রুয়ারি উপাচার্যের সঙ্গে ডিন ও প্রভোস্টদের এক সভা থেকে চলমান সব পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেয় কুবি প্রশাসন। পরে ৩ জুন একাডেমিক কাউন্সিলের সভা থেকে পুনরায় ১৩ জুন থেকে সশরীরে পরীক্ষা শুরু করার সিদ্ধান্ত নেয়া হয়।
    সূত্র: জাগো নিউজ

  • শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবিতে প্রশাসনিক ভবনে তালা দিয়ে কুবি শিক্ষার্থীদের বিক্ষোভ

    নিজস্ব প্রতিবেদক

    হাট বাজারে মানুষের ঢল, বন্ধ কেনো পরীক্ষার হল এমন শ্লোগানে উত্তাল কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রাঙ্গণ।

    রবিবার সকাল ১১টায় আন্দোলনরত শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনে তালা দিয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভ করে।

    স্বাস্থ্যবিধি মেনে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে গত ২৪ মে মানববন্ধন করে। দাবি আদায় না হওয়ায় পুনরায় আন্দোলনে নামে। আগামীকাল পুনরায় অবস্থান কর্মসূচীর ঘোষণা দেয়া হয়।পরে ক্যাম্পাস খোলার পক্ষে গণস্বাক্ষর গ্রহণ করেন তারা।

    এসময় অর্থনীতি বিভাগে শিক্ষার্থী রায়হান আবির বলেন, দেড় বছর ধরে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রেখে আমাদের অনেক পিছিয়ে দেওয়া হয়েছে। সরকার শিক্ষাপ্রতিষ্ঠান খুলে না দিয়ে বিভিন্ন টালবাহানা করছে। দেড় বছর ধরে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় আমরা ক্রমাগত পিছিয়ে পড়ছি। আজ আমি অর্নাস শেষ করার কথা ছিল অথচ দেড় বছর ধরে দ্বিতীয় বর্ষে আটকে আছি। আমার জীবন থেকে চলে যাওয়া এই দীর্ঘ সময় কে ফিরিয়ে দিবে? অনলাইনে পরীক্ষা নেওয়া একটা প্রহসন। ক্লাস রুমে বসে পরীক্ষায় অংশ নিতে চাই আমরা।

    কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. আবু তাহের বলেন, শিক্ষার্থীরা এক ঘন্টা প্রশাসনিক ভবনে তালা দিয়ে বিক্ষোভ করেছে। আগামীকাল এই সংক্রান্ত জাতীয় পর্যায়ে মিটিং আছে। উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী মহোদয় শিক্ষার্থীদের দাবি গুলো তুলে ধরবেন। আমরাও চাই পরীক্ষা গুলো অনুষ্ঠিত হোক। এটা তো আমাদের হাতে নেই। উধ্বর্তন কর্তৃপক্ষ সিদ্ধান্ত দিলে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু হবে।