Author: bikedokan@gmail.com

  • কাল রবিবার থেকে শুরু হচ্ছে টিসিবির পণ্য বিক্রি

    অনলাইন ডেস্ক:

    বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) সেপ্টেম্বর মাসের পণ্য বিক্রি শুরু হচ্ছে কাল রবিবার। নিম্ন আয়ের মানুষদের মধ্যে ভর্তুকি মূল্যে সরকার প্রতি মাসে সারা দেশে নিত্য পণ্য বিক্রি করে। এ কার্যক্রমে সারা দেশের এক কোটি পরিবারকে চাল, ভোজ্য তেল ও মসুর ডাল দেওয়া হবে।

    শনিবার (১৪ মে) টিসিবির যুগ্ম পরিচালক মো. হুমায়ুন কবির স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

    শুধু টিসিবির কার্ডধারী ভোক্তারা নির্ধারিত ডিলারের কাছ থেকে ভর্তুকি মূল্যে পণ্যগুলো কিনতে পারবেন।

    বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এক কোটি পরিবারকে সিটি করপোরেশন, জেলা ও উপজেলার টিসিবির নিজস্ব ডিলারের দোকান বা তাদের নির্দিষ্ট স্থায়ী স্থাপনা পণ্য বিক্রি করা হবে। যেখানে কার্ডধারীদের প্রতি কেজি চাল ৩০ টাকা দরে মোট ৫ কেজি, ১০০ টাকা লিটার দরে ২ লিটার ভোজ্য তেল ও ৬০ টাকা কেজি দরে ২ কেজি মসুর ডাল কিনতে পারবেন। জেলা ও উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায়, তাদের নির্ধারিত তারিখ এবং সময় অনুযায়ী বিক্রয় কার্যক্রম চলবে।

  • কুমিল্লায় ৮ টি মাজার গুঁড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা

    অনলাইন ডেস্ক:

    রাতে মাজারে বসে মাদক সেবনের অভিযোগে কুমিল্লার নাঙ্গলকোটে ৮টি মাজার গুঁড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা। সোমবার (৯ সেপ্টেম্বর) উপজেলার হেসাখাল ইউপির হিয়াজোড়া ও মৌকরা ইউপির ছোট ফতেপুর, তেতৈয়া ও খাঁটাচৌ গ্রামে এ ঘটনা ঘটে।

    গুড়িয়ে দেওয়া মাজারগুলো হলো- হিয়াজোড়া টিপুর আস্তানা, টিপুর বাপের দয়াল আবুল কাসেম মাজার, হিয়াজোড়া গণী শাহ মাজার, তেতৈয়া মাজার, বাঘমারা দেওয়ান শাহ মাজার, ফতেহপুর পেটান শাহ মাজার, খাটাচৌ গ্রামের মাজার ও খাটাচৌ শাহ জালাল নামে মাজার শরীফ।

    এলাকাবাসী সূত্রে জানা যায়, পিয়াজোড়া গ্রামের গোলাম মহিউদ্দিন টিপু নামের এক মাজার পূজারি সম্প্রতি তার আপন ছোট ভাই মারা গেলে ঢোল পিটিয়ে তাকে দাফন করেন। যার ভিডিও ফেসবুকে ভাইরাল হয়। পরে টিপু জনসম্মুখে এসে এমন ঘটনার জন্য ক্ষমা চান।

    এলাকাবাসীর দাবি, এইসব মাজারা রাত হলেই মাদকের হাট বসে। মাজারে মাদক ব্যবসায়ীরা এসে মাদক বিক্রি করায় এ এলাকার যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। এসব কাজে এলাকার মানুষ অতিষ্ঠ হয়ে একাধিকবার বাধা দিলেও তারা মানেনি। অবশেষে এলাকার বিক্ষুব্ধ জনতা এই মাজার নামের মাদকের আখড়া গুঁড়িয়ে দিয়েছে।

    এ বিষয়ে গোলাম মহিউদ্দিন টিপু বলেন, মুক্তিযুদ্ধের আগ থেকেই এখানে মাজার শরিফ রয়েছে। যার খেদমত আমরা করে আসছি। আমরা কোন রাজনৈতিক দলের সঙ্গে জড়িত না। সোমবার ভোররাতে অনেক লোক এসে মাজার গুড়িয়ে দিয়ে মাজারের গিলাফে আগুন ধরিয়ে দেয়। সেই সঙ্গে আমাদের বাড়িঘর ভাঙচুর করে লুটপাট করে নিয়ে যায়। কিছুদিন পূর্বে আমার কিছু ভিডিও ফেসবুকে ভাইরাল হয়। এতে আমি এলাকাবাসীর কাছে ক্ষমা চাই। আজকে যারা মাজার ও আমাদের বাড়িতে হামলা চালিয়েছেন দেশবাসীর কাছে তাদের শাস্তি দাবি করে বিচার দিয়ে গেলাম। আপনারা তাদের বিচার করবেন। 

    নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একে ফজলুল হক বলেন, মাজার গুঁড়িয়ে দেওয়ার ঘটনাটি শুনেছি। তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাউকে পায়নি। এখন পর্যন্ত কোনো অভিযোগ পায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

  • কুমিল্লায় স্কুল থেকে বাড়ি ফেরার পথে নৌকা ডুবে ২ ছাত্রীর মৃত্যু!

    মারুফ আবদুল্লাহ

    কুমিল্লার হোমনায় নৌকা ডুবে দুই স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। সোমবার (৯ সেপ্টেম্বর) বিকাল ৪টায় উপজেলার রামকৃষ্ণপুর কানাই শাহ ঘাটের কাছে তিতাস নদীর চরলহনীয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

    মৃতরা হলো– ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার চরলহনীয়া গ্রামের আবু মুছার মেয়ে সামিয়া (১২); একই গ্রামের গোলাম মোস্তফার মেয়ে সামিয়া আক্তার (১২)। তারা রামকৃষ্ণপুর কামালস্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী।

    প্রত্যক্ষদর্শীরা জানান, বিকাল ৪টায় রামকৃষ্ণপুর কামাল স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয় ও রামকৃষ্ণপুর কেকেআরকে উচ্চ বিদ্যালয় ছুটি হয়। সে সময় নৌকায় বাঞ্ছারামপুর উপজেলার চরলহনীয়া, কলাকান্দি ও নিজকান্দির শিক্ষার্থীরা খেয়াঘাটে আসে। পরে ৩০-৩২ জন ছাত্র-ছাত্রী ও অন্য যাত্রী নিয়ে একটি নৌকা ছেড়ে যায়। 

    চরলহনীয়া গ্রামের কাছাকাছি গেলে বালুবাহী নৌকার ঢেউ লেগে নৌকাটি ডুবে যায়। সবাই সাঁতরে পাড়ে আসলেও দুজন ডুবে মারা যায়।

    হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন  বলেন, ‘বাঞ্ছারামপুরের প্রায় ৮০ জন শিক্ষার্থী হোমনার বিভিন্ন স্কুলে পড়ে। তারা হাট-বাজার করে আমাদের হোমনায় এসে। আজ বিকালে স্কুল ছুটি হলে শিক্ষার্থীরা নদী পার হয়ে বাসায় ফিরছিল। ঘাট ছেড়ে যাওয়ার পর নৌকাটি ডুবে যায়। এ সময় শিক্ষার্থীরা কোনোমতে কিনারায় আসে। কিন্তু দুজন আসতে পারেনি। তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তাদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

  • যুবককে কুপিয়ে হত্যা, হাত কেটে নিয়ে গেল খুনী!

    অনলাইন ডেস্ক:

    কুমিল্লার দাউদকান্দিতে দিনদুপুরে এক যুবককে কুপিয়ে হত্যার পর ডান হাত কেটে নিয়ে গেছে দুর্বৃত্তরা। আজ শনিবার বেলা ১১টার দিকে উপজেলার ওলানপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। তবে কী কারণে এবং কারা এ ঘটনা ঘটিয়েছে, তা জানা যায়নি।

    নিহত ওই যুবকের নাম মো. মহিউদ্দিন (৩৫)। তিনি একই গ্রামের বাসিন্দা এবং পেশায় দিনমজুর ছিলেন। ওলানপাড়া গ্রামের একাধিক বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে জানান, মহিউদ্দিন মাদকাসক্ত ছিলেন।

    মহিউদ্দিনের মা মনোয়ারা বেগম ও বড় ভাই মো. মহসীন জানান, মহিউদ্দিন দিনমজুর হিসেবে যখন যে কাজ পেতেন, তা–ই করতেন। তিনি রাজনৈতিক কোনো দলের সঙ্গে সম্পৃক্ত ছিলেন না। তাঁর কোনো শক্রও ছিল না। কিন্তু কে বা কারা আজ দিনদুপুরে বসতবাড়িসংলগ্ন মসজিদের কাছে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে তাঁর ডান হাত বিচ্ছিন্ন করে নিয়ে গেছে।

    পরে স্থানীয় বাসিন্দাদের কয়েকজন তাঁকে উদ্ধার করে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক জান্নাতুল নাঈম। তিনি জানান, মহিউদ্দিনকে মৃত অবস্থায় আনা হয়েছে। তাঁর ডান হাত পাওয়া যায়নি। কনুইয়ের ওপর থেকে হাত বিচ্ছিন্ন করা হয়েছে। হাত বিচ্ছিন্ন করার পর অতিরিক্ত রক্তক্ষরণে তাঁর মৃত্যু হয়েছে। এ ছাড়া তাঁর মাথা–পাসহ শরীরের বিভিন্ন অংশে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন আছে।

    দুষ্কৃতকারীরা অল্প সময়ের মধ্যে এ ঘটনা ঘটিয়ে পালিয়ে গেছে বলে জানান ওলানপাড়া গ্রামের বাসিন্দা ও গৌরীপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান মো. শাহ আলম সরকার। তিনি বলেন, পুলিশের তদন্তের পরই এ হত্যাকাণ্ডের আসল রহস্য বেরিয়ে আসবে।

    এ বিষয়ে দাউদকান্দি মডেল থানার উপপরিদর্শক সাইদুল ইসলাম বলেন, লাশের প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। জড়িত ব্যক্তিদের বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে। রাতে বিচ্ছিন্ন হাতটি উদ্ধার করে পুলিশ।

  • কুমিল্লায় পরকীয়া প্রেমিকের হাতেই খুন হয়  মা- ছেলেসহ ৩ জন! ঘাতক আটক

    অনলাইন ডেস্ক:

    কুমিল্লায় মা-ছেলে ও ভাতিজিসহ তিনজনকে হত্যার ঘটনায় একজনকে আটক করা হয়েছে। শুক্রবার (৬ সেপ্টেম্বর) রাতে হোমনার শ্রীমদ্দি চরের গাও এলাকা থেকে অভিযুক্ত আক্তার হোসেনকে (২৭) গ্রেপ্তার করে পুলিশ।

    বুধবার (৪ সেপ্টেম্বর) রাতে উপজেলার ঘাগুটিয়া ইউনিয়নের বড় ঘাগুটিয়া গ্রামে ওই হত্যাকাণ্ড ঘটে। নিহতরা হলেন- ঘাগুটিয়া এলাকার মো. শাহপরানের স্ত্রী মাহমুদা আক্তার (৩৫), তাদের ৯ বছরের ছেলে সাহাত এবং ভাতিজী তিশা (১৪)।

    হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন জানান, নিহত মাহমুদার সঙ্গে গ্রেপ্তার আক্তার হোসেনের দীর্ঘদিনের পরকীয়া প্রেম ছিল। এই সুবাদে আক্তারের কাছ থেকে মাহমুদা ৪০ হাজার টাকা ধার নেন। সেই টাকা দিতে ব্যর্থ হলে আক্তার তার ওপর ক্ষিপ্ত হন। গত ৪ সেপ্টেম্বর সন্ধ্যায় আক্তারকে পাওনা টাকা ফেরত দেবেন বলে বাড়িতে ডাকেন মাহমুদা। এক পর্যায়ে দুজন তর্কে জড়িয়ে পড়েন। এ সময় মাহমুদার মাথায় আঘাত করে গলায় ওড়না পেঁচিয়ে হত্যা করেন প্রেমিক আক্তার।

    এ ঘটনা দেখে ফেলায় মাহমুদার ছেলে সাহাত এবং ভাতিজী তিশাকেও মাথায় আঘাত করে ও গলায় ওড়না পেঁচিয়ে হত্যা করে পালিয়ে যান আক্তার। পরদিন সকালে প্রতিবেশীরা তাদের লাশ দেখে থানায় খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

    তিনি আরও বলেন, এ ঘটনায় নিহত মাহমুদার বাবা থানায় একটি হত্যা মামলা করেছেন। এরপর শুরু হয় তদন্ত। তথ্যপ্রযুক্তির সহায়তায় আক্তারকে শনাক্ত করতে শুক্রবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

    শনিবার বিকেলে আদালতে তোলা হলে ঘটনার দায় স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দেন আক্তার।

  • ন্যাশনাল ডক্টরস’ ফোরাম কুমিল্লা শাখার নতুন কমিটি 

    (হাসিবুল ইসলাম সজিব, কুমিল্লা)

    ন্যাশনাল ডক্টরস ফোরাম কুমিল্লা শাখার ২০২৪-২৫ সালের কমিটি গঠিত হয়েছে। শুক্রবার রাতে কুমিল্লার একটি সম্মেলন কেন্দ্রে এনডিএফের চিকিৎসক সমাবেশে এ কমিটি ঘোষণা করা হয়। কার্যকরী কমিটিতে সভাপতি পদে ডা. জহির উদ্দিন মোহাম্মদ বাবর এবং সাধারণ সম্পাদক পদে অধ্যাপক ডা. জহিরুল আলমের নাম ঘোষণা করা হয়। নতুন কমিটির নাম ঘোষণা করেন জামায়াত ইসলামীর মহানগর আমির কাজী দ্বীন মোহাম্মদ এবং ডা. মজিবুর রহমান।
    কমিটির উপদেষ্টা পরিষদে রয়েছেন ১২জন। তারা হলেন-  প্রফেসর ডা. মোহাম্মদ বেলাল, প্রফেসর ডা. আতাউর রহমান, প্রফেসর ডা. মিজানুর রহমান,ডা. এন এম শাহাজাহান, প্রফেসর ডা. মাহবুবুল ইসলাম মজুমদার, প্রফেসর ডা. সফিকুর রহমান পাটোয়ারী, ডা. ফজলুর রহমান মজুমদার, ডা. মাহফুজুল হক, ডা. এম এ মান্নান, ডা. মোহাম্মদ আব্দুস সাত্তার, ডা. মেজর (অব) নুরুস সাফী ও ডা. মাসুদ হাসান। 

    কমিটির সহ-সভাপতি পদে প্রফেসর ডা. নাসির উদ্দিন মাহমুদ ও ডা. জাহাঙ্গীর আলম মজুমদার, যুগ্ম সাধারণ সম্পাদক পদে ডা. মো. জুয়েল রানা, ডা. গিয়াস উদ্দিন ও ডা. মো.আরিফ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক পদে  ডা. কাউছার হামিদ, বিজ্ঞান বিষয়ক সম্পাদক পদে ডা. শাহ আলম, অর্থ সম্পাদক পদে ডা. জাবেদ আহমেদ, সমাজসেবা সম্পাদক পদে ডা. মঞ্জুর আহমেদ সাকি, অফিস সম্পাদক পদে ডা. আল আমিন সোহাগ, প্রচার সম্পাদক পদে ডা. হাসেম আব্দুল্লাহ, সাহিত্য বিষয়ক সম্পাদক পদে ডা. মোবারক হোসেন, মহিলা ডাক্তার বিষয়ক সম্পাদক পদে ডা. সানজিদা সুলতানা, সহ-মহিলা ডাক্তার বিষয়ক সম্পাদক পদে ডা. তাসাফী বিনতে আনোয়ার, ছাত্র বিষয়ক সম্পাদক পদে ডা. আশরাফুল ইসলাম, সহ-ছাত্র বিষয়ক সম্পাদক পদে ডা. সাইদুর রহমান এবং সদস্য পদে ডা. আবু মোহাম্মদ, ডা. মো. সাইফুল হক, ডা. মহিউদ্দিন, ডা. আহসান উল্লাহ রুমী, ডা. জানে আলম, ডা. আবুল হাসেম মনসুর, ডা. মাকসুদ উল্লাহ, ডা. শরীফ মজুমদার, ডা. নাজমুল হোসাইন সৈকত,ডা. আয়শা কবির ও ডা. নাহিন তানিয়া।

    উল্লেখ্য, প্রফেসর ডা. ইউসুফ আলী ১৯৮৯সালে  ১৯ মে ৩৫ জন নিয়ে চিকিৎসক নিয়ে  ন্যাশনাল ডক্টরস’ ফোরাম  প্রতিষ্ঠিত করেন। এনডিএফ প্রতিষ্ঠার হওয়ার  পর থেকেই কুমিল্লায় কার্যক্রম শুরু হয় । এনডিএফ সংঘটিত করেন ডা. এন এম শাহজাহান, ডা. ফজলুর রহমান মজুমদার
    ডা. শফিকুর রহমান পাটোয়ারী, ডা. মুজিবুর রহমান। ১৯৯৭ সালে একটি কমিটি গঠিত হয় এবং ১৯৯৯ সালে পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়।

  • কুমিল্লায় দুমড়ে মুচড়ে যাওয়া মাইক্রোবাস থেকে ৫ মাসের শিশুসহ ৪ জনের মরদেহ উদ্ধার

    অনলাইন ডেস্ক:

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রামে পিকআপ ভ্যান, মাইক্রোবাস ও বাসের মধ্যে ঘটা দুর্ঘটনায় মাইক্রোবাসের চার আরোহী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে এক শিশুও রয়েছে।

    শুক্রবার সকাল পৌনে ৭টার দিকে মহাসড়কের চৌদ্দগ্রাম উপজেলার বাতিসা-নানকরা এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন চৌদ্দগ্রামের মিয়াবাজার হাইওয়ে থানার ওসি রইস উদ্দিন।

    হাইওয়ে পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নিয়েছে। তবে তাৎক্ষণিক তাদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

    সকাল ৯টার দিকে ওসি রইস উদ্দিন জানান, বাতিসা-নানকরা এলাকায় মহাসড়কের ঢাকামুখী লেনে একটি পিকআপ ভ্যান দাঁড়ানো ছিল। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি মাইক্রোবাস পিকআপ ভ্যানটিকে ধাক্কা দেয়।

    মাইক্রোবাসটির পেছনে ছিল ফেনী থেকে ঢাকাগামী স্টার লাইন পরিবহনের একটি বাস। ওই বাসটি ধাক্কা দেয় মাইক্রোবাসটিকে।

    এতে মাইক্রোবাসটি দুমড়ে মুচড়ে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়।

    ওসি বলেন, মরদেহ এবং দুর্ঘটনাকবলিত যানবাহন উদ্ধার করে থানায় আনা হয়েছে। নিহতদের স্বজনদের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে।

  • ‘সেন্টমার্টিনে যেতে রেজিস্ট্রেশন নিয়ে আলোচনা হয়েছে, সিদ্ধান্ত ঘোষণা করেনি’

    অনলাইন ডেস্ক:

    সেন্টমার্টিনে যেতে রেজিস্ট্রেশন করতে হবে’ এ শিরোনামে বিভিন্ন গণমাধ্যমে যে খবর প্রকাশিত হয়েছে তা সত্য নয় বলে জানিয়েছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। বৃহস্পতিবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

    এতে বলা হয়, সেন্টমার্টিনে যেতে রেজিস্ট্রেশন করতে হবে, এমন কোনো সিদ্ধান্ত গ্রহণ করেনি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় বা পরিবেশ অধিদপ্তর। 

    বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৃহস্পতিবার কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপে সিঙ্গেল ইউজ প্লাস্টিক ব্যবহার বন্ধে একটি সেমিনার অনুষ্ঠিত হয়। ওই সেমিনারে সেন্টমার্টিন দ্বীপের পরিবেশ ও প্রতিবেশ রক্ষায় অংশীজনদের সঙ্গে বিস্তারিত আলোচনা হয়। 

    আলোচনায় সেন্টমার্টিন দ্বীপে সিঙ্গেল ইউজ প্লাস্টিক বন্ধে গুরুত্ব দেওয়া হয়। সেখানে সেন্টমার্টিন দ্বীপে যাওয়ার জন্য রেজিস্ট্রেশন সিস্টেম চালুর প্রয়োজনীয়তার বিষয়টি আলোচিত হলেও এ বিষয়ে পরিবেশ অধিদপ্তর কোনো সিদ্ধান্ত ঘোষণা করেনি। অর্থাৎ পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় বা পরিবেশ অধিদপ্তর এ ধরনের কোনো সিদ্ধান্ত নেয়নি। 

  • কুমিল্লায় বসত ঘর থেকে  মা ও শিশুসহ ৩ জনের রক্তাক্ত লাশ উদ্ধার!

    মারুফ আবদুল্লাহ, কুমিল্লা

    কুমিল্লার হোমনায় মা ও শিশুসন্তানসহ তিন জনকে ঘরে ঢুকে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার রাতে উপজেলার বড় ঘাগুটিয়া গ্রামে এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন।

    নিহতরা হলেন– বড় ঘাগুটিয়া গ্রামের শাহ পরানের স্ত্রী মাহমুদা বেগম (৩৫), তাদের ছেলে সাহাব উদ্দিন (৯) এবং ভাগনি তিশা আক্তার (১৪)।

    ওসি জানান, শাহ পরান ঢাকায় চাকরি করেন। বুধবার রাতে তার স্ত্রী, শিশু সন্তান এবং প্রতিবেশী মামাতো ভাইয়ের কিশোরী মেয়ে তিশা ঘুমিয়েছিলেন। রাতের কোনও এক সময় তাদের দুর্বৃত্তরা  হত্যা করে গলায় ওড়না পেঁচিয়ে খাটের ওপর রেখে পালিয়ে যায়। বৃহস্পতিবার সকালে স্থানীয়রা তিন জনের মরদেহ একই কক্ষে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পুলিশ মরদেহগুলো উদ্ধার করেছে। মরদেহগুলোর মাথায় আঘাতের চিহ্ন আছে। ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

    এ ঘটনায় তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি।

  • মিরাজের সিরিজ সেরা পুরস্কারের অর্থ ছাত্র আন্দোলনে নিহত রিকশাচালকের পরিবারকে দেওয়ার ঘোষণা

    পাকিস্তানের বিপক্ষে সিরিজে দুর্দান্ত খেলেছেন মেহেদী মিরাজ। প্রথম টেস্টে ১০ উইকেটে জেতে দল। ওই ম্যাচে প্রথম ইনিংসে ফিফটি করেন ও দ্বিতীয় ইনিংসে ৪ উইকেট নেন তিনি। 

    দ্বিতীয় টেস্টে ৬ উইকেটে জিতে পাকিস্তানকে ‘বাংলাধোলাই’ করেছে টাইগাররা। মিরাজ দলের বিপর্যয়ে দাঁড়িয়ে ৭৮ রানের ইনিংস খেলেন। তার আগে প্রথম ইনিংসে তুলে নেন ৫ উইকেট। 

    সিরিজে দারুণ খেলায় প্রথমবার দেশের বাইরে সিরিজের সেরা খেলোয়াড় হয়েছেন মিরাজ। সিরিজ সেরা এই পুরস্কারের অর্থ গত জুলাই-আগস্টে দেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আহত হয়ে পরে নিহত হওয়া এক রিকশাচালকের পরিবারকে দেওয়ার ঘোষণা দিয়েছেন মিরাজ। 

    পুরস্কার নেওয়ার পর মিরাজ বলেন, দেশ অনেক খারাপ সময়ের মধ্য দিয়ে গেছে। ছাত্র আন্দোলনের সময় এক রিকশাচালক আহত হন, পরে তিনি মারা গেছেন। এই ম্যাচ সেরার অর্থ আমি তার পরিবারকে দিয়ে পাশে দাঁড়াতে চাই। 

    এর আগে সিরিজ সেরা হওয়ার বিষয়ে মিরাজ বলেন, অলরাউন্ডার হিসেবে আমার কাজটা কঠিন ছিল। তবে আমি মুশফিক ও লিটনের সঙ্গে স্ট্রাইক রোটেড করে খেলতে চেয়েছিলাম। পাঁচ উইকেট পাওয়ায় সত্যিই খুশি। টি-২০ বিশ্বকাপে ছিলাম না, যে কারণে দেশে টেস্টের জন্য প্রস্তুত হওয়ার সময় পেয়েছি। যে কারণে টিম ম্যানেজমেন্টকে ধন্যবাদ।