Author: bikedokan@gmail.com

  • এশিয়ান চ্যাম্পিয়নশিপ পদকপ্রাপ্ত কুমিল্লার মাহিনের পাশে ভিভাসিটি ফুড কোর্ট

    গত  ফেব্রুয়ারি ইন্ডিয়ার নয়া দিল্লিতে অনুষ্ঠিত হয় ৬ষ্ঠ এশিয়ান সাবাতে চ্যাম্পিয়নশিপ-২০২৫ প্রতিযোগিতায় এশিয়ার ১৬ টি দেশ অংশগ্রহণ করে। বাংলাদেশ থেকে ১২জনের একটি টিম প্রতিযোগিতায়ে অংশগ্রহণ করে।

     উক্ত প্রতিযোগিতায় রৌপ্য পদক অর্জন করে বাংলাদেশের সুনাম বয়ে আনে কুমিল্লার কৃতি সন্তান মোফাজ্জাল মাহিন চৌধুরী। পদক জয়ী মাহিনের সার্বিক সহযোগিতায় ছিল  Vivacity Food Court। তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

    আগামী ২৮ শে ফেব্রুয়ারি চট্টগ্রাম অনুষ্ঠিত হতে যাচ্ছে “একুশে চ্যালেঞ্জার উন্মুক্ত কারাতে প্রতিযোগিতা-২০২৫”। উক্ত প্রতিযোগিতায় কুমিল্লার একমাত্র খেলোয়ার হিসেবে অংশগ্রহণ করবে মোফাজ্জাল মাহিন চৌধুরী। উক্ত প্রতিযোগিতায় সম্পূর্ণ রূপের সহযোগিতায় থাকবে Vivacity Food Court। 

  • দুর্দান্ত জয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ইংল্যান্ডকে বিদায় করলো আফগানিস্তান!

    ইব্রাহিম জাদরানের অবিশ্বাস্য ব্যাটিংয়ে লাহোরে ৩২৫ রান করে আফগানিস্তান। একই মাঠে আগের ম্যাচে সাড়ে তিনশর বেশি রান তাড়া করার প্রেরণা নিয়ে তাদেরকে চ্যালেঞ্জ ছুড়ে দেয় ইংল্যান্ড। তবে আইসিসি বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার আজমতউল্লাহ ওমরজাইয়ের দারুণ বোলিংয়ে পেরে ওঠেনি তারা। ব্যাটিংয়ে চমৎকার অবদান রাখার পর বল হাতে ম্যাচ ঘুরিয়ে দেন তিনি। তাতে ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপের পর আবারও ইংল্যান্ডকে বধ করে আফগানরা। একই সঙ্গে বাংলাদেশ ও পাকিস্তানের পর তৃতীয় দল হিসেবে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বিদায় নিলো ইংলিশরা। ইনিংসের এক বল বাকি থাকতে তাদের অলআউট করে ৮ রানে জেতে আফগানিস্তান।

    ৩২৬ রানের লক্ষ্য দিয়ে ফিল সল্টকে (১২) বোল্ড করে উদ্বোধনী জুটি ভাঙেন আজমত। অস্ট্রেলিয়ার বিপক্ষে আগের ম্যাচে দারুণ ইনিংস খেলা বেন ডাকেট (৩২) এবার ব্যর্থ। তবে জো রুটের ব্যাটে যখন ইংল্যান্ড চোখ রাঙাচ্ছিল, তখন আরও দুইবার ব্রেকথ্রু করেন আফগানিস্তানের ফাস্ট বোলার। তারপর শেষটাও করে দিয়ে আসেন তিনি। ৯.৫ ওভারে ৫৮ রান দিয়ে পাঁচ উইকেট নেন আজমত।

    জস বাটলারের (৩৮) সঙ্গে রুটের জুটি অস্বস্তিতে রেখেছিল আফগানিস্তানকে। আজমত ভেঙে দেন ৮৩ রানের জুটি। বাটলার (৩৮) ফিরে গেলেও রুট একপ্রান্ত আগলে রেখে ইংল্যান্ডকে এগিয়ে নিতে থাকেন। ৪৬তম ওভারে তাকে ফিরিয়ে দেন আজমত। ১১১ বলে ১১ চার ও ১ ছয়ে ১২০ রানে কিপার রহমানউল্লাহ গুরবাজের ক্যাচ হন রুট।

    ২৫ বলে তখন ইংল্যান্ডের দরকার ৩৯ রান। সপ্তম ব্যাটার হয়ে রুট প্যাভিলিয়নে ফিরলেও পথ হারায়নি তারা। নেমেই চার মারেন জোফরা আর্চার। পরের ওভারে তিনি আরেকটি বাউন্ডারি ও ডাবলসে রান বের করে নেন।

    আজমতকে একটি চার মেরে জেমি ওভারটনও (৩২) আফগানদের ঘাম ছুটান। দুই বল পরই এই ফাস্ট বোলারের শিকার তিনি।

    শেষ ২ ওভারে দুই উইকেট নিয়ে ১৬ রান দরকার ছিল ইংলিশদের। শেষের আগের ওভারে পঞ্চম বলে ফজল হক ফারুকী আর্চারকে ফিরিয়ে তাদেরকে ব্যাকফুটে ফেলেন। ওই ওভারে মাত্র ৩ রান করে ইংল্যান্ড। শেষ ওভারে লাগে ১৩ রান। আজমত বোলিংয়ে এসে প্রথম চার বলে সিঙ্গেল দেন। পঞ্চম বলে লং অনে ইব্রাহিমের ক্যাচ হন আদিল রশিদ। ৩১৭ রানে ইংল্যান্ডকে অলআউট করে জয়ের আনন্দে ভাসে আফগানরা।

    এর আগে ইব্রাহিম ১৪৬ বলে ১৭৭ রানের রেকর্ড গড়া ইনিংস খেলেন। ওয়ানডেতে নিজের সর্বোচ্চ ব্যক্তিগত রানের কীর্তিকে পেছনে ফেলেন তিনি। এছাড়া চ্যাম্পিয়ন্স ট্রফিতে গড়েছেন সর্বোচ্চ রানের রেকর্ড। ম্যাচসেরার পুরস্কারও উঠেছে তার হাতে।

  • তারেক রহমানের নাম উচ্চারণ করতে অজু করে নেবেন: বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লা বুলু

    অনলাইন ডেস্ক:

    বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লা বুলু বলেছেন, ‘গত দুই-তিন দিন ধরে কয়েকজন অর্বাচীন কিছু কথাবার্তা বলেছেন। 

    তারা বলেছেন, রাষ্ট্রপতি জিয়াউর রহমান যদি নেতা হন, তাহলে তার ছেলেও নেতা হবেন নাকি? আমি সুস্পষ্ট ভাষায় তাদের বলতে চাই, তারেক রহমানের নাম উচ্চারণ করতে হলে অজু করে নেবেন। কারণ দেশের বৃহত্তর রাজনৈতিক দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানই হলেন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যোগ্য উত্তরসূরি তারেক রহমান। কাজেই আপনাদের মতো নাবালক উপদেষ্টা, নাবালক নেতারা এভাবে কথাবার্তা বলবেন না। দেশ ও জনগণকে বিভক্ত করবেন না। তারেক রহমান বাংলাদেশে ফিরবেন।

    মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিকালে কুমিল্লা মহানগর বিএনপির সম্মেলনে উদ্বোধক বক্তা হিসেবে এসব কথা বলেন তিনি। নগরের কান্দিরপাড় এলাকায় টাউন হল মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

    বরকতউল্লা বুলু বলেন, ‘তারেক রহমানই জুলাই আন্দোলনের একমাত্র দাবিদার। আন্দোলনের সময় তিনি আমাদের মাধ্যমে কীভাবে অর্থ সরবরাহ করেছেন, তা আমরা জানি। আমি শেখ হাসিনাকে একটি কারণে ধন্যবাদ দিতে চাই। কারণ গত ১৫ বছর আওয়ামী লীগের অত্যাচারে বিএনপি এখন উপমহাদেশের বৃহত্তর রাজনৈতিক দলে রূপ নিয়েছে। আমাদের দলটি এখন সোনার কাঠিতে রূপান্তরিত হয়েছে।’

    সম্মেলনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য থাকতেই পারে। কিন্তু মতপার্থক্যের মধ্যে বিভেদ সৃষ্টি করা যাবে না। 

    এতে ক্ষতিগ্রস্ত হবে দেশ ও গণতান্ত্রিক দলগুলো। তাই আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা যত বেশি ঐক্যবদ্ধ থাকবো, তত বেশি গণতন্ত্রের বিরুদ্ধে পরিকল্পনাকারীদের ষড়যন্ত্র ভেস্তে যাবে। বাংলাদেশে এই মুহূর্তে নির্বাচন বিলম্বিত হলে কারা সুবিধাপ্রাপ্ত হবে, এটাও দেখার বিষয়। 

    বিএনপি বিশ্বাস করে, জনগণই সকল ক্ষমতার উৎস। বাংলাদেশে গণতন্ত্রের চর্চা যত অব্যাহত রাখা যায়, তত বেশি বাংলাদেশের মানুষ ষড়যন্ত্রের হাত থেকে নিরাপদে থাকবে। দেশে যদি ভোটের অধিকার নিশ্চিত থাকে, তাহলে বিএনপি সাংগঠনিকভাবে শক্তিশালী হবে। যদি আগামী নির্বাচনে ২৮০ আসনও বিএনপি পায়, তবু এককভাবে সরকার গঠন করবে না। যারা আমাদের সঙ্গে আন্দোলন-সংগ্রামে আছে এবং ছিল, সবাইকে নিয়ে জাতীয় সরকার গঠন করবো। ওই সরকারই দেশ চালাবে।’

    মহানগর বিএনপির সদস্য সচিব ইউসুফ মোল্লার সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য দেন বিএনপির কুমিল্লা অঞ্চলের সাংগঠনিক সম্পাদক মো. সেলিম ভূঁইয়া, বিএনপির কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ও কুমিল্লা দক্ষিণ জেলার আহ্বায়ক জাকারিয়া তাহের, বিএনপির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক আমিন উর রশিদ এবং সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া।

  • শ্বশুরবাড়ি যাওয়ার পথে কুমিল্লা বিশ্বরোডে সড়ক দুর্ঘটনায় নিহত  সাংবাদিক মাসুমা!

    অনলাইন ডেস্ক:

    বেসরকারি টেলিভিশনের সাংবাদিক মাসুমা আক্তার মারা গেছেন। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) ভোর রাতে মাসুমা আক্তার ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি ‘এখন টিভিতে’ কর্মরত ছিলেন।

    জানা গেছে, মাসুমাকে নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকার বেসরকারি হাসপাতাল থেকে মিরপুরে নেওয়া হয়েছে। সেখানে গোসলসহ লাশ সংরক্ষণের যাবতীয় কার্যক্রম শেষে নাটোরের গুরুদাসপুর নারায়ণপুরে গ্রামের বাড়িতে নিয়ে রওনা হবেন তার স্বজনরা। সেখানে তার জানাজা অনুষ্ঠিত হবে।

    গত শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সকালে মাসুমা আক্তার শ্বশুরবাড়ি কুমিল্লায় যাচ্ছিল। কুমিল্লার নূরজাহান হোটেলের সামনে এক সড়ক দুর্ঘটনায় মাসুমা ও তার স্বামী আহত হন। সেখান থেকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ নিউরো সার্জারি বিভাগের ২০০ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানে তার আইসিইউর প্রয়োজন হয়। সেখান থেকে তাকে নারায়ণগঞ্জের একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে চিকিৎসা দেওয়া হচ্ছিল।

    মাসুমা ২০২৪ সালে এখন টিভির রিপোর্টার হিসেবে রাজশাহীতে যোগ দেন। এর আগে দীর্ঘ সময় কাজ করেছেন বাংলার জনপদ নামের রাজশাহীর একটি অনলাইনে।

  • কুমিল্লায় মসজিদে ঢুকে নামাজরত অবস্থায় হামলা-ভাঙচুর; কি ঘটে ছিল বায়তুল আকসা জামে মসজিদে? 

    অনলাইন ডেস্ক:

    ক্রিকেট খেলার জেরে কুমিল্লার দেবিদ্বারে মসজিদে ঢুকে নামাজরত অবস্থায় হামলা-ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় মুসল্লিদের ওপরও হামলা চালানো হয়।এ ঘটনায় মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদকসহ অন্তত চারজন আহতের খবর পাওয়া গেছে।

    শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে দেবিদ্বার পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড ফতেহাবাদ দক্ষিণ পাড়া বায়তুল আকসা জামে মসজিদে এ ঘটনা ঘটে।

    আহতরা হলেন মসজিদ পরিচালনা কমিটির সেক্রেটারি মো. ইব্রাহীম, ফতেহাবাদ গ্রামের ইসমাইল (৩৫), কামরুল (১৯) ও কাওসার (২৮)। এদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় ইব্রাহীমকে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে।

    প্রত্যক্ষদর্শীরা জানান, এক মাস আগে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে পার্শ্ববর্তী নয়াকান্দি গ্রামের ছেলেদের সঙ্গে ফতেহাবাদ দক্ষিণপাড়া গ্রামের ছেলেদের মারামারি হয়। ওই ঘটনার জের ধরে শুক্রবার বিকালে নয়াকান্দি গ্রামের একজনকে মারধর করা হয়। রাত ৮টার দিকে নয়াকান্দি গ্রামের ছেলেরা ফতেহাবাদ গ্রামের কামরুলকে রাস্তায় পেয়ে মারধর করে। এসময় কামরুলের সাথে থাকা সহপাঠীরা দৌড়ে মসজিদে আশ্রয় নিলে তারা সেখানে গায়ে নামাজরত মুসল্লিদের এলোপাতাড়ি মারধর করে এবং মসজিদে ভাঙচুর চালায়। মুসল্লিরা তাদের বাধা দিলে তারা মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ইব্রাহীমকেসহ চারজন পিটিয়ে আহত করে। এ পর্যায়ে মসজিদের ইমাম মাইক দিয়ে ঘোষণা দেন মসজিদে ডাকাত পড়েছে। পরে তারা পালিয়ে যায়। খবর পেয়ে দেবিদ্বার ধানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

    মসজিদের ইমাম মাওলানা. আবদুল আউয়াল বলেন, ১০ থেকে ১২ জন যুবক মসজিদে ঢুকে এলোপাতাড়ি দরজা, জানালা ও গ্লাস ভাঙচুর করে। তাদের প্রত্যেকের হাতে রড, হকিস্টিক ও পাইপ ছিল।

     এ সময় মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদব ইব্রাহীম বাধা দিলে তাকে পিটিয়ে গুরুতর আহত করা হয়। পরে মসজিদের মাইকে ডাকাত পড়েছে বলে ঘোষণা দিলে তারা পালিয়ে যায়।

    এ বিষয়ে দেবিদ্বার থানার পরিদর্শক (তদন্ত) শাহিনুল ইসলাম বলেন, ক্রিকেট খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মারামারি ঘটনায় এক পক্ষের ছেলেরা মসজিদ ভাঙচুর করেছে। খবর পেয়ে  ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

  • কুমিল্লায় জনসম্মুখে স্বর্ণ দোকানে ডাকাতি, ব্যবসায়ী গুলিবিদ্ধ , আটক ১

    অনলাইন ডেস্ক:

     কুমিল্লার চৌদ্দগ্রামে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ও পিস্তলের মুখে জিম্মি করে স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে। সংঘবদ্ধ ডাকাতচক্র প্রায় ৩৫ ভরি স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে গেছে। ডাকাতি ঠেকাতে গিয়ে গুলিবিদ্ধ হয়েছেন মোশারফ হোসেন নামের এক ব্যবসায়ী।

    শনিবার (৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে চৌদ্দগ্রামের মিয়াবাজার মসজিদ মার্কেটের নিচতলায় অবস্থিত প্রীতি জুয়েলার্সে এ ডাকাতির ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, এশার নামাজ চলাকালীন সময়ে ৫-৭ জনের এক সংঘবদ্ধ ডাকাতচক্র ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে। এরপর পিস্তলের ভয় দেখিয়ে দোকানের ভেতরে প্রবেশ করে সবাইকে জিম্মি করে স্বর্ণালঙ্কার লুট করে তারা।ডাকাতি চলাকালীন বিসমিল্লাহ টেলিকমের ব্যবসায়ী মোশারফ হোসেন ‘ডাকাত ডাকাত’ বলে চিৎকার করলে ডাকাতরা তাকে লক্ষ্য করে গুলি চালায়।ডাকাতরা পালিয়ে যাওয়ার সময় ব্যবসায়ীরা এক সন্দেহভাজন ডাকাতকে ধরে ফেলেন এবং তাকে পুলিশের হাতে তুলে দেন।

     পুলিশ ঘটনাস্থলে পৌঁছে একটি নোহা মাইক্রোবাস উদ্ধার করেছে। চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ জানান, “ডাকাতির ঘটনায় একজন সন্দেহভাজন ডাকাতকে আটক করা হয়েছে। বাকি ডাকাতদের ধরতে অভিযান চলছে।”প্রীতি জুয়েলার্সের মালিক রবীন্দ্র দত্ত জানান, তার ভাতিজা পলাশ দত্ত দোকানে ছিলেন। হঠাৎ ডাকাতদল প্রবেশ করে অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালঙ্কার নিয়ে যায়। ব্যবসায়ীরা এই ঘটনায় আতঙ্কিত এবং দ্রুত নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন।

  • বাংলাদেশ রেলওয়ে  কুমিল্লা শাখা পোষ্য সোসাইটির কমিটি গঠন, মিঠু সভাপতি, সাধারণ সম্পাদক রাকিবুল!

    অনলাইন ডেস্ক:

    বাংলাদেশ রেলওয়ে পোষ্য সোসাইটির কুমিল্লা শাখা কমিটির ২২ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত হয়েছে।  ৬ ফেব্রুয়ারী বৃহস্পতিবার ঢাকা কেন্দ্র থেকে এই ঘোষণা দেওয়া হয়। বাংলাদেশ রেলওয়ে পোষ্য সোসাইটি কুমিল্লা শাখা সুত্রে জানা যায় গত ১৭ ডিসেম্বর ২০২৪ ইং কুমিল্লা রেলওয়ে স্টেশনের ভিআইপি রুমে বাংলাদেশ রেলওয়ের অবসর প্রাপ্ত কর্মকর্তা কর্মচারীদের পোষ্য সন্তানদের  সর্বসম্মতি ক্রমে কুমিল্লা শাখা কমিটির কার্যক্রম শুরু করে গতকাল ৬ ফেব্রুয়ারী রেলওয়ে পোষ্য সোসাইটির ২৩ তোপখানা রোড কেন্দ্রীয় কার্যালয় থেকে  বাংলাদেশ রেলওয়ে পোষ্য সোসাইটির সভাপতি মোঃ মনিরুজ্জামান মনির স্বাক্ষরিত  সংগঠনের ২৭/৩০ ধারায়  আগামী ২ বছরের জন্য  কুমিল্লা শাখা কমিটির অনুমোদন দেয়।

    ১/ মোঃ ফেরদৌস মাহমুদ মিঠু- সভাপতি 

    ২/মোঃ জয়নাল আবেদিন – সহ-সভাপতি 

    ৩/মোঃ ইসলাম ম্যাক- সহ- সভাপতি 

    ৪/মোঃ মামসাদ কবির- সহ-সভাপতি 

    ৫/মোঃ মোস্তফা কামাল – সহ- সভাপতি 

    ৬/মোঃ জাহাঙ্গীর আলম- সহ-সভাপতি 

    ৭/মোঃ রকিবুল ইসলাম ম্যাক- সাধারণ সম্পাদক 

    ৮/মোঃ মোস্তাফিজুররহমান মকুল- যুগ্ম সাধারণ সম্পাদক 

    ৯/মোঃ হুমায়ুন কবির-যুগ্ম সাধারণ সম্পাদক 

    ১০/মোঃ লিয়াকত আলী মজুমদার – সাংগঠনিক সম্পাদক 

    ১১/ রাশেদুল ইসলাম -অর্থ সম্পাদক 

    ১২/জহিরুল ইসলাম -দপ্তর সম্পাদক 

    ১৩/সাখাওয়াত হোসেন সুমন-প্রচার ও প্রকাশনা সম্পাদক

    ১৪/রবিউল ইসলাম -ক্রিয়া বিষয়ক সম্পাদক 

    ১৫/তানজিনা সুলতানা -মহিলা বিষয়ক সম্পাদক 

    ১৬/মোঃ আল আমীন-সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক 

    ১৭/মাহবুবুর রহমান -শিক্ষা বিষয়ক সম্পাদক। 

    ১৮/বিল্লাল হোসেন -কার্যনির্বাহী সদস্য 

    ১৯/মোহন কবির – কার্যনির্বাহী সদস্য 

    ২০/বরুণচন্দ্র শীল -কার্যনির্বাহী সদস্য 

    ২১/রবিউল কার্যনির্বাহী সদস্য ইসলাম-

    ২২/রকিবুল ইসলাম – কার্যনির্বাহী সদস্য

  • কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটি ঘোষণা; আহবায়ক সুমন, সদস্য সচিব ওয়াসিম

    অনলাইন ডেস্ক:

    রবিবার বিএনপি’র কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

    বিএনপি’র কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ও সাবেক আন্তর্জাতিক সম্পাদক জাকারিয়া তাহের সুমনকে আহ্বায়ক এবং আশিকুর রহমান মো: ওয়াসিমকে সদস্য সচিব করে ঘোষণা করা হলো নতুন কমিটি।

    নবঘোষিত এই কমিটিতে দক্ষিণ জেলা বিএনপি’র সাবেক আহ্বায়ক হাজী আমিনুর রশিদ ইয়াসিনকে সদস্য করা হয়েছে।

    এছাড়াও কমিটিতে যুগ্ম আহ্বায়ক রাখা হয়েছে দুইজনকে তারা হলেন, বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম এবং মহানগর বিএনপি’র সাবেক প্রতিষ্ঠাতা আহ্বায়ক আমিরুজ্জামান আমির।

    উল্লেখ্য, গত ২ জানুয়ারি হঠাৎ করে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি’র কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। এরপর থেকেই নতুন কমিটিতে কারা আসছেন তা নিয়ে চলছিল নানা আলোচনা, জল্পনা ও কল্পনা। এরই মধ্যে খবর ছড়িয়ে পড়ে কুমিল্লা বিএনপি’র নেতৃত্বে পালা বদল হতে পারে। জোর আলোচনা চলে জাকারিয়া তাহের সুমন ও আশিকুর রহমান মাহমুদ ওয়াসিমকে ঘিরে। অবশেষে সেই জল্পনাই সত্য হলো। 

  • কুমিল্লায় বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ, সেচ্ছাসেবক দলের সভাপতিকে পিটিয়ে হত্যা

    অনলাইন ডেস্ক:

    কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বিএনপি দুই গ্রুপের সংঘর্ষে হেসাখাল ইউনিয়নের সেচ্ছাসেবক দলের সভাপতি সেলিম আহমেদকে পিটিয়ে হত্যা করা হয়েছে।

    শনিবার (২১ ফ্রেরুয়ারি) সাড়ে ৩টায় জেলার নাঙ্গলকোট উপজেলার বাঙ্গড্ডা পূর্ব পুরো মাথায় বটগাছ স্থল নামক স্থানে এ ঘটনায় ঘটে।

    জানা যায়, নাঙ্গলকোট উপজেলার রায়কোট দক্ষিণ ইউনিয়ন বিএনপি নেতা বাসন্ডা গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী ইউসুফ নবীর বাড়িতে দাওয়াত খাওয়ার পর পেরিয়া ইউনিয়নে সাবেক সংসদ আলহাজ্ব আব্দুল গফুর ভুঁইয়ার কাকৈইতলায় মতবিনিময় সভায় যাওয়ার পথে বাঙ্গড্ড বাজারে অতর্কিত পিটিয়ে আহত করা হয়। পরে আহত অবস্থায় নাঙ্গলকোট স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্মরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

    এ রিপোর্ট লেখা পর্যন্ত এই ঘটনা কেন্দ্রকে ঘিরে নাঙ্গলকোট দু-গ্রুপের উত্তেজনা বিরাজ করছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

    এদিকে বিএনপির সাবেক সংসদ আলহাজ্ব আব্দুল গফুর ভুঁইয়ার অনুসারীরা অভিযোগ করেন, মোবাশ্বের আলম ভূঁইয়ার কর্মীরা সেলিমের ওপর হামলা চালায়। আমরা তার বিচার চাই।

    সাবেক সংসদ আলহাজ্ব আব্দুল গফুর ভুঁইয়ার বলেন, সে (নিহত সেলিম) হেশাখাল ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের সভাপতি ছিলো। ঘটনাস্থলে আমি ছিলাম না, তবে শুনেছি মোবাশ্বেরের লোকেরা, যুবদলের সভাপতি মনির, সাধারণ সম্পাদক টিপু, লিটনসহ আরো কয়েকজন ছিলো সেখানে। 

    তাদের সঙ্গে জনগণের কোনো সম্পর্ক নাই। তারা কাগজ-কলমে নেতা হইছে। তারা যেখানে যায় আওয়ামী লীগ ছাত্রলীগের গুন্ডাবাহিনীদের সঙ্গে রাখে। তারা সব সময় স্বশস্ত্র অবস্থায় থাকে। আমরা ন্যায় বিচারের জন্য ব্যবস্থা নেব।

    এ বিষয় জানতে বিএনপি নেতা মোবাশ্বের আলম ভূঁইয়ার একাধিকবার কল দিয়ে পাওয়া যায়নি।

    নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), এ কে ফজলুল হক জানান, বিএনপির দুই গ্রুপের মারামারিতে একজন নিহত হয়েছে। তার মরদেহ ময়নাতদন্ত জন্য কুমিল্লা মেডিকেল কলেজে নেওয়া হয়েছে। এখনো পর্যন্ত কেউ মামলা করতে আসেনি।

  • কুমিল্লায় যুবদল নেতার মৃত্যু, সেনা ক্যাম্প কমান্ডারকে প্রত্যাহার, তদন্ত কমিটি গঠন

    অনলাইন ডেস্ক:

    কুমিল্লায় আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে যুবদল নেতা মো. তৌহিদুর রহমানের মৃত্যুর ঘটনা সংশ্লিষ্ট ক্যাম্পের কমান্ডারকে প্রত্যাহার করেছে সেনাবাহিনী।

     শনিবার (১ ফেব্রুয়ারি) আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

    বিবৃতিতে বলা হয়েছে, গত ৩১ জানুয়ারি আনুমানিক রাত ৩টায় সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে যৌথবাহিনীর অভিযানে কুমিল্লার আদর্শ সদর উপজেলা হতে আটক মো. তৌহিদুর রহমান (৪০) একই দিন দুপুর ১২টা ৩০ মিনিটের দিকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন।

    বিবৃতিতে আরও বলা হয়েছে, এই অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক ঘটনা তদন্তে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। ইতিমধ্যে, উক্ত সেনা ক্যাম্পের ক্যাম্প কমান্ডারকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করা হয়েছে। এ ছাড়া, মৃত্যুর সঠিক কারণ উদ্‌ঘাটনে একটি উচ্চপদস্থ তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তে দোষী সাব্যস্ত ব্যক্তিদের বিরুদ্ধে সেনা আইন অনুযায়ী যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

    যুবদল নেতা তৌহিদুর রহমানের পরিবারের সূত্রে জানা যায়, তিনি চট্টগ্রাম বন্দরে একটি শিপিং এজেন্টে চাকরি করতেন। গত রোববার তার বাবা মোখলেছুর রহমানের মৃত্যুর খবরে তিনি বাড়ি আসেন। গতকাল শুক্রবার বাবার কুলখানি হওয়ার কথা ছিল। তৌহিদুলের মা প্রায় ২০ বছর আগে মারা গেছেন। সংসারে তার স্ত্রী ও চার কন্যাসন্তান রয়েছে।

    গতকাল শুক্রবার তৌহিদের ভাই আবুল কালাম সংবাদমাধ্যমকে বলেন, তার বাবা চার দিন আগে মারা গেছেন। বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে সেনাবাহিনীর ৩টি গাড়ি ও একটি লাল রঙের গাড়ি বাড়িতে আসে। তৌহিদুল ইসলামের কাছে অস্ত্র আছে— এমন অভিযোগে তাকে ধরে নিয়ে যায়।

    আবুল কালাম বলেন, ‘আমার ভাই কখনই অস্ত্র আনতে পারে না। তার সম্পর্কে আমাদের পুরো এলাকা খুব ভালো করে জানে। আমরা বারবার বলার পরেও তারা নিয়ে যায় আমার ভাইকে। বেলা সাড়ে ১২টার দিকে কোতোয়ালি মডেল থানা পুলিশ আমাদের জানায়, তাকে গোমতী পাড়ের গোমতী বিলাশ নামক স্থান থেকে তারা উদ্ধার করেছে। সে নাকি হাসপাতালে আছে। আমরা কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে দেখি তার লাশ। তার শরীরের বেদম মারের আঘাতের চিহ্ন।

    এদিকে এ ঘটনায় বিচার দাবি করে ফেসবুকে পৃথক পোস্ট দিয়েছেন বিএনপি ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যুবদল নেতার মৃত্যুতে জড়িত সেনা সদস্যদের বিচার চেয়েছে বিএনপি।

    তৌহিদুর রহমান কুমিল্লা আদর্শ সদর উপজেলার পাঁচথুবী ইউনিয়নের পাঁচথুবী গ্রামের মোখলেছুর রহমানের ছেলে ও ইউনিয়ন যুবদলের আহ্বায়ক।