কুমিল্লার যমজ শিশু পদ্মা-সেতুর নাম কেন পরিবর্তন করা হলো?

আবদুল্লাহ আল মারুফ
কুমিল্লার বরুড়ায় জন্ম নেওয়া যমজ শিশু পদ্মা এবং সেতুর নাম পরিবর্তন করে উম্মে হানি আয়েশা এবং আরোহী আঁখি রাখা হয়েছে। মঙ্গলবার (২ আগস্ট) তাদের পরিবার সূত্রে এ তথ্য জানা গেছে।

যমজ মা সাবিকুন নাহার ঝুমুর জানান, গত ২১জুন জন্ম নেওয়ার পর বরুড়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. কামরুল হাসান সোহেল ওই দুই শিশুর নাম রাখেন পদ্মা এবং সেতু। পরে হাসপাতালে থেকে ছাড়পত্র পেয়ে বাড়িতে যান তারা। জন্মের ৬দিন পর (২৭ জুন) ওই দুই শিশুর নাম পরিবর্তন করে উম্মে হানি আয়শা এবং আরোহী আঁখি রাখা হয়।

যমজ শিশুর দাদা শুকুর আলী বলেন, হাসপাতাল থেকে আসার পর আত্মীয় স্বজনরা ইসলামিক নাম রাখার জন্য বলে আমাদের। পরে তাদের বাবা সোহাগের পছন্দে শিশু দুটির নাম উম্মে হানি আয়শা এবং আরোহী আঁখি রাখা হয়।

এ বিষয়ে বরুড়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. কামরুল হাসান সোহেল বলেন, শিশু দুটির নাম তাদের পরিবারের লোকজনের সম্মতিতে পদ্মা-সেতু রাখা হয়। পরে যদি তাদের নাম পরিবর্তন করা হয় তাহলে এটার তাদের পরিবারেরই বিষয়। তারা হাসপাতাল থেকে যাওয়ার সময় তাদের মোবাইল নম্বর রাখা হয়নি, তাই তাদের সাথে তেমন যোগাযোগ হয়নি।

উল্লেখ, গত ২১ জুলাই কুমিল্লার বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যমজ দুই কন্যাশিশুর জন্ম দেন উপজেলার শশইয়া দক্ষিণ পাড়া ডিলার বাড়ির সৌদি প্রবাসী সোহাগ মিয়ার স্ত্রী সাবিকুন নাহার ঝুমুর। পরে ওইদিনই পরিবারের সম্মতিতে শিশু দুটির নাম পদ্মা এবং সেতু রাখেন বরুড়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. কামরুল হাসান সোহেল।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *